
১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বাংলাদেশ কতটুকু প্রস্তুত? ড. বিভূতি ভূষণ মিত্র [সূত্র : বাংলা স্ট্রিম, ১৩ অক্টোবর ২০২৬]
হাজার বছর ধরেই বাংলাদেশের মানুষের নিত্যসঙ্গী প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, বন্যা, খরা ও মহামারি। এর সঙ্গে এখন যোগ হয়েছে লবণাক্ততা, বজ্রপাত এবং ভূমিকম্প। মানুষের এই জীবনসংগ্রামের প্রভাব গভীরভাবে পড়েছে আমাদের সাহিত্যেও। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, আবুবকর সিদ্দিকের ‘জলরাক্ষস’ ও ‘খরাদাহ’ কিংবা সৈয়দ ওয়ালীউল্লাহর ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসের কথা আমরা অনেকেই জানি। পদ্মার ভাঙন, জেলেদের জীবন, খরা, দুর্ভিক্ষ আর প্রকৃতির সঙ্গে লড়াই করা—এসব যেন এ দেশের মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশসহ বিশ্বজুড়ে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবস পালনের উদ্দেশ্য হলো প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশে দিবসটি পালিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে। এ নিয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। ভূমিকম্প, আগুন ও ঘূর্ণিঝড়ের মতো বিপদের সময় সাধারণ মানুষের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ বছর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য হলো সহনশীলতার শুরু হোক ঘর থেকে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে মানুষের বাসস্থান ও ঘরবাড়িকে কীভাবে নিরাপদ ও টেকসই রাখতে পারে তার ওপর জোর দেয়া হয়েছে। মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে। টেকসই গৃহায়ন ও মানুষ যেন স্বল্প টাকায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ করতে পারে এ ব্যাপারে জন সচেতনতা বাড়ানোর কথা বলা হয়েছে।
বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের নদ-নদীগুলোতে পানি বেড়ে যায়। এর ফলে সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে হঠাৎ করেই বন্যা দেখা দেয়।
সাধারণত নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে গিয়ে চারপাশের সমতল ভূমি ভাসিয়ে দিলে তাকে বন্যা বলে। তবে বাংলাদেশের বন্যার ধরন একটু আলাদা। এখানে বর্ষায় অতিরিক্ত বৃষ্টির কারণে নদী-নালা, খাল-বিল ও হাওর পানিতে ভরে যায় এবং বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে যায়। বাংলাদেশে মূলত তিন ধরনের বন্যা দেখা যায়: মৌসুমি বন্যা, আকস্মিক বন্যা ও জোয়ারের পানিতে সৃষ্ট বন্যা। মৌসুমি বন্যা বছরের একটি নির্দিষ্ট সময়ে হয় এবং ফসল ও মানুষের সম্পদের ব্যাপক ক্ষতি করে। পাহাড়ি ঢল বা টানা বৃষ্টির কারণে হঠাৎ যে বন্যা হয়, তা হলো আকস্মিক বন্যা। আর জোয়ারের পানি বেড়ে গিয়ে যে বন্যা হয়, তাকে জোয়ারজনিত বন্যা বলে। পরিসংখ্যানে দেখা যায়, প্রতিবছর বাংলাদেশের প্রায় ২৬ হাজার বর্গকিলোমিটার বা ১৮ শতাংশ এলাকা বন্যার পানিতে ডোবে। তবে বড় ধরনের বন্যা হলে দেশের প্রায় ৫৫ শতাংশ এলাকাই প্লাবিত হয়। ইতিহাসে দেখা যায়, এ অঞ্চলে প্রতি শতাব্দীতে অর্ধডজন বড় ও ভয়াবহ বন্যা হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে বন্যার অনেক পুরোনো রেকর্ড রয়েছে। এমনকি রামায়ণ-মহাভারতেও এই অঞ্চলের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ আছে। স্বাধীনতার পর ১৯৭৪ সালে ময়মনসিংহে প্রথম বড় বন্যা দেখা দেয়। এরপর ১৯৮৭ সালেও ব্যাপক ক্ষতি হয়, তবে সবচেয়ে ভয়াবহ বন্যাটি আসে ১৯৮৮ সালে। স্বাধীনতার আগে এই অঞ্চলে ১৭৮১, ১৭৮৬, ১৭৯৪, ১৮২২, ১৮২৫, ১৮৩৮, ১৮৫৩, ১৮৬৪, ১৮৬৫, ১৮৬৭, ১৮৭১, ১৮৭৬, ১৮৭৯, ১৮৮৫, ১৮৯০, ১৯০০, ১৯০২, ১৯০৪, ১৯১৫, ১৯৫৫, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৮ ও ১৯৬৯ সালেও বড় ধরনের বন্যা হয়েছে। সম্প্রতি ‘গ্রান্থাম রিসার্চ ইনস্টিটিউট’ এবং ‘সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিকস’-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিবছর বন্যায় বাংলাদেশের ৫৫ থেকে ৬০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। এর ফলে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের আর্থিক ক্ষতি হয়। গবেষণাটিতে আরও বলা হয়েছে, দেশের অর্ধেকেরও বেশি মানুষ বন্যার চরম ঝুঁকিতে রয়েছে। এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
এছাড়া বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ে প্রতি বছর বাংলাদেশের উপকূলীয় এলাকা আক্রান্ত হয়। এতে ভোলা, বরগুণা, পটুয়াখালী, কক্সবাজার প্রভৃতি এলাকায় তীব্র বাতাস ও জলোচ্ছ্বাসের কারণে জনপদ প্লাবিত হয়। পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার তীরে ভাঙনের ঘটনা তো আছেই। প্রতি বছরই নদী ভাঙনের কারণে হাজার হাজার মানুষ গৃহহারা হয়। বসত ভিটা ও আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। কালবৈশাখী ও টর্নেডোর মতো দুর্যোগও নিয়মিত ঘটে।
বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে পড়ে। এটি জোন ১ ও ২ এ অন্তর্ভুক্ত। ভৌগোলিক প্লেটের বিচ্যুতির কারণে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে। অন্যদিকে, বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হলে উত্তরবঙ্গ ও বরেন্দ্র অঞ্চলে তীব্র খরা দেখা দেয়। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত একটি ভয়ংকর রূপ নিয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় লবণাক্ততা বেড়ে যাওয়ার বিষয়টিও আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে।
এই অবস্থায় বাংলাদেশ সরকারের একটি বড় কাজ হয়ে দাঁড়িয়েছে পূর্বাাভাস ব্যবস্থার উন্নতি করা। আশ্রয় কেন্দ্র নির্মাণ ও স্থানীয় পর্যায়ে এ নিয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। বিশেষ করে ভূমিকম্প প্রবণ এলাকায় ঘরবাড়ি নির্মাণ কীভাবে করা দরকার তা নিয়ে সচেতনতা প্রয়োজন। দুর্যোগ প্রবণ এলাকায় ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে যেমন প্রস্তুতি দরকার, তেমনি প্রয়োজন টেকসই বাসস্থান।
- ড. বিভূতি ভূষণ মিত্র: পরিবেশ বিষয়ক লেখক।



