
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের ইস্যু এবং বাংলাদেশের স্বার্থ
কোনো বিষয়ে দীর্ঘদিন সিদ্ধান্তহীনতা বা অনিশ্চয়তা থাকলে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই ঝুঁকি নিতে পিছিয়ে যান। তাই ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ এবং দিল্লি সফর নিয়ে সরকার যত দ্রুত একটি পরিষ্কার অবস্থান জানাতে পারবে, তত দ্রুত অনিশ্চয়তা কমবে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ আরও শক্তিশালী হবে।... ড. ইমতিয়াজ আহমেদ [প্রকাশ : খবরের কাগজ, ৩০ আগস্ট ২০২৬]
প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করবেন কি না, তা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি বুঝতে হলে দুটি পৃথক আমন্ত্রণের কথা মনে রাখতে হবে। প্রথমটি দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ, যা গত ফেব্রুয়ারিতেই ভারত থেকে দেওয়া হয়েছিল। দ্বিতীয়টি আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ। বর্তমান বিমসটেকের চেয়ার হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর ধারাবাহিকতায় এই আমন্ত্রণ দেওয়া হয়েছে। ফলে দুটি আমন্ত্রণ একই সময়ে সামনে আসায় পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে। এখন মূল প্রশ্ন হলো–ভারত ঠিক কোন ধরনের সফর চাচ্ছে এবং ঢাকা কীভাবে এতে সাড়া দেবে। নয়াদিল্লি যে তারেক রহমানের ভারত সফর চায়, এমন ইঙ্গিত অবশ্য বিভিন্ন প্রতিবেদনে এসেছে; তবে সফরের ধরন ও সময় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট নয়।
তবে কথাবার্তায় মনে হচ্ছে, ভারত প্রথমে দ্বিপক্ষীয় সফরটিকেই গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দুই দেশের মধ্যে যেসব দ্বিপক্ষীয় সমস্যা এখনো অমীমাংসিত, সেগুলো নিয়ে সফরের আগে যথেষ্ট হোমওয়ার্ক করা জরুরি। কারণ যেকোনো উচ্চপর্যায়ের সফরের ক্ষেত্রেই সম্ভাব্য ফলাফল আগে থেকে বিবেচনা করা প্রয়োজন–সফর শেষে কী ধরনের অর্জন হতে পারে, সেটি স্পষ্ট থাকা দরকার।
তবে দিল্লি সফরের সময় নিয়ে একাধিক সম্ভাবনা রয়েছে। দ্বিপক্ষীয় সফরটি ব্রিকস সম্মেলনের আগে হতে পারে, ব্রিকসের প্রস্তুতির সময়ও হতে পারে, আবার ব্রিকস সম্মেলনের সঙ্গে মিলিয়ে পরপর দুটি সফরও হতে পারে। অর্থাৎ, দুই সফর ব্যাক-টু-ব্যাক হওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারতের পক্ষ থেকে একই সঙ্গে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস আউটরিচে অংশগ্রহণের আমন্ত্রণ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। দিল্লিতে ব্রিকসের আউটরিচ প্রোগ্রামে অংশ নেওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হতে পারে।
এর মাধ্যমে প্রধানমন্ত্রী চীন ও রাশিয়ার পাশাপাশি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের শীর্ষনেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাবেন। বিশেষ করে সাইড মিটিংয়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্ব ও ভাবমূর্তি তুলে ধরার সুযোগ তৈরি করবে। এসব দেশের নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠকের সময় পাওয়া অনেক কঠিন এবং এতে বছরের পর বছর লেগে যেতে পারে। অথচ ব্রিকসের এই আয়োজন একসঙ্গে অনেক দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। ভারতের সঙ্গেও সাইড মিটিং হলে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রত্যাশা ও অমীমাংসিত বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব। তাই সিদ্ধান্ত নিতে দেরি করে এই সুযোগ হাতছাড়া করা বাংলাদেশের জন্য সমীচীন হবে না।
এখানে একটি বিষয় স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকে পছন্দ নাও করতে পারে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো দেশের পছন্দ-অপছন্দের ওপর নির্ভর করতে পারে না। বাংলাদেশ এর আগে বেইজিং সফরেও স্পষ্টভাবে জানিয়েছিল যে তারা ব্রিকসে অংশগ্রহণ করতে আগ্রহী। তাই বহুপক্ষীয় এই সম্মেলনে অংশ না নেওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে, দ্বিপক্ষীয় দিল্লি সফরের ক্ষেত্রে আরও কিছুটা সময় নিয়ে প্রয়োজনীয় হোমওয়ার্ক করা দরকার।
কারণ সফর করে যদি প্রত্যাশিত কোনো ফলাফল না আসে, তাহলে স্বাভাবিকভাবেই সমালোচনা তৈরি হবে। দুই দেশের মধ্যে ফারাক্কা চুক্তি নবায়ন, রাজনৈতিক বিভিন্ন বিষয়, বিনিয়োগ ও বাণিজ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এছাড়া ভারত-বাংলাদেশের মধ্যে অনেক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সম্পর্কের বিষয়ও বিবেচনায় রাখতে হবে। সব মিলিয়ে ব্রিকস সম্মেলন ও দ্বিপক্ষীয় সফরের বিষয় দুটি একসঙ্গে সামনে আসায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে আমার মনে হয়, বহুপক্ষীয় সম্মেলন হিসেবে ব্রিকসে বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত। আর দ্বিপক্ষীয় দিল্লি সফরের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি ও সম্ভাব্য ফলাফল বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত।
তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই দেশের সম্পর্ককে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে পুরো চিত্রটি বোঝা যাবে না। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্কের মধ্যে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও স্বাস্থ্যসহ নানা মাত্রা থাকে। বাংলাদেশ-ভারত সম্পর্কেও বিষয়টি একই। দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বিভিন্ন সময়ে ওঠানামা হয়েছে। কখনো সম্পর্ক ভালো ছিল, আবার কখনো নানা কারণে টানাপোড়েন তৈরি হয়েছে।
কিন্তু রাজনৈতিক সম্পর্কের অবনতি সবসময় অন্য ক্ষেত্রের সম্পর্ককে একইভাবে প্রভাবিত করেনি। বাণিজ্যের ক্ষেত্রটি এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হলেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি থেমে যায়নি। বরং ওই সময়ে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। দুই দেশের আনুষ্ঠানিক বাণিজ্যের পাশাপাশি সীমান্তকেন্দ্রিক অনানুষ্ঠানিক বাণিজ্যও রয়েছে। সব মিলিয়ে এই বিশাল বাণিজ্যিক সম্পর্কের সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। ফলে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক সম্পর্ককে বাস্তবতার জায়গা থেকে বিবেচনা করতে হবে।
একইভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা ও বৃত্তির সুযোগ পায়। আবার উন্নত চিকিৎসার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতে যান। ভিসা ব্যবস্থার কিছুটা শিথিলতা হলে মানুষের ব্যাপক আগ্রহ থেকেই বোঝা যায়, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের প্রয়োজন কতটা গভীর। অর্থাৎ রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকলেও জনগণের প্রয়োজন ও পারস্পরিক স্বার্থের জায়গাগুলো সব সময় একইভাবে থেমে থাকে না। তবে রাজনৈতিক সম্পর্ক ভালো থাকলে এসব ক্ষেত্র আরও সহজ ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।
বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিনের একটি সমালোচনা হলো, ভারত বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। এখন বাংলাদেশের প্রত্যাশা হলো, ভারত যেন শুধু কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং সব রাজনৈতিক দল এবং সর্বোপরি বাংলাদেশের জনগণের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে। ভারত এই বিষয়টি কীভাবে বাস্তবায়ন করবে, সেটি অবশ্য তাদের নিজস্ব কূটনৈতিক সিদ্ধান্তের বিষয়।
এখন রাজনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে, তা নিশ্চিতভাবে বলা কঠিন। এর জন্য সময় ও ধারাবাহিক যোগাযোগ প্রয়োজন। কিন্তু ব্রিকস সম্মেলনে বাংলাদেশ অংশ নেবে কি না, এ বিষয়ে দ্রুত একটি পরিষ্কার অবস্থান নেওয়া জরুরি। কারণ ব্রিকস একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, ভারতের কোনো নিজস্ব আয়োজন নয়। বাংলাদেশ যদি স্পষ্টভাবে জানায় যে তারা ব্রিকস সম্মেলনে অংশ নেবে এবং সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে, তাহলে বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি অনেকটাই কমে যাবে।
ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের বহুপক্ষীয় কূটনীতির অংশ, আর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালিত হবে বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও অমীমাংসিত বিষয়গুলোর ভিত্তিতে। তাই দুটি বিষয়কে এক করে দেখার প্রয়োজন নেই। বরং এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান বাংলাদেশের কূটনৈতিক স্বার্থকে আরও সুরক্ষিত করবে।
এর সঙ্গে অর্থনৈতিক বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিনিয়োগ বাড়ানোর অন্যতম প্রধান শর্ত হলো স্থিতিশীলতা, আর স্থিতিশীলতার জন্য প্রয়োজন নীতিগত নিশ্চয়তা ও সিদ্ধান্তের স্পষ্টতা। কোনো বিষয়ে দীর্ঘদিন সিদ্ধান্তহীনতা বা অনিশ্চয়তা থাকলে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই ঝুঁকি নিতে পিছিয়ে যান। তাই ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ এবং দিল্লি সফর নিয়ে সরকার যত দ্রুত একটি পরিষ্কার অবস্থান জানাতে পারবে, তত দ্রুত অনিশ্চয়তা কমবে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ আরও শক্তিশালী হবে।
লেখক: শিক্ষাবিদ ও আন্তর্জাতিক বিশ্লেষক



