বিদেশি বিনিয়োগে ভাটা পুনর্বিনিয়োগই ভরসা

বিদেশি বিনিয়োগে ভাটা পুনর্বিনিয়োগই ভরসা
সংবাদআন্তর্জাতিক

বিদেশি বিনিয়োগে ভাটা পুনর্বিনিয়োগই ভরসা

২৬ অক্টোবর, ২০২৬

জিয়াদুল ইসলাম [সূত্র : আমাদের সময়, ২৬ অক্টোবর ২০২৬]

বিগত সরকারের সময়ে ব্যাপক লুটপাট, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে অব্যবস্থাপনা, নীতিগত অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংস্কারে প্রত্যাশিত অগ্রগতির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফলে ভঙ্গুর অর্থনীতি, বিনিয়োগে স্থবিরতা এবং ব্যবসায়িক আস্থার সংকটের চ্যালেঞ্জ নিয়েই যাত্রা শুরু করতে হয় বর্তমান সরকারকে। এই পরিস্থিতি থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে সরকার। তবে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকারের যাত্রা শুরুর পরও বিদেশি বিনিয়োগে প্রত্যাশিত গতি ফেরেনি। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় নিট বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে প্রায় ১৩ শতাংশ।

 

একই সময়ে নতুন বিনিয়োগ বা ইকুইটি মূলধনের প্রবাহ কমেছে প্রায় ৩৪ শতাংশ। এর মধ্যে এপ্রিল-জুন প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় নিট এফডিআই কমেছে প্রায় সাড়ে ২২ শতাংশ। একই সময়ে নতুন বিনিয়োগের প্রবাহ কমেছে প্রায় ১ শতাংশ। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় নিট এফডিআই ১৩ শতাংশের মতো বাড়লেও নতুন বিনিয়োগপ্রবাহ কমেছে প্রায় ৫ শতাংশ। অন্যদিকে গত এপ্রিল-জুন প্রান্তিকে পুনর্বিনিয়োগ বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। আর গত অর্থবছরে বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। এমনকি অর্থবছরের শেষ প্রান্তিকেও নতুন বিনিয়োগের প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। এতে স্পষ্ট হচ্ছে, বিদ্যমান বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণে আগ্রহ দেখালেও নতুন বিদেশি পুঁজি আকর্ষণে এখনও বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে। নিরাপত্তা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করতে না পারলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা কঠিন হবে। ফলে অর্থনীতিকে পুনরুদ্ধার ও বিনিয়োগের গতি বাড়ানোর প্রচেষ্টার মধ্যে নতুন বিদেশি বিনিয়োগের ঘাটতি পূরণে আপাতত পুরনো বিনিয়োগকারীদের মুনাফা পুনর্বিনিয়োগই বড় ভরসা হয়ে উঠেছে।

 

 

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ না বাড়ার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি কারখানার নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তার অভাব বড় বাধা হিসেবে কাজ করছে। তুলনামূলক কম শ্রম ব্যয়, বড় ভোক্তাবাজার ও বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও এসব ইতিবাচক দিক কাজে লাগানো যাচ্ছে না। বিদেশি বিনিয়োগকারীরা শুধু মুনাফার সম্ভাবনা দেখেন না, বরং কারখানার নিরাপত্তা, শ্রমিক অসন্তোষের ঝুঁকি, উৎপাদন সচল রাখার সক্ষমতা এবং নীতির ধারাবাহিকতাও বিবেচনায় নেন। পাশাপাশি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সহজ অনুমোদন প্রক্রিয়া ও বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্বিঘ্নে স্থানান্তরের নিশ্চয়তাও গুরুত্বপূর্ণ। তাদের মতে, শুধু বিনিয়োগ সম্মেলন, প্রচার-প্রচারণা কিংবা কর-সুবিধার ঘোষণা দিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণ করা যাবে না; এসব মৌলিক সমস্যার বাস্তবসম্মত সমাধান জরুরি। নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে আগে থেকে বিনিয়োগ করা প্রতিষ্ঠানের পুনর্বিনিয়োগের পাশাপাশি নতুন বিদেশি মূলধন আসার সম্ভাবনাও বাড়বে।

 

 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব আমাদের সময়কে বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য তুলনামূলক কম শ্রম ব্যয়, কর-সুবিধা এবং বড় ভোক্তাবাজারের মতো ইতিবাচক দিক রয়েছে। তবে নতুন বিনিয়োগ আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা নিরাপত্তার নিশ্চয়তা ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব। বিদেশি বিনিয়োগকারীরা কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করার আগে সেটির নিরাপত্তা, শ্রমিক অসন্তোষের ঝুঁকি এবং যে কোনো পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম সচল রাখার বিষয়গুলোকে গুরুত্ব দেন। বাংলাদেশে কারখানার নিরাপত্তা ও উৎপাদন পরিবেশ নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি দূর হয়নি। একইভাবে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। তার মতে, শ্রম ব্যয় ও কর-সুবিধার মতো ইতিবাচক দিক থাকলেও নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের নিশ্চয়তা না থাকলে নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ কঠিন। এ কারণে দেশে আগে থেকে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর মুনাফা পুনর্বিনিয়োগ হলেও নতুন বিদেশি মূলধন প্রত্যাশিত হারে আসছে না। বাংলাদেশে নতুন বিনিয়োগ বাড়াতে হলে প্রথমেই কারখানার নিরাপত্তা, উৎপাদনের স্থিতিশীল পরিবেশ এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

 

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে নিট বিদেশি বিনিয়োগ এসেছিল ১৬৯ কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৪৭ কোটি ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ১৩ শতাংশ। সাধারণত তিন পদ্ধতিতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এগুলো হলো— নতুন পুঁজি, তথা মূলধনী বিনিয়োগ, বিদ্যমান ব্যবসা থেকে অর্জিত আয়ের পুনর্বিনিয়োগ এবং আন্তঃপ্রতিষ্ঠান ঋণ (ইন্ট্রা-কোম্পানি লোন)। গত অর্থবছরে ২০২৫-২৬ অর্থবছরে নতুন ইকুইটি বিনিয়োগ এসেছে ৩৬ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৫৫ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে নতুন ইকুইটি বিনিয়োগ কমেছে প্রায় ৩৪ শতাংশ। নতুন বিদেশি বিনিয়োগের পাশাপাশি আন্তঃপ্রতিষ্ঠান ঋণের প্রবাহেও বড় পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে নিট বিদেশি বিনিয়োগের অংশ হিসেবে আন্তঃপ্রতিষ্ঠান ঋণ এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তঃপ্রতিষ্ঠান ঋণ কমেছে প্রায় ৭৭ দশমিক ৮ শতাংশ বা ২৯ কোটি ১ লাখ ডলার। তবে গত অর্থবছরে পুনর্বিনিয়োগে বেশ গতি দেখা গেছে। এ সময়ে পুনর্বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১০২ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৩৫ দশমিক ৩৪ শতাংশ বেশি।

 

 

পলিসি থিঙ্ক অ্যান্ড রিসার্চের চেয়ারম্যান ও অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক আমাদের সময়কে বলেন, দেশে বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় দুর্বলতা হলো নতুন মূলধন আসছে না। বিদ্যমান বিদেশি প্রতিষ্ঠানগুলোর মুনাফা পুনর্বিনিয়োগ বাড়লেও তা নতুন বিনিয়োগের বিকল্প নয়। নির্বাচনের পর বিনিয়োগ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু বৈশ্বিক সংকটের পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে না পারা, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সংকটের কারণে বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, দেশের ক্রেডিট রেটিংয়ে উন্নতি এলেও নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে। তার মতে, বিনিয়োগ আকর্ষণে দীর্ঘমেয়াদি ও সমন্বিত বাণিজ্যনীতি এবং বিনিয়োগবান্ধব কর-ব্যবস্থা প্রয়োজন। সেই সঙ্গে আর্থিক খাত তথা অর্থনীতিতে কাঠামোগত সংস্কার দ্রুত এগিয়ে নিতে হবে। এসব সংস্কারের সুফল পেতে সময় লাগবে। তবে সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা গেলে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিবেশ উন্নত হবে এবং নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হবে।

 

 

তিন মাসের চিত্রেও গতি ফেরেনি : ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশে নিট বিদেশি বিনিয়োগ এসেছে ৩৪ কোটি ৬৯ লাখ ডলার। এর আগের জানুয়ারি-মার্চ প্রান্তিকে এর পরিমাণ ছিল ৪৪ কোটি ৭৩ লাখ ডলার; অর্থাৎ তিন মাসের ব্যবধানে নিট বিদেশি বিনিয়োগ কমেছে ২২ দশমিক ৪৪ শতাংশ। তবে গত বছরের একই প্রান্তিকের তুলনায় বিনিয়োগ বেড়েছে। ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ ছিল ৩০ কোটি ৭৬ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে তা বেড়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ।

 

এ প্রবৃদ্ধির প্রধান কারণ পুনর্বিনিয়োগ। এপ্রিল-জুন প্রান্তিকে বিদেশি প্রতিষ্ঠানগুলোর মুনাফা পুনর্বিনিয়োগ থেকে নিটপ্রবাহ এসেছে ২৬ কোটি ০৯ লাখ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৬ কোটি ৮২ লাখ ডলার; অর্থাৎ এক বছরের ব্যবধানে পুনর্বিনিয়োগ বেড়েছে ৫৫ দশমিক ০৮ শতাংশ। অন্যদিকে, এ সময়ে নতুন ইকুইটি মূলধন বিনিয়োগে উল্টো চিত্র দেখা গেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতে নিট বিনিয়োগ এসেছে ৭ কোটি ৭৪ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল প্রায় ৮ কোটি ১৩ লাখ ডলার। ফলে নতুন বিনিয়োগ কমেছে ৪ দশমিক ৭৭ শতাংশ। আন্তঃকোম্পানি ঋণ থেকেও নিট বিনিয়োগের প্রবাহ কমেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতে নিটপ্রবাহ ছিল ৮৬ লাখ ১০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৫ দশমিক ১৭ শতাংশ কম। অর্থাৎ নতুন ইকুইটি বিনিয়োগ ও আন্তঃকোম্পানি ঋণের প্রবাহ কমলেও পুনর্বিনিয়োগ বেড়ে যাওয়ায় সামগ্রিক নিট এফডিআইয়ে প্রবৃদ্ধি হয়েছে।

 

 

বিনিয়োগ আকর্ষণে রয়েছে নানা চ্যালেঞ্জ : অর্থনৈতিক বিশ্লেষক ও গবেষক এম হেলাল আহমেদ খান আমাদের সময়কে বলেন, দেশে বিদেশি বিনিয়োগ কমার পেছনে শুধু রাজনৈতিক অনিশ্চয়তা নয়, দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাও দায়ী। বিদেশি বিনিয়োগকারীরা এমন পরিবেশ চান, যেখানে নীতির ধারাবাহিকতা থাকবে, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে, দ্রুত অনুমোদন পাওয়া যাবে এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা থাকবে। একই সঙ্গে বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা বৈধভাবে দেশে আনা বা বিদেশে নেওয়ার সুযোগও গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে এখনও এসব ক্ষেত্রে পুরোপুরি আস্থা তৈরি হয়নি। তিনি বলেন, বিনিয়োগকারীদের সেবা সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এর সুফল এখনও দৃশ্যমান নয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিশ্চয়তা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে। বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে শিল্পকারখানার সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধির সম্পর্ক রয়েছে। কিন্তু দেশে শিল্পায়ন ও কর্মসংস্থানে প্রত্যাশিত অগ্রগতি দৃশ্যমান না হওয়াও উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, শুধু বিনিয়োগ সম্মেলন আয়োজন, প্রচার-প্রচারণা কিংবা বিনিয়োগের লক্ষ্যমাত্রা ঘোষণা করে বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। এ জন্য বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর ওয়ান স্টপ সার্ভিস, ব্যাংকিং খাতে সুশাসন, নীতির স্থিতিশীলতা এবং ঘোষিত বিনিয়োগ পরিকল্পনার বাস্তবায়ন জরুরি। রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক খাতের অস্থিরতা দূর না হলে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে না, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথে বাধা হয়ে থাকবে।

 

 

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সদস্য নাহিয়ান রহমান রাচি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ কারণে নতুন ইকুইটি বিনিয়োগ আকর্ষণ করা এখনও চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশে আগে থেকে বিনিয়োগ করা বিদেশি প্রতিষ্ঠানগুলোর পুনর্বিনিয়োগ বাড়ছে, যা দেশের ব্যবসার দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি তাদের আস্থার গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তিনি বলেন, পুনর্বিনিয়োগ বাড়লে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশে আরও বেশি ও মানসম্মত বিদেশি বিনিয়োগ আনতে বিনিয়োগ পরিবেশের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ চলছে। সম্প্রতি কয়েকটি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নতুন বিনিয়োগের ঘোষণাও আশাব্যঞ্জক। পাশাপাশি বিনিয়োগ পাইপলাইনে থাকা প্রকল্পগুলোকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক