
পূজার ছুটিতে পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়
[সূত্র : ইনকিলাব, ২০ অক্টোবর ২০২৬]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে টানা ৫ দিনের ছুটি। টানা ছুটিতে দেশেরর পাহাড়, সৈকত, ঝরণা, লেকসহ দেশের সকল পর্যটন কেন্দ্রে এখন উৎসবের আমেজ। প্রতিটি পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। পর্যটকের পদভারে মুখরিত প্রতিটি বিনোদনকেন্দ্র। বেশ জমে উঠেছে পর্যটনখাতের ব্যবসা-বাণিজ্য। ভ্রমণপিপাসুদের আকর্ষণে বিনোদনকেন্দ্রগুলো সেজেছে বর্ণিল সাজে। হোটেল-মোটেল, রেস্ট হাউস, গেস্ট হাউস সর্বত্রই এখন জমজমাট অবস্থা। এই উৎসবভিত্তিক দীর্ঘ ছুটি কেবল পর্যটন কেন্দ্রগুলোর হোটেল-রেস্তোরাঁ ব্যবসাই নয়, বরং পরিবহন খাত, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী এবং গ্রামীণ অর্থনীতিতেও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে পর্যটকরা বেশ ভোগান্তিতে পড়ছেন। এ জন্য অনেকে সে সব এলাকায় যেতে আগ্রহী হচ্ছেনা। এতে ওই এলাকার পর্যটন ব্যবসায় বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সারাদেশের পর্যটন কেন্দ্রের সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন নিচে তুলে ধরা হলো।
কক্সবাজার থেকে শামসুল হক শারেক জানান, দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। পর্যটকদের এই বাড়তি চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট সেবাদানকারীরা সব প্রস্তুতি নিয়েছে।
পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসন এবং পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও সেবাদানকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সচেতমন মহল। সৈকতে পর্যটকদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, ছিনতাই ও হয়রানি প্রতিরোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং পর্যটনকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এ সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
বিশেষ করে সমুদ্রসৈকতে গোসল করতে নামা পর্যটকদের নিরাপত্তা, লাইফগার্ডের তৎপরতা, জরুরি উদ্ধারব্যবস্থা এবং পর্যটকদের সচেতনতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় সেবার মান বজায় রাখা, খাবারের মূল্যতালিকা প্রদর্শন এবং পর্যটকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা হয়রানি না করার বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
কক্সবাজারের পর্যটনশিল্পের সঙ্গে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, ফটোগ্রাফি ও নানা ধরনের সেবামূলক কর্মকা- জড়িত। দীর্ঘ ছুটিতে পর্যটকদের আগমন বাড়লে এসব খাতের ব্যবসায়ীদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পর্যটকদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এ সম্ভাবনা ব্যাহত হতে পারে। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শুধু পর্যটকের সংখ্যা বাড়লেই হবে না; তাদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসনের নজরদারির পাশাপাশি হোটেল-মোটেল মালিক, পরিবহনশ্রমিক, রেস্তোরাঁ ব্যবসায়ী ও সৈকতকেন্দ্রিক সেবাদানকারীদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
চট্টগ্রাম থেকে রফিকুল ইসলাম সেলিম জানান, টানা ছুটিতে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়, সৈকত, ঝরণা, লেকে এখন উৎসবের আমেজ। চট্টগ্রামের প্রধান পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লেগেই আছে। একসময়ের ভাঙাচোরা পতেঙ্গা সৈকত এখন বর্ণিল। ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে সেখানে। সাগরের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি সমুদ্রের নির্মল হাওয়ায় গা ভাসিয়ে বসে থাকার মতো ব্যবস্থাও রাখা হয়েছে সেখানে। আদিগন্ত বিস্তৃত সৈকতের পাশেই গড়ে উঠেছে সিটি আউটার রিং রোড। সৈকত এবং রিং রোডে বসে দেশি-বিদেশি জাহাজের সারি আর বর্ণিল আলো একসাথে উপভোগ করার সুযোগ সেখানে। এর পাশেই রয়েছে নেভাল সৈকত এবং নৌবাহিনী পরিচালিত বোটক্লাব। ওই দুটি বিনোদনকেন্দ্রও এখন পর্যটকে ঠাসা। পতেঙ্গা সৈকত থেকে আউটার রিং রোড হয়ে কাট্টলীর দিকে আসতেই রয়েছে ডিসি পার্ক। ডিসি পার্কে ফুলের মেলায় ঘুরে বেড়ানোর আনন্দই যেন অন্যরকম। কাট্টলী সৈকত রাসমনি ঘাট হয়ে সীতাকু-ের গুলিয়াখালী সৈকতে পর্যটকের ভিড় লেগেই আছে।
আনোয়ারার পারকি সৈকত এখন অন্যতম দর্শনীয় স্থান। সেখানেও পর্যটকের ভিড় বাড়ছে। নগরীর কর্ণফুলী সেতু থেকে কালুরঘাট সেতু পর্যন্ত নদী তীরবর্তী আউটার রিং রোডকে ঘিরে নতুন এক পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে। ভ্রমণপিপাসুরা ছুটছেন সেখানে। কর্ণফুলীর হাওয়ায় ঘুরছেন পরিবার-পরিজনদের সাথে। এছাড়া নগরীর ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক, ভাটিয়ারী গলফ মাঠ, বিভিন্ন পার্ক, বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বাগানবাড়ি রিসোর্টগুলোতেও পর্যটকেরা আসছেন দলবেঁধে। কেউ পরিবার-পরিজনের সদস্যদের নিয়ে, কেউবা আবার বন্ধুদের নিয়ে এসব বিনোদনকেন্দ্রে উঠছেন।
টানা ছুটিতে পর্যটকদের ভিড় বাড়বে এটা মাথায় রেখেই বিনোদনকেন্দ্রগুলোতেও নানা রকমের আয়োজন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশও রাস্তায় যানজট নিরসন, বিনোদনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় তদারক করছেন। এতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন পর্যটকেরা।
সিলেট থেকে ফয়সাল আমীন জানান, সিলেটের প্রকৃতির নৈর্সগিকতার অপরূপ দৃশ্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা উদগ্রীব থাকলেও পর্যটনকেন্দ্রগুলোর সাথে সড়ক যোগাযোগব্যবস্থার খুবই বাজে অবস্থা। এছাড়া রেল পথে ও আকাশ পথের খরচ নাগালের বাইরে। অর্থ থাকলেও টিকেট প্রাপ্তি অনেকটা যেন সোনার হরিণ। তাই বিরুফ যোগাযোগ ব্যবস্থার প্রভাব পড়েছে পর্যটন এলাকায়। পুজার টানা ৫ দিনের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো আশানুরূপ পর্যটক আসেনি এমন অভিযোগ সংশ্লিষ্টদের।
খুলনা থেকে আসাফুর রহমান কাজল জানান, দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘিরে খুলনা অঞ্চলের পর্যটনকেন্দ্রগুলোতে বাড়ছে ভীড়। পর্যটকদের আগমন ঘিরে পর্যটনকেন্দ্র ও বিনোদন স্পটগুলোতে যখন সাজ সাজ রব, তখন সুন্দরবনসংলগ্ন দাকোপ উপজেলার ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধ ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে, নগরীর প্রবেশপথসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা ভ্রমণপিপাসুদের যাতায়াতে ভোগান্তির আশঙ্কা বাড়িয়েছে। খুলনা অঞ্চলের পর্যটন আকর্ষণের অন্যতম সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল এই বনে প্রতিবছর দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ থাকে। সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র, কটকা, হিরণ পয়েন্ট ও দুবলার চর পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন স্পট ও রিসোর্টগুলোতে জমজমাট অবস্থা।
কুমিল্লা থেকে সাদিক মামুন জানান, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লালমাই-ময়নামতি পাহাড়, দীঘি, উদ্যান ও সময়ের পরিক্রমায় গড়ে ওঠা পাহাড় অঞ্চলে আধুনিক বিনোদন পার্ক এবং গোমতী নদীর পাড়ে নানাধরণের বিনোদন স্পট, কফিসপ ও চায়ের আড্ডা-সব মিলিয়ে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে কুমিল্লায়। কিন্তু এসব বিনোদন স্পটের মধ্যে বেশিরভাগ স্থানে যাতায়াতের সড়কের মান, যানজট, যোগাযোগব্যবস্থা ও পর্যটকবান্ধব অবকাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে কোটবাড়ি-শালবন বিহার এলাকায় যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হলেও তা মেরামত বা সংস্কারে গুরুত্ব পাচ্ছেনা।
এবারের শারদীয় দুর্গাপূজায় ৫দিনের ছুটি পেয়ে মানুষজন পরিবার নিয়ে ছুটবে বিভিন্ন বিনোদন স্পটে। এরমধ্যে কুমিল্লার দর্শনীয় ও বিনোদনকেন্দ্রের মধ্যে রয়েছে শালবন বৌদ্ধবিহার, ময়নামতি জাদুঘর, নব শালবন বিহার, ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু ওয়াটার পার্ক, ডাইনো পার্ক, লালমাই লেকল্যান্ড, ফান টাউন, ধর্মসাগর, নগর উদ্যান, রূপসাগর পার্ক ও রাজেশপুর ইকোপার্ক, গোমতীর পাড়ের গোমতী টার্চ, গোমতী বিলাস, জামবাড়ি এলাকাসহ বেশ কিছু স্পট। এছাড়া রয়েছে ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, আনন্দ বিহার, কোটিলা মুড়াসহ বিভিন্ন প্রতœতাত্ত্বিক নিদর্শন। এসব স্থানের মধ্যে কিছু প্রতœতাত্ত্বিক ঐতিহ্য, কিছু প্রাকৃতিক দর্শনীয় স্থান এবং কিছু বাণিজ্যিক বিনোদনকেন্দ্র। কিন্তু উল্লেখযোগ্য বিনোদনকেন্দ্র ও ঐতিহাসিক স্থানে যাতায়াতের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থার দুর্বলতা বাধা হয়ে দাঁড়াচ্ছে বিনোদনপ্রেমী মানুষ কিংবা দুরদুরান্ত থেকে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য। জেলার প্রাকৃতিক পরিবেশভিত্তিক পর্যটনস্থলগুলোর মধ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত রাজেশপুর ইকোপার্ক অন্যতম। এখানে গণপরিবহনের স্বল্পতা, বন এলাকায় মাদকসেবিদের আড্ডা, ছিনতাইয়ের শঙ্কা এবং যাতায়াতের ক্ষেত্রে সড়কের মাঝামাঝি ও শেষ অংশের মান অত্যন্ত খারাপ। এস্থানটিতে গেলে যাতায়াতে ভোগান্তির আশঙ্কা থাকবেই।
বান্দরবান থেকে মো: সাদাত উল্লাহ জানান, দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান সহ তিন পার্বত্য জেলা। ইতোমধ্যে তিন জেলার ৬০ ভাগ হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন হোটেল-মোটেল ও টুরিস্ট যানবাহন সংশ্লিষ্টরা। আর পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ ও পর্যটন পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছর দূর্গাপূজার ছুটিতে অসংখ্য পর্যটকের ঢল নামে বান্দরবন সহ তিন পার্বত্য জেলায়। দূর্গাপুজার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, নীল দিগন্ত, বগালেক সহ জেলার সব কয়টি পর্যটনকেন্দ্র। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে জেলার বেশির ভাগ হোটেল-মোটেল, রিসোর্ট আর গেস্ট হাউস। নতুনভাবে সাজিয়ে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা। বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো.জসীম উদ্দিন বলেন, সকল হোটেল মোটেল আর রিসোর্টগুলো আমরা নতুন আঙ্গিকে সাজানো এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সকল মালিককে নির্দেশনা দিয়েছি এবং সেই মোতাবেক পর্যটক বরণের জন্য সবাই সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে এ এম মিজানুর রহমান বুলেট জানান, আসন্ন দুর্গাপূজা ও বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে সুর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় লক্ষাধিক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটছে। ইতোমধ্যে আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলো বিপুল সংখ্যক পর্যটক দর্শনার্থীদের বরণে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রথম ও দ্বিতীয় শ্রেনীর আবাসিক হোটেল মোটেল, রিসোর্ট গুলোর ৭০-৮০ ভাগ রুম আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন কুয়াকাটা আবাসিক হোটেল ওনার্স এসোসিয়েশন কতৃপক্ষ। দুর্গাপূজা ও কার্নিভাল উৎসবে পর্যটক সমাগম বৃদ্ধির লক্ষ্যে হোটেল মালিক সমিতি রুম ভাড়ার উপর ৫০ ভাগ ছাড়ের ঘোষণা দিয়েছেন। বিপুল সংখ্যক পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ পৃথকভাবে প্রস্তুতি নিয়েছে। বীচ কার্নিভাল উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বীচ ম্যারাথন, বীচ ফুটবল সহ নানা আয়োজন থাকবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, জেলা প্রশাসন তথা বীচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ আয়োজনে এ বীচ কার্নিভাল উৎসব অনুষ্ঠিত হবে এমনটাই জানাগেছে জেলা প্রশাসন সুত্রে।



