যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস
সংবাদআন্তর্জাতিক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

১৩ সেপ্টেম্বর, ২০২৬

রয়টার্স, নয়াদিল্লি [সূত্র : প্রথম আলো, 13/09/2026]

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই যৌথ ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন জোটের নেতারা। নয়াদিল্লিতে গতকাল শনিবার দুই দিনের এ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। জোটের বৈশ্বিক প্রভাব বৃদ্ধি করাই এ সম্মেলনের মূল লক্ষ্য বলে জানা গেছে।

 

 

এমন এক সময়ে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরান যুদ্ধ ছয় মাস পেরিয়েও সমঝোতার কোনো আভাস নেই। এ যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত জটিল আকার ধারণ করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর অঞ্চলে তাদের অবস্থান সংহত করেছে। ব্রিকস জোটের দুই সদস্য ইরান ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরাসরি এ সংঘাতের শিকার। ব্রিকসের সদস্যরা ওই দুই দেশের মতপার্থক্য কমিয়ে আনতেও কাজ করছে।

 

 

সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জোটের সদস্যদেশগুলোর নেতারা একটি যৌথ ঘোষণাপত্রের বিষয়ে একমত হয়েছেন। যদিও ঘোষণাপত্রে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে একপক্ষীয় যুদ্ধ চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা জানানো হবে। গতকালই জোটের নেতারা ঘোষণাপত্রের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। আগামী বছর ব্রিকস সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

 

 

ঘোষণাপত্রের বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও দিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। পররাষ্ট্রনীতিবিষয়ক বিশ্লেষকেরা বলছেন, এই জোটের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে এমন একটি কূটনৈতিক ভাষা চূড়ান্ত করা, যা আবুধাবি ও তেহরান—উভয় পক্ষই মেনে নিতে পারে, যাতে যৌথ ঘোষণাপত্রের পথ সুগম হয়। সেখানে তারা সফল হয়েছে।

 

 

এর আগে গত মে মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরান ও আমিরাতের মতভেদের কারণে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি।

 

 

বিশ্লেষকদের মতে, গতকাল একমত হওয়া যৌথ ঘোষণাপত্র বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে খুব বড় পরিবর্তন না আনলেও পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো নীতির বিরুদ্ধে উদীয়মান দেশগুলোর এই জোটের ঐক্য প্রদর্শন করবে।

 

 

আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব বাড়ানোর লক্ষ্য

ব্রিকস জোট আন্তর্জাতিক নিয়মকানুন ও নীতিনির্ধারণে নিজেদের প্রভাব বৃদ্ধির চেষ্টার করছে। পাশাপাশি বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কারের দাবি জানিয়ে আসছে।

 

 

সম্মেলনে অংশ নেওয়া শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ অনেকে।

 

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর করতে সম্মত হয়েছেন। ব্রিকস শীর্ষ সম্মেলনের আগের দিন ভারতের রাজধানীতে বৈঠকে বসেন মোদি ও পুতিন।  

 

যৌথ ঘোষণাপত্রে কী থাকছে

ব্রিকস নেতারা সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ শীর্ষক ৪৫ পৃষ্ঠার যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছেন। সম্মেলনের স্বাগতিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণাপত্র অনুমোদনের কথা জানান।

 

 

ঘোষণাপত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘কাঠামোগত পরিবর্তন’সহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সংস্কারের আহ্বান জানানো হয়েছে। এতে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি একপক্ষীয়ভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বিরোধিতা করা হয়েছে। এ ছাড়া ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নাবিক ও বাণিজ্যিক নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

 

ব্রিকসের সদস্য ও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদে ব্রাজিল ও ভারতের আরও বড় ভূমিকা পালনের আকাঙ্ক্ষার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষভাবে আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর বৃহত্তর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ব্রিকস দেশগুলোর মধ্যকার বাণিজ্য মার্কিন ডলারের বদলে নিজস্ব মুদ্রায় পরিচালনা করা উচিত।

 

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এটি স্পষ্ট যে পরিবর্তিত বিশ্বকে পুরোনো আমলের প্রতিষ্ঠান দিয়ে চালানো সম্ভব নয়; প্রতিনিধিত্ব, সাড়া দেওয়ার সক্ষমতা এবং নীতিনির্ধারণে সংস্কার এখন অপরিহার্য।’

 

 

মোদি বলেন, ‘গৃহীত নয়াদিল্লি ঘোষণা আমাদের যৌথ অঙ্গীকারকে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। এখন এই সিদ্ধান্তগুলো বাস্তব ফলাফলে রূপান্তর করা আমাদের দায়িত্ব।’

 

 

ঘোষণাপত্রে বলা হয়, ‘আমরা লক্ষ করছি যে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে এক সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে। ঢালাওভাবে শুল্ক ও শুল্কবহির্ভূত বাধা বাড়ানো কিংবা পরিবেশ রক্ষার অজুহাতে সংরক্ষণবাদের মতো ডব্লিউটিওর নিয়মের পরিপন্থী বাণিজ্য-প্রতিবন্ধকতার প্রসার ঘটছে।’

 

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক