
জি-৭ বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা
[সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৫ জুন ২০২৬]
ফ্রান্সের রিসোর্ট শহর এভিয়ান-লেস-বাঁ-তে শুরু হতে যাওয়া ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্শ্ববর্তী সুইজারল্যান্ডের জেনেভা শহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা আজ সোমবার থেকে তিন দিনের এই সম্মেলনে যোগ দেবেন। এর একদিন আগে গতকাল রবিবার হাজার হাজার বিক্ষোভকারী জেনেভার রাস্তায় নেমে তাদের অসন্তোষ প্রকাশ করেন।
এদিন জেনেভার জাতিসংঘ (ইউএন) ভবনের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও আতশবাজি ছুঁড়ে মারে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এএফপি ও রয়টার্সের বরাতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা জাতিসংঘের টেলিকমিউনিকেশন ভবনের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় এবং পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ফ্লেয়ার ছুঁড়ে।
জি-৭ বিরোধী একটি জোটের ডাকে হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে ইভিয়ান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জেনেভায় হাজার হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।



