
বিশ্ব প্রাণী দিবস
[সূত্র : ইত্তেফাক, ৪ অক্টোবর ২০২৬]
আজ বিশ্ব প্রাণী দিবস। বিশ্বের প্রতিটি প্রান্তে প্রাণীদের অধিকার নিশ্চিত করতে ৪ অক্টোবর দিবসটি পালিত হয়ে থাকে। জার্মান লেখক ও প্রকাশক হাইনরিশ জিমারম্যান 'মেন্স উন্ড হুন্দ' (মানুষ ও কুকুর) নামের একটি ম্যাগাজিনে প্রথম এ সংক্রান্ত প্রস্তাবনা প্রকাশ করেছিলেন। তিনিই প্রথম ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্ট প্যালেসে এ দিবস উদযাপন করেন। পরে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশবিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
সেই থেকে প্রাণীদের কল্যাণার্থে ও তাদের অধিকার রক্ষার্থে প্রতি বছর বিশ্বব্যাপী ৪ অক্টোবর পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। সারা বিশ্বে দিবসটি পালন করে যুক্তরাজ্যভিত্তিক 'নেচারওয়াচ ফাউন্ডেশন'। এছাড়াও দেশে দেশে প্রাণী কল্যাণমূলক সংস্থা দিবসটি পালন করে থাকে।
বিশ্ব প্রাণী দিবসের আনুষ্ঠানিক ওয়েবসাইটের মতে, এ দিবসের মূল লক্ষ্য হচ্ছে— পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণের মাধ্যমে তাদের অবস্থার উন্নতি করা। বিশ্ব প্রাণী দিবস উদযাপনের মাধ্যমে প্রাণী কল্যাণ আন্দোলনকে একত্র করা, একে আন্তর্জাতিকভাবে জোরদার করে পৃথিবীকে প্রতিটি জীবের জন্য উন্নততর বাসস্থান হিসেবে গড়ে তোলা। জাতি, ধর্ম, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দিবসটিকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালন করা হয়।



