ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
সংবাদআন্তর্জাতিক

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

২৮ অক্টোবর, ২০২৬

[সূত্র : আমাদের সময়, ২৮ অক্টোবর ২০২৬]

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে বুধবার ভোরে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ‘অতি প্রবল’ শ্রেণির এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া আরও কয়েক ঘণ্টা চলতে পারে।

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দুই রাজ্য থেকে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

 

বুধবার সকাল সাড়ে ৬টায় প্রকাশিত বুলেটিনে আইএমডি জানায়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। এটি নরসাপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে, ইয়ানাম থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কাকিনাড়া থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মাচিলিপত্তনম থেকে ৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে অবস্থান করছিল।

 

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রায় একই স্থানে অবস্থান করছিল এবং পরবর্তী দুই ঘণ্টা স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।

 

ঘূর্ণিঝড়টির প্রভাবে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ১ দশমিক ৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে ২৮ অক্টোবর ভোর সাড়ে ৫টা পর্যন্ত বিশাখাপত্তনমে সর্বোচ্চ ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময়ে কালিঙ্গপত্তনমে ১৪৭ মিলিমিটার, কাকিনাড়ায় ১১৮ মিলিমিটার এবং মাচিলিপত্তনমে ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

এদিকে ওডিশার গঞ্জাম ও বালেশ্বর জেলাতেও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়ের কারণে বুধবার বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়াগামী বিভিন্ন ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, উপড়ে পড়েছে বহু গাছ। কিছু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং কয়েকটি ট্রেনের চলাচলও বাতিল করা হয়েছে।

 

তবে এখন পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও ওডিশা কোনো রাজ্যেই প্রাণহানির খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ও বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

 

ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’ প্রস্তাব করেছে বাংলাদেশ। ২০২০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ঘূর্ণিঝড়বিষয়ক প্যানেল গৃহীত তালিকায় নামটি অন্তর্ভুক্ত রয়েছে।

 

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে (যার মধ্যে বঙ্গোপসাগর ও আরব সাগর অন্তর্ভুক্ত) সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য ১৩টি দেশ মোট ১৬৯টি নাম জমা দিয়েছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। প্রতিটি দেশ ১৩টি করে নাম দিয়েছে।

 

ঘূর্ণিঝড়ের নামকরণের উদ্দেশ্য হলো প্রতিটি ঝড়কে সহজে শনাক্ত করা, এর গতিপ্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন রাখা এবং একই সময়ে একাধিক ঝড় সৃষ্টি হলে বিভ্রান্তি এড়ানো। ‘অর্ণব’ শব্দটি বাংলায় সমুদ্র বা সাগরের সঙ্গে সম্পর্কিত।  

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক