
উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি কতটা
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী [সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ সেপ্টেম্বর ২০২৬]
বাংলাদেশ চলতি বছরের ২৪ নভেম্বর উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার কথা থাকলেও সরকারের অনুরোধে এই সময়সীমা তিন বছর বৃদ্ধি করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৯ সালের ২৪ নভেম্বর উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হবে। এর আগে ২০২১ সালের ২৪ নভেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীতকরণের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে কভিড-১৯ মহামারির কারণে পাঁচ বছরের জন্য প্রস্তুতিমূলক সময় দেয়। এর আগে জাতিসংঘের অধীন ‘কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’ (সিডিপি) তাদের এক সভায় বাংলাদেশকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার জন্য অনুমোদন দেয়।
জাতিসংঘের তিনটি শর্তের মধ্যে যেকোনো দুটি শর্ত পূরণ করতে পারলেই একটি স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উন্নীতকরণের অনুমোদন দেওয়া হয়। শর্ত তিনটি হচ্ছে, (ক) জনগণের মাথাপিছু গড় জাতীয় আয় ১ হাজার ২৩০ মার্কিন ডলার হতে হয়। ২০২১ সালে বাংলাদেশে জনগণের মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ২৭৪ মার্কিন ডলার, (খ) মানব সূচকে ১০০ পয়েন্টের মধ্যে অন্তত ৬৬ পয়েন্ট অর্জন করতে হয়। বাংলাদেশ মানব সূচকে ৭৩ দশমিক ২ পয়েন্ট অর্জন করেছিল, (গ) প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ভঙ্গুরতার ক্ষেত্রে ৩২ পয়েন্টের কম থাকতে হয়। বাংলাদেশের অর্জিত সূচক ছিল ২৫।
কোনো দেশই চিরকাল স্বল্পোন্নত বা দরিদ্র দেশ থাকতে চায় না। উন্নয়নশীল এবং পরবর্তীতে চূড়ান্তভাবে উন্নত দেশের তালিকায় উন্নীত হওয়ার বাসনা পোষণ করে। ১৯৯১ সালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হওয়ার পর থেকেই বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে ধাবিত হয়েছে। যদিও মাঝে মাঝে কোনো কোনো সময় উন্নয়ন কার্যক্রমের প্রকৃতি নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আর্থসামাজিক ক্ষেত্রে যে উন্নয়ন অর্জন করেছে, তা কতটা টেকসই এবং ন্যায্যতাভিত্তিক তা নিয়ে বিতর্ক রয়েছে। এমনকি যেসব তথ্যউপাত্তের ভিত্তিতে উন্নয়নের মাত্রা ও গতি নির্ণীত হয়েছে, তার গ্রহণযোগ্যতা এবং বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে।
বিশেষ করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পর সেই অর্জন টিকিয়ে রাখতে কতটা সক্ষম, তা নিয়ে সংশয় রয়েছে। উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হতে পারাটাই শেষ কথা নয়, এরপর যেসব চ্যালেঞ্জ সামনে আসবে তা মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত তা নিয়ে ভাবতে হবে। বিগত ৫০ বছরে বিশে^র ৮টি স্বল্পোন্নত দেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া অন্যরা খুব একটা ভালো করতে পারছে না। এম সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে ২০০৩ থেকে ২০০৬ সালে জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল।
কারণ সে সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার জন্য আবশ্যিক তিনটি শর্তের মধ্যে দুটি শর্ত পূরণের কাছাকাছি চলে গিয়েছিল। শুধু মাথাপিছু গড় আয়ের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল। বাণিজ্যিক সুবিধা হারানোর ভয়ে বাংলাদেশ তখন উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার আবেদন করেনি। তৎকালীন সরকার চেয়েছিল, বাংলাদেশ অর্থনৈতিকভাবে টেকসই উন্নয়ন অর্জন নিশ্চিত করার পরই উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হোক।
স্বাধীনতার পর বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে যেসব অর্জন করেছে, তার মধ্যে উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়া বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। গণতান্ত্রিক শাসনধারা যদি মাঝে মাঝে প্রতিবন্ধকতার মুখোমুখি না হতো, তাহলে বাংলাদেশ আরও অনেক আগেই উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হতে পারত। উল্লেখ্য, উন্নয়ন বলতে শুধু গতানুগতিক অর্থনৈতিক উন্নয়ন বুঝায় না। শিক্ষা, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য-প্রতিটি ক্ষেত্রে টেকসই এবং সুষম উন্নয়ন অর্জিত না হলে তাকে প্রকৃত উন্নয়ন বলা যায় না। উন্নয়নের সুফল সবার মধ্যে ন্যায্যতার ভিত্তিতে বণ্টনের ব্যবস্থা না করা গেলে তাকে কোনোভাবেই সুষম ও মানবকল্যাণমূলক উন্নয়ন বলা যায় না। উন্নয়নের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক অত্যন্ত নিবিড়।
দেশে কার্যকর গণতন্ত্র না থাকলে উন্নয়ন কাজের জবাবদিহি ক্ষুণ্ন এবং রাষ্ট্রীয় অর্থ লোপাটের সুযোগ সৃষ্টি হয়। অতীতে একসময় বলার চেষ্টা করা হয়েছিল যে, উন্নয়ন আগে, নাকি গণতন্ত্র আগে? উন্নয়নের নামে যদি গণতন্ত্র বিসর্জন দেওয়া হয়, তাহলে দৃশ্যমান উন্নয়নের গতি ত্বরান্বিত হলেও দুর্নীতি প্রাধান্য পায়। নিকট অতীতের অভিজ্ঞতায় আমরা প্রত্যক্ষ করেছি ‘অতি উন্নয়নের নামে কীভাবে অতি দুর্নীতি’কে প্রশ্রয় দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে সৃষ্ট ব্যাপক দুর্নীতির কুফল এখন আমরা ভোগ করছি।
তারপরও উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হওয়ার এই অগ্রযাত্রা আমাদের আনন্দিত করে। একই সঙ্গে উদ্বেগ বহুগুণে বাড়িয়ে দেয়। উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হওয়ার পর আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ উপস্থিত হবে, তা মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত? মনে রাখতে হবে, সম্মান অর্জনের চেয়ে অর্জিত সম্মান ধরে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে পণ্য ও সেবা রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা বেশ কঠিন হবে।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকশিল্পকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হবে। বর্তমানে পণ্য রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম ক্রেতা বা আমদানিকারক হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকের ৪৯ দশমিক ৫০ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে। আর যুক্তরাষ্ট্রে যায় রপ্তানিকৃত মোট তৈরি পোশাকের ১৯ দশমিক ২০ শতাংশ। উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেওয়া শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সংবলিত ‘জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স’ (জিএসপি) হারাবে। ইউরোপীয় ইউনিয়ন ১৯৭৭ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশকে জিএসপি সুবিধা দিয়ে আসছে।
এ সুবিধার আওতায় বাংলাদেশ বর্তমানে অস্ত্র ও গোলাবারুদ ছাড়া অন্য সব রকম পণ্য শুল্ক এবং কোটামুক্তভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানির সুযোগ পাচ্ছে। যুুক্তরাষ্ট্র ১৯৮৫ সালে বাংলাদেশকে কোটা সুবিধা প্রদান করে। কোটা সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে আমদানি করত। পরবর্তীতে ২০০৫ সালে বিশ্ববাণিজ্য সংস্থার উদ্যোগে বিশ্বব্যাপী মুক্তবাণিজ্য চালু হলে যুক্তরাষ্ট্রের দেওয়া কোটা সুবিধা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সহায়তা করার লক্ষ্যে এ সময় বাংলাদেশকে সীমিত পরিসরে জিএসপি সুবিধা প্রদান করে যুক্তরাষ্ট্র। তবে তৈরি পোশাক এ সুবিধার বাইরে ছিল। কিন্তু ২০১৩ সালের জানুয়ারি মাসে বিভিন্ন অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত করে।
বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পর জিএসপি সুবিধা হারালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পণ্য ও সেবা রপ্তানি ক্ষেত্রে গড়ে ১২ শতাংশ হারে শুল্ক প্রদান করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পর উত্তরণকাল হিসেবে আরও তিন বছর বাংলাদেশকে তারা জিএসপি সুবিধা প্রদান করবে। ২০২৯ সালের ২৪ নভেম্বর চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আরও তিন বছর জিএসপি সুবিধা দেবে কি না তা এখনো নিশ্চিত নয়। তখন দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন জিএসপি+ সুবিধা প্রদান করবে। কিন্তু জিএসপি+ সুবিধা পাওয়ার জন্য যেসব শর্ত পরিপালন করতে হবে, বাংলাদেশের পক্ষে তা সম্ভব হবে বলে মনে হয় না। তখন বাংলাদেশকে পণ্য রপ্তানির ক্ষেত্রে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) মতে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর বাংলাদেশের রপ্তানি আয় ৮ থেকে ১৪ শতাংশ কমে যেতে পারে। যার পরিমাণ হতে পারে ৫ দশমিক ২০ থেকে ৫ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। ইউনাইটেড নেশনস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আঙ্কটাড)-এর মতে, বাংলাদেশের বাণিজ্য সুবিধা কমতে পারে ৩ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। বর্তমানে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নমনীয় রুল অব অরিজিন শর্ত পরিপালন করে থাকে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পর রুল অব অরিজিন শর্ত অধিকতর কঠিন হবে।
স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ অন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে থেকে তুলনামূলক স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছে থেকে যে ঋণ গ্রহণ করে তার সুদের হার দশমিক ৭৫ শতাংশ থেকে ২ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমা থাকে ৩০ থেকে ৪০ বছর। বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পর ঋণের সুদের হার হবে ৪ দশমিক ৫০ শতাংশ থেকে ৬ দশমিক ৫০ শতাংশ এবং ঋণ পরিশোধের সময়সীমা নির্ধারিত হবে তিন বছর থেকে পাঁচ বছর।
বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকার জন্য এখনই পরিকল্পিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে সীমিত সংখ্যক দেশ ও সামান্য কিছু পণ্যের ওপর অতিমাত্রায় নির্ভরতা। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এখন পুরোপুরি তৈরি পোশাক নির্ভর হয়ে পড়েছে। কোনো কারণে তৈরি পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে পুরো রপ্তানি বাণিজ্য বিপর্যয়ের মুখে পড়তে পারে। এ মুহূর্তে আমাদের জন্য জরুরি ভিত্তিতে করণীয় হচ্ছে, রপ্তানি পণ্য তালিকা বহুমুখীকরণ এবং নতুন নতুন রপ্তানি গন্তব্য খুঁজে বের করা। বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিগত দিনগুলোতে আমাদের ব্যর্থতা ছিল দৃষ্টিকটু পর্যায়ে। এ পশ্চাৎপদতা কাটানোর বিকল্প নেই। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও নতুন নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধান ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প নেই। একই সঙ্গে স্থানীয় কাঁচামালভিত্তিক অধিক মূল্য সংযোজনকারী পণ্য রপ্তানি তালিকায় স্থান দিতে হবে।
উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশের সামনে নানা জটিল চ্যালেঞ্জ উপস্থিত হবে। এসব চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলার ওপর নির্ভর করবে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে কতটা মর্যাদার সঙ্গে টিকে থাকতে পারব। এখন থেকেই আমাদের পরিকল্পিতভাবে উদ্যোগ নিয়ে সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
লেখক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রদূত। প্রফেসর ইমেরিটাস, ঢাবি



