পানি নিরাপত্তা ও বাংলাদেশের ভূকৌশলগত বাস্তবতা

পানি নিরাপত্তা ও বাংলাদেশের ভূকৌশলগত বাস্তবতা
কলামআন্তর্জাতিক

পানি নিরাপত্তা ও বাংলাদেশের ভূকৌশলগত বাস্তবতা

১৭ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ সফি উল্যাহ [সূত্র : কালের কণ্ঠ, ১৭ নভেম্বর ২০২৬]

বাংলাদেশের জন্য পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি কৌশলগত বিষয়। নদীমাতৃক এই দেশ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) নদীব্যবস্থার নিম্ন অববাহিকায় অবস্থিত।

দেশের কৃষি, মৎস্যসম্পদ, নৌপরিবহন, পলি পরিবহন ও উপকূলীয় পরিবেশ এই নদীব্যবস্থার ওপর নির্ভরশীল। কিন্তু নদীগুলোর উজানের বিস্তীর্ণ অববাহিকা বাংলাদেশের সীমান্তের বাইরে অবস্থিত। ফলে উজানের দেশগুলোর বাঁধ নির্মাণ, পানি প্রত্যাহার, জলাধার পরিচালনা ও নদীর প্রবাহ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বাংলাদেশের পানি নিরাপত্তাকে প্রভাবিত করছে। এই আন্ত সীমান্ত নির্ভরতার কারণে পানির প্রশ্নটি শুধু সম্পদ ব্যবস্থাপনার বিষয় নয়, এটি একই সঙ্গে কূটনীতি, আন্তর্জাতিক আইন, আঞ্চলিক সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন।
 
 
 
 

 

 

বাংলাদেশের জন্য গঙ্গা-পদ্মার পানিপ্রবাহের সংকট একটি প্রত্যক্ষ বাস্তবতা। শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজের ভাটিতে পানির স্বল্পতা বাংলাদেশের পদ্মা নদীর প্রবাহ ও নাব্যতাকে ক্ষতিগ্রস্ত করছে।

 

 

তিস্তা নদীর পানিবণ্টন বাংলাদেশের সঙ্গে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হাইড্রোপলিটিক্যাল বা পানির ভূ-রাজনৈতিক ইস্যু। শুষ্ক মৌসুমে উজান থেকে তিস্তার পানিপ্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষত রংপুর অঞ্চলে পানির প্রাপ্যতা ও ন্যায্য হিস্যা নিয়ে সংকট তৈরি হচ্ছে। ২০১১ সালে প্রস্তাবিত তিস্তার পানিবণ্টন চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও ভারত ও বাংলাদেশের মধ্যে এখনো তা স্বাক্ষরিত হয়নি। এদিকে তিস্তার পানিপ্রবাহের ওপর বাংলাদেশের নির্ভরতা এবং উজানের পানি নিয়ন্ত্রণে ভারতের অধিকতর সক্ষমতা দুই দেশের মধ্যে অসম পানি-রাজনীতির বাস্তবতাকে স্পষ্ট করে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় তিস্তার ন্যায্য পানিবণ্টন, শুষ্ক মৌসুমে নির্ভরযোগ্য পানিপ্রবাহের নিশ্চয়তা এবং অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় কার্যকর দ্বিপক্ষীয় সমঝোতা অপরিহার্য।

 

ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পরিচিত—নদীর পানিপ্রবাহ ও বণ্টন বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সরাসরি হাইড্রোপলিটিক্যাল ইস্যু। ব্রহ্মপুত্র ভারতের অরুণাচল প্রদেশ ও আসামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় উজানে ভারতের পানি ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সিদ্ধান্ত বাংলাদেশের পানিপ্রবাহকে প্রভাবিত করতে পারে। বর্ষায় অতিরিক্ত প্রবাহ বন্যা ও নদীভাঙনের ঝুঁকি বাড়ায়, আর শুষ্ক মৌসুমে পানিপ্রবাহের পরিবর্তন নদীর পানি ব্যবস্থাপনায় প্রভাব ফেলে। বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে পানিপ্রবাহের নির্ভরযোগ্য তথ্য বিনিময়, উজানের প্রকল্পের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন এবং বন্যার আগাম সতর্কীকরণে কার্যকর সহযোগিতা নিশ্চিত করা জরুরি। একইভাবে বরাক নদী থেকে সৃষ্ট সুরমা-কুশিয়ারা নদীব্যবস্থায় ভারতের উজানভিত্তিক পানি ব্যবস্থাপনা বাংলাদেশের সিলেট অঞ্চলের পানিপ্রবাহকে সরাসরি প্রভাবিত করে। তাই ব্রহ্মপুত্র-যমুনা ও বরাক-সুরমা-কুশিয়ারা নদীব্যবস্থায় বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা, স্বার্থ সুরক্ষা এবং কার্যকর দ্বিপক্ষীয় পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা অপরিহার্য।

 

বাংলাদেশের পানি-কূটনীতির প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানিপ্রবাহ ও ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করা। গঙ্গা-পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র-যমুনা এবং বরাক-সুরমা-কুশিয়ারা নদীব্যবস্থায় উজানে ভারতের পানি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত বাংলাদেশের নদীর প্রবাহ, শুষ্ক মৌসুমের পানির প্রাপ্যতা এবং বর্ষার বন্যা পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করতে পারে। গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং অভিন্ন নদীগুলোর প্রবাহসংক্রান্ত তথ্য বিনিময় বাংলাদেশের জন্য জরুরি কূটনৈতিক অগ্রাধিকার। বাংলাদেশের পানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সঙ্গে কার্যকর দ্বিপক্ষীয় আলোচনা, বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পানিপ্রবাহ মূল্যায়ন এবং ন্যায্য ও দীর্ঘমেয়াদি পানিবণ্টন ব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য।

 

আন্ত সীমান্ত পানির প্রশ্নে আন্তর্জাতিক আইন বাংলাদেশের পানি-কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক জলপথের অনৌচলাচলমূলক ব্যবহারবিষয়ক কনভেনশন অভিন্ন পানিসম্পদের ন্যায্য ও যুক্তিসংগত ব্যবহার, উল্লেখযোগ্য আন্ত সীমান্ত ক্ষতি প্রতিরোধ এবং রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার নীতিকে স্বীকৃতি দেয়। ন্যায্য পানিবণ্টন বলতে সব রাষ্ট্রের সমপরিমাণ পানিপ্রাপ্তি বোঝায় না, বরং ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার পানিনির্ভরতা, সামাজিক ও অর্থনৈতিক চাহিদা এবং পরিবেশগত প্রয়োজন বিবেচনায় নিতে হয়। ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশ জাতিসংঘের ১৯৯২ সালের আন্ত সীমান্ত পানিপ্রবাহ ও আন্তর্জাতিক হ্রদ সুরক্ষা ও ব্যবহার বিষয়ক কনভেনশনে যোগ দেয় এবং দক্ষিণ এশিয়ার প্রথম সদস্য রাষ্ট্র হয়। এই সদস্য পদ বাংলাদেশের আন্তর্জাতিক পানি-কূটনীতিকে শক্তিশালী করার এবং অভিন্ন নদীর পানিপ্রবাহসংক্রান্ত তথ্য বিনিময়, যৌথ পর্যবেক্ষণ ও আন্ত সীমান্ত সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে।

 

বাংলাদেশের এই সক্ষমতা বৃদ্ধিতে ভূস্থানিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিমোট সেন্সিং, ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস), স্যাটেলাইট অলটিমেট্রি এবং জলবিদ্যাগত ও আবহাওয়াবিষয়ক মডেলিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ ও বিস্তার, জলাধারের পরিবর্তন, নদীভাঙন, বন্যার ঝুঁকি এবং উপকূলীয় লবণাক্ততা পর্যবেক্ষণ করা যায়।

 

আন্ত সীমান্ত পানি-কূটনীতিকে কার্যকর করতে বাংলাদেশের অভ্যন্তরীণ পানিশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও শক্তিশালী করা জরুরি। সেচে পানির দক্ষ ব্যবহার, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন হ্রাস, দূষণ নিয়ন্ত্রণ, নদী পুনরুদ্ধার এবং হাওর, বাঁওড় ও অন্যান্য জলাভূমি সংরক্ষণ দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তায় অবদান রাখতে পারে। বাংলাদেশের ডেল্টা প্ল্যান ২১০০ পানি নিরাপত্তা, জলবায়ু অভিযোজন ও দীর্ঘমেয়াদি উন্নয়নকে সমন্বিতভাবে বিবেচনার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। এই পরিকল্পনার লক্ষ্য অর্জনে অভ্যন্তরীণ নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে আন্ত সীমান্ত পানি-কূটনীতির কার্যকর সমন্বয় প্রয়োজন।

 

বাংলাদেশের পানি নিরাপত্তা ও হাইড্রোপলিটিকস শুধু পরিবেশগত বা কূটনৈতিক বিষয় নয়, এটি জাতীয় উন্নয়ন, অর্থনীতি, পরিবেশ ও সার্বভৌম স্বার্থের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। গঙ্গা-পদ্মার পানিবণ্টন চুক্তির নবায়ন, তিস্তার ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করা, ব্রহ্মপুত্র-যমুনা ও অন্যান্য অভিন্ন নদীর পানিপ্রবাহসংক্রান্ত তথ্য বিনিময়, আন্তর্জাতিক পানি আইনের কার্যকর প্রয়োগ এবং ভূস্থানিক প্রযুক্তির ব্যবহারকে একটি সমন্বিত জাতীয় কৌশলের অংশ করতে হবে। উজানের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য হওয়া উচিত নিজস্ব পানির অধিকার ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে তুলে ধরা, একতরফা পানিপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা এবং আন্তর্জাতিক আইন, বৈজ্ঞানিক প্রমাণ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা করা।

 

লেখক : অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক