সম্ভাবনা থাকলেও কমছে না বাণিজ্য ঘাটতি!

সম্ভাবনা থাকলেও কমছে না বাণিজ্য ঘাটতি!
সংবাদআন্তর্জাতিক

সম্ভাবনা থাকলেও কমছে না বাণিজ্য ঘাটতি!

২৬ অক্টোবর, ২০২৬

মো. আখতারুজ্জামান [প্রকাশ : খবরের কাগজ. ২৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে প্রতিবছর ৩ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। দেশটিতে বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭০০ মিলিয়ন ডলার। জাপানের এই বাণিজ্য ঘাটতি কমাতে প্রয়োজন মানসম্পন্ন পণ্য এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা জানান সংশ্লিষ্টরা।

 

সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্য বাড়াতে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ (বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিশেষ) চুক্তি স্বাক্ষরিত হয়। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো দেশের সঙ্গে এই প্রথম ইপিএ চুক্তি। দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে এই ইপিএ চুক্তিটি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও কার্যকর করা জরুরি। এটি বাস্তবায়ন হলে- দুই দেশের বাণিজ্য বাড়ার পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিল্প গড়ে তোলার নতুন সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের সফরকে গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন।

জাপানের টোকিও আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে আগামী পাঁচ বছরে ৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে বাংলাদেশে এ বিনিয়োগ আসবে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যৌথ বিবৃতির মাধ্যমে এ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

ইপিএ চুক্তি কার্যকর হলে–বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে, জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইপিএ চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ জাপানি পণ্যে কাস্টমস শুল্ক, সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রক শুল্ক তুলে দিতে হবে। এতে বছরে বাংলাদেশ ২৪৮.৩৪ মিলিয়ন ডলার রাজস্ব হারাবে।
ইপিবির সর্বশেষ তথ্যানুসারে, জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৩.৪২ বিলিয়ন মার্কিন ডলার। জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৭০ কোটি বা ৭০০ মিলিয় ডলার।

 

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, জাপানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে অনেক সম্ভাবনা রয়েছে। তবে আমাদের ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। জাপানে পণ্য পাঠাতে আন্তর্জাতিক মান বড় একটি বিষয়। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। সামনে যখন ইপিএ চুক্তি বাস্তবায়ন হবে, তখন তাদের দেশে আমাদের পণ্য প্রবেশে কোনো বাধা থাকবে না। তবে মান ঠিক করতে না পারলে সেই সুযোগ কাজে আসবে না। এবার প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য বাড়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ করি।

 

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশ থেকে জাপানে হিমায়িত মাছ রপ্তানি হচ্ছে। তাদের দেশে সামুদ্রিক অনেক মাছের খুব ভালো চাহিদা রয়েছে। সেটা আমরা সহজেই কাজে লাগাতে পারি। চামড়াজাত পণ্যে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান ভালো করছে। এটা আমাদের জন্য ভালো। এসব প্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে। জাপানে পাটজাত পণ্যের অনেক চাহিদা রয়েছে। পাটের বিচিত্র পণ্য তৈরির বিষয়ে সরকারের বেশ পরিকল্পনা রয়েছে। সরকার চীন থেকে পাট পণ্য তৈরি মেশিন নিয়ে আসার পরিকল্পনা করছে। এই পরিকল্পনার সঙ্গে জাপানে পাট পণ্যের চাহিদার সমন্বয় ঘটাতে হবে।

 

ইপিবির সূত্র জানায়, বাংলাদেশ থেকে জাপানে বেশ কিছু পণ্য রপ্তানি হয়ে থাকে। তার মধ্যে রয়েছে–পুরুষদের নন-নিট স্যুট, নিট সোয়েটার, নিট টি-শার্ট এবং ওভেন পোশাক। এর পরে রয়েছে কাঁচা চামড়া, প্রক্রিয়াজাত চামড়া এবং চামড়ার তৈরি বিভিন্ন সামগ্রী। জুতা জাতীয় পণ্য। হিমায়িত বা প্রক্রিয়াজাত মাছ ও অন্যান্য জলজ খাদ্য। বয়লার, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি। ভ্রমণসামগ্রী, আসবাবপত্র, প্লাস্টিক পণ্য, খেলনা ও ক্রীড়াসামগ্রী, সুতা, রশি এবং টেক্সটাইল পণ্য। তবে বাংলাদেশি পণ্য রপ্তানি তেমন বাড়েনি।

 

রপ্তানি না বাড়ার মূল কারণ জাপানের বাজারে পণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান বজায় রাখতে হয়। মানসম্পন্ন সনদপত্র পাওয়া বড় শর্ত, যা পূরণে দেশীয় প্রতিষ্ঠানগুলো অনেক পিছিয়ে রয়েছে।

 

বাংলাদেশ থেকে জাপানে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় তা হলো তৈরি পোশাক পণ্য। বিজিএমইএ জাপানে রপ্তানি ৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

 

ইপিএ চুক্তি কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা বেশি সুবিধা পাবেন। কারণ বর্তমানে জাপানের বাজারে তৈরি পোশাক পণ্য রপ্তানিতে ট্রান্সফরমেশন রুলস অব অরিজিন অনুসরণ করতে হয়। চুক্তি ফলে এই নিয়ম মানতে হবে না। বাংলাদেশের তৈরি পোশাক পণ্য সিঙ্গেল-স্টেজ ট্রান্সফরমেশন রুলস অব অরিজিন অনুসরণ করেই জাপানে রপ্তানি করতে পারবে। অর্থাৎ, বাংলাদেশে যেকোনো একটি উৎপাদনের ধাপ সম্পন্ন হলেই ওই তৈরি পোশাক জাপানের বাজারে রপ্তানি করা যাবে।

 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘জাপানের বাজারকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা চাই আমাদের ব্যবসায়িরা জাপানের বাজারে ভালো একটি অবস্থান তৈরি করে নিক। আমাদের লক্ষ্য হচ্ছে দেশটিতে আগামী দিনে, বছরে রপ্তানি ৩ বিলিয়ন ডলারে উন্নীত করা। এটার জন্য আমরা জাপানে একটি রোড শোরও আয়োজনের চিন্তাভাবনা রয়েছে।’ তৈরি পোশাকশিল্পে বিশ্বব্যাপী আমাদের অবস্থানসহ বিভিন্ন বিষয় রোডশোতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

 

ব্যবসায়ী এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের জাপান সফরে ব্যবসা-বাণিজ্যের নতুন দুয়ার খুলবে বলে আশা করি।

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, যা জাপানি বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা রাখছে। জাপানি ৩৫০টির বেশি কোম্পানি বর্তমানে বাংলাদেশে কাজ করছে।

 

বাংলাদেশের সঙ্গে জাপানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পরপরই, ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস দ্বারা পরিচালিত ঢাকা থেকে টোকিও-নারিতা বিমানবন্দরে সপ্তাহে ৩ বার সরাসরি ফ্লাইট চালু রয়েছে। 

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক