তিন বিশ্বনেতার সাক্ষাতে কি শান্ত হবে ধরিত্রী

তিন বিশ্বনেতার সাক্ষাতে কি শান্ত হবে ধরিত্রী
কলামআন্তর্জাতিক

তিন বিশ্বনেতার সাক্ষাতে কি শান্ত হবে ধরিত্রী

১৯ নভেম্বর, ২০২৬

ড. ফরিদুল আলম [প্রকাশ : কালের কণ্ঠ, ১৯ নভেম্বর ২০২৬]

১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টায় অনুষ্ঠিত বৈঠকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্তালিন, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে জার্মানিকে দুই ভাগ করা এবং যুদ্ধ অবসান ও বিশ্বশান্তির পরিকল্পনা হিসেবে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই দিন বিবেচনায় সে সময়কার বৈশ্বিক অস্থিরতায় গুরুত্বপূর্ণ এই তিন নেতা স্থিতিশীল এক বিশ্বব্যবস্থায় উত্তরণে অভাবনীয় ভূমিকা পালন করেন।

 
সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বব্যবস্থার রং এবং রূপ পরিবর্তন হয়েছে, বদলে গেছে ক্ষমতার কাঠামো এবং মেরুকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান, পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একমেরুকেন্দ্রিকতা এবং এক পর্যায়ে কর্তৃত্বশালী রাষ্ট্রে পরিণত হওয়া—এই সবকিছু এখন নিকট অতীতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুতিনের নেতৃত্বে সোভিয়েত-পরবর্তী সময়ে রাশিয়ার উত্থান, চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধি, ভারত, ইরান, ব্রাজিলসহ আরো কিছু দেশের মধ্যম শক্তির অধিকারী হওয়ার মতো বিষয়গুলো বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বড় ধরনের হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

 

এতসব বৈশ্বিক অস্থিরতার মাঝে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের উত্তাপ গোটা বিশ্বকে শক্তির মেরুকরণ নিয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য করছে।

 
এই বোধকে অগ্রাহ্য করতে পারছে না খোদ যুক্তরাষ্ট্রও। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যবর্তী নির্বাচন শুধু ডোনাল্ড ট্রাম্পকেই নয়, সে দেশের সব রাজনৈতিক দলকেই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে নিজ দেশের স্বার্থের বাইরে অপ্রয়োজনীয় বৈশ্বিক বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের অতি আগ্রহ মানুষ ভালোভাবে দেখছে না। এর মধ্য দিয়ে গোটা বিশ্বে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, এর দায় এড়াতে পারে না যুক্তরাষ্ট্র। গত ৯ মাসে ইরান যুদ্ধের ফলে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে দেশটির পরিবারপ্রতি খরচ বেড়ে গেছে এক হাজার ৫০০ ডলারের বেশি।
 
 

 

এবার নিজের অস্তিত্ব খুঁজে ফিরতে নতুন কৌশলের দ্বারস্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ১৮-১৯ নভেম্বর এপেক সম্মেলনের সাইডলাইনে ত্রিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে চলমান বৈশ্বিক অস্থিরতা নিরসনে আলোচনার মাধ্যমে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, তা নিয়ে চেষ্টা চালাচ্ছেন। যদিও এই বৈঠক ঘিরে যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের আগ্রহই এই মুহূর্তে বেশি, বিষয়টি নিয়ে প্রথম প্রস্তাব এসেছিল গত জুলাই মাসে ক্রেমলিন থেকে। কেন এবং কী উদ্দেশ্যে রাশিয়া এমন প্রস্তাব করেছিল, এর মর্মার্থ সম্ভবত যথার্থ উপলব্ধি করতে পারেননি ট্রাম্প। আর তাই তিনি এই বৈঠককে দেখছেন বৈশ্বিক পারমাণবিক অস্ত্র হ্রাসকরণে তিন গুরুত্বপূর্ণ দেশের ঐকমত্যে পৌঁছার উদ্দেশ্য হিসেবে। উল্লেখ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ স্টার্ট (কৌশলগত পারমাণবিক অস্ত্র হ্রাসকরণ চুক্তি) স্বাক্ষরিত হয়েছিল ২০১০ সালে, যা এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

 

এমন বাস্তবতায় এ নিয়ে আর কোন বাধ্যবাধকতা কার্যকর নেই। রাশিয়া কয়েকবার এটিকে নবায়ন করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করলেও ট্রাম্প মনে করছেন, এখানে চীনের সম্পৃক্ত হওয়া দরকার আছে। সাম্প্রতিক সময়ে চীনের সামরিক শক্তির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে, সেই সঙ্গে তাদের গোপন পারমাণবিক কর্মসূচিও বাড়ছে বলে তথ্য রয়েছে তাঁদের কাছে। এরই মধ্যে ইরান, উত্তর কোরিয়াসহ কিছু দেশের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে, যেখানে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। তবে বৃহত্তর ঐকমত্যে পৌঁছাতে ট্রাম্পের উদ্দেশ্যর প্রতি চীন ও রাশিয়ার রয়েছে ভিন্নমত। তারা এই বৈঠককে দেখতে চাইবে পরমাণু কর্মসূচি বা ‘নিউ স্টার্ট’ নিয়ে বৃহত্তর ঐক্যের পরিবর্তে দর-কষাকষির নতুন হাতিয়ার হিসেবে। এদিক দিয়ে দেখতে গেলে বর্তমান বৈশ্বিক কাঠামোগত বাস্তবতায় ট্রাম্পের চাওয়ামতো এ ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। তা ছাড়া বিষয়টি একটিমাত্র ত্রিপক্ষীয় বৈঠকেও সমাধান হওয়ার নয়। ট্রাম্প যদি এটিকেই এই বৈঠকে তাঁর অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে থাকেন, তাহলে বলতে হয়, এ নিয়ে চীন ও রাশিয়ার আর অগ্রসর হওয়ার কোনো কারণ নেই। তারা উভয় দেশই তাদের নেতাদের ভাষায় ‘সীমাহীন বন্ধুত্বের’ সুখকর সময়টি উপভোগ করছে।

 

 

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির অনেক উপায় রয়েছে তাদের। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রাম্প প্রণীত নতুন শুল্কব্যবস্থা এবং রাশিয়াসহ তাদের লবির কিছু দেশের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে বৈশ্বিক অর্থনৈতিক ইতিবাচক পরিবর্তনের বিষয়টিকে প্রতিষ্ঠা করা। যে মার্কিন প্রশাসন ইউক্রেনে আগ্রাসন চালানোর অপরাধে রাশিয়ার জ্বালানিসহ অপরাপর অর্থনৈতিক খাত এবং যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশে গচ্ছিত রাশিয়ার অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করেছিল, বৈশ্বিক জ্বালানিসংকটের এই করুণ অবস্থায় এসে রুশ জ্বালানি রপ্তানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ফলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে জ্বালানি তেল ও গ্যাস বিক্রি করে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করছে রাশিয়া, যা দিয়ে তারা অনায়াসে ইউক্রেন যুদ্ধের খরচ মিটিয়ে নিজেদের অর্থনীতিকেও চাঙ্গা রাখতে সক্ষম হচ্ছে।  

 

 

আজ থেকে প্রায় পাঁচ বছর আগে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তিন বছরের অধিক কাল ধরে চলতে থাকা গাজায় ইসরায়েলের আগ্রাসন শুধু নির্দিষ্ট এই দুটি জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়। এর রেশ ধরে বিশ্ব অর্থনীতি এবং ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন হতে শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি থেকে শুরু করে খাদ্যসংকট, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থা থেকে সৃষ্ট অর্থনৈতিক সংকটে নাজেহাল দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, সেই সঙ্গে কার্যকর প্রতিরক্ষার প্রতিশ্রুতির জায়গায় চিড় ধরেছে। ইউক্রেনের বিষয়ে রাশিয়ার অনমনীয় মনোভাব, পুতিনের যুদ্ধকৌশল, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় পরিবর্তনজনিত বিষয়গুলো ইউরোপকে নিজেদের নিরাপত্তা নিয়ে অনেকটা একা করে দিয়েছে।

 

 

আন্তর্জাতিক সম্পর্কের বহুল জনপ্রিয় তত্ত্বগুলোর মধ্যে বাস্তববাদী তত্ত্বের অন্যতম শাখা কাঠামোগত বাস্তববাদ বর্তমান বৈশ্বিক ব্যবস্থাকে অনুধাবন করতে এবং ভবিষ্যদ্বাণী করতে আমাদের সহায়তা করে। অস্তিত্ববাদীরা যেখানে মনে করেন মানুষের জীবনের কোনো যৌক্তিক প্রকৃতি নেই, তারা উদ্দেশ্যহীন এবং নিজেরাই নিজেদের জীবনের উদ্দেশ্য তৈরি করে নেয়, কাঠামোগত বাস্তববাদীরা সেখানে মনে করেন মানবপ্রকৃতি নয়, বরং বৈশ্বিক ক্ষমতার কাঠামো দ্বারা রাষ্ট্রগুলোর আচরণ নিয়ন্ত্রিত।

 

এই বাস্তবতার মুখোমুখি আজ আমরা। ক্ষমতার এই কাঠামোই আজ যুক্তরাষ্ট্রকে তাদের নিজেদের শক্তির জায়গা থেকে ক্রমেই ছিটকে ফেলছে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই কাঠামোকে নিজেদের মতো করে পরিবর্তন করে নৈরাজ্যকে পৃষ্ঠপোষকতা করছে। এমন অবস্থায় নৈরাজ্যকে দমন করতে এবং নিজেদের মতো করে এই কাঠামোকে বিনির্মাণ করতে এই মুহূর্তে সক্রিয় অবস্থানে রয়েছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্র নিজ থেকে বৈশ্বিক প্রভাবের জায়গা থেকে নিজেকে গুটিয়ে ফেলার যেমন সম্ভাবনা নেই, অদূরভবিষ্যতে বর্তমান সংঘাতগুলো নিরসনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার স্বপ্নও তাই অবান্তর। এই অবস্থায় পরিস্থিতির ক্রমাবনতিই একসময় নতুন বাস্তবতার মুখোমুখি করবে বিশ্বকে। তৈরি হবে নতুন কাঠামোগত বাস্তবতা।

 

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক