
কার্বন বাণিজ্য: সম্ভাবনার নতুন দিগন্ত
ড. মো. জামাল উদ্দিন [সূত্র : ইত্তেফাক, ২৪ নভেম্বর ২০২৬]
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ কার্বন ট্রেডিং বা কার্বন বাজার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে ওঠে। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন ট্রেডিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন যে, বাংলাদেশ সরকার কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো প্রণয়ন করছে। প্রধানমন্ত্রীর এ বক্তব্য জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি এবং আন্তর্জাতিক কার্বন বাজারে অংশগ্রহণের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।
কার্বন ট্রেডিং হলো গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর একটি বাজারভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। কোনো প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত ও পরিমাপযোগ্যভাবে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড-সমতুল্য (tCO₂e) নিঃসরণ কমানো বা অপসারণ করা গেলে নির্দিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি কার্বন ক্রেডিট তৈরি হতে পারে। যেসব দেশ বা প্রতিষ্ঠান নিজেদের নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণে অতিরিক্ত অর্থনৈতিক প্রণোদনা চায়, তারা এসব ক্রেডিট কিনতে পারে। বাধ্যতামূলক বাজারের পাশাপাশি স্বেচ্ছাসেবী কার্বন বাজারও রয়েছে, যেখানে প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিবেশগত অঙ্গীকার পূরণে ক্রেডিট কেনে।
প্যারিস চুক্তির আর্টিকেল ৬.২ দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক কার্বন লেনদেন এবং আর্টিকেল ৬.৪ জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক কার্বন ক্রেডিট ব্যবস্থা পরিচালনার সুযোগ সৃষ্টি করেছে। তবে একই কার্বন হ্রাস যেন বিক্রেতা ও ক্রেতা উভয় দেশের জলবায়ু লক্ষ্যমাত্রায় গণনা না হয়, সেজন্য করেসপনডিং অ্যাডজাস্টমেন্ট এবং স্বচ্ছ হিসাবরক্ষণ অপরিহার্য (সূত্র : UNFCCC, Paris Agreement, Article 6)।
কপ-৩১-এ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD) ১২ নভেম্বর Global Carbon Market Network চালু করেছে। এর উদ্দেশ্য হলো কার্বন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক সংস্থার মধ্যে সহযোগিতাবৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত এবং উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ আকর্ষণ করা। ২০২৫ সালে বিশ্বে কার্বন মূল্যায়ন ব্যবস্থা থেকে ১০৭ বিলিয়ন ডলারের বেশি সরকারি রাজস্ব এসেছে। উল্লেখ্য, বিশ্বের মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। বিশ্বব্যাংকের ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, এ অবদান প্রায় ০.৪ শতাংশ। অথচ ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব এবং নিম্নাঞ্চলীয় ভূপ্রকৃতির কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। বিশ্বব্যাংকের Country Climate and Development Report, ২০২২ অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি জিডিপির এক-তৃতীয়াংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় প্রতিশ্রুত জলবায়ু অনুদানের পাশাপাশি কার্বন ট্রেডিং অতিরিক্ত বৈদেশিক অর্থায়নের সুযোগ তৈরি করতে পারে।
প্রধানমন্ত্রী কপ-৩১-এ আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, উপকূলীয় ম্যানগ্রোভ পুনরুদ্ধার, ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগের কথা উল্লেখ করেছেন। এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে কার্বন নিঃসরণ হ্রাস ও কার্বন শোষণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ক্রেডিট অর্জনের সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে রয়েছে বনায়ন, উপকূলীয় ম্যানগ্রোভ পুনরুদ্ধার, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষ করে Blue Carbon প্রকল্পের মাধ্যমে উপকূলীয় ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধার পরিবেশগত সুরক্ষার পাশাপাশি কার্বন অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে পারে।
কৃষি খাতেও উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। ধানখেতে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, বিকল্প ভেজানো-শুকানো পদ্ধতি, সুষম সার ব্যবহার, কৃষিবনায়ন, বায়োগ্যাস এবং ফসলের অবশিষ্টাংশের কার্যকর ব্যবহার মিথেন ও অন্যান্য গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পারে। এসব প্রকল্প কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি অতিরিক্ত আয়ের উৎস তৈরি করতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রায় ৩০০টি LEED-সনদপ্রাপ্ত সবুজ কারখানা রয়েছে। তবে শুধু LEED সনদ থাকলেই কার্বন ক্রেডিট পাওয়া যায় না। নির্দিষ্ট প্রকল্পের অতিরিক্ত নিঃসরণ হ্রাস, নির্ভরযোগ্য ভিত্তিমাত্রা এবং আন্তর্জাতিক যাচাই প্রয়োজন। কার্বন বাজার কার্যকর হলে এসব কারখানা ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা বিদেশি বিনিয়োগ এবং অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের Carbon Border Adjustment Mechanism (CBAM) ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ পর্যায়ে কার্যকর হয়েছে। এর আওতায় নির্দিষ্ট কার্বন-নিবিড় পণ্যের আমদানিতে উৎপাদনকালীন নিঃসরণের ভিত্তিতে কার্বন সার্টিফিকেটের বাধ্যবাধকতা রয়েছে। ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের কারখানাভিত্তিক কার্বন নিঃসরণ পরিমাপ, জ্বালানিদক্ষতা এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সক্ষমতা বাড়ানো জরুরি।
কার্বন ট্রেডিং থেকে লাভবান হওয়ার পথে বাংলাদেশের বেশ কিছু কারিগরি ও নীতিগত চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রেডিট বিক্রির জন্য নিঃসরণ হ্রাসের নির্ভুল পরিমাপ, প্রতিবেদন ও যাচাইকরণ অপরিহার্য। বাংলাদেশে এ বিষয়ে দক্ষ জনবল, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি রয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবী বাজারে ক্রেডিটের মূল্য ওঠানামা, মধ্যস্বত্বভোগীদের আধিপত্য এবং নিম্নমানের ক্রেডিটের ঝুঁকি রয়েছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথমত, একটি শক্তিশালী জাতীয় কার্বন ট্রেডিং নীতিমালা, আইনগত কাঠামো এবং ডিজিটাল কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, পরিবেশ, বন, কৃষি, বিদ্যুৎ, শিল্প ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে দক্ষ নিয়ন্ত্রক ও কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক মানসম্মত MRV ব্যবস্থা, নির্ভরযোগ্য নির্গমন উপাত্তভান্ডার এবং স্বাধীন যাচাইব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং কার্বন বিক্রির আয়ের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে। পঞ্চমত, শুরুতে সৌর সেচ, উন্নত চুলা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার, ধানখেতের পানি ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে মিথেন সংগ্রহের মতো পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। ক্ষুদ্র প্রকল্পগুলো একত্র করে নিবন্ধন ও যাচাই ব্যয় কমানোও জরুরি।
লেখক : প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি।



