
পৃথিবীর যত প্রাণপ্রণালি
শামস বিশ্বাস সূত্র আমাদের সময়, ২১ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রিমুখী সংঘাত বিশ্বরাজনীতিতে নতুন করে একটি পুরনো ও অত্যন্ত সংবেদনশীল বিষয়কে সামনে নিয়ে এসেছে। আর তা হলো ‘হরমুজ প্রণালি’। এই সংঘাতের কোনো স্থায়ী বা গ্রহণযোগ্য সমাধান এখনও দৃশ্যমান নয়। এর ঠিক পাশেই লোহিত সাগরের প্রবেশদ্বারখ্যাত ‘বাব আল-মানদেব’ এখন কার্যত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে ওই গোটা অঞ্চল এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুধু হরমুজ বা বাব আল-মানদেব নয়, বিশ্বজুড়ে এমন বেশ কয়েকটি সামুদ্রিক ‘চোকপয়েন্ট’ বা সংকীর্ণ জলপথ রয়েছে, যেগুলোর ওপর দাঁড়িয়ে আছে পুরো বিশ্বের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ। এই জলপথগুলোর কোনো একটি যদি কয়েক দিনের জন্যও বন্ধ হয়ে যায়, তবে মুহূর্তের মধ্যে থমকে যাবে বিশ্বের বাণিজ্যের চাকা, লাফিয়ে লাফিয়ে বাড়বে জিনিসপত্রের দাম, এমনকি শুরু হতে পারে সর্বগ্রাসী যুদ্ধ। কিন্তু কী এই চোকপয়েন্ট? কেনই বা বৈশ্বিক পরাশক্তিগুলো যুগ যুগ ধরে এগুলো নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে আছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শামস বিশ্বাস
হরমুজ প্রণালি
বিশ্ব অর্থনীতির স্পন্দিত তেলের ধমনি
ভৌগোলিক অবস্থান ও আইনি কাঠামো : পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে ধনুকের মতো বেঁকে থাকা এই প্রণালির উত্তরে রয়েছে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এটি পারস্য উপসাগরের তেলসমৃদ্ধ দেশগুলোর জন্য উন্মুক্ত সাগরে পৌঁছানোর একমাত্র পথ। এর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র ২১ মাইল (৩৩ কিলোমিটার)। কিন্তু বড় তেলবাহী জাহাজ চলাচলের জন্য যে গভীর চ্যানেল রয়েছে, তার প্রশস্ততা মাত্র ২ মাইল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি মুক্ত পথ হলেও ভৌগোলিক অবস্থানের কারণে এবং প্রণালির ঠিক মুখেই বেশ কয়েকটি দ্বীপ থাকায় ইরানের নৌবাহিনীর প্রভাব এখানে সবচেয়ে বেশি।
অর্থনৈতিক গুরুত্ব ও জ্বালানি প্রভাব : বিশ্ব অর্থনীতিতে হরমুজ প্রণালির চেয়ে গুরুত্বপূর্ণ কোনো তেলের রুট আজ পর্যন্ত নেই। বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ এই পথ দিয়ে যায়। প্রতিদিন প্রায় ২ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালি পাড়ি দিয়ে এশিয়া, ইউরোপ ও আমেরিকায় প্ৗেছায়। শুধু তেল নয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) এক-চতুর্থাংশ, যার সিংহভাগই আসে কাতার থেকে, এই পথ দিয়েই বিশ্ববাজারে যায়। এশিয়া মহাদেশের চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতের মতো বৃহৎ অর্থনীতির দেশগুলোর জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান লাইফলাইন এটি।
সামরিক উত্তেজনা ও ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ : এই পথ দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল দিতে হয় না। তবে এখানে সামরিক উত্তেজনা সবসময়ই বারুদস্তূপের মতো আকার ধারণ করে থাকে। মধ্যপ্রাচ্যের তেল যেন নির্বিঘ্নে পশ্চিমা বিশ্বে প্ৗেছাতে পারে, তা নিশ্চিত করতে দীর্ঘ কয়েক দশক ধরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তিশালী ‘ফিফথ ফ্লিট’ বা পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে।
সম্প্রতি হরমুজ প্রণালির ভূ-রাজনীতি এক নতুন মোড় নিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘অপারেশন এপিক ফিউরি’ নামের একটি বড় ধরনের সামরিক অভিযান চালালে এই প্রণালিতে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়। এর সরাসরি প্রতিক্রিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) প্রণালিটি দিয়ে পশ্চিমা বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়। তারা জাহাজে হামলা চালায়, সাগরে অত্যাধুনিক মাইন বিছিয়ে দেয় এবং এমনকি জাহাজ চলাচলের জন্য ১ মিলিয়ন ডলার পর্যন্ত অবৈধ টোল দাবি করে বসে।
পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে কড়া নৌ-অবরোধ আরোপ করে। এই নজিরবিহীন উত্তেজনার জেরে ২০২৬ সালের মার্চ মাসে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারে পৌঁছে যায়। এর ফলে বিশ্বজুড়ে যে ভয়াবহ মূল্যস্ফীতি তৈরি হয়, তা বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দেয়।
বাব আল-মানদেব
লোহিত সাগরের প্রবেশদ্বার
ঐতিহাসিক প্রেক্ষাপট ও অবস্থান : লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই প্রণালির পূর্ব পাশে ইয়েমেন এবং পশ্চিম পাশে আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়া। আরবি ভাষায় ‘বাব আল-মানদেব’ শব্দের অর্থ ‘কান্নার তোরণ’ বা Gate of Tears। প্রাচীনকালে এই প্রণালির প্রমত্ত স্রোত, ডুবো পাহাড় এবং বিপদসংকুল নেভিগেশনের কারণে অসংখ্য জাহাজ ডুবে যেত, যা নাবিকদের কান্নার কারণ হতো। আধুনিক যুগে এসে সেই প্রাকৃতিক বিপদের জায়গা নিয়েছে এক জটিল ভূ-রাজনৈতিক সংঘাত।
বর্তমান সংকট ও হুথি নিয়ন্ত্রণ : ইউরোপ থেকে এশিয়া যাওয়ার পথে সুয়েজ খালের দিকে অগ্রসর হওয়ার এটিই একমাত্র দক্ষিণ প্রবেশদ্বার। ২০২৩ সালের শেষের দিকে গাজা যুদ্ধের জেরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই জলপথে পশ্চিমা ও ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। লোহিত সাগরের এই রুটটি সচল রাখতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনী ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’ নামক যৌথ সামরিক অভিযান চালালেও তারা হুথিদের নিয়ন্ত্রণ পুরোপুরি খর্ব করতে ব্যর্থ হয়।
২০২৬ সালে এসে এখানকার ভূ-রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ নতুন রূপ নেয়। আঞ্চলিক নিরাপত্তা ও হুথিদের ক্রমবর্ধমান প্রভাব রুখতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জোট ইয়েমেনে হুথিদের কৌশলগত অবস্থান লক্ষ্য করে নতুন করে তীব্র সামরিক হামলা শুরু করে। এর সরাসরি প্রতিশোধ হিসেবে হুথি বিদ্রোহীরা এক নজিরবিহীন পদক্ষেপ নেয়। তারা লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে সৌদি আরবের মালিকানাধীন এবং সৌদিগামী যেকোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। হুথিদের এই আকস্মিক নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বাণিজ্য ও তেল সরবরাহে নতুন করে চরম অচলাবস্থা তৈরি হয়।
পরাশক্তিগুলোর আস্তানা ও বৈশ্বিক প্রভাব : এই জলপথের কৌশলগত গুরুত্ব এতটাই বেশি যে, এর অপর পাড়ে আফ্রিকার ছোট্ট দেশ জিবুতিতে বিশ্বের শীর্ষ পরাশক্তিগুলো ঘাঁটি গেড়েছে। এখানে যুক্তরাষ্ট্রের আফ্রিকান ঘাঁটি ‘ক্যাম্প লেমোনিয়ার’-এর ঠিক পাশেই রয়েছে চীনের সামরিক ঘাঁটি। একই শহরে ফ্রান্স, জাপান ও ইতালিরও উপস্থিতি রয়েছে। হুথি ও সৌদি-ইউএই জোটের এই সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা এবং নিষেধাজ্ঞার কারণে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোর বীমা খরচ নতুন করে আকাশচুম্বী হয়েছে। ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে অধিকাংশ জাহাজ কোম্পানি সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে গন্তব্যে যাচ্ছে, যা বৈশ্বিক পণ্য পরিবহন খরচ বহুগুণ বাড়িয়ে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করেছে।
সুয়েজ খাল
মানুষের তৈরি এক জাদুকরী জলপথ
ইতিহাস ও রক্তক্ষয়ী অতীত : আফ্রিকা মহাদেশকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করা মিসরের সুয়েজ খাল হলো বিশ্ব বাণিজ্যের এক জাদুকরী পথ। ১৮৬৯ সালে ফরাসি কূটনীতিক ফার্দিনান্দ দে লেসেপস এবং ব্রিটিশদের যৌথ উদ্যোগে এটি চালু হয়। এই খালটি চালু হওয়ার পর ইউরোপ থেকে এশিয়ায় আসার জন্য আর পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো না, ফলে দূরত্ব কমে যায় প্রায় ৮,৯০০ কিলোমিটার।
তবে এই খালটি কখনই শুধু বাণিজ্যের প্রতীক ছিল না, এটি ছিল সাম্রাজ্যবাদের অহংকার। ১৯৫৬ সালে মিসরের তৎকালীন দূরদর্শী প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের যখন বিদেশি আধিপত্যের হাত থেকে খালটিকে জাতীয়করণ করেন, তখন ব্রিটিশ, ফরাসি এবং ইসরায়েলি বাহিনী যৌথভাবে মিসরে আক্রমণ চালায়। ইতিহাসে এটি ‘সুয়েজ সংকট’ বা দ্বিতীয় আরব-ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। পরবর্তীতে আন্তর্জাতিক চাপে তারা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে মিসর সরকারের নিয়ন্ত্রণাধীন ‘সুয়েজ ক্যানাল অথরিটি’ অত্যন্ত দক্ষতার সঙ্গে এটি পরিচালনা করে।
আয় এবং অর্থনীতি : প্রাকৃতিক প্রণালিগুলোর মতো এটি বিনা পয়সায় পার হওয়ার সুযোগ নেই এবং মিসর সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস এই খাল। ২০২২-২৩ অর্থবছরে মিসর এই খাল থেকে রেকর্ড ৯.৪ বিলিয়ন ডলার আয় করলেও, লোহিত সাগর ও বাব আল-মানদেবে হুথিদের হামলার কারণে ২০২৪ সালে সুয়েজ খালের আয় ব্যাপক ধসের মুখে পড়ে ৩.৯ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে পরিস্থিতি আংশিক সামলে ওঠার পর সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে সুয়েজ খালের আয় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একটি বড় কনটেইনার জাহাজকে এই খাল পার হতে কয়েক লাখ থেকে ক্ষেত্রবিশেষে মিলিয়ন ডলার টোল দিতে হয়। মরুভূমির বালু উড়ে এসে খাল ভরাট হয়ে যাওয়ার ঝুঁকি থাকায় সারা বছর এখানে ড্রেজিং (খনন) করে নাব্যতা ধরে রাখতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল।
গুরুত্ব ও ক্ষতির মাত্রা : বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এবং কনটেইনার পরিবহনের প্রায় ৩০ শতাংশ এই খাল দিয়ে সম্পন্ন হয়। এর গুরুত্ব কতটা ভয়াবহ হতে পারে, তার প্রমাণ বিশ্ববাসী পেয়েছিল ২০২১ সালে। সে বছর ‘এভার গিভেন’ নামক ৪০০ মিটার লম্বা একটি বিশাল কার্গো জাহাজ তীব্র বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে খালের আড়াআড়িভাবে আটকে যায়। মাত্র ছয় দিন খালটি বন্ধ ছিল। আর এই ছয় দিনেই খালের দুই প্রান্তে প্রায় ৪০০টি জাহাজের ট্রাফিক জ্যাম তৈরি হয় এবং প্রতিদিন বিশ্ব অর্থনীতির প্রায় ৯.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। সাপ্লাই চেইন ভেঙে পড়ায় ইউরোপে কাঁচামালের সংকট দেখা দেয়।
মালাক্কা প্রণালি
এশিয়ার অর্থনীতির লাইফলাইন
ভৌগোলিক অবস্থান ও ইতিহাস : মালয় উপদ্বীপ (মালয়েশিয়া) এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর পূর্ব প্রান্তে বসে আছে আরেক অর্থনৈতিক পরাশক্তি সিঙ্গাপুর। ঐতিহাসিকভাবেই এই রুটটি ছিল মশলা বাণিজ্যের প্রাণকেন্দ্র। সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচরা সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে এই প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। দীর্ঘ সময় এটি ব্রিটিশদের ‘স্ট্রেইটস সেটেলমেন্টস’-এর অধীনে ছিল। বর্তমানে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এটি উন্মুক্ত হলেও এর নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মূল দায়িত্বে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
বাণিজ্যিক ও সামরিক গুরুত্ব : বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক জলপথগুলোর অন্যতম এটি। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ এবং সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের এক-তৃতীয়াংশ এই ৮০০ কিলোমিটার দীর্ঘ প্রণালি দিয়ে পার হয়। পূর্ব এশিয়ার তিন বড় উৎপাদনশীল পরাশক্তিÑ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার অর্থনীতির চাকা ঘোরে মূলত এই মালাক্কা প্রণালির ওপর নির্ভর করে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা জ্বালানি তেল এবং ইউরোপ থেকে আসা কাঁচামাল এই পথ দিয়েই তাদের কাছে পৌঁছায়।
পরাশক্তির স্নায়ুযুদ্ধ ও বিকল্প পথের সন্ধান : মালাক্কা প্রণালিতে কোনো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ নেই ঠিকই, তবে একসময় জলদস্যুদের উৎপাতে এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে কুখ্যাত ছিল। তিন দেশের যৌথ পাহারায় বর্তমানে দস্যুতা অনেকটা কমেছে। প্রাকৃতিক পথ হওয়ায় এখানে কোনো টোল দিতে হয় না, তবে নিরাপত্তা ও নেভিগেশনাল সুবিধা বজায় রাখতে তীরবর্তী দেশগুলোকে বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হয়।
এর চেয়েও বড় বিষয় হলো পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। চীন সবসময় এই পথটিকে তাদের জন্য একটি বড় কৌশলগত দুর্বলতা বলে মনে করে, যাকে ভূ-রাজনীতির ভাষায় বলা হয় ‘মালাক্কা ডিল্যামা’। কারণ, এর খুব কাছেই সিঙ্গাপুর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। চীনের ভয়, আমেরিকার সঙ্গে তাইওয়ান বা অন্য কোনো ইস্যুতে যুদ্ধ বাধলে যুক্তরাষ্ট্র খুব সহজেই মালাক্কা প্রণালি অবরুদ্ধ করে চীনের জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে।
এই ভয় থেকেই চীন তাদের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর অধীনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিকল্প পথ খুঁজছে। তারা পাকিস্তানের ভেতর দিয়ে ‘চীন-পাকিস্তান ইকোনমিক করিডর’ এবং মিয়ানমারের ভেতর দিয়ে কিয়াউকপিউ গভীর সমুদ্রবন্দর ও পাইপলাইন তৈরি করেছে, যাতে মালাক্কার ওপর নির্ভরতা কমানো যায়। এই পথটি কোনো কারণে বন্ধ হলে বিকল্প পথে ইন্দোনেশিয়ার সুন্দা বা লম্বক প্রণালি ঘুরে যেতে হবে, যা পরিবহন খরচ বহুগুণ বাড়িয়ে এশিয়ার অর্থনীতিকে অচল করে দেবে।
পানামা খাল
দুই মহাসাগরের সেতুবন্ধ
মধ্য আমেরিকায় অবস্থিত আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা এই কৃত্রিম খালটি মানুষের প্রকৌশলবিদ্যার এক অনন্য বিস্ময়। ১৮৮১ সালে ফরাসিরা এটি খননের উদ্যোগ নিয়ে ম্যালেরিয়া ও ধসের কারণে ব্যর্থ হয়। পরবর্তীতে পরাশক্তি যুক্তরাষ্ট্র ১৯০৪ সালে কলম্বিয়ার কাছ থেকে পানামাকে ‘স্বাধীন’ হতে সাহায্য করে এবং এর বিনিময়ে খাল খননের একচ্ছত্র অধিকার আদায় করে নেয়। ১৯১৪ সালে খালটি চালু হওয়ার পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দীর্ঘ ৮৫ বছর যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে এর নিয়ন্ত্রণ ধরে রাখে। আমেরিকান সাম্রাজ্যবাদের এটি একটি বড় নিদর্শন। পরবর্তীতে তীব্র আন্দোলনের মুখে চুক্তি অনুযায়ী পানামার সরকারের কাছে এর নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়। বর্তমানে ‘পানামা ক্যানাল অথরিটি’ এটি পরিচালনা করে।
অর্থনীতি, টোল ও রক্ষণাবেক্ষণ : সুয়েজ খালের মতোই পানামা খাল বিনামূল্যে পার হওয়ার কোনো সুযোগ নেই। পানামার জাতীয় অর্থনীতির একটি বিশাল অংশই আসে এই খালের টোল থেকে। জাহাজের আকার, ধারণক্ষমতা ও ওজনের ওপর ভিত্তি করে একটি জাহাজকে কয়েক লাখ ডলার থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে কয়েক মিলিয়ন ডলার টোল দিতে হয়। এর রক্ষণাবেক্ষণ খরচও বিপুল, কারণ সারা বছর এখানে ড্রেজিং করতে হয়।
বর্তমান সংকট প্রকৃতির বিদ্রোহ : উত্তর-দক্ষিণ আমেরিকা এবং এশিয়া ও আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে পণ্য পরিবহনের প্রধান রুট এটি। বিশ্বের বাণিজ্যের প্রায় ৫ শতাংশ এই খালের ওপর নির্ভরশীল। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য, শিল্প কাঁচামাল এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এশিয়ায় সরবরাহের জন্য এটি অপরিহার্য। তবে পানামা খাল বর্তমানে কোনো বিদ্রোহী বা সামরিক হুমকির মুখে নেই, বরং এটি লড়ছে প্রকৃতির সঙ্গে।
সুয়েজ খালের মতো এটি সমতল নয়; এটি একটি ‘লক সিস্টেম’ বা ‘জলকপাট ব্যবস্থা’ কাজ করে। জাহাজকে পানি পাম্প করে পাহাড়ের সমান উচ্চতায় তুলে গাতুন হ্রদ পার করানো হয়, যার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন গ্যালন মিঠা পানির প্রয়োজন হয়। কিন্তু’ গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে পানামায় মারাত্মক খরা দেখা দিয়েছে। গাতুন হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় খাল কর্তৃপক্ষ জাহাজের ড্রাফট (পানির নিচের অংশ) সীমিত করতে বাধ্য হয়েছে। এর ফলে বড় জাহাজগুলো পূর্ণ কার্গো নিয়ে পার হতে পারছে না। অনেক জাহাজকে বাধ্য হয়ে পুরো দক্ষিণ আমেরিকা (কেপ হর্ন) ঘুরে যেতে হচ্ছে। প্রকৃতির এই ‘অবরোধের’ কারণে বিশ্বজুড়ে জাহাজভাড়ার সূচক এবং লজিস্টিক খরচ ব্যাপক হারে বেড়েছে।
তুর্কি প্রণালি
কৃষ্ণ সাগরের চাবিকাঠি ও খাদ্যনিরাপত্তা
ইতিহাস ও আইনি নিয়ন্ত্রণ : তুরস্কের প্রাচীন ও ঐতিহাসিক ইস্তাম্বুল শহরকে এশিয়া ও ইউরোপÑ এই দুই ভাগে ভাগ করা সংকীর্ণ জলপথগুলোই হলো তুর্কি প্রণালি, যা কৃষ্ণ সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে। ঐতিহাসিকভাবেই রুশ সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে এই পথটি দখলের জন্য বহু যুদ্ধ হয়েছে। রাশিয়ার সব নৌবন্দর শীতে বরফ হয়ে গেলেও কৃষ্ণ সাগরের বন্দরগুলো সারা বছর সচল থাকে। তাই উষ্ণ জলের সন্ধানে এটিই তাদের একমাত্র পথ। বর্তমানে ১৯৩৬ সালের ‘মঁত্রো চুক্তি’ অনুযায়ী তুরস্ক এই প্রণালির ওপর পূর্ণ ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ভোগ করে। শান্তিকালীন সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা থাকলেও, যুদ্ধকালীন সময়ে কোন দেশের যুদ্ধজাহাজ এই পথ দিয়ে যাবে বা যাবে না, তা নির্ধারণের ক্ষমতা কেবলই তুরস্কের।
গুরুত্ব, আয় ও প্রভাব : কৃষ্ণ সাগর উপকূলবর্তী দেশগুলো (রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া) থেকে খাদ্যশস্য, ভোজ্যতেল (সানফ্লাওয়ার অয়েল) এবং অপরিশোধিত তেল বিশ্ববাজারে পৌঁছানোর একমাত্র লাইফলাইন এটি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাসী হাড়ে হাড়ে টের পেয়েছে এই প্রণালির গুরুত্ব। যুদ্ধের শুরুতে যখন এই পথে শস্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তখন বিশ্বজুড়ে গমের দাম আকাশ ছুঁয়েছিল। যদিও মঁত্রো চুক্তি অনুযায়ী সরাসরি ট্রানজিট ‘টোল’ নেওয়া যেত না, কিন্তু ২০২৩ সালে এসে তুরস্ক অর্থনৈতিক সংকট সামাল দিতে এই প্রণালি ব্যবহারের ‘নৌ-পরিষেবা ফি’ (বাতিঘর, স্বাস্থ্য ও উদ্ধার ফি) প্রায় পাঁচগুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে তুরস্কের রাজস্ব আয় বিপুল পরিমাণে বেড়েছে। এই পথ দিয়ে সরবরাহ ব্যাহত হলেই মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে শুরু করে খোদ বাংলাদেশ পর্যন্ত খাদ্য নিরাপত্তায় সরাসরি ও ভয়াবহ প্রভাব পড়ে।
তাইওয়ান প্রণালি
প্রযুক্তির বিশ্বদরবার
অবস্থান ও সামরিক উত্তেজনা : চীন ও তাইওয়ানের মধ্যবর্তী ১৩০ কিলোমিটার প্রশস্ত এই সামুদ্রিক জলসীমা বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক ও সংবেদনশীল ফ্লাশপয়েন্ট। চীন এই প্রণালিটিকে তাদের ‘অভ্যন্তরীণ জলসীমা’ বলে দাবি করে এবং তাইওয়ানকে তাদের একটি বিদ্রোহী প্রদেশ মনে করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো একে ‘আন্তর্জাতিক জলসীমা’ হিসেবে বিবেচনা করে। তারা চীনের আধিপত্য রুখতে নিয়মিত সেখানে যুদ্ধজাহাজ চালিয়ে ‘ফ্রিডম অব নেভিগেশন’ বা নৌচলাচলের স্বাধীনতা প্রদর্শন করে।
গুরুত্ব ও ক্ষতির মাত্রা : বিশ্বের প্রায় অর্ধেক কনটেইনার জাহাজ এবং আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় সাপ্লাই চেইন এই পথ বা এর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে চলাচল করে। বিশেষ করে পূর্ব এশিয়া থেকে ইউরোপ ও আমেরিকায় ইলেকট্রনিক সামগ্রী ও উন্নত সেমিকন্ডাক্টর (মাইক্রোচিপ) সরবরাহের মূল করিডোর এটি। তাইওয়ানের কোম্পানি ‘টিএসএমসি’ একাই বিশ্বের প্রায় ৬০ শতাংশ এবং অত্যাধুনিক মাইক্রোচিপের ৯০ শতাংশ তৈরি করে।
পরাশক্তিগুলোর লক্ষ্য এখানে অত্যন্ত স্পষ্টÑ প্রযুক্তির বৈশ্বিক সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা। কোনো কারণে চীন যদি সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান প্রণালি অবরুদ্ধ করে দেয় বা তাইওয়ানে হামলা চালায়, তবে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লাগবে তা করোনা মহামারী বা ইউক্রেন যুদ্ধের চেয়েও কয়েকগুণ ভয়াবহ হবে। মুহূর্তের মধ্যে বিশ্বের সব বড় প্রযুক্তি কোম্পানির উৎপাদন, অ্যাপল-স্যামসাংয়ের মোবাইল ফোন, কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসেসর এবং অটোমোবাইল শিল্পের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বৈশ্বিক অর্থনীতি কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে।
জিব্রাল্টার ও ডেনিশ প্রণালি
ইউরোপের প্রবেশদ্বার
জিব্রাল্টার প্রণালি : স্পেন ও মরক্কোর মাঝে অবস্থিত মাত্র ১৪ কিলোমিটার প্রশস্ত এই প্রণালি আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশের প্রধান প্রাকৃতিক দরজা। ঐতিহাসিকভাবেই ব্রিটিশ সাম্রাজ্য এর ভূ-রাজনৈতিক গুরুত্ব বুঝেছিল। তাই আজও স্পেনের ঠিক নাকের ডগায় জিব্রাল্টারে যুক্তরাজ্যের একটি বিশাল সামরিক নৌঘাঁটি ও নিয়ন্ত্রণ রয়ে গেছে, যা নিয়ে স্পেনের সঙ্গে তাদের প্রায়শই কূটনৈতিক টানাপড়েন চলে। সুয়েজ খাল দিয়ে আসা পণ্য ইউরোপ ও আমেরিকার প্রধান বন্দরগুলোতে পৌঁছাতে এই প্রণালি ব্যবহার করে। এটি অবরুদ্ধ হলে সমগ্র ভূমধ্যসাগরীয় দেশগুলোর (ইতালি, গ্রিস, ফ্রান্সের দক্ষিণাংশ) বৈদেশিক বাণিজ্য চরম বিপর্যয়ের মুখে পড়বে।
ডেনিশ প্রণালি : ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী এই পথটি বাল্টিক সাগরকে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করেছে। রাশিয়ার অপরিশোধিত তেল ও গ্যাসের একটি বড় অংশ বাল্টিক সাগর হয়ে এই পথ দিয়ে ইউরোপ ও আন্তর্জাতিক বাজারে যায়। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে রাশান তেলের ওপর প্রাইস ক্যাপ ও নিষেধাজ্ঞা আরোপের পর ন্যাটো জোট এই প্রণালির ওপর সামরিক নজরদারি বহুগুণ বাড়িয়েছে।
চোকপয়েন্ট কী
ইংরেজিতে চোকপয়েন্ট শব্দের আক্ষরিক অর্থ হলো শ্বাসরোধক বিন্দু। ভূ-রাজনীতি এবং সমুদ্রবিজ্ঞানের ভাষায়, সমুদ্রের যে প্রাকৃতিক সংকীর্ণ অংশ বা চ্যানেল দিয়ে দুটি বড় সাগর বা মহাসাগর যুক্ত হয় এবং যেখান দিয়ে বিপুল পরিমাণ বাণিজ্যিক জাহাজ চলাচল করতে বাধ্য হয়, তাকে চোকপয়েন্ট বলা হয়। বর্তমান যুগেও বিশ্ববাণিজ্যের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ পণ্য সমুদ্রপথেই পরিবাহিত হয়। কারণ, আকাশপথ বা স্থলপথের চেয়ে সমুদ্রপথে পণ্য পরিবহন অনেক বেশি সাশ্রয়ী। আর এই সমুদ্রপথের সবচেয়ে দুর্বল স্থানগুলোই হলো চোকপয়েন্ট।
উনিশ শতকের প্রখ্যাত মার্কিন নৌ-কৌশলবিদ আলফ্রেড থায়ের মাহান তার ‘সি পাওয়ার’ তত্ত্বে বলেছিলেন, ‘যে সমুদ্র নিয়ন্ত্রণ করবে, সে বিশ্ব নিয়ন্ত্রণ করবে।’ ঐতিহাসিকভাবেই এই জলপথগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে বৈশ্বিক পরাশক্তিগুলো। ব্রিটিশ সাম্রাজ্য একসময় জিব্রাল্টার, সুয়েজ, মালাক্কা এবং এডেনের মতো কৌশলগত পথগুলো দখল করেই পৃথিবীর চার ভাগের এক ভাগ শাসন করেছে। তাদের নৌবহর এই চোকপয়েন্টগুলোতে অবস্থান করে শত্রুদের বাণিজ্য ও সামরিক চলাচল অবরুদ্ধ করে দিত।
বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলো সরাসরি এই পথগুলো দখল না করলেও এর আশপাশে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করে পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আন্তর্জাতিক সমুদ্র আইন বা ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি অনুযায়ী, এসব প্রণালি দিয়ে ‘ট্রানজিট প্যাসেজ’ বা বাণিজ্যিক ও সামরিক জাহাজ বিনা বাধায় চলাচলের অধিকার রাখে। তাই প্রাকৃতিক প্রণালিগুলো পার হতে জাহাজগুলোকে কোনো টোল বা অর্থ দিতে হয় না। কিন্তু কৃত্রিমভাবে খনন করা খালগুলো (যেমনÑ সুয়েজ বা পানামা) পার হতে নির্দিষ্ট দেশের কর্তৃপক্ষকে মোটা অঙ্কের ফি দিতে হয়, যা ওই দেশগুলোর অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি।
চলুন, বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি চোকপয়েন্টের ইতিহাস, ভূ-রাজনীতি এবং অর্থনীতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা যাক।



