জলবায়ু অর্থায়নে নতুন আহ্বান প্রকল্প নয়, বদলাতে হবে অর্থনীতির কাঠামো

জলবায়ু অর্থায়নে নতুন আহ্বান প্রকল্প নয়, বদলাতে হবে অর্থনীতির কাঠামো
সংবাদআন্তর্জাতিক

জলবায়ু অর্থায়নে নতুন আহ্বান প্রকল্প নয়, বদলাতে হবে অর্থনীতির কাঠামো

১৪ নভেম্বর, ২০২৬

নিজামুল হক, তুরস্ক থেকে [প্রকাশ : বাংলাদেশ প্রতিদিন, ১৪ নভেম্বর ২০২৬]

উন্নয়নশীল দেশগুলোকে ঋণের বোঝা, প্রাকৃতিক দুর্যোগ এবং উচ্চ মূলধন ব্যয়ের চাপ থেকে মুক্তি দিতে জলবায়ু অর্থায়নের প্রচলিত কাঠামোয় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থার নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। তিনি বলেছেন, জলবায়ু অর্থায়নের লক্ষ্য পূরণই যথেষ্ট নয়; বরং অর্থায়ন কিভাবে এবং কোন প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে, তা নিশ্চিত করা জরুরি।

 


গতকাল শুক্রবার তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ জলবায়ু অর্থায়ন বিষয়ক উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যায়ের সংলাপে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

 

সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু অর্থায়নের জন্য নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ হলেই সব দেশের প্রয়োজন মেটে না। এ ক্ষেত্রে অর্থায়ন কিভাবে সরবরাহ করা হচ্ছে, সেদিকে গুরুত্ব দিতে হবে। অনেক উন্নয়নশীল দেশ ঋণ, প্রাকৃতিক দুর্যোগ এবং এক নেতিবাচক চক্রে আটকে রয়েছে।

 

জলবায়ু অর্থায়ন এই পরিস্থিতি থেকে দেশগুলোকে বেরিয়ে আসতে সহায়তা করতে পারে। তিনি বলেন, এ জন্য বিচ্ছিন্ন প্রকল্পে অর্থায়নের প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে অর্থনীতির সামগ্রিক রূপান্তরে সহায়তা করতে হবে। জলবায়ু অর্থায়ন এমনভাবে পরিচালিত হওয়া প্রয়োজন, যাতে তা দেশের জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করে।

 

সাইমন স্টিয়েলের মতে, জাতীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে বিনিয়োগের পরিবেশ উন্নত হবে।এতে কম ব্যয়ে আরো বেশি পুঁজি আকৃষ্ট করা সম্ভব হবে। সেই পুঁজি জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং কম কার্বন নিঃসরণকারী উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগ করা যাবে। এতে অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং একটি ইতিবাচক অর্থনৈতিক চক্র তৈরি হবে।


সম্মেলন আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন দীর্ঘদিন ধরেই অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব দেশের অনেকেরই জলবায়ুজনিত দুর্যোগ মোকাবেলায় বিপুল বিনিয়োগ প্রয়োজন; কিন্তু ঋণের বোঝা, উচ্চ সুদহার ও আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের ব্যয় তাদের সক্ষমতাকে সীমিত করছে।

 

ফলে জলবায়ু অভিযোজন, দুর্যোগ মোকাবেলা এবং কম কার্বনভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় শুধু অর্থের পরিমাণ বাড়ানো নয়, অর্থায়নের ধরন ও কার্যকারিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থার নির্বাহী সচিব।


এদিকে কপ৩১ সম্মেলনের পঞ্চম দিন গতকাল জলবায়ু অর্থায়ন ও বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরল ‘কপ৩১, বিদ্যুতায়ন ও বৈশ্বিক জ্বালানি বাজার’ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

 

এ ছাড়া সন্ধ্যায় প্যারিস চুক্তির কার্বন ক্রেডিটিং ব্যবস্থার অগ্রগতি, ভবিষ্যৎ অগ্রাধিকার এবং এ ব্যবস্থায় আরো বেশি দেশ ও অংশীজনের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। কার্বন বাজারের কার্যকারিতা ও বাস্তবায়নপ্রক্রিয়াও এতে গুরুত্ব পায়।

 

কৃষি ও খাদ্য নিরাপত্তার বিষয়টিও দিনের আলোচনায় ছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ‘ক্লাইমেট ফিন্যান্স ফর ফুড সিকিউরিটি’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

এ ছাড়া তরুণ কৃষকদের জন্য বিনিয়োগ, জমি ও বাজারে প্রবেশাধিকার এবং কৃষির নতুন প্রজন্ম গড়ে তোলার পথ নিয়ে ‘ব্যাক ফিউচার ফারমার্স’ শীর্ষক বিশেষ আয়োজন হয়। বিকেল ৫টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সম্মেলনের প্রথম দুই দিনে বিশ্বনেতাদের অংশগ্রহণের পর তাঁর এই সংবাদ সম্মেলন ছিল দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন।

 

বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের পর এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এসব অঙ্গীকার বাস্তবায়নের পথ। ২০ নভেম্বর পর্যন্ত চলা কপ৩১ সম্মেলনে এসব বিষয়ে দেশগুলোর মধ্যে কতটা কার্যকর সমঝোতা হয়, সেদিকে নজর অংশগ্রহণকারী দেশগুলোর। 

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক