পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়

পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়
কলামবাংলাদেশ

পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়

২৮ অক্টোবর, ২০২৬

আতাউর রহমান u ব্যারাজের মাধ্যমে পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রিত সরবরাহ করা গেলে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতী, চন্দনা-বারাশিয়া, ইছামতী ও বড়াল—এই পাঁচটি নদ–নদীব্যবস্থার পুনরুজ্জীবনের সুযোগ সৃষ্টি হতে পারে। u দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা শুধু মিঠাপানির ঘাটতির সমস্যা নয়; জোয়ারবাহিত পলি, নদীতল উঁচু হওয়া, স্থানীয় নিষ্কাশনব্যবস্থা এবং পোল্ডার ও জলকপাট ব্যবস্থাপনাও এর সঙ্গে জড়িত। ছয় দশকের বেশি সময় ধরে সমীক্ষা ও পরিকল্পনার পর পদ্মা ব্যারাজ এখন বাস্তবায়নের পর্যায়ে এসেছে। আগের সমীক্ষাগুলো এ প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে। এই ব্যারাজ কেন প্রয়োজন এবং এর মূল চ্যালেঞ্জ কোথায়, তা নিয়ে লিখেছেন মো. আতাউর রহমান। [সূত্র : প্রথম আলো, ২৮ অক্টোবর ২০২৬]

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানিব্যবস্থাপনায় পদ্মা ব্যারাজ একটি বহুল আলোচিত ও দীর্ঘদিনের পরিকল্পিত প্রকল্প। এর সম্ভাব্য সুফল অনেক—শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, মৃতপ্রায় নদী পুনরুজ্জীবন, সেচ সম্প্রসারণ, নাব্যতা বৃদ্ধি, লবণাক্ততা নিয়ন্ত্রণ, সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বৃদ্ধি, মৎস্য উৎপাদন এবং জলবিদ্যুৎ উৎপাদন। তবে এই ব্যারাজের সাফল্য নির্ভর করবে পানি ও পলি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য পরিবেশগত ও নদীর রূপগত পরিবর্তন কতটা কার্যকরভাবে মোকাবিলা করা যায় তার ওপর।

 

সাম্প্রতিককালে কিছু গবেষক পদ্মা ব্যারাজের চ্যালেঞ্জ, পলি ব্যবস্থাপনা ও নেতিবাচক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে নানা সমীক্ষা শেষে প্রস্তাবিত ব্যারাজের সুফল ও চ্যালেঞ্জসমূহ নিয়ে দেশি-বিদেশি ১৩টি কারিগরি প্রতিষ্ঠান প্রায় চার বছর মেয়াদি জরিপ, গাণিতিক মডেল স্টাডি, ভৌত মডেল স্টাডি, পরিবেশগত প্রভাব, সামাজিক প্রভাব ইত্যাদি বিবেচনায় নিয়ে যে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট প্রস্তুত করেছে, উত্থাপিত প্রশ্নগুলোর অনেকগুলোর উত্তর সেখানে রয়েছে।

 

পদ্মা ব্যারাজ প্রকল্পের রূপরেখা

বর্তমান পদ্মা ব্যারাজ প্রকল্প দীর্ঘদিন ‘গঙ্গা ব্যারাজ প্রকল্প’ নামে পরিচিত ছিল। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশে প্রবেশ করা গঙ্গার পানি নদীর মধ্যেই নিয়ন্ত্রিতভাবে সংরক্ষণ করে বিশেষত শুষ্ক মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে প্রয়োজনীয় মিঠাপানি সরবরাহ করা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী রাজবাড়ীর পাংশায়, গঙ্গা-যমুনার মিলনস্থল গোয়ালন্দ থেকে প্রায় ৩৭ কিলোমিটার উজানে, গঙ্গার ওপর প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ নির্মাণ করা হবে। এতে থাকবে ৭৮টি প্রধান পানি নির্গমন পথ, ১৮টি তলদেশীয় পানি নির্গমন পথ, দুটি মাছ চলাচল পথ, একটি নৌ-লক, চার লেনের রাস্তা এবং প্রয়োজনীয় নদীশাসন অবকাঠামো।

 

২০২৬ সালের ১৩ মে একনেকে অনুমোদিত প্রথম পর্যায়ের ব্যয় প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা এবং বাস্তবায়নকাল জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩। প্রকল্পে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ এবং পদ্মা ব্যারাজ ও গড়াইয়ের উৎসমুখে মোট ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

 

ছয় দশকের বেশি সময়ের পরিকল্পনা

পদ্মা ব্যারাজ কোনো সাম্প্রতিক ধারণা নয়। ১৯৬৩ সালে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান ট্যামস গঙ্গার পানির স্তর বাড়িয়ে গড়াইসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখা নদীগুলোতে শুষ্ক মৌসুমে প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে ব্যারাজ নির্মাণের সম্ভাবনা পরীক্ষা করে। পরে ১৯৬৪ সালে আইইসিও এবং ১৯৬৯ সালে এসিই পাকিস্তান এ বিষয়ে সমীক্ষা চালায়। এসব সমীক্ষা ফারাক্কা ব্যারাজ চালুর আগেই হয়েছিল; অর্থাৎ গঙ্গা ব্যারাজের ধারণা শুধু ফারাক্কার প্রতিক্রিয়া হিসেবে সৃষ্টি হয়নি। ১৯৭৫ সালে ফারাক্কা চালুর পর শুষ্ক মৌসুমের পানিপ্রবাহ, মিঠাপানি সরবরাহ ও লবণাক্ততা নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৯৮৪ সালের বিশেষজ্ঞ সমীক্ষা এবং ১৯৮৯ সালের ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের সমীক্ষায় পাংশায় ব্যারাজ নির্মাণের প্রস্তাব সমর্থন করা হয়।

 

১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির পর বাংলাদেশের প্রাপ্য পানির সর্বোত্তম ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়। ২০০২ সালের প্রাক্‌-সম্ভাব্যতা সমীক্ষার ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০০৯ সালে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকৌশল নকশা প্রণয়ন শুরু করে। দেশি-বিদেশি বিশেষায়িত ১৩টি প্রতিষ্ঠানের চার বছর মেয়াদি সমীক্ষায় তথ্য সংগ্রহ, গাণিতিক ও ভৌত মডেল, পলি ও নদীর রূপগত পরিবর্তন এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণের ভিত্তিতে পাংশাকে স্থান হিসেবে নির্বাচন করা হয়। পরে কারিগরি পর্যালোচনার মাধ্যমে ২০১৬ সালের মধ্যে নকশা চূড়ান্ত করা হয়।

 

পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন

শুষ্ক মৌসুমে গঙ্গার প্রবাহ কমে গেলে শাখা নদীগুলোতে পলি জমে, নাব্যতা হ্রাস পায় এবং মূল নদীর সঙ্গে কার্যকর সংযোগ দুর্বল হয়। ব্যারাজের মাধ্যমে পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রিত সরবরাহ করা গেলে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতী, চন্দনা-বারাশিয়া, ইছামতী ও বড়াল—এই পাঁচটি নদ–নদীব্যবস্থার পুনরুজ্জীবনের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রকল্পসংশ্লিষ্ট প্রাক্কলনে প্রায় ২৯ লাখ হেক্টর নিট আবাদযোগ্য জমিতে সেচ সুবিধা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। গঙ্গা-কপোতাক্ষ ও উত্তর রাজশাহীসহ ভূপৃষ্ঠের পানিনির্ভর সেচব্যবস্থায় পানির প্রাপ্যতা বাড়তে পারে।

 

ব্যারাজের উজানে সৃষ্ট জলাধার শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের পাশাপাশি মৎস্যসম্পদের জন্যও সহায়ক হতে পারে। গড়াই-মধুমতীসহ সংশ্লিষ্ট নদ–নদীতে পর্যাপ্ত মিঠাপানি সরবরাহ করা গেলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও সুন্দরবনে সমুদ্রের লবণাক্ত পানির অগ্রগতি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এতে কৃষি, মৎস্য, খাওয়ার পানির উৎস এবং সুন্দরবনের প্রতিবেশ উপকৃত হতে পারে। একইভাবে পরিকল্পিত পানিপ্রবাহের সঙ্গে প্রয়োজনীয় খনন ও উৎসমুখ ব্যবস্থাপনা যুক্ত হলে বিভিন্ন নদীর নাব্যতা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে।

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা শুধু মিঠাপানির ঘাটতির সমস্যা নয়; জোয়ারবাহিত পলি, নদীতল উঁচু হওয়া, স্থানীয় নিষ্কাশনব্যবস্থা এবং পোল্ডার ও জলকপাট ব্যবস্থাপনাও এর সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট নদীর নাব্যতা ও নিষ্কাশনক্ষমতা বাড়লে ব্যারাজ জলাবদ্ধতা কমাতে সহায়ক হতে পারে, তবে অন্যান্য ব্যবস্থার সঙ্গে সমন্বয় প্রয়োজন। প্রকল্পে মোট ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে শুষ্ক মৌসুমে নদী ও পরিবেশ, কৃষি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানির চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। তাই জলবিদ্যুৎকে প্রকল্পের প্রধান উদ্দেশ্য নয়, বরং সহায়ক সুবিধা হিসেবে দেখাই যৌক্তিক।

 

সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ

প্রস্তাবিত ব্যারাজের কার্যকারিতা নির্ভর করবে পলি ব্যবস্থাপনা, শুষ্ক মৌসুমে উজানের পানির প্রাপ্যতা, ভাটির প্রয়োজনীয় প্রবাহ, নদীভাঙন ও পরিবেশগত প্রভাব মোকাবিলা। সম্ভাব্যতা সমীক্ষায় গাণিতিক ও ভৌত মডেল, পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নসহ বিভিন্ন কারিগরি বিশ্লেষণের মাধ্যমে এসব বিষয় বিবেচনা করা হয়েছে। মূল প্রতিবেদনের ২০টি অধ্যায়ে পানি ও পলি প্রবাহ, ব্যারাজ পরিচালনা, প্রকৌশল নকশা, পানি সংরক্ষণ, শাখা নদীতে পানি সরবরাহ, ভাটির প্রবাহ এবং ২০৭২ সাল পর্যন্ত সম্ভাব্য পলি সঞ্চয়ের বিশ্লেষণ রয়েছে। পরিবেশগত মূল্যায়নে পলি প্রবাহ, নদীভাঙন, বন্যা, কৃষি, মৎস্য ও লবণাক্ততাসহ ২২টি বিষয়ে সম্ভাব্য প্রভাব ও প্রতিকার আলোচনা করা হয়েছে। এসব প্রতিবেদন জনসাধারণ ও গবেষকদের জন্য উন্মুক্ত করা হলে প্রকল্পটি নিয়ে তথ্যভিত্তিক আলোচনা সহজ হবে।

 

পলি ব্যবস্থাপনা: পদ্মা ব্যারাজের দীর্ঘমেয়াদি কার্যকারিতার অন্যতম প্রধান কারিগরি চ্যালেঞ্জ পলি ব্যবস্থাপনা। ব্যারাজের উজানে পানির স্তর বৃদ্ধি ও প্রবাহবেগ হ্রাস পেলে পলি জমে নদীতল উঁচু হওয়া, চর সৃষ্টি, মূল প্রবাহপথ স্থানান্তর এবং পানি ধারণক্ষমতা হ্রাসের ঝুঁকি রয়েছে। এ কারণে নকশায় ১৮টি তলদেশীয় পানি নির্গমন পথ বা আন্ডারস্লুইস রাখা হয়েছে, যার তলদেশ অন্যান্য গেটের তুলনায় প্রায় ১ দশমিক ৫ মিটার নিচে। এর মাধ্যমে তলদেশের অধিক পলিঘন পানি ভাটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে শুধু আন্ডারস্লুইস যথেষ্ট নয়। কোন সময়ে কোন গেট কতটা খোলা হবে, কখন পলিযুক্ত পানি দ্রুত ভাটিতে পাঠানো হবে এবং কোথায় সম্পূরক খনন প্রয়োজন—এসব নিয়ে বিজ্ঞানভিত্তিক পলি পরিচালনবিধি প্রয়োজন। পরিকল্পনা অনুযায়ী বছরে তিন মাস (১০ জুলাই থেকে ১০ অক্টোবর) ব্যারাজের সব গেট খোলা থাকবে। এ সময় বর্ষার প্রবল প্রবাহের সঙ্গে জমে থাকা পলির একটি অংশ ভাটিতে পরিবাহিত হতে পারে।

 

ভাটিতে কত পানি ছাড়া হবে: ব্যারাজে আসা সব পানি ধরে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঠানো সম্ভব নয়, পরিবেশগতভাবে কাম্যও নয়। ভাটির প্রবাহ নদীর গভীরতা, পলি পরিবহন, মাছের আবাসস্থল, নৌ চলাচল, তীরের স্থিতিশীলতা এবং নিম্ন পদ্মা-মেঘনায় মিঠাপানি ও পলি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী সবচেয়ে সংকটপূর্ণ মার্চ ও এপ্রিলেও ন্যূনতম প্রায় ৯ হাজার কিউসেক পানি ভাটিতে ছাড়ার পরিকল্পনা রয়েছে; অন্য শুষ্ক মাসগুলোতে এর চেয়ে বেশি প্রবাহ রাখার কথা বলা হয়েছে। তবে ভবিষ্যৎ নদী ও পরিবেশগত অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় ভাটির প্রবাহ নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।

 

ব্যারাজ কি নদীভাঙন বাড়াতে পারে: ব্যারাজ নির্মাণ হলে নদীভাঙন হবে না—এমন নিশ্চয়তা দেওয়া যায় না; আবার ব্যারাজ নির্মাণ হলেই ব্যাপক নদীভাঙন অনিবার্য—এমন সিদ্ধান্তও বৈজ্ঞানিক নয়। উজানে পলি সঞ্চয় ও প্রবাহপথ পরিবর্তন এবং ভাটিতে স্থানীয় নদীতল ক্ষয় ও পলির ঘাটতি কোনো কোনো স্থানে ভাঙনের ঝুঁকি বাড়াতে পারে। এ কারণে সম্ভাব্যতা সমীক্ষায় নদীশাসন ও প্রয়োজনীয় তীর রক্ষাব্যবস্থার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। গঙ্গার গতিশীল প্রকৃতির কারণে নির্মাণের আগে ও পরে নদীর প্রবাহপথ, তলদেশ ও তীরের পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ জরুরি।

 

গঙ্গার পানি চুক্তি: সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো ব্যারাজ পানি তৈরি করতে পারে না; নদীতে আসা পানিই কেবল সংরক্ষণ ও পুনর্বণ্টন করতে পারে। গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। ভবিষ্যতে পদ্মা ব্যারাজের পূর্ণ কার্যকারিতার জন্য শুষ্ক মৌসুমে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য উজানের প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যৎ পানিবণ্টন ব্যবস্থায় নির্ভরযোগ্য শুষ্ক-মৌসুমি প্রবাহ, পরিবেশগত প্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বিবেচনা করা প্রয়োজন।

 

প্রয়োজন সমন্বিত ও অভিযোজনযোগ্য পরিচালনবিধি

পদ্মা ব্যারাজের সাফল্য শুধু কংক্রিটের কাঠামোর ওপর নয়, এটি কীভাবে পরিচালিত হবে তার ওপর বেশি নির্ভর করবে। পানি সংরক্ষণ, পলিপ্রবাহ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীতে পানি সরবরাহ, ভাটির পরিবেশগত প্রবাহ, নাব্যতা, লবণাক্ততা, বন্যা ও নদীভাঙনের ঝুঁকি একই পরিচালনব্যবস্থায় বিবেচনা করতে হবে। পানিপ্রবাহ, পানির স্তর, পলির ঘনত্ব, নদীতল ও তীররেখার পরিবর্তন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর লবণাক্ততা নিয়মিত পর্যবেক্ষণের জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। নতুন তথ্য, নদীর পরিবর্তন, খরা-বন্যার প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুযায়ী পরিচালনপদ্ধতিও নিয়মিত হালনাগাদ করতে হবে।

 

শেষ কথা

নদীতে ড্যাম বা ব্যারাজ কোনো নিষিদ্ধ স্থাপনা নয়। নদীর প্রবাহকে যথাযথভাবে ব্যবহার করার জন্য ক্ষেত্রবিশেষে এসব স্থাপনা নির্মাণের প্রয়োজন হয়। তবে পরিকল্পনা ও নকশা প্রণয়নকালে এসব স্থাপনার পরিবেশের ওপর বিরূপ প্রভাব মোকাবিলার উপায় ও এ স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদি কার্যকরী ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। উল্লেখ্য, ভারত মূল গঙ্গার ওপর ফারাক্কাসহ ৬টি ব্যারাজ নির্মাণ করেছে এবং গঙ্গার উপনদীগুলোসহ গঙ্গা অববাহিকায় এখন পর্যন্ত ৭৩টি ব্যারাজ নির্মাণ করেছে। ভারত-পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত অন্যতম দীর্ঘ নদ সিন্ধুর ওপর পাকিস্তান ৬টি ব্যারাজ নির্মাণ করেছে, যেগুলো মূলত সেচকাজ, বন্যা নিয়ন্ত্রণ এবং সুপেয় পানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এই ব্যারাজগুলো পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে।

 

পদ্মা ব্যারাজ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৬টি জেলায় পানি ব্যবস্থাপনা, কৃষি, নাব্যতা, মৎস্যসম্পদ ও পরিবেশগত ভারসাম্যে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা রাখে। মৃতপ্রায় নদী পুনরুজ্জীবন, সেচ সম্প্রসারণ, নাব্যতা বৃদ্ধি, লবণাক্ততা নিয়ন্ত্রণ, সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন এবং জলবিদ্যুৎ উৎপাদন—সব মিলিয়ে প্রকল্পটির সম্ভাব্য সুফল ব্যাপক। তবে তিনটি বিষয় প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রথমত, শুষ্ক মৌসুমে গঙ্গায় বাংলাদেশের জন্য পর্যাপ্ত ও নির্ভরযোগ্য পানির প্রাপ্যতা নিশ্চিত করা। দ্বিতীয়ত, পানি সংরক্ষণের পাশাপাশি পলির উজান-ভাটির ধারাবাহিকতা যতটা সম্ভব বজায় রাখতে বৈজ্ঞানিক পলি ব্যবস্থাপনা করা। তৃতীয়ত, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানির চাহিদা মেটাতে গিয়ে ব্যারাজের ভাটির গঙ্গা-পদ্মার প্রয়োজনীয় পরিবেশগত প্রবাহ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা।

 

ছয় দশকের বেশি সময় ধরে সমীক্ষা ও পরিকল্পনার পর পদ্মা ব্যারাজ এখন বাস্তবায়নের পর্যায়ে এসেছে। আগের সমীক্ষাগুলো এ প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে। তবে ব্যারাজ নির্মাণের আগে ও নির্মাণকালে সর্বশেষ পানিপ্রবাহ, পলি পরিবহন, নদীর রূপগত পরিবর্তন, উজানের পানি প্রত্যাহার এবং জলবায়ু পরিবর্তনের তথ্য ব্যবহার করে পূর্ববর্তী সমীক্ষার গুরুত্বপূর্ণ অনুমানগুলো হালনাগাদ করা প্রয়োজন। সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত প্রকৌশল নকশার গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো গবেষক ও জনসাধারণের জন্য উন্মুক্ত করাও জরুরি। এতে প্রকল্পটির সম্ভাব্য সুফল ও ঝুঁকি নিয়ে অনুমাননির্ভর বিতর্কের পরিবর্তে তথ্য ও বৈজ্ঞানিক বিশ্লেষণনির্ভর আলোচনা সম্ভব হবে। ব্যারাজকে তাই শুধু একটি ব্যারাজ হিসেবে দেখলে চলবে না। এটি হতে হবে পানি, পলি, নদী, কৃষি, মৎস্য, নৌপরিবহন, উপকূল ও সুন্দরবনকে একই ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা একটি সমন্বিত নদী ব্যবস্থাপনা প্রকল্প।

 

● ড. মো. আতাউর রহমান অধ্যাপক, পানিসম্পদ কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

ট্যাগ:BCSকলামবাংলাদেশ