
জাতীয় আত্মমর্যাদা ও সার্বভৌম অবস্থানের প্রকাশ
মেজর জেনারেল এইচআরএম রোকন উদ্দিন (অব.) [সূত্র : যুগান্তর, ০৩ জুন ২০২৬]
বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে খুব কম সিদ্ধান্তই পদ্মা ব্যারাজ প্রকল্পের অনুমোদনের মতো এত বড় পরিণতির ভার বহন করে-পরিবেশগত, অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক। ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মেগা প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩৪,৪৯৭.২৫ কোটি টাকা এবং এটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়িত হবে। এটি প্রায় ছয় দশকের প্রতীক্ষার পর নেওয়া একটি সিদ্ধান্ত এবং এর অনুমোদন বাংলাদেশের পানি সার্বভৌমত্বের সংগ্রামে একটি যুগান্তকারী মুহূর্ত।
এই প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে প্রথমে সেই ক্ষতটি বুঝতে হবে, যা এটিকে অপরিহার্য করে তুলেছে। সেই ক্ষতের একটি নাম ও অবস্থান আছে-ভারতের পশ্চিমবঙ্গে নির্মিত ফারাক্কা ব্যারাজ, যা ১৯৭৫ সালে চালু হয়। ভারত শুষ্ক মৌসুমে কলকাতা বন্দরের নাব্য উন্নয়নের জন্য ভাগীরথী-হুগলি নদী ব্যবস্থায় পানি সরবরাহ বাড়াতে ১৯৭০-এর দশকে ফারাক্কা ব্যারাজ নির্মাণ করে এবং পদ্মা ও গঙ্গা থেকে ৩৫,০০০ থেকে ৪০,০০০ কিউসেক পানি সরিয়ে দেয়। ভারতের দৃষ্টিকোণ থেকে যুক্তিটি সহজ ছিল-কলকাতা বন্দর পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছিল এবং শহরটির বাণিজ্যিক জীবনরেখা সচল রাখতে আরও বেশি পানিপ্রবাহ দরকার ছিল। কিন্তু ভাটিতে আজকের বাংলাদেশে বসবাসকারী মানুষদের জন্য এর পরিণতি ছিল বিপর্যয়কর এবং পাঁচ দশক পরও তা অব্যাহত রয়েছে।
ডব্লিউডিবি কর্মকর্তারা উল্লেখ করেছেন, ফারাক্কা ব্যারাজের আগে পদ্মা-গঙ্গা ব্যবস্থায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ছিল প্রায় ৭০,০০০ কিউসেক। ফারাক্কা পানি সরিয়ে নেওয়া শুরু করার পর জানুয়ারি থেকে মে মাস, যখন বাংলাদেশের কৃষিতে সবচেয়ে বেশি পানি প্রয়োজন সেই সংকটময় শুষ্ক মৌসুমে প্রবাহ বিপর্যয়করভাবে কমে যায়। ফারাক্কায় উজানের পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের মধ্যে পদ্মা নদীতে শুষ্ক মৌসুমের প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যার কারণে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমের প্রধান নদীগুলো শুকিয়ে যাচ্ছে। ফলে এ অঞ্চলের কৃষি, মৎস্য, বনজ, নৌ-চলাচল, গৃহস্থালি পানির প্রাপ্যতা এবং বৃহত্তর বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিঠা পানির প্রবাহ হ্রাসের ফলে শুষ্ক মৌসুমে দক্ষিণাঞ্চলের নদী ও খালে লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা জীবিকা, জীববৈচিত্র্য ও সুন্দরবনের বাস্তুতন্ত্রের জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে।
সংখ্যাগুলো পদ্ধতিগত ও দশকের পর দশক ধরে চলা পরিবেশগত ধ্বংসের গল্প বলে। যে নদীগুলো একসময় গোটা আঞ্চলিক অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল-পদ্মাকে দক্ষিণ-পশ্চিমের সঙ্গে সংযুক্তকারী গড়াই-মধুমতী, উত্তর-পশ্চিমকে পুষ্ট করা হিসনা-মাথাভাঙ্গা-শুষ্ক মাসগুলোতে তাদের আগের আকারের ছায়ায় পরিণত হয়েছে। জেলেরা দেখছেন, তাদের মাছ ধরার পরিমাণে ধস নেমেছে। কৃষকরা দেখছেন, তাদের সেচের উৎস শুকিয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান সুন্দরবন ত্বরান্বিত লবণাক্ততার অনুপ্রবেশের মুখে পড়েছে, যা তার অসাধারণ জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে। এই নদী ব্যবস্থার ধারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাসকারী সম্প্রদায়গুলো দেখছে, তাদের জীবনযাত্রা ক্রমাগত ক্ষয় হচ্ছে।
পদ্মা ব্যারাজ প্রকল্প এত দীর্ঘ সময় ধরে আলোচিত, অধ্যয়িত, বিতর্কিত ও স্থগিত হয়েছে যে, ২০২৬ সালে এর অনুমোদন প্রায় অবাস্তব মনে হয়। বাংলাদেশ ১৯৬০-এর দশক থেকে একটি গঙ্গা ব্যারাজের ধারণা নিয়ে অনুসন্ধান করে আসছে, ১৯৬১ সালে তৎকালীন ইপিওয়াডা-বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রথম সমীক্ষা চালু হয়। একের পর এক সরকার এলো ও গেল, সমীক্ষা কমিশন করা হলো ও ফাইলবন্দি হলো, প্রযুক্তিগত কমিটি বৈঠক করল ও ছত্রভঙ্গ হলো-আর এর মধ্যে নদীগুলো শুকিয়ে যেতেই থাকল, লবণাক্ততা বাড়তেই থাকল এবং দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম বাংলাদেশের মানুষ রাজনৈতিক নিষ্ক্রিয়তার মূল্য চুকিয়ে যেতেই থাকল। এখন যা অনুমোদিত হয়েছে, তা সত্যিকার অর্থেই রূপান্তরমূলক উচ্চাকাঙ্ক্ষার একটি প্রকল্প। প্রকল্পের আওতায় ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডারস্লুইস, ২টি ফিশ পাস, নেভিগেশন লক, গাইড এমব্যাংকমেন্ট ও অ্যাপ্রোচ এমব্যাংকমেন্টসহ সংশ্লিষ্ট অবকাঠামো ২.১ কিলোমিটার দীর্ঘ প্রধান পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। প্রকল্পে আরও রয়েছে গড়াই, চন্দনা ও হিসনা অফটেক স্ট্রাকচার নির্মাণ, গড়াই-মধুমতী নদী ব্যবস্থায় ১৩৫.৬০ কিলোমিটার ড্রেজিং, হিসনা নদী ব্যবস্থায় ২৪৬.৪৬ কিলোমিটার পুনঃখনন এবং ১৮০ কিলোমিটার অ্যাফ্লাক্স এমব্যাংকমেন্ট নির্মাণ। পদ্মা ব্যারাজ ও গড়াই অফটেকে হাইড্রোপাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে, যা মোট ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
প্রত্যাশিত সুবিধার মাত্রাও সমান চিত্তাকর্ষক। ব্যারাজটি পদ্মা নদীতে ২,৯০০ মিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখতে সাহায্য করবে এবং বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে প্রায় ২৮.৮০ লাখ হেক্টর নিট কৃষিজমিতে প্রয়োজনীয় সেচ সুবিধা নিশ্চিত করবে। বাস্তবায়িত হলে প্রকল্পটি দেশের জিডিপিতে ০.৪৫ শতাংশ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে এবং সরাসরি বার্ষিক প্রত্যাশিত রিটার্ন হবে ৮,০০০ কোটি টাকা। প্রকল্পটি খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের ১৯টি জেলাজুড়ে বিস্তৃত হবে এবং প্রায় সাত কোটি মানুষ-বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ-উপকৃত হবেন। প্রকল্প এলাকাকে কেন্দ্র করে সাতটি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যা নতুন অর্থনৈতিক কার্যক্রম ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। যেসব মানুষ সবচেয়ে সরাসরি প্রভাবিত হবেন, তাদের জন্য পদ্মা ব্যারাজের সুফল হলো একটি ভিন্ন জীবনের প্রতিশ্রুতি। কুষ্টিয়ার যে কৃষকের ফসল প্রতি শুষ্ক মৌসুমে সেচের অভাবে ঝরে যায়, তার জন্য নির্ভরযোগ্য পানি সরবরাহ হবে। মধুমতীর যে জেলের মাছ ধরার পরিমাণ নদী সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে ধসে পড়েছে, তিনি একটি পুনরুজ্জীবিত ব্যবস্থা পাবেন। লবণাক্ততার অনুপ্রবেশে যাদের কৃষি উৎপাদনশীলতা চুরমার হয়ে গেছে, তারা তাদের জমি ও খালে মিঠা পানি ফিরে পাবেন। ব্যারাজটি বড় ধরনের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ ছাড়াই ১৬৫ কিলোমিটারের একটি ইন-স্ট্রিম জলাধার তৈরি করবে, যা পর্যটন, মৎস্য ও স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমের নতুন সুযোগ উন্মোচন করবে।
প্রকল্প অনুমোদনের প্রতি ভারতের প্রতিক্রিয়া নীরব, কিন্তু উদ্বেগের। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ব্যারাজটির লক্ষ্য ভারতের ফারাক্কা ব্যারাজের নেতিবাচক প্রভাব ‘প্রশমিত করা’ এবং এটি বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থের বিষয়, যেখানে ভারতের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই। এটি সার্বভৌম দৃঢ়তার একটি বক্তব্য, যা ভারত স্বস্তির সঙ্গে নেবে না। নয়াদিল্লির উদ্বেগ কেন্দ্রীভূত হয়েছে ব্যারাজের উজানের প্রবাহের ধরনে হাইড্রোলজিক্যাল প্রভাব এবং ভাগ করা নদী ব্যবস্থায় ভারতীয় পানি ব্যবহারের ওপর এর প্রভাব নিয়ে। ভারতের আপত্তি যতই অঘোষিত থাকুক না কেন, এটা সেই একই যুক্তি প্রতিফলিত করে, যা পাঁচ দশক ধরে বাংলাদেশের পানি সার্বভৌমত্বের প্রতি ভারতের বিরোধিতাকে চালিত করে আসছে।
বাংলাদেশের অবস্থান সম্পূর্ণ সঠিক। একটি সার্বভৌম রাষ্ট্রের তার নিজের ভূখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত পানিসম্পদ নিজের জনগণের কল্যাণে পরিচালনার নিরঙ্কুশ অধিকার রয়েছে। পদ্মা ব্যারাজ ভারত থেকে পানি সরাবে না, এটি ভারতের ভূখণ্ড অতিক্রম করে বাংলাদেশে পৌঁছানো পানি ধরে রাখবে ও পরিচালনা করবে। পরিবেশগত সংগঠনগুলোর পক্ষ থেকে কিছু ন্যায্য প্রশ্ন উঠেছে স্বচ্ছ পরিবেশ প্রভাব সমীক্ষা ও জনপরামর্শের প্রয়োজনীয়তা নিয়ে। বাংলাদেশের মতো গতিশীল ব-দ্বীপে পলি ব্যবস্থাপনা প্রকৃত প্রকৌশলগত চ্যালেঞ্জ উপস্থাপন করে। মাছের চলাচলের ওপর প্রভাব-ডিজাইনে দুটি ফিশ পাস অন্তর্ভুক্ত করে আংশিকভাবে মোকাবিলা করা হয়েছে-সতর্ক পর্যবেক্ষণ দাবি করে। এগুলো দায়িত্বশীল পরিবেশগত তত্ত্বাবধানের উদ্বেগ, প্রকল্পের বিরোধিতা নয় এবং সরকার বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এগুলো কঠোরভাবে ও স্বচ্ছতার সঙ্গে মোকাবিলা করলে তা বুদ্ধিমানের কাজ হবে।
পদ্মা ব্যারাজ কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়। এটি একটি জাতীয় দৃঢ়তার ঘোষণা-বাংলাদেশ আর তার নদী, কৃষি, বাস্তুতন্ত্র এবং তার এক-তৃতীয়াংশ জনগণের জীবিকার নিষ্ক্রিয় অবক্ষয়কে একটি প্রতিবেশীর উজানের অবকাঠামোর স্থায়ী জামানত হিসাবে মেনে নেবে না। প্রায় ছয় দশকের অধ্যয়ন, আলোচনা, স্থগিতকরণ ও যন্ত্রণার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমের নদীগুলো আবার প্রবাহিত হওয়ার দাবি রাখে। এগুলোর ওপর নির্ভরশীল মানুষ একটি ভবিষ্যতের দাবি রাখে, যা একদিন এই জলরাশির মতোই পূর্ণ ও প্রাণবন্ত ছিল। পদ্মা ব্যারাজ যদি এর গুরুত্ব ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যত্নের সঙ্গে বাস্তবায়িত হয়, তাহলে এসব মানুষ আবারও সেই জীবন ফিরে পেতে পারে।
মেজর জেনারেল এইচআরএম রোকন উদ্দিন (অব.) : নিরাপত্তা বিশ্লেষক, কলাম লেখক



