
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ
নিজস্ব প্রতিবেদক [প্রকাশ : খবরের কাগজ, ২৮ জুলাই ২০২৬]
বিশ্বের যে ১০টি দেশে হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত ৭০ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। আবার যে ১০টি দেশে হেপাটাইটিস-সি আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সে তালিকাতেও আছে বাংলাদেশের নাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বলছে, বাংলাদেশে হেপাটাইটিস-বি ও হেপাটাইটিস-সি নিরাময়ের কার্যকর চিকিৎসা থাকা সত্ত্বেও হেপাটাইটিসে আক্রান্তের হার থেকে বোঝা যায়, আক্রান্তদের অধিকাংশ চিকিৎসার সুযোগ পাচ্ছে না। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। এ দিবসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসার সুযোগ সম্প্রসারণে জরুরি পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে সংক্রামক ব্যাধিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিসের কারণে লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি বছর ১৩ লাখ মানুষ মারা যান। সারা বিশ্বে প্রতিদিন ৬ হাজার মানুষ হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছেন; মারা যাচ্ছেন সাড়ে ৩ হাজার মানুষ। ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে আনুমানিক ৪ কোটি ৩০ লাখ মানুষ ভাইরাল হেপাটাইটিস বয়ে বেড়াচ্ছেন।
বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সক্রিয় হেপাটাইটিস-সি সংক্রমণের হার আনুমানিক শূন্য দশমিক ৬ শতাংশ। রোহিঙ্গা শরণার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে এই সংক্রমণের হার বেশি। বাংলাদেশে হেপাটাইটিস সংক্রমণের জন্য কয়েকটি কারণ উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জনসচেতনতার অভাব, দেরিতে রোগ নির্ণয়, সাশ্রয়ী মূল্যে পরীক্ষা ও চিকিৎসার সীমিত সুযোগ, সামাজিক কলঙ্ক ও বৈষম্য এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য হেপাটাইটিস সেবার সংকট।



