শুল্কের অঙ্কে এগিয়ে বাংলাদেশ, প্রশ্ন থাকছে সক্ষমতায়

শুল্কের অঙ্কে এগিয়ে বাংলাদেশ, প্রশ্ন থাকছে সক্ষমতায়
কলামবাংলাদেশ

শুল্কের অঙ্কে এগিয়ে বাংলাদেশ, প্রশ্ন থাকছে সক্ষমতায়

১৮ নভেম্বর, ২০২৬

মহিউদ্দিন রুবেল [প্রকাশ : কালের কণ্ঠ, ১৮ নভেম্বর ২০২৬]

গত দেড় বছরে যুক্তরাষ্ট্রে আমদানি করা পোশাকের ওপর গড় শুল্ক হার বড় রকমের ওঠানামা করেছে। ২০২৫ সালের জানুয়ারিতে এই হার ছিল ১৪.৭ শতাংশ, পরে তা ৩৩ শতাংশ পর্যন্ত ওঠে।

২০২৬ সালের মে নাগাদ তা নেমে আসে ২১.৬ শতাংশে। সর্বশেষ গত ২৪ জুলাই ওয়াশিংটন জোরপূর্বক শ্রমসংক্রান্ত নতুন শুল্ক আরোপ করে বৈশ্বিক পোশাক বাণিজ্যের মানচিত্র আবার পাল্টে দিয়েছে। আমার মতে, এই অস্থির সময়েই ৫৭৪ বিলিয়ন ডলারের বৈশ্বিক পোশাক বাজারে টিকে থাকার জন্য বাংলাদেশকে পরবর্তী কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে।

 

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান কাগজে-কলমে বেশ শক্তিশালী ছিল।

 
 
 

 

চলতি ২০২৬ সালের প্রথমার্ধে বাজার আরো দ্রুত সংকুচিত হয়েছিল, তবে দ্বিতীয়ার্ধে তা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবু জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি মূল্যে ৬.১৪ শতাংশ এবং পরিমাণে ৮.১০ শতাংশ কমেছে।

 

 

যুক্তরাষ্ট্রে সার্বিক মূল্যস্ফীতি ২.৭ শতাংশ হলেও ২০২৫ সালে খুচরা পোশাকের দাম বেড়েছে মাত্র ০.৬ শতাংশ। এই মূল্যচাপ শেষ পর্যন্ত কারখানার ঘাড়ে এসে পড়ছে, রপ্তানির ইউনিট মূল্য কমে যাওয়ায়ই তা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের (বিইএ) তথ্য অনুযায়ী, মার্কিন ভোক্তা ব্যয়ে পোশাকের অংশও কমছে। ২০২১ সালে এটি ছিল ২.২৩ শতাংশ, ২০২৩ সালে ২.১০ শতাংশ আর ২০২৫ সালে ২.০৮ শতাংশ। আমার পর্যবেক্ষণে এর পেছনে দুটি কারণ আছে : দাম বাড়া এবং বাজেট-সচেতন জেন-জি প্রজন্মের সেকেন্ড-হ্যান্ড পোশাকের দিকে ঝোঁক। তবে শুল্কের হিসাবে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের পক্ষে গেছে। ১৫.৬ শতাংশ গড় অভিন্ন ভিত্তি শুল্কের ওপর জোরপূর্বক শ্রম শুল্ক হিসেবে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কম্বোডিয়ার জন্য যোগ হয়েছে ১০ শতাংশ পয়েন্ট, মোট ২৫.৬ শতাংশ। চীন ও ভিয়েতনামের জন্য যোগ হয়েছে ১২.৫ পয়েন্ট। ফলে চীনের মোট শুল্ক দাঁড়িয়েছে ৩৫.৬ শতাংশে, ভিয়েতনামের ২৮.১ শতাংশে। এই প্রথম বাংলাদেশ তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে কম শুল্কে আছে। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির সঙ্গে যুক্ত প্রস্তাবিত শুল্কহার কোটা (টিআরকিউ) চালু হলে এই সুবিধা আরো বাড়তে পারে। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ রপ্তানিতে শুল্ক লাগবে না বলে জানা গেছে, তবে এর পুরো কার্যপ্রণালি এখনো স্পষ্ট নয়, আর এটি এখনো চালুও হয়নি।

 

এই হিসাবে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের দুই কক্ষই এখন ডেমোক্র্যাটদের হাতে। এতে নতুন শুল্ক বসানো কঠিন হবে, তবে বর্তমান শুল্ক তাড়াতাড়ি কমবে বলে আমি মনে করি না। প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা আছে, আর জোরপূর্বক শ্রম শুল্কের বিরোধিতা করা ডেমোক্র্যাটদের পক্ষেও কঠিন। ফলে বাংলাদেশের শুল্ক-সুবিধা আপাতত টিকে থাকবে বলেই মনে হয়, কিন্তু শ্রম অধিকার, মজুরি আর তুলার উৎস নিয়ে খোঁজখবর বাড়বে। ২০১৩ সালে শ্রমিক ইস্যুতেই আমরা মার্কিন জিএসপি হারিয়েছিলাম, সেই অভিজ্ঞতা ভুলে যাওয়া চলবে না। তাই সরকারকে এখন হোয়াইট হাউস আর কংগ্রেসের নতুন নেতৃত্ব, দুদিকেই যোগাযোগ বাড়াতে হবে।

 

এত সুবিধার মধ্যেও একটি কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে, সেটি হলো ফাইবার মিশ্রণ। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানির পরিমাণের ৫৬.৬১ শতাংশই ছিল ম্যান-মেড ফাইবার (এমএমএফ) নির্ভর, যা তুলনামূলক বড় ও দ্রুত বাড়তে থাকা খাত। তবু বাংলাদেশ এখনো তুলানির্ভর: পরিমাণে ৬১.৬১ শতাংশ, মূল্যে ৬৮.২৯ শতাংশ। অন্যদিকে ভিয়েতনামের রপ্তানির ৬২.৪৮ শতাংশই এমএমএফ। প্রধান সরবরাহকারীদের মধ্যে বাংলাদেশের ইউনিট মূল্য এখনো সবচেয়ে কম। কিন্তু যে বাজার সংকুচিত হচ্ছে, সেকেন্ড-হ্যান্ড পোশাকের সঙ্গে লড়ছে এবং এমএমএফের দিকে ঝুঁকছে, সেখানে শুধু কম দাম দিয়ে টিকে থাকা কঠিন।

 

আমার মতে, স্বল্প মেয়াদে বাংলাদেশের সামনে সুযোগ আছে আড়াই থেকে ১০ শতাংশ পয়েন্টের এই শুল্ক-সুবিধা কাজে লাগিয়ে ভিয়েতনাম ও চীন থেকে প্রকৃত অর্ডার নিজের দিকে আনার। এর জন্য কয়েকটি কাজ এখনই করা জরুরি : টিআরকিউয়ের শর্ত নিশ্চিত করে কার্যকর শুল্ক ১৫.৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনা, ক্রেতাদের কাছে এই সুবিধা স্পষ্টভাবে তুলে ধরা এবং চাহিদা অন্যদিকে সরে যাওয়ার আগেই এমএমএফ ও প্রযুক্তিগত টেক্সটাইলে সক্ষমতা বাড়ানো। নতুন শুল্কের মূল কারণ কমপ্লায়েন্স। তাই কমপ্লায়েন্সকে এখন আর আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই, এটি বাজারে ঢোকার শর্ত। আর মুনাফা আসতে হবে উৎপাদনশীলতা, দক্ষতা ও পণ্যের মান বাড়িয়ে। দাম আরো কমিয়ে নয়, কারণ তাতে শেষ পর্যন্ত কারখানাগুলোই লোকসানে পড়বে।

 

উল্টো দিকের ঝুঁকিও কম নয়। জেন-জির মিতব্যয়ী আচরণে সংকুচিত হতে থাকা মার্কিন বাজার, তুলানির্ভরতার কারণে বাড়তে থাকা এমএমএফ চাহিদার সুযোগ হাতছাড়া হওয়া, আর আবার মাথা তুলে দাঁড়ানো কম্বোডিয়ার সঙ্গে দামের প্রতিযোগিতা, এই তিনটিই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বর্তমান শুল্ক-সুবিধা টেকসই বাজার অংশে রূপ নেবে, নাকি সুযোগের জানালা বন্ধ হয়ে যাবে, তা নির্ভর করছে তিনটি বিষয়ে আমরা কত দ্রুত এগোতে পারি তার ওপর : টিআরকিউ আদায়, ফাইবার বৈচিত্র্য এবং কমপ্লায়েন্স। এর জন্য শ্রম আইন সংস্কার মাঠে দেখাতে হবে, আর কাঁচামালের উৎস প্রমাণে একটি জাতীয় ব্যবস্থা গড়তে হবে, যাতে প্রতিটি কারখানাকে আলাদা করে প্রমাণ দিতে না হয়। আমার বিশ্বাস, শুধু বর্তমান অবস্থান ধরে রাখার চেষ্টা যথেষ্ট নয়। আমাদের জোর দিতে হবে সামগ্রিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর।

 

লেখক : প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা

বাংলাদেশ অ্যাপারেল ভয়েস

ট্যাগ:BCSকলামবাংলাদেশ