রোহিঙ্গা সংকট সমাধানে পথ দেখাতে পারে আইসিজের রায়

রোহিঙ্গা সংকট সমাধানে পথ দেখাতে পারে আইসিজের রায়
কলামআন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট সমাধানে পথ দেখাতে পারে আইসিজের রায়

২১ নভেম্বর, ২০২৬

ইমতিয়াজ আহমেদ [প্রকাশ : সমকাল, ২১ নভেম্বর ২০২৬]

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায় দিয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের জেনোসাইড সংঘটনে মিয়ানমারকে অপরাধী করেছে আইসিজে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া দ্য হেগের আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। তারই রায় এলো বৃহস্পতিবার।

 

এই রায় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রায়ের ফল কতটা আমরা কাজে লাগাতে পারব, তা নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতার ওপর। অবশ্য, এখন মিয়ানমারের সঙ্গে বসা সহজ হবে। তাদের বলা যাবে যে তুমি একটা জেনোসাইড করেছ। এখন তোমাদের রোহিঙ্গাদের স্বীকৃতি দিতে হবে এবং ফেরত নিতে হবে।

 

তবে প্রথম যেটি অপেক্ষা করতে হবে, সেটি হলো মিয়ানমার কীভাবে এই রায়ে সাড়া দেয়। আইসিজের রায় বাস্তবায়ন বিষয়ে মিয়ানমারকে ২০২৮ সালের নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দিতে হবে। তবে সে প্রতিবেদনের জন্য অপেক্ষা করা সমীচীন নয়। বাংলাদেশকে দ্রুত মিয়ানমারের সঙ্গে বসতে হবে। পাশাপাশি চীনকেও আলোচনায় আনা দরকার। দেখা যাচ্ছে চীনও এখন জাতিসংঘের পক্ষে কথা বলছে ইদানীংকালে। যুক্তরাষ্ট্র যতখানি না বলছে তার চেয়ে বেশি চীন বলছে। কারণ চীনও একটা গ্লোবাল গভর্ন্যান্স তৈরি করতে চায়। ফলে এটা চীনকেও সুযোগ হিসেবে দেখানো দরকার।

 

আইসিজের এই রায় নানা কারণেই ঐতিহাসিক। অতীতে কম্বোডিয়ার পল পট শাসন বা জার্মানির নাৎসিদের মতো নির্দিষ্ট গোষ্ঠী বা শাসনব্যবস্থাকে আলাদা করে দায়ী করা গেলেও মিয়ানমার ও গাজার ক্ষেত্রে রাষ্ট্রকে সেভাবে আলাদা করার সুযোগ কম। মিয়ানমারের ক্ষেত্রে পুরো রাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বাস্তবতার ভিত্তিতে এগোতে হবে, আর গাজায়ও ইসরায়েলকে আলাদা করা না যাওয়ায় ভবিষ্যতে একই ধরনের দায় বা চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কায় পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র চিন্তিত। কারণ এর পরেই ইসরায়েলকেও এই রায়ের মতোই জেনোসাইডের অপরাধে দোষী বলা হবে। গাজার রায়টা আরও বড় আকারে গুরুত্বপূর্ণ। কারণ তার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত। যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা যদি ক্ষমতায় থাকে, এমনকি ডেমোক্র্যাটরা থাকলেও, তাদের নীতি পাল্টানোর কথা না। ইসরায়েলকে অপরাধী সাব্যস্ত করে রায় হলে তাদের ওপরও পড়বে। 

 

এই রায়ের বিরুদ্ধে মিয়ানমারের আপিল করার সুযোগ থাকছে না। এটাই চূড়ান্ত রায়। যদিও রায়টি বাস্তবায়ন করতে গেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য, তাদের সবার ভোট লাগবে পক্ষে। সেখানে ভেটো ক্ষমতার কারণে বাস্তবায়নে সমস্যা হতে পারে। চীন আর রাশিয়া একত্রে মিয়ানমারের পক্ষে থাকার কথা। ভেটো ক্ষমতা একটা বড় বিষয়, কারণ নিরাপত্তা পরিষদের একজন ভেটো দিলেই সেটি আর পাস হবে না। সে জন্য রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায় কিংবা এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায়। 

 

নৈতিক দিক থেকে এটি যে বড় জয়, তাতে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে রায়টি নিয়ে অত্যন্ত উৎসাহীও হওয়ার কিছু নেই। যদিও রোহিঙ্গাদের জন্য এটি ঐতিহাসিক ঘটনা। এমনকি আমরা যারা জেনোসাইড নিয়ে কাজ করি, তাদের জন্যও এটি বিজয়। কারণ আমরা বহু বছর ধরে এর পেছনে লেগে আছি। অনেক সভা-সেমিনার, কনফারেন্স করেছি। গবেষণা হয়েছে, বই প্রকাশ হয়েছে উল্লেখযোগ্য। যার ফল অন্তত আইসিজে-তে দেখা গেল। এই সফলতাকে ছোট করার কোনো উপায় নেই, কিন্তু এটা নিয়ে বসে থাকলে হবে না এখন। 

 

 

মনে রাখতে হবে রোহিঙ্গা এখন বাংলাদেশে বাস করছে। তাদের প্রত্যাবাসন যত দ্রুত হয় বাংলাদেশের জন্য ততই ভালো। যার ফলে আইসিজের রায়ের ফল কাজে লাগাতে আমাদের সে ধরনের প্রস্তুতি জরুরি। তবে আপাতত একটু অপেক্ষা করা দরকার। যেটা আগেই বলেছি, মিয়ানমার এ রায়কে কীভাবে দেখে, কীভাবে রেসপন্স করে তা গুরুত্বপূর্ণ। তবে আমাদের দ্বিপক্ষীয় প্রচেষ্টার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোকেও কাজে লাগাতে হবে। এতদিন তো এমনকি রোহিঙ্গাদের মিয়ানমার স্বীকৃতিও সেভাবে দেয়নি। এখন সেখানে জোর দিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তবে কূটনৈতিক এই সফলতা আমরা কতটা পাব, সেটা আমাদের দক্ষতা, কৌশল ও প্রস্তুতির ওপর নির্ভর করবে।

 

আমরা জানি, রোহিঙ্গাদের আদিনিবাস মিয়ানমারের রাখাইন। বর্তমানে রাখাইনের বড় অংশই আরাকান আর্মির দখলে। এটি একটি জটিল বিষয় বটে। কিন্তু আমরা ওই জটিলতার মধ্যে যাব না। ওই জটিলতা বাড়ালে সংকট আরও বাড়বে। আমরা চাইব যে সেটা আরাকান আর্মি হোক বা মিয়ানমারের সামরিক শাসক তাতমাদো হোক, তারা যেন রোহিঙ্গাদের বিষয়টা সমাধান করে দেয়। এমনকি আরাকান আর্মি যদি আবার রোহিঙ্গাদের ওপর নির্যাতন করে, তাহলে আরাকান আর্মিও এই জেনোসাইডের মধ্যে পড়বে। আরাকান আর্মি স্বাভাবিকভাবেই বলবে যে–না, আমি এমন কিছু করিনি, এটা করেছে মিয়ানমার মিলিটারি। আমি তো তার সঙ্গে কিছু করিনি। এখানেও চীন প্রাসঙ্গিক। চীন উদ্যোগী হলে হয়তো সমাধান তাড়াতাড়ি সম্ভব। কারণ চীনের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর যেমন সম্পর্ক আছে, তেমনি আরাকান আর্মির সঙ্গেও সম্পর্ক আছে। 

 

মূল কথা হলো, আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের জেনোসাইড প্রমাণিত হওয়ার সুফল বাংলাদেশকে ঘরে তুলতে হবে। আইসিজের এই রায় রোহিঙ্গা ইস্যুতে একটি ঐতিহাসিক ও নৈতিক ভিত্তি তৈরি করলেও এর বাস্তব প্রয়োগ বা সমাধান আপনাআপনি আসবে না। জাতিসংঘের কাঠামোগত সীমাবদ্ধতা ও ভূরাজনৈতিক সমীকরণের বাস্তবতায় মিয়ানমারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের পাশাপাশি বাংলাদেশকে কূটনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও স্বীকৃতির লক্ষ্যে কার্যকর আলোচনায় এগিয়ে যেতে হবে।

 

ড. ইমতিয়াজ আহমেদ: সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক