গ্রিনল্যান্ডের ‘নিয়ন্ত্রণ’ ট্রাম্পের হাতে

গ্রিনল্যান্ডের ‘নিয়ন্ত্রণ’ ট্রাম্পের হাতে
সংবাদআন্তর্জাতিক

গ্রিনল্যান্ডের ‘নিয়ন্ত্রণ’ ট্রাম্পের হাতে

২০ সেপ্টেম্বর, ২০২৬

ভূরাজনীতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তার ওপর ওয়াশিংটনের স্থায়ী নিয়ন্ত্রণ পাওয়া যাবে। [সূত্র : প্রথম আলো, 20 সেপ্টেম্বর 2026]

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তুলতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির ঘোষণা দেন।

 

নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কোনো প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে বিনিয়োগও করতে পারবে না। এ চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।

 

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিতে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করবে না বলে গতকাল শনিবার স্পষ্ট জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চুক্তির ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তার ওপর ওয়াশিংটনের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাওয়া যাবে। তবে প্রস্তাবিত চুক্তির সুনির্দিষ্ট পরিধি কতটুকু, তা এখনো অস্পষ্ট। এ ছাড়া চুক্তিতে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রনীতি বা প্রাকৃতিক সম্পদের ওপর আনুষ্ঠানিক কোনো কর্তৃত্ব ওয়াশিংটনের কাছে হস্তান্তর করা হবে কি না, চুক্তির এমন গুরুত্বপূর্ণ বিবরণ এখনো জনসমক্ষে আনা হয়নি।

 

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিকল্পিত নিরাপত্তা চুক্তি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে এটি ডেনমার্কের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখবে।

 

আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। গ্রিনল্যান্ডের দখল নেওয়ার বিষয়ে ট্রাম্পের হুমকিতে যে মাসের পর মাস ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই চুক্তির মাধ্যমে তার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড।

 

গতকাল ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, ‘আগামী সপ্তাহটি একটি ভালো সপ্তাহ হতে যাচ্ছে গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের জন্য।’ তিনি আরও বলেন, ‘আশা করা যায়, এই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে একটি বাধ্যতামূলক চুক্তি প্রতিষ্ঠিত হবে, যা সুমেরু ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের যৌথ নিরাপত্তাও সুসংহত হবে।’

 

ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বারবার জোর দিয়ে বলে আসছে যে ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি ওয়াশিংটনকে শ্রদ্ধা জানাতে হবে এবং গ্রিনল্যান্ড যে বিক্রির জন্য নয়, তা মেনে নিতে হবে।

 

ট্রাম্পের ভাবনা

শুক্রবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই চুক্তির ফলে গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষা ও সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছু করার পূর্ণ সক্ষমতা যুক্তরাষ্ট্রের চিরতরে থাকবে।

 

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মিকেল ভেদবি রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে উচ্চাকাঙ্ক্ষা, সম্ভবত এটিই তার শেষ নয়। নিশ্চিতভাবেই এই ভূখণ্ড ও এখানকার সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের অবসান ঘটছে না।

 

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন শনিবার প্রস্তাবিত সমঝোতায় সন্তোষ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই চুক্তি আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেয়।

 

বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এ চুক্তির মধ্য দিয়ে দ্বীপটিকে ঘিরে ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ ‘স্থায়ী ও পুরোপুরিভাবে’ দূর হয়েছে।

 

ন্যাটো জোটে টানাপোড়েন

গত জানুয়ারি মাসে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন ট্রাম্প। এতে ন্যাটো জোটের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় এবং চাপ প্রশমনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড আলোচনায় বসতে বাধ্য হয়। গতকাল ন্যাটোর একজন মুখপাত্র বলেন, জোট এই চুক্তিকে স্বাগত জানাচ্ছে। এটি এই গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।

 

কোপেনহেগেনের বাসিন্দা ৮০ বছর বয়সী পেনশনভোগী কাজ জুরগেনসেন বলেন, ‘আমি এটা পছন্দ করছি না। ডেনমার্কের কোথাও মার্কিন উপস্থিতি আমি চাই না। আমি সত্যিই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করি না।’ 

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক