
গঙ্গা চুক্তি: নবায়ন, নাকি নতুন চুক্তি
সানীউজ্জামান পাভেল [প্রকাশ : বাংলা স্ট্রিম, ২৩ নভেম্বর ২০২৬]
গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে এ পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল—শুধু ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ বাড়ানো নয়; বরং পরিবর্তিত পানির চাহিদা ও বাস্তবতা বিবেচনায় শর্ত সংশোধন করে নতুন চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে গেলে বাংলাদেশের ন্যূনতম পানিপ্রাপ্তির নিশ্চয়তা চায় ঢাকা। ১৯৭৭ সালের চুক্তিতে বাংলাদেশের বরাদ্দের অন্তত ৮০ শতাংশ পানি পাওয়ার যে নিশ্চয়তা ছিল, নতুন চুক্তিতে তেমন বিধান যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে এসেছে বাংলাদেশ।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সংসদসহ বিভিন্ন সভা-সেমিনারে ১২ ডিসেম্বরের আগে নতুন বা সংশোধিত চুক্তি সম্পাদনের আশাবাদ জানিয়েছিলেন। এ লক্ষ্যে গত এপ্রিলে ১০ সদস্যের উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করে সরকার। জুন ও আগস্টে ভারতকে একই ধরনের কমিটি গঠনের আহ্বান জানানো হলেও দিল্লি সাড়া দেয়নি।
এরই ধারাবাহিকতায় আলোচনার তাগিদ দিয়ে গত ১৭ নভেম্বর ভারতের জলশক্তিমন্ত্রী সি আর পাতিলকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী। চিঠিতে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে। তবে এখনো দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সম্প্রতি স্ট্রিমকে জানিয়েছেন, চুক্তি নবায়নের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। আগের চিঠিগুলোর কোনো জবাব না পাওয়ায় সর্বশেষ চিঠিটি পাঠিয়েছেন পানিসম্পদমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটা কমিটি করেছি। ভারতকে তা জানানো হয়েছে। কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। সে কারণেই মন্ত্রী ডিও দিয়ে চিঠিটা পাঠিয়েছেন।’
এদিকে, ২৩ নভেম্বর টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, নতুন চুক্তির দাবি থেকে সরে এসে বাংলাদেশ এখন বিদ্যমান চুক্তি নবায়নের উদ্যোগ নিচ্ছে। কিন্তু এ দাবির পক্ষে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট সূত্র, নথি কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার এমন বক্তব্য উল্লেখ করা হয়নি।
বরং বাংলাদেশের পানিসম্পদমন্ত্রীর নতুন বা সংশোধিত চুক্তির পক্ষে আগের বক্তব্য এবং ন্যূনতম পানিপ্রবাহের নিশ্চয়তা আদায়ের উদ্যোগ টাইমস অব ইন্ডিয়ার দাবিকে প্রশ্নবিদ্ধ করে। গত ১৯ নভেম্বর কারিগরি কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন চুক্তির দাবি প্রত্যাহারের কোনো ইঙ্গিত নেই।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর গবেষণা পরিচালক মাহফুজ কবির এবং পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও সেন্টার ফর সায়েন্স, টেকনোলজি, পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসির (সিএসটিপিডি) নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খানও আগে বাংলাদেশ স্ট্রিমকে জানিয়েছেন, শুধু মেয়াদ বাড়ানোর পরিবর্তে নতুন বা সংশোধিত চুক্তি বাংলাদেশের স্বার্থে বেশি কার্যকর হতে পারে।
গঙ্গার পানিবণ্টনে শেষ পর্যন্ত নবায়ন, নাকি নতুন চুক্তির পথে এগোবে দুই দেশ—তা নির্ভর করছে আলোচনার সূচনা, অগ্রগতি এবং দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।



