পোশাক শ্রমিকের মজুরি যখন রাষ্ট্রের অঙ্গীকার ও বাণিজ্য কূটনীতির অংশ

পোশাক শ্রমিকের মজুরি যখন রাষ্ট্রের অঙ্গীকার ও বাণিজ্য কূটনীতির অংশ
কলামবাংলাদেশ

পোশাক শ্রমিকের মজুরি যখন রাষ্ট্রের অঙ্গীকার ও বাণিজ্য কূটনীতির অংশ

২৩ নভেম্বর, ২০২৬

ন্যায্য ও নিয়মিত সমন্বয়কৃত মজুরি শ্রমিককে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় বহনে সক্ষম করে এবং লিঙ্গভিত্তিক বৈষম্যসহ আয়বৈষম্য কমায়। দেশের প্রধান রফতানি শিল্পের মজুরি তাই কেবল টিকে থাকার মতো নয়, মানসম্মত জীবন ও সঞ্চয়ের উপযোগী হওয়া উচিত, যা অন্য খাতের জন্যও দৃষ্টান্ত হবে । আওরঙ্গজেব আকন্দ [সূত্র : বণিক বার্তা, ২২ নভেম্বর ২০২৬]

পোশাক শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু মজুরি নির্ধারণ কেবল মালিক-শ্রমিকের দরকষাকষি নয়। এর সঙ্গে সরাসরি যুক্ত শ্রমিকের শোভন জীবনমান ও মর্যাদা, শিল্পের উৎপাদনশীলতা, বিশ্ববাজারে প্রবেশাধিকার, কর্মক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতকরণ, এলডিসি উত্তরণ, এসডিজি অর্জন এবং রাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার দায়। শ্রমিক পরিবারের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার বাস্তব ভিত্তি যেহেতু মজুরি, তাই মজুরি সামাজিক ন্যায়বিচারের একটি কেন্দ্রীয় নির্দেশক, আর রাষ্ট্র তার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার কতটা বাস্তবায়ন করছে, তার সবচেয়ে দৃশ্যমান প্রমাণ।

 

 

মজুরি অনুগ্রহ নয়, রাষ্ট্রের দায়

 

মানবাধিকারের সর্বজনীন ঘোষণার অনুচ্ছেদ ২৩(৩) প্রত্যেক শ্রমিকের জন্য এমন ন্যায্য পারিশ্রমিকের কথা বলে, যা তার ও তার পরিবারের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করে। বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার চুক্তির (আইসিইএসসিআর) পক্ষরাষ্ট্র; এর অনুচ্ছেদ ৭ এই অধিকারকে রাষ্ট্রের দায় হিসেবে নির্ধারণ করেছে। আইএলও সংবিধানের প্রস্তাবনা পর্যাপ্ত জীবনধারণযোগ্য মজুরিকে সামাজিক ন্যায়বিচারের শর্ত বলেছে। আর ২০১৯ সালের আইএলও শতবর্ষ ঘোষণা পর্যাপ্ত ন্যূনতম মজুরিকে সব শ্রমিকের সুরক্ষার মৌলিক উপাদান হিসেবে চিহ্নিত করেছে। দেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫(খ) কাজের পরিমাণ ও গুণ বিবেচনায় যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি করেছে। অনুচ্ছেদ ২০(১) কাজকে প্রত্যেক কর্মক্ষম নাগরিকের অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয় ঘোষণা করে ‘প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী’ নীতিতে পারিশ্রমিক নিশ্চিত করার অঙ্গীকার করেছে, আর অনুচ্ছেদ ১৪ শ্রমিকসহ মেহনতি মানুষকে সব ধরনের শোষণ থেকে মুক্ত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছে। শ্রম সংস্কার কমিশনও তার প্রতিবেদনে (‘শ্রমজগতের রূপান্তর-রূপরেখা’, এপ্রিল ২০২৫) সুপারিশ করেছে, পরিবারের একক উপার্জনকারী বিবেচনায় এমন মজুরি নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিক তার পরিবারের প্রয়োজন মেটাতে পারেন; এ হিসাবে শ্রমিক পরিবারের খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয় (বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক ও বিনোদন) এবং ন্যূনতম মাসিক সঞ্চয় ধরতে হবে (পৃ. ১০)। জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড তাই একটি কথাই বলে: ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়; এটি শ্রমিকের অধিকার, আর তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়।

 

 

যদি কোনো কর্মসংস্থান মৌলিক চাহিদা মেটানোর মতো মজুরি না দেয়, তা যত সম্ভাবনাময় শিল্পই হোক, শ্রমিককে ‘কর্মজীবী দারিদ্র্যে’ আটকে রাখে এবং শোভন কাজের জাতীয় লক্ষ্যের অন্তরায় হয়। ন্যায্য ও নিয়মিত সমন্বয়কৃত মজুরি শ্রমিককে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় বহনে সক্ষম করে এবং লিঙ্গভিত্তিক বৈষম্যসহ আয়বৈষম্য কমায়

 

 

দাবি ও প্রাপ্তির স্থায়ী ব্যবধান

 

এপ্রিল ২০২৬-এ পাস হওয়া শ্রম আইনের সংশোধনীতে মজুরি পুনর্নির্ধারণের মেয়াদ পাঁচ থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরকার বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩৮ অনুযায়ী ১ নভেম্বর ২০২৬ পোশাক খাতের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর প্রথম সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর করা এবং জানুয়ারিতে ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পরিশোধের বিষয়ে একমত হয়েছেন; তবে মজুরির অঙ্ক এখনো চূড়ান্ত হয়নি। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে।

 

 

২০২৩ সালে ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বেড়ে ১২ হাজার ৫০০ টাকা হয় (৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি): মূল মজুরি ৬ হাজার ৭০০, বাড়ি ভাড়া (মূল মজুরির ৫০ শতাংশ) ৩ হাজার ৩৫০, চিকিৎসা ভাতা ৭৫০, যাতায়াত ভাতা ৪৫০ ও খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা। ২০২৩ সালে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির প্রস্তাব ছিল ২০ হাজার ৩৯৩ টাকা, আন্দোলনরত শ্রমিকদের দাবি ২৩ হাজার থেকে ২৫ হাজার, আর মালিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ১০ হাজার ৪০০ টাকা। শেষ পর্যন্ত মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত হয়, যা শ্রমিক আন্দোলনের দাবির প্রায় অর্ধেক। ২০২৪ সালের শ্রমিক আন্দোলনের পর ত্রিপক্ষীয় সমঝোতায় বার্ষিক ইনক্রিমেন্ট ৫ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়, যা ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়। কাগজে মজুরি বাড়লেও মূল্যস্ফীতিতে প্রকৃত ক্রয়ক্ষমতা ক্রমাগত কমেছে; মজুরি প্রায়ই প্রয়োজন ও মর্যাদার ভিত্তিতে নির্ধারিত না হওয়ায় শ্রমিক পরিবারের আয়-ব্যয়ের ঘাটতি স্থায়ী রূপ নিয়েছে। তিন বছর পর ৩২ হাজার টাকার দাবি তাই হঠাৎ নয়; এটি দীর্ঘদিন জীবনধারণযোগ্য মজুরি না পাওয়ার ও ধারাবাহিক দাবির প্রতিফলন। শিল্পের সক্ষমতা ও বিশ্ববাজারে প্রতিযোগিতা বনাম মূল্যস্ফীতি ও মানবিক মর্যাদা, এ টানাপড়েনে বোর্ড কোন মানদণ্ড বেছে নেয় তা দেখার বিষয়। তবে এবারের সিদ্ধান্ত রাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের প্রেক্ষাপটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

 

 

কমিশনের রূপরেখা: খাতভিত্তিক মজুরির মানদণ্ড

খাতভিত্তিক মজুরি কোন ভিত্তিতে ঠিক হবে, তার স্পষ্ট রূপরেখা শ্রম সংস্কার কমিশন দিয়েছে (প্রতিবেদনের অনুচ্ছেদ ২.২, পৃ. ৯–১০)। মজুরি পুনর্নির্ধারণের মেয়াদ তিন বছরে নামিয়ে আনা সংশোধিত আইন এ সুপারিশেরই প্রতিফলন। সুপারিশে সরকারি ও বেসরকারি খাতের মজুরির মধ্যে বৈষম্য কমানো, জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ও শিল্পোন্নয়নের সঙ্গে শ্রমিকের সার্বিক জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে। ন্যূনতম মজুরি নির্ধারণে একক উপার্জনক্ষম ব্যক্তি বিবেচনার পাশাপাশি মোট মজুরিতে থাকবে মূল মজুরি, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যোগাযোগ ভাতা; খাদ্য, পরিবহন ও শিক্ষা ভাতা এবং রেশন সুবিধা থাকবে মজুরি কাঠামোর বাইরে। অথচ ২০২৩ সালের ১২ হাজার ৫০০ টাকার মধ্যেই ১ হাজার ২৫০ টাকার খাদ্য ভাতা ধরা হয়েছিল। বার্ষিক মজুরি বৃদ্ধির হার গড় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক করতে হবে, যার জন্য জীবনধারণযোগ্য মজুরিবিষয়ক আইএলও বিশেষজ্ঞ সভার দলিল অনুসরণের কথা বলা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে কমিশন একটি স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন এবং এর অধীনে খাত ও পেশাভিত্তিক মজুরি নির্ধারণে এক বা একাধিক কমিটি গঠনের সুপারিশ করেছে। পোশাক খাতের এবারের মজুরি বোর্ড এ মানদণ্ড কতটা অনুসরণ করে, তাতেই বোঝা যাবে সংস্কারের সুপারিশ কতটা নীতিতে রূপ নিচ্ছে।

 

 

শোভন কাজ কর্মসূচি: মজুরি হবে লক্ষ্য অর্জনের মাপকাঠি

সরকার, মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সমঝোতায় গৃহীত আইএলওর শোভন কাজ কর্মসূচি (ডিডব্লিউসিপি) ২০২২ থেকে ২০২৬ বাংলাদেশের চতুর্থ পর্যায়ের কর্মসূচি, যার লক্ষ্য শোভন ও উৎপাদনশীল কর্মসংস্থান, শ্রম অধিকার, সামাজিক সুরক্ষা ও সামাজিক সংলাপের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আইএলওর গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২০-২১ অনুযায়ী ২০১০-১৯ সময়ে বাংলাদেশে সার্বিকভাবে শ্রম উৎপাদনশীলতা বছরে গড়ে ৫ দশমিক ৮ শতাংশ বাড়লেও দেশে সামগ্রিকভাবে প্রকৃত ন্যূনতম মজুরি বছরে গড়ে ৫ দশমিক ৯ শতাংশ কমেছে, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় পতন। একই সময়ে প্রতিদ্বন্দ্বী কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন ও ভারতে প্রকৃত মজুরি বেড়েছে। এ কারণেই কর্মসূচিতে তথ্য-প্রমাণভিত্তিক জাতীয় মজুরি নীতি, মজুরি পর্যবেক্ষণ ও মজুরি বোর্ডের সক্ষমতা বৃদ্ধি অগ্রাধিকার পেয়েছে, আর প্রাতিষ্ঠানিক খাতের বৃহত্তম কর্মসংস্থানকারী পোশাক শিল্প পেয়েছে বিশেষ গুরুত্ব।

 

 

শিল্পের উন্নয়নে শ্রমিকের ন্যায্য অংশীদারত্ব এবং মানসম্পন্ন জীবনধারণের মতো পর্যাপ্ত মজুরি শোভন কাজের কেন্দ্রীয় নির্দেশক। তাই কর্মসূচির অগ্রগতি মূল্যায়নে এবারের পোশাক খাতের মজুরি হবে অন্যতম মাপকাঠি। যদি কোনো কর্মসংস্থান মৌলিক চাহিদা মেটানোর মতো মজুরি না দেয়, তা যত সম্ভাবনাময় শিল্পই হোক, শ্রমিককে ‘কর্মজীবী দারিদ্র্যে’ আটকে রাখে এবং শোভন কাজের জাতীয় লক্ষ্যের অন্তরায় হয়। ন্যায্য ও নিয়মিত সমন্বয়কৃত মজুরি শ্রমিককে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় বহনে সক্ষম করে এবং লিঙ্গভিত্তিক বৈষম্যসহ আয়বৈষম্য কমায়। দেশের প্রধান রফতানি শিল্পের মজুরি তাই কেবল টিকে থাকার মতো নয়, মানসম্মত জীবন ও সঞ্চয়ের উপযোগী হওয়া উচিত, যা অন্য খাতের জন্যও দৃষ্টান্ত হবে।

 

 

আইএলও রোডম্যাপ: মজুরি বোর্ডের সিদ্ধান্তই একটি পরীক্ষা

আইএলও কনভেনশন ৮১ (শ্রম পরিদর্শন), ৮৭ (সংগঠনের স্বাধীনতা) ও ৯৮ (যৌথ দরকষাকষি) পালন না করার অভিযোগে ২০১৯ সালে আইএলও সংবিধানের অনুচ্ছেদ ২৬-এর অধীনে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। জবাবে সরকার ২০২১ সালে পাঁচ বছর মেয়াদি শ্রম খাত সংস্কারের রোডম্যাপ দেয়, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২৬ বাস্তবায়ন করছে। রোডম্যাপের একটি অন্যতম কার্যক্রম তথ্যপ্রমাণভিত্তিক মজুরি নির্ধারণ নীতি। আইএলও গভর্নিং বডি পরবর্তী সিদ্ধান্ত মার্চ ২০২৭-এর ৩৫৯তম অধিবেশন পর্যন্ত স্থগিত রেখেছে, যেখানে বাংলাদেশকে বাস্তব অগ্রগতির প্রমাণ দিতে হবে। সংশোধিত আইনের অধীনে গঠিত প্রথম পোশাক মজুরি বোর্ড তাই সংস্কারের প্রথম বাস্তব পরীক্ষা। বোর্ড কতটা স্বাধীনভাবে, আইএলও এবং শ্রম সংস্কার কমিশনের মানদণ্ড ও তথ্য-উপাত্তের ভিত্তিতে এবং অর্থবহ সামাজিক সংলাপে শ্রমিক প্রতিনিধিদের দাবি বিবেচনায় নিয়ে মর্যাদাপূর্ণ মজুরি ঠিক করে, তাতেই বোঝা যাবে সংস্কার কতটা কাগজে আর কতটা বাস্তবে রূপ নিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মজুরিকে সংগঠনের স্বাধীনতা ও সামাজিক সংলাপের কার্যকারিতার মাপকাঠি হিসেবেই দেখেন। অপর্যাপ্ত মজুরি অতীতের মতো শ্রম অসন্তোষ, দমনপীড়ন ও ইউনিয়নবিরোধী প্রতিক্রিয়ার জন্ম দিলে রোডম্যাপের মূল লক্ষ্যই প্রশ্নবিদ্ধ হবে।

 

 

সম্মানজনকভাবে অভিযোগ নিষ্পত্তির জন্য তাই তিনটি বিষয় জরুরি। প্রথমত, শ্রমিকের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার প্রকাশ্য বিশ্লেষণ, যা মার্চ ২০২৪-এ আইএলও গভর্নিং বডিতে গৃহীত জীবনধারণযোগ্য মজুরি (লিভিং ওয়েজ) বিষয়ক সমঝোতার সঙ্গে সংগতিপূর্ণ। বোর্ডের সিদ্ধান্ত কতটা প্রমাণভিত্তিক, তা-ই হবে রোডম্যাপে অঙ্গীকৃত মজুরি নীতির প্রতি রাষ্ট্রের সদিচ্ছার প্রায়োগিক নির্দেশক। দ্বিতীয়ত, মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক মামলা, ছাঁটাই ও কালো তালিকাভুক্তি পরিহার। তৃতীয়ত, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নতুন মজুরি বাস্তবায়নের তদারকি, যা কনভেনশন ৮১-এর মূল দাবির প্রতি কার্যকর সাড়া হিসেবে গণ্য হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী ডিজিটাল মাধ্যমে মজুরি পরিশোধ এবং প্রতি মাসে মজুরি পরিশোধের তথ্য অনলাইনে পরিদর্শন অধিদপ্তরে জমা বাধ্যতামূলক করা হলে (পৃ. ১০-১১) এ তদারকি আরো কার্যকর হবে।

 

 

এলডিসি উত্তরণ: সস্তা শ্রমের অচল যুক্তি

জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা ২০২৬ সালের নভেম্বর থেকে পিছিয়ে ২০২৯ সালের নভেম্বর নির্ধারণ করেছে। এতে সংস্কারের চাপ কমেনি; বরং বাড়তি তিন বছরে দৃশ্যমান সংস্কার দেখানোর সুযোগ ও দায় দুটোই বেড়েছে। ইইউ সময় বাড়ানো সমর্থন করলেও কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক বাংলাদেশের মোট রফতানির ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে, আর ২০২৫-২৬ অর্থবছরের ৩৮ দশমিক ৭০ বিলিয়ন ডলারের পোশাক রফতানির প্রায় অর্ধেক (৪৯ দশমিক ২৫ শতাংশ) গেছে ইইউতে। এলডিসি উত্তরণের ফলে শুল্ক সুবিধা হারানোর আশঙ্কায় এবং রফতানি বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে মজুরি কম রেখে উৎপাদন ব্যয় কমানোর যুক্তি সামনে আসতে পারে।

 

 

অন্তত তিনটি দিক থেকে বিচার করলেই এ যুক্তির দুর্বলতা স্পষ্ট হয়। প্রথমত, স্বল্প মজুরি, এমএফএ কোটা ও ইবিএ সুবিধা শিল্পের প্রাথমিক বিকাশে বড় ভূমিকা রাখলেও চার দশকে বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থানে পৌঁছানো ও তা ধরে রাখার পেছনে শ্রমিকের দক্ষতা, পণ্যের গুণগত মান, সময়মতো সরবরাহ, পরিবেশবান্ধব উৎপাদনে বিনিয়োগ এবং ক্রেতাদের দীর্ঘমেয়াদি আস্থাও সমান ভূমিকা রেখেছে। দ্বিতীয়ত, উত্তরণের পর ইইউর জিএসপি প্লাস সুবিধা পেতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা করে সেফগার্ড ছাড় আদায় ও ডাবল ট্রান্সফরমেশনের শর্ত পূরণ সাপেক্ষে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা সমধর্মী কোনো চুক্তি করতে হতে পারে। তবে জিএসপি প্লাসে আইএলওর মৌলিক কনভেনশনসহ আন্তর্জাতিক সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক, যা শ্রমিকের অধিকার ও মর্যাদাকর জীবনমান নিশ্চিত না করলে ঝুঁকিতে রয়েই যাবে। বিশেষ করে ইউরোপীয় ক্রেতারা সরবরাহ চেইনে শ্রম অধিকার সুরক্ষা ও যাচাইয়ের ক্রমবর্ধমান আইনি চাপে রয়েছেন; মজুরি ন্যায্য ও মর্যাদাকর পরিমাণে না রাখলে বাজার সুবিধা রক্ষার বদলে ঝুঁকিই বাড়বে। তৃতীয়ত, এলডিসি উত্তরণের তিন মানদণ্ড (মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি) বাংলাদেশ এরই মধ্যে পূরণ করেছে; এখন অপ্রতুল মজুরি ও বাড়তে থাকা আয়বৈষম্য, এলডিসি উত্তরণের লক্ষ্য, অর্থাৎ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গেই সাংঘর্ষিক হবে। সুতরাং উৎপাদনশীলতার সঙ্গে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি বৃদ্ধি, শ্রমিকের মানবাধিকার সুরক্ষা, প্রযুক্তি ও দক্ষতায় বিনিয়োগ, উচ্চমূল্যের পণ্যে বহুমুখীকরণ, ক্রেতাদের সঙ্গে দরকষাকষির এবং ইইউসহ বিভিন্ন সম্ভাবনাময়য় বাজারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মতো সক্রিয় বাণিজ্য কূটনীতি হতে পারে শিল্পের টেকসই পথ।

 

 

এসডিজি: এক মজুরিতে বহু লক্ষ্য

এসডিজি অর্জনেও মজুরি একাধিক লক্ষ্যের সংযোগবিন্দু। মজুরি বৃদ্ধি সরাসরি কর্মজীবী দারিদ্র্য কমায় এবং এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম ও ভবিষ্যৎ তহবিলের মতো সুবিধার মাধ্যমে সামাজিক সুরক্ষার পরিধি বাড়াবে। নারী শ্রমিকনির্ভর এ খাতে আয় বাড়লে লিঙ্গভিত্তিক মজুরি ব্যবধান কমাবে। একই সঙ্গে দক্ষতায় বিনিয়োগ নারীদের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপনা পদে ওঠার পথ প্রশস্ত করতে পারে। মজুরি ও দক্ষতায় বিনিয়োগ জাতীয় শ্রম উৎপাদনশীলতায় অবদান রাখবে, ক্লান্তি ও অতিরিক্ত ওভারটাইম কমিয়ে পেশাগত দুর্ঘটনা কমাতে পারে, আর ত্রিপক্ষীয় মজুরি বোর্ড ও হয়রানিমুক্ত ট্রেড ইউনিয়ন চর্চা শ্রম অধিকারের জাতীয় চর্চা উন্নত করবে। নিম্ন আয়ের পরিবারের আয় এবং জিডিপিতে শ্রমের অংশ বাড়িয়ে এটি আয়ের বণ্টন ন্যায্য করতে সহায়ক হবে। এছাড়া কারখানার টেকসই প্রতিবেদনে স্বচ্ছভাবে ন্যায্য মজুরি-তথ্যের ভিত্তি তৈরি করবে। সমমূল্যের কাজে সমান মজুরিসহ পূর্ণ ও শোভন কর্মসংস্থানের লক্ষ্য তাই দেশের সব শ্রম খাতের পাশাপাশি, পোশাক শিল্পের মতো বৃহত্তম আনুষ্ঠানিক উৎপাদন খাতে নিয়মিত ন্যায্য মজুরি সমন্বয় ছাড়া এসডিজির এ লক্ষ্যগুলো অর্জন করা কঠিন।

 

 

মানবাধিকার সুরক্ষায় ক্রেতাদের যথাযথ সতর্কতা: মজুরি এখন বাণিজ্যের শর্ত

অপর্যাপ্ত মজুরি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ঝুঁকি। জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকার নির্দেশক নীতিমালা (ইউএনজিপি, ২০১১) অনুযায়ী ব্র্যান্ডের দায় কর্মক্ষেত্রে মানবাধিকারের ক্ষতি চিহ্নিত করা, প্রতিরোধ করা ও প্রতিকার নিশ্চিত করা; নিজের ক্রয়নীতি মজুরি কমাতে চাপ দিলে ব্র্যান্ড সেই ক্ষতিতে ‘অবদান রাখা’ হিসেবে গণ্য হতে পারে। দায়িত্বশীল ব্যবসা বিষয়ক ওইসিডি নির্দেশিকা শ্রমিক ও তার পরিবারের মৌলিক চাহিদা মেটানোর মতো মজুরি প্রত্যাশা করে। ইইউর করপোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেকটিভস (সিএসডিডিডি) বৃহৎ ক্রেতাদের জন্য সরবরাহ চেইনে ঝুঁকি চিহ্নিতকরণ, প্রতিরোধ, অংশীজন সম্পৃক্ততা ও অভিযোগ ব্যবস্থাকে আইনি বাধ্যবাধকতা করেছে এবং এর পরিশিষ্টে জীবনধারণযোগ্য মজুরির অধিকার অন্তর্ভুক্ত। ফলে মানবাধিকার লঙ্ঘন হয় বা শোভনকাজের নিশ্চয়তা নেই, এমন উৎস থেকে কম দামে পণ্য কেনা ইউরোপীয় ক্রেতাদের জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে; প্রমাণিত লঙ্ঘনের ঘটনায় তাদের আর্থিক জরিমানা ও আইনি দায়ের মুখে পড়তে হতে পারে।

 

 

এ দায় একমুখী নয়। মজুরি বৃদ্ধি একদিকে ইউরোপীয় আইনি বাধ্যবাধকতার যুগে বাংলাদেশের বাজার ধরে রাখার কৌশল, অন্যদিকে বাড়তি ব্যয় ভাগাভাগিতে ক্রেতা ব্র্যান্ডকে দায়বদ্ধ করার দরকষাকষির সুযোগ। শ্রম অধিকার তাই এখন কেবল নৈতিক প্রশ্ন নয়, সরাসরি বাণিজ্যিক শর্ত; মজুরি বোর্ডের সিদ্ধান্তও তাই একটি বাণিজ্য কূটনীতির অংশ। এলডিসি-উত্তর যুগে সস্তা শ্রম ও শুল্ক সুবিধার বিকল্প হয়ে উঠবে শ্রমিকের অধিকার ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ।

 

 

এক সিদ্ধান্তে বহু অঙ্গীকার

পোশাক শ্রমিকের মজুরি বৃদ্ধি তাই সরকারের সামনে একটি সিদ্ধান্তে বহু অঙ্গীকার পূরণের সুযোগ। জাতীয়ভাবে এটি সংবিধানের যুক্তিসংগত মজুরির মূলনীতি, সংশোধিত শ্রম আইন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এবং এসডিজির দারিদ্র্য, লিঙ্গসমতা, শোভনকাজ ও বৈষম্য হ্রাসের লক্ষ্য বাস্তবায়নের নির্দেশক হবে। আন্তর্জাতিকভাবে এটি জাতিসংঘের মানবাধিকার দলিল, শোভন কাজ কর্মসূচি, মার্চ ২০২৭-এর আইএলও রোডম্যাপ পর্যালোচনা, ইইউর সঙ্গে জাতীয় কর্মপরিকল্পনা এবং ক্রেতাদের মানবাধিকার যথাযথ সতর্কতার বাধ্যবাধকতা পূরণের সবচেয়ে দৃশ্যমান প্রমাণ হিসেবে চিহ্নিত হবে। শিল্পোন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ, প্রমাণভিত্তিক ও ত্রিপক্ষীয় সমঝোতায় নির্ধারিত মজুরি বিশ্বকে জানাবে: ‘মেড ইন বাংলাদেশ’ মানে কেবল সাশ্রয়ী দাম নয়, মর্যাদাপূর্ণ শ্রমও।

 

 

আওরঙ্গজেব আকন্দ: সহযোগী অধ্যাপক, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ট্যাগ:BCSকলামবাংলাদেশ