আনতালিয়ায় হতাশার জলবায়ু সম্মেলন

আনতালিয়ায় হতাশার জলবায়ু সম্মেলন
সংবাদআন্তর্জাতিক

আনতালিয়ায় হতাশার জলবায়ু সম্মেলন

২২ নভেম্বর, ২০২৬

জাহিদুর রহমান, আনতালিয়া (তুরস্ক) থেকে [প্রকাশ : সমকাল, ২২ নভেম্বর ২০২৬]

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় বিশ্বনেতাদের কাছ থেকে কার্যকর সিদ্ধান্তের প্রত্যাশা ছিল। বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণ, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন এবং অভিযোজনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি ছিল এবারের সম্মেলনে। কিন্তু দুই সপ্তাহের আলোচনা শেষে সেই প্রত্যাশার প্রতিফলন নেই সিদ্ধান্তের খসড়ায়। বরং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের স্পষ্ট অঙ্গীকার বাদ পড়েছে, জলবায়ু অভিযোজনের অর্থায়ন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

 

এ অবস্থায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ ইতিহাসের অন্যতম হতাশাজনক সম্মেলন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে নাগরিক সমাজ ও জলবায়ু আন্দোলনের সংগঠনগুলো। তাদের অভিযোগ, জলবায়ু সংকটের জন্য দায়ী দেশগুলো প্রয়োজনীয় অর্থ ও দায়িত্ব নিতে চাচ্ছে না। অন্যদিকে, জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষায় সম্মেলনের সিদ্ধান্ত দুর্বল করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো।

 

সম্মেলনের নির্ধারিত শেষ দিন ছিল গত শুক্রবার।‌ কিন্তু প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে একমত হতে না পারায় আলোচনা গড়িয়েছে গতকাল শনিবার পর্যন্ত। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সম্মেলনের মূল রাজনৈতিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। গতকালও সম্মেলনস্থলের আলোচনা কক্ষে চলছে শেষ মুহূর্তের দরকষাকষি। নতুন খসড়া তৈরির উদ্যোগ থাকলেও সন্ধ্যা পর্যন্ত তা প্রকাশিত হয়নি। ফলে সম্মেলন শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

 

বাদ জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ
কপ৩১-এর সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জীবাশ্ম জ্বালানি নিয়ে। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে ধাপে ধাপে বন্ধ করার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল জলবায়ু আন্দোলনকর্মী ও ঝুঁকিপূর্ণ দেশগুলো। সম্মেলনের প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি থাকলেও বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় খসড়া থেকে তা বাদ পড়ে যায়। এতে ক্ষুব্ধ হয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও পরিবেশবাদী সংগঠন। 

 

ফ্রান্স, পানামা, সলোমন দ্বীপপুঞ্জসহ ১২টি দেশ চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের স্পষ্ট অঙ্গীকার রাখার দাবি জানিয়েছে। পানামা এ বিষয়ে সমঝোতা না হলে সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত আটকে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। 

 

অন্যদিকে, খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুৎ দিয়ে পূরণের একটি লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। তবে বিদ্যুতের উৎস নবায়নযোগ্য হতে হবে– এমন শর্ত রাখা হয়নি। ফলে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেও এ লক্ষ্য পূরণের সুযোগ থেকে যাচ্ছে বলে সমালোচনা করছেন পরিবেশকর্মীরা।

 

ক্ষুব্ধ ঝুঁকিপূর্ণ দেশগুলো
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন এবারের সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অভিযোজনের জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলারের অর্থায়নের দাবি জোরালো হয়েছে। আফ্রিকার দেশগুলোর মন্ত্রীরা এ অর্থায়ন তিন গুণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু সংশোধিত খসড়ায় এ অর্থ নিশ্চিত করার মতো কোনো বাধ্যতামূলক প্রতিশ্রুতি নেই।

 

জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধিরা বলছেন, প্রতিশ্রুত অর্থ না পেলে তাদের পক্ষে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করা কঠিন হবে। জলবায়ু আন্দোলনকর্মীদের অভিযোগ, উন্নত দেশগুলো নতুন অর্থায়নের প্রতিশ্রুতি দিতে অনাগ্রহী। 

 

আলোচনার অচলাবস্থার মধ্যে গতকাল সম্মেলনস্থলে জলবায়ু আন্দোলনকর্মীদের প্রতিবাদও জোরালো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ আন্দোলনকারীরা সম্মেলনের সিদ্ধান্তহীনতা এবং জীবাশ্ম জ্বালানির বিষয়ে দুর্বল অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের কারও মুখে ছিল প্রতিবাদের বার্তা লেখা টেপ, কারও হাতে ছিল ‘লজ্জা’ লেখা প্ল্যাকার্ড। তাদের দাবি, জলবায়ু সংকট নিয়ে দীর্ঘ আলোচনা হলেও জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে কার্যকর সিদ্ধান্ত না আসা বিশ্ববাসীর সঙ্গে প্রতারণার শামিল। 

 

সম্মেলনের ভেতরে গতকালও চলে শেষ মুহূর্তের দরকষাকষি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় মূলত আলোচনার টেবিলেই এখন ব্যস্ত প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। তুরস্কের পরিবেশমন্ত্রী ও সম্মেলনের সভাপতি মুরাত কুরুমও সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে মতবিরোধ কাটেনি।

 

শুক্রবার রাতে অধিবেশনে সম্মেলনের সভাপতি মুরাত কুরুম বলেন, আলোচকরা সমঝোতার কাছাকাছি পৌঁছেছেন, তবে এখনও চূড়ান্ত পর্যায়ে যেতে পারেননি। সম্মেলনের শেষ পর্যায়ে নাগরিক সমাজের শতাধিক সংগঠন কপ৩১-এর যৌথ সভাপতিদের কাছে চিঠি দিয়ে সতর্ক করেছে– কার্যকর সিদ্ধান্ত না এলে এবারের সম্মেলন ইতিহাসের অন্যতম হতাশাজনক কপ হিসেবে চিহ্নিত হতে পারে। তাদের বক্তব্য, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে কার্যত একা ফেলে রাখা হচ্ছে। উন্নত দেশগুলো নতুন অর্থায়নের প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে সম্মেলনের খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি বাদ পড়েছে। 

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক