
হারলে ভিন্ন ছকে এগোবেন ট্রাম্প
মার্কিন রাজনীতি [সূত্র : প্রথম আলো, 03/11/2026]
মার্কিন রাজনীতি
বিভিন্ন জনমত জরিপে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে।
রয়টার্স, ওয়াশিংটন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা করছে ক্ষমতাসীন রিপাবলিকান দল। জনমত জরিপে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়ের আভাস মিলছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেও নিজের কর্মসূচি এগিয়ে নিতে নির্বাহী ক্ষমতা ব্যবহারের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সম্ভাব্য কংগ্রেসীয় তদন্ত মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা এবং পরিকল্পনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, গত এপ্রিল থেকেই এ প্রস্তুতি চলছে। এতে যুক্ত রয়েছেন ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও বাজেট পরিচালক রাসেল ভোট। আইনজীবীদের সহায়তায় তাঁরা নতুন আইন ছাড়াই প্রেসিডেন্ট কী কী পদক্ষেপ নিতে পারেন, তা খতিয়ে দেখছেন। ট্রাম্পও এসব আলোচনায় অংশ নিয়েছেন।
সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ ও বায়ুবিদ্যুতের টারবাইন আমদানিতে নতুন শুল্ক আরোপ, বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের ভিসার শর্ত কঠোর করা এবং আবাসন ও নির্মাণ ব্যয় কমানোর উদ্যোগ। কংগ্রেসের অনুমোদিত বরাদ্দ কীভাবে নতুন কর্মসূচিতে ব্যবহার করা যায়, তা নিয়েও কাজ চলছে। সরকারি অনুদান বণ্টনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের প্রভাব বৃদ্ধি করার পরিকল্পনাও রয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন ২১৮টি, ডেমোক্র্যাটদের ২১৪টি। সিনেটে দুই দলের আসন যথাক্রমে ৫৩ ও ৪৭। জরিপে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস মিললেও সিনেটে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ভেটো ক্ষমতাকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রথম এক-দুই মাস ভেটো প্রয়োগ করতে পারেন। কোনো বিলে প্রেসিডেন্ট ভেটো দিলে তা অগ্রাহ্য করতে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। এত বেশি আসনে জয় ডেমোক্র্যাটদের পক্ষে সম্ভব নয়।
ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলে কংগ্রেসে ট্রাম্পের নির্বাহী ক্ষমতার ব্যবহার, তাঁর মিত্র ও নির্বাচনী প্রচারের দাতাদের সুবিধা দেওয়ার অভিযোগ তদন্ত করতে পারেন। শুনানি, নথি তলব ও সমন জারির ক্ষমতা তাঁদের হাতে থাকবে। এ পরিস্থিতি মোকাবিলায় হোয়াইট হাউসের আইনজীবীরা কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে লিখিত বক্তব্য দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
তবে ডেমোক্র্যাটদেরও সীমাবদ্ধতা থাকবে। তাঁরা ট্রাম্পের উদ্যোগ আটকে দিতে পারলেও প্রেসিডেন্টের ভেটো মোকাবিলা কঠিন হবে। অন্যদিকে আদালত নির্বাহী ক্ষমতার সীমা লঙ্ঘনকারী পদক্ষেপ বন্ধ করতে পারেন। সিনেটের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের বিচারপতি ও উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগও আটকে দিতে পারবেন ডেমোক্র্যাটরা।



