সম্মেলনের শেষ দিনেও হলো না কোনো ঐকমত্য

সম্মেলনের শেষ দিনেও হলো না কোনো ঐকমত্য
সংবাদআন্তর্জাতিক

সম্মেলনের শেষ দিনেও হলো না কোনো ঐকমত্য

২১ নভেম্বর, ২০২৬

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রূপরেখা চূড়ান্ত সিদ্ধান্তে নেই আলোচনা শনি-রবিবার পর্যন্ত চলতে পারে নিজামুল হক প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬

দুই সপ্তাহের আলোচনা, নানা প্রতিশ্রুতি ও মতবিরোধের মধ্যেও উদ্যোগ ও সমঝোতার চেষ্টা অব্যাহত ছিল। তবে জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন এবং অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

 

 

সম্মেলনের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জীবাশ্ম জ্বালানি নিয়ে। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার বিষয়ে সুস্পষ্ট রূপরেখা চেয়েছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো। কিন্তু সম্মেলনের শেষ পর্যায়ের সংশোধিত খসড়া সিদ্ধান্ত থেকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সরাসরি উল্লেখ বাদ দেওয়া হয়। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এর সিদ্ধান্তে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে রাজনৈতিক অঙ্গীকার এসেছিল, কপ৩১-এর খসড়ায় তার পুনরাবৃত্তি দেখা যায়নি।

 
গতকাল শুক্রবার সম্মেলনের শেষ দিন হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দেশগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় আলোচনা শনি-রবিবার পর্যন্ত গড়াতে পারে।মতৈক্যে না পৌঁছানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের মতে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত ছাড়া জলবায়ু সম্মেলনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে। পানামাসহ কয়েকটি দেশও এ বিষয়ে কঠোর অবস্থান নেয়।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো স্পষ্ট করে বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কার্যকর পথনকশা ছাড়া তাঁদের পক্ষে গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো কঠিন।

 

অভিযোজন অর্থায়নে বড় প্রশ্ন : জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর অন্যতম প্রধান প্রত্যাশা ছিল অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো। কিন্তু এ ক্ষেত্রেও প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান রয়ে গেছে। সম্মেলনের প্রথম দিকের খসড়ায় ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের একটি লক্ষ্যমাত্রা আলোচনায় ছিল। শেষ পর্যায়ের সংশোধিত খসড়া থেকে নির্দিষ্ট এই অঙ্কটি বাদ দেওয়া হয়

 

যদিও ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর প্রস্তাব বহাল রাখা হয়েছে।

 

এ ছাড়া অভিযোজন ও জলবায়ু সহনশীলতায় অর্থায়নের জন্য ‘আনতালিয়া-টু-আদ্দিস আবাবা রোডম্যাপ’ তৈরির প্রস্তাব এসেছে। এর উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জন্য পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য অর্থায়নের উৎস তৈরি করা। তবে অর্থায়নের সুনির্দিষ্ট ভিত্তি, সময়সীমা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিরা উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার সমালোচনা করেছেন। আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরসের চেয়ার জ্যানেটর আগিয়েমান-রলিংস বলেন, ‘আমরা ভিক্ষা করতে আসিনি।’ তাঁর বক্তব্য, উন্নত দেশগুলোর কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু সংকটের ক্ষতি বহন করছে আফ্রিকার জনগণ। অথচ প্রতিশ্রুত অর্থায়ন ও সহায়তা পাওয়ার ক্ষেত্রে তাদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে।

 

বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিতে নতুন লক্ষ্য : জীবাশ্ম জ্বালানি নিয়ে মতপার্থক্য থাকলেও বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে একটি নতুন লক্ষ্য আলোচনায় এসেছে। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে এ হার প্রায় ২৩ শতাংশ। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা তিন গুণ করা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির আগের অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক