ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা
সংবাদআন্তর্জাতিক

ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

১৮ অক্টোবর, ২০২৬

আব্দুল্লাহ কাফি [সূত্র : আমাদের সময়, ১৮ অক্টোবর ২০২৬]

ইউরোপের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। একই সময়ে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ, ইউরোপের বাজারে পোশাকের চাহিদা ও আমদানি কমার প্রভাব থাকলেও বাংলাদেশের রপ্তানি আয়ের পতন হয়েছে তুলনামূলক অনেক বেশি। উদ্বেগের বিষয় হলো, রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় মূল্যও কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ। এতে একই পরিমাণ পোশাক রপ্তানি করেও আগের তুলনায় কম আয় হচ্ছে। এমন পরিস্থিতিতে উৎপাদন ব্যয় ও পরিচালন ব্যয়ের চাপ সামলে ইউরোপের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দঁাঁড়িয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, শুধু কম দামে পোশাক সরবরাহ নয়, পণ্যের গুণগত মান, বৈচিত্র্য, নকশা ও মূল্য সংযোজন বাড়ানোর মাধ্যমে রপ্তানির আয় পুনরুদ্ধারে গুরুত্ব দিতে হবে।

 

 

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম প্রধান বাজার। নানা সংকটের মধ্যেও বিগত দিনে ইতিবাচক ধারা অব্যাহত ছিল। কিন্তু চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইউরোপের বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ কোটি ইউরো, যা গত বছরের একই সময়ের ১ হাজার ৩৫০ কোটি ইউরোর তুলনায় ১১ দশমিক ৬৭ শতাংশ কম। এতে রপ্তানি আয়ের ক্ষতি হয়েছে প্রায় ১৫৮ কোটি ইউরো। রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি প্রতি কেজি পোশাকের দাম কমে যাওয়াকে এই পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

 

 

ইউরোপীয় ইউনিয়নভিত্তিক ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) জানিয়েছে, একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। তবে বাংলাদেশের রপ্তানি কমার হার ইইউর মোট আমদানি হ্রাসের তুলনায় অনেক বেশি। এতে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতা, পণ্যের মূল্য এবং বাজার ধরে রাখার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

 

২০২৬ সালের প্রথম আট মাসে ইইউর মোট পোশাক আমদানির মূল্য ছিল ৬০২৯ কোটি ইউরো। ২০২৫ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২৬৯ কোটি ইউরো। অর্থাৎ আমদানি কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ। এ সময়ে আমদানির পরিমাণ কমেছে ২ দশমিক ৫৭ শতাংশ এবং প্রতি কেজি পোশাকের গড় আমদানি মূল্য কমেছে ১ দশমিক ২৯ শতাংশ। গত বছর প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল ১৯ দশমিক ৯১ ইউরো, যা চলতি বছর কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬৫ ইউরোতে।

 

 

অন্যদিকে, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের রপ্তানি পরিমাণ কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ। কিন্তু প্রতি কেজি পোশাকের গড় মূল্য কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের প্রথম আট মাসে বাংলাদেশের পোশাকের প্রতি কেজির গড় মূল্য ছিল ১৪ দশমিক ৮৭ ইউরো। চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ১৩ দশমিক ৭৬ ইউরো।

 

 

এ পরিসংখ্যান থেকে বোঝা যায়, বাংলাদেশের রপ্তানি আয় কমার ক্ষেত্রে শুধু পণ্যের পরিমাণ হ্রাস নয়, মূল্য কমে যাওয়ার প্রভাবও গুরুত্বপূর্ণ। তুলনামূলক কম দামে পোশাক রপ্তানি করায় একই পরিমাণ পণ্য বিক্রি করেও আগের মতো আয় করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে উৎপাদন ব্যয়, জ্বালানি ব্যয়, শ্রমিকের মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয়ের চাপের মধ্যে রপ্তানি মূল্য কমে যাওয়া পোশাক প্রস্তুতকারকদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

 

 

তবে আগস্ট মাসের পরিসংখ্যানে কিছুটা ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৫ সালের আগস্টের তুলনায় ২০২৬ সালের আগস্টে ইইউর বাজারে পোশাক আমদানির মূল্য বেড়েছে শূন্য দশমিক ৭২ শতাংশ। যদিও আমদানির পরিমাণ কমেছে শূন্য দশমিক ৫৭ শতাংশ, তবে প্রতি কেজি পোশাকের গড় মূল্য বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ সাম্প্রতিক মাসে বাজারে মূল্য ও চাহিদার ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতার আভাস দেখা যাচ্ছে।

 

 

বাংলাদেশের জন্যও এ প্রবণতা গুরুত্বপূর্ণ। কারণ, দীর্ঘ সময় ধরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার। আগস্টের পরিসংখ্যান সামগ্রিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখালেও তা দিয়ে পুরো বাজারে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। পরবর্তী মাসগুলোয় রপ্তানির পরিমাণ, মূল্য এবং ক্রেতাদের ক্রয়াদেশের প্রবণতা পর্যবেক্ষণ করা প্রয়োজন।

 

 

প্রতিযোগী দেশগুলোর মধ্যে চীন ছিল বড় সরবরাহকারীদের একমাত্র দেশ, যার রপ্তানির মূল্য ও পরিমাণ- দুটিই বেড়েছে। দেশটির পোশাক রপ্তানির মূল্য ২ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭১ কোটি ইউরো হয়েছে। রপ্তানির পরিমাণ বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ, যদিও প্রতি কেজির গড় মূল্য কমেছে ১ দশমিক ০৪ শতাংশ।

 

 

ভিয়েতনামের রপ্তানির মূল্য বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩০০ কোটি ইউরোতে। তবে দেশটির রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ১৩ শতাংশ। প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১০ দশমিক ১১ শতাংশ বেড়ে যাওয়ায় রপ্তানির মোট মূল্য বৃদ্ধি পেয়েছে।

 

 

অন্যদিকে, অধিকাংশ প্রতিযোগী দেশের রপ্তানিতেই পতন দেখা গেছে। তুরস্কের রপ্তানি কমেছে ১১ দশমিক ০২ শতাংশ, ভারতের ১০ দশমিক ৮৪ শতাংশ, শ্রীলঙ্কার ১১ দশমিক ১২ শতাংশ, ইন্দোনেশিয়ার ১১ দশমিক ০৩ শতাংশ, পাকিস্তানের ৯ দশমিক ৬৩ শতাংশ, মরক্কোর ৬ দশমিক ১০ শতাংশ এবং কম্বোডিয়ার ৪ দশমিক ৫১ শতাংশ।

 

 

পাকিস্তানের ক্ষেত্রে রপ্তানির পরিমাণ ৩ দশমিক ৮২ শতাংশ বাড়লেও প্রতি কেজি পোশাকের গড় মূল্য কমেছে ১২ দশমিক ৯৬ শতাংশ। বিপরীতে কম্বোডিয়ার রপ্তানির পরিমাণ ১১ দশমিক ৬৩ শতাংশ কমলেও প্রতি কেজির গড় মূল্য বেড়েছে ৮ দশমিক ০৫ শতাংশ।

 

 

সংশ্লিষ্ট পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইউরোপের বাজারে প্রতিযোগিতা শুধু রপ্তানির পরিমাণ বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই; পণ্যের মূল্য ধরে রাখা এবং তুলনামূলক বেশি মূল্য সংযোজিত পোশাক সরবরাহের সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানির পরিমাণের পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় মূল্য বাড়ানোর দিকে নজর দেওয়া জরুরি। পণ্যের বৈচিত্র্য, নকশা ও গুণগত মান উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উচ্চমূল্যের পোশাক উৎপাদনে সক্ষমতা বাড়ানো গেলে মূল্যভিত্তিক প্রতিযোগিতায় সুবিধা পাওয়া সম্ভব।

 

 

সব মিলিয়ে, ২০২৬ সালের প্রথম আট মাসে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির নিম্নমুখী প্রবণতা উদ্বেগজনক। আগস্টে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও রপ্তানি আয় পুনরুদ্ধারে শুধু বেশি পণ্য পাঠানো যথেষ্ট হবে না; একই সঙ্গে রপ্তানি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

 

পণ্যের দাম নয়, প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো

২০২৬ সালের জানুয়ারি-আগস্ট সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৬৭ শতাংশ কমে ১১.৯৩ বিলিয়ন ইউরোতে নেমেছে। একই সময়ে রপ্তানির গড় একক মূল্যও ৭.৪৩ শতাংশ কমেছে। অর্থাৎ শুধু অর্ডারের পরিমাণ নয়, পোশাকের বিক্রয়মূল্যও বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয়। এ অবস্থায় উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উন্নত মান, নকশা ও সময়মতো পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের কাছে বাড়তি মূল্য নিশ্চিত করতে হবে।

 

 

জানতে চাইলে বিএভির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মহিউদ্দিন রুবেল বলেন, উইরোপের বাজার বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানির বাজার। বাংলাদেশের পোশাক রপ্তানির ওঠানামা এই বাজারের ওপর নির্ভর করে। তাই এ বাজারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক