অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা

অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা
কলামআন্তর্জাতিক

অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা

২ সেপ্টেম্বর, ২০২৬

জামালউদ্দিন বারী [সূত্র : Daily Inqilab, ০২ সেপ্টেম্বর ২০২৬]

গত মঙ্গলবার নেপাল ও তিব্বতের পার্বত্য সীমান্ত এলাকায় আকস্মিক ভয়াবহ ভূমি ধস ও বন্যায় শত শত মানুষের মৃত্যু এবং অসংখ্য বিদেশি পর্যটক নিখোঁজ হয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের আর কোথাও প্রাকৃতিক দুর্যোগের এমন চিত্র দেখা যায়নি। বিনা মেঘে বজ্রপাতের মতো হিমালয়ের উঁচু গিরিখাত থেকে হঠাৎ বিচ্চুত গ্লেসিয়ারের সাথে হাজার হাজার টন পাথর ও পাহাড়ের ধ্বংসাবশেষ কয়েক মিনিটের মধ্যে গিরিপথ ও পাহাড়ি নদী বেয়ে অতি দ্রুত বেগে নেমে এসে সন্নিহিত জনপদগুলোকে কাঁদামাটির কয়েক ফুট আস্তরণের নিচে ঢেকে দেয়। পাহাড় থেকে নেমে আসা বরফগলা পানির তোড়ে নেপালের ত্রিশুলী, ভেতেকোশি ও লেন্দেখোলা নদীর উচ্চতা আকস্মিক ২০-৩০ ফুট বেড়ে নদীর দুই পাড়ের বাড়িঘর, ব্রীজ ও অবকাঠামো ভাসিয়ে নিয়ে যায়।

 

 

নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসময়ে সবচেয়ে ভাইরাল দৃশ্যগুলোর অন্যতম। চীন, ভারত, বাংলাদেশসহ প্রতিবেশি ও বিশ্বসম্প্রদায় নেপালের দুযোর্গ কবলিত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। নেপালের সেনাবাহিনীর পাশে দেশি-বিদেশি উদ্ধার কর্মীরা নিখোঁজদের উদ্ধার, দুর্গত মানুষের ত্রাণ এবং পুর্নবাসনের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আঞ্চলিক-আন্তর্জাতিক বাস্তবতায় এটি নিতান্তই একটি সহজাত প্রবণতা। হিমালয়ের গ্লেসিয়ার ধস এবং নেপালে ধ্বংসাত্মক ল্যান্ডস্লাইড ও বন্যার এই পরিনতি উপমহাদেশের ভূ-প্রকৃতির বৈচিত্র্য, পারস্পরিক নির্ভরতা ও বিচ্ছিন্নতার একটি বিপরীতমুখী চিত্র বেরিয়ে এসেছে। চীন, ভারত, পাকিস্তানের আধিপত্যের লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও কিভাবে এ অঞ্চলের অবিচ্ছেদ্য ভূ-প্রাকৃতিক বাস্তবতা ও নির্ভরশীলতার অনিবার্য বাস্তবতাকে নতুন এক আত্মোপলব্ধির সুযোগ এনে দিয়েছে।

 

 

নেপাল ও তিব্বত সীমান্তের হিমালয় পবর্তমালার আইসক্যাপ ও জমাটবদ্ধ হ্রদগুলো থেকে সৃষ্ট প্র¯্রবণ নেপাল, চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমারের অধিকাংশ নদনদীর প্রধান উৎস। এ অঞ্চলের সুপ্রাচীন জনবসতি, সভ্যতার উত্থানের নেপথ্যে এসব সুপেয় পানির নদী এবং নদীবাহিত উর্বর পলিমাটির অপরিমেয় অবদান রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক সীমান্ত ও মানচিত্রের বিবেচনায় পাহাড়, নদী ও সুপেয় পানির উৎস থেকে কোনো অংশের মানুষ ও জনপদকে বঞ্চিত করার চক্রান্ত আখেরে পুরো অঞ্চলের চরম বিপর্যয় সৃষ্টি করতে পারে। হিমালয়ের গ্লেসিয়ার ধসে যাওয়ার আশঙ্কা কোনো নতুন ইস্যু নয়।

 

 

বিগত শতকের সত্তুরের দশক থেকেই বিশ্বের পরিবেশবিদ ও ভূত্বাত্তিকরা মাত্রাতিরিক্ত ফসিল জ্বালানির উপর নির্ভরতার কারণে কার্বন নি:স্বরণসহ ক্ষতিকর গ্যাস বায়ু মন্ডলে ছড়িয়ে পড়া ও উষ্ণায়নের কারণে নানাবিধ সংকটের আশঙ্কা প্রকাশ করে আসছেন। কিন্তু অপরিনামদর্শি পুঁজিবাদি দৃষ্টিভঙ্গির কারণে ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা গ্লোবাল ওয়ার্মিং ও ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জকে একটি হোক্স বা প্রপঞ্চ বলে উড়িয়ে দিয়ে দায় এড়াতে চেয়ে পরিস্থিতি আরো সংকটাপন্ন করে তুলেছেন। নব্বই দশক থেকে নতুন শিল্প ও জ্বালানি নীতির আওতায় টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন প্রয়াসের সাথে শিল্পোন্নত বিশ্বের সম্পৃক্ত হওয়ার কথা থাকলেও কিয়োটো প্রটোকলের আওতায় গৃহিত প্রস্তাবনা বাস্তবায়নে অনীহা থেকে নতুন নতুন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্ম হয়েছে, যা আমাদের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে অত্যন্ত ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

 

 

 

নেপালের দুর্গত মানুষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিলেও পরে তা সাড়ে তিন মিলিয়ন ডলারে উন্নীত করা হয়। নেপালের দু:সময়ে মার্কিনীদের এই সহায়তার অংক ইরান যুদ্ধে তাদের দৈনিক খরচের ১০ শতাংশের বেশি নয়। নেপালকে দেয়া বর্ধিত মার্কিন সহায়তার প্রতিশ্রুতি যুদ্ধে ব্যবহৃত একটি টমাহক ক্ষেপণাস্ত্রের পেছনে যে খরচ হয়, তার চেয়েও কম। অথচ ইন্দো-প্যাসিফিকের ভূ-রাজনীতি নিয়ে তাদের মাথাব্যথার অন্ত নেই! চীন-ভারত বৈরীতা ও ভূ-রাজনৈতিক পরিপ্রেক্ষিতের খোলসের নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুগুলো দশকের পর দশক ধরে ধামাচাপা পড়ে থাকছে। বিশেষত হিমালয়ের আইসক্যাপগুলোর নিরাপত্তা ও অভিন্ন নদীগুলোর উপর আধিপত্যবাদী নিয়ন্ত্রণ ব্যবস্থার বিপরীতে একটি আঞ্চলিক নিরাপত্তা ও পানি ব্যবস্থাপনা নিয়ে কোনো কার্যকর উদ্যোগ না থাকা খুবই আশঙ্কাজনক বিষয়। অভিন্ন বা আন্তর্জাতিক নদীর পানি ও প্রবাহের উপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশ ও ভারতের মতো ভাটির দেশের জন্য বড় ধরণের পরিবেশগত বিপর্যয় ও নিরাপত্তাহীনতার ইস্যু সৃষ্টি করেছে।

 

 

হিমালয়ের চারপাশে শত শত কিলোমিটার জায়গা জুড়ে হাজার হাজার শিল্পকারখানা, ড্যাম, পনিবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র, পর্যটনকেন্দ্র ও আবাসিক এলাকা, সামরিক-বেসামরিক স্থাপনার ক্রমবর্ধমান বিস্তৃতি এ এলাকার পরিবেশগত ভারসাম্য, উষ্ণায়ন ও সামগ্রিক ইকোলজিক্যাল স্থিতিশীলতার ক্ষেত্রে বিরূপ প্রভাব সৃষ্টি করছে। তবে বায়ুমন্ডলের তাপমাত্রা ও গ্যাসিও ভারসাম্য কোনো আঞ্চলিক ইস্যুর চেয়ে বৈশ্বিক ইস্যু হিসেবেই বেশি প্রভাব সৃষ্টি করে থাকে। মহাসাগরগুলো যেমন কোনো একক রাষ্ট্র বা অঞ্চলের সার্বভৌমত্বের ঊর্ধ্বের বিষয়। একইভাবে হিমালয়, আল্পস বা আন্দিজ পার্বত্য অঞ্চল এবং গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, নীলনদ, দজলা-ফোরাত ও দানিউব নদীর উপর কোনো একক দেশের আধিপত্য প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ভারতের উপর দিয়ে প্রবাহিত নদীগুলোই আধিপত্যবাদী নিয়ন্ত্রণ ও একতরফা পানি প্রত্যাহারের শিকার হচ্ছে। আন্তর্জাতিক নদীর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ও পানি সন্ত্রাসের সবচেয়ে নিষ্ঠুর উদাহরণ সৃষ্টি করেছে ভারত। আর এই আগ্রাসনের সবচেয়ে নির্মম শিকার বাংলাদেশ। বাংলাদেশের উপর ভারতের পানি আগ্রাসন দীর্ঘদিনে পরোক্ষভাবে যে ক্ষয়ক্ষতি ডেকে এনেছে, তা প্রত্যক্ষ যুদ্ধে বোমা বর্ষণের ক্ষয়ক্ষতির চেয়ে কম নয়। গত ৫ দশকে বাংলাদেশের নদনদীগুলো অর্ধেক নাব্য হারিয়েছে। উজানে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহারের মাধ্যমে নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে অনেক শত শত শাখানদী ও খালবিল শুকিয়ে অস্তিত্বহীন হয়ে পড়েছে। নদীবাহিত পলিমাটি দিয়ে গঠিত একটি গাঙ্গেয় ব-দ্বীপের জনপদের জনবসতি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত স্থিতিশীলতাকে দীর্ঘ মেয়াদে অস্তিত্বের সংকটে ফেলার ভারতের চাণক্যবাদী ভূরাজনৈতিক চক্রান্তের আঞ্চলিক প্রধান টার্গেট বাংলাদেশ।

তিস্তা-গঙ্গার পানি চুক্তি ভারতের কোনো ঐচ্ছিক বিষয় নয়। অথচ দশকের পর দশক ধরে ভারত তার অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুকে ব্যবহার করে বাংলাদেশকে তার অপরিহার্য পানির হিস্যা থেকে বঞ্চিত করে পরিবেশগত ও প্রাকৃতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ষাটের দশকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধুর পানিচুক্তির পর ভারত-পাকিস্তান বেশ কয়েকটি যুদ্ধের মুখোমুখী হলেও পানিচুক্তি নিয়ে নয়ছয়ের কোনো নজির নেই। তবে গত বছর অপারেশন সিন্দুরে চিরবৈরী পাকিস্তানের কাছে লজ্জাজনক পরাজয়ের পর ভারত সিন্ধু পানি চুক্তি নিয়ে ভিন্ন বার্তা দেয়ার চেষ্টা করলেও বাস্তবে তার কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে, পদ্মার উজানে গঙ্গার ওপর ফারাক্কা বাঁধ নির্মাণের শুরুতেই এ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন দেখা দিয়েছিল।

 

 

এমনকি ভারত কখনোই এ বাঁধ চালু করতে পারবে কিনা সে প্রশ্নও উঠেছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতকে সে সুযোগ এনে দিয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশের প্রশাসনকে গোণায় না ধরে ১৯৭৫ সালের এপ্রিলে মাত্র ৪০ দিনের জন্য পরীক্ষামূলক চালুর কথা বলে ফারাক্কা বাঁধ চালু করে ভারত। এরপর আর ফিরে তাকানোরও প্রয়োজন মনে করেনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর তাঁর স্বাধীন পররাষ্ট্রনীতির আওতায় ভারতের সাথে দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে সমতাভিত্তিক বোঝাপড়ার উদ্যোগ নিয়েছিলেন। তিনিই প্রথম গঙ্গার পানি বন্টন ইস্যু নিয়ে জাতিসংঘের ভাষন দিয়ে বিষয়টিকে আন্তর্জাতিক রূপ দেন। সে সময় গ্যারান্টিক্লজসহ গঙ্গার পানিচুক্তি করতে বাধ্য হয়েছিল ভারত। জিয়াকে হত্যা করে সে পানিচুক্তি থেকে সরে যায় ভারত।

 

 

এরশাদ ক্ষমতা গ্রহণের দুই বছরের মাথায় জিয়ার সাথে স্বাক্ষরিত পানিচুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও সে চুক্তি নবায়নের কোনো উদ্যোগ ভারত কিংবা এরশাদ গ্রহণ করেননি। তবে বাংলাদেশের বশংবদ সরকারগুলো ভারতের উপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হলেও আন্তর্জাতিক গবেষনা ও পরিবেশবাদি ইস্যুগুলোর সাথে গঙ্গা অববাহিকার পানিবন্টনের ইস্যুগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারির বাইরে ছিল না। এক সময় গঙ্গাকে ভারত নিজের অভ্যন্তরীন নদী বলে দাবি করলেও জিয়াউর রহমানের দূরদর্শি তৎপরতায় তারা গঙ্গার আন্তর্জাতিক স্বীকৃতি মানতে বাধ্য হয়। এ কারণেই জিয়ার সাথে করা গঙ্গার পানি চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার ২ দশক পর ভারতের বিশ্বস্ত প্রিয় পাত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের সাথে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিচুক্তি স্বাক্ষর করে। যৌথ নদী কমিশনের আওতায় পানির ন্যায্য হিস্যা আদায়ের ঘোষণা থাকলেও কোনো গ্যারান্টিক্লজ না থাকায় ‘কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই’র মতো বাংলাদেশ কখনোই গঙ্গার পানির ন্যায্য হিস্যা পায়নি।

 

 

 চলতি বছর ডিসেম্বরে সেই পানিচুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তির সময়োপযোগী পরিবর্তনসহ নবায়নের স্বাভাবিক প্রক্রিয়া দেখা যাচ্ছে না। উপরন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের ওপর চতুর্মুখী চাপ সৃষ্টির যে সব তৎপরতা ভারত দেখাচ্ছে পানিকে তার অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। চব্বিশের ৫ আগস্ট জুলাই বিপ্লবের এক সপ্তাহের মধ্যে ত্রিপুরায় গোমতি নদীর ওপর নির্মিত ডম্বুর বাঁধ খুলে দিয়ে ফেনি, নোয়াখালি ও কুমিল্লাসহ এ অঞ্চলে নজিরবিহিন বন্যার সৃষ্টি করা হয়। বাংলাদেশের মানুষকে আরেকবার স্মরণ করিয়ে দেয়া হল, উদ্ধত, হিন্দুত্ববাদী ভারতের সামনে দুর্বল, নতজানু পররাষ্ট্রনীতির বাংলাদেশ কখনোই নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারবে না। সিন্ধুর পানিচুক্তি ও গঙ্গার পানিচুক্তির পার্থক্য সেই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

 

 

 

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদি বাংলাদেশে এসেই দুই দেশের মাটি, আকাশ-বাতাস এক করে দেখার একটা প্রচ্ছন্ন বার্তা দিয়েছিলেন। একদিকে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিচ্ছেন, নিত্যপণ্যের বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, পানি বন্ধ করে, বিনা নোটিশে বাঁধ খুলে দিয়ে পানি সন্ত্রাস চালাচ্ছেন, আর মুখে দুই দেশের অলীক বন্ধুত্ব ও আকাশ-বাতাস এক করে দেখার নসিহত ঝাড়ছেন! দেশের মানুষ এমন আচরণকে হাস্যকর, প্রতারণাপূর্ণ রেটরিক হিসেবে দেখেন। যাই হোক, পাঁচ দশক ধরে বাংলাদেশকে করদরাজ্যে পরিনত করে রাখা ভারত চব্বিশের আগস্টের পর সর্বাত্মক চাপ ও হুমকি-ধামকি দিয়ে নতুন করে একটি অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ করার সব ধরনের চেষ্টাই অব্যাহত রেখেছিল।

 

 

কিন্ত এসব হুমকি ধামকি, চাপ ও নিষেধাজ্ঞা হিতে বিপরীত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকার ভারতের সাথে সমতাভিত্তিক স্বাধীন পররাষ্ট্রনীতির যে ঘোষণা দিয়েছিল, তা বাংলাদেশের ৯০ শতাংশ মানুষের অভিপ্রায়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত তারেক রহমানের সরকার জনগণের সে অভিপ্রায়কে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আওতায় ভারতের সাথে অমিমাংসিত ইস্যুগুলোর ন্যায্য সমাধানের প্রশ্নে শহীদ জিয়ার অনুসৃত নীতি অনুসরণে দৃঢ় প্রতিজ্ঞ। গঙ্গার পানি চুক্তির ক্ষেত্রে ভারতও জিয়ার নীতি মেনে নিয়েছিল। গঙ্গার ওপর ফারাক্কা বাঁধ যে বাংলাদেশের মরণ ফাঁদ, এটা শেখ মুজিব বুঝতে না পারলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তা গভীরভাবে বুঝেছিলেন। ফারাক্কা বাঁধ চালুর এক বছরের মাথায় এর প্রতিক্রিয়া তীব্রভাবে ধরা পড়েছিল। ১৯৭৬ সালের মে মাসে ৯৪ বছর বয়েসী মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চের মাধ্যমে গঙ্গার পানি ন্যায্য হিস্যার প্রশ্নটিকে আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরতে সক্ষম হন। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে স্বাক্ষরিত ভারতের সমঝোতা স্মারকের আলোকে পানিবন্টন চুক্তি হলে বাংলাদেশের নদনদীগুলো আজকের করুণদশায় উপনীত হতো না। চলতি বছরের ডিসেম্বরে ত্রিশ বছর মেয়াদী গঙ্গা পানিচুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই প্রত্যাশিত একটি নতুন পানি চুক্তির খসড়া নিয়ে আলোচনা শুরু চুড়ান্তকরণের উদ্যোগ জরুরি।

 

 

ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহের ভিত্তিতে পানিচুক্তির পুরনো ধারণা এখন অকার্যকর। গত দুই দশক ধরেই অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব ক্রমে জোরালো হয়েছে। অনেকে নেপাল-ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগের কথা বলেছেন। তবে আমাদের অভিন্ন নদীগুলোর মূল উৎস নেপাল ও তিব্বতের পবর্তশৃঙ্গে অবস্থিত হিমবাহ ও জলাধার। সাম্প্রতিক সময়ে চীনের ইয়ারলং সাংবো প্রকল্পের কারণে ভারত ব্রহ্মপুত্র ও যমুনার প্রবাহ বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। অর্থাৎ উজানে পানি প্রত্যাহার করে ভারত বাংলাদেশকে যেভাবে কোনঠাসা করতে চায়, একই ধরণের অস্ত্র চীনও ভারতের বিরুদ্ধে প্রয়োগ করতে পারে।

 

 

এ কারণেই অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশের ডেল্টা প্ল্যান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহ ও সক্ষমতা আমাদের জন্য অনেক বড় সুযোগ। ভারতকে অবশ্যই তার পুরনো আধিপত্যবাদী ধ্যান-ধারণা পরিহার করে বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতার আলোকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। বিশ্বের আন্তর্জাতিক নদনদীগুলোর প্রবাহ যেভাবে অব্যাহত রাখা হচ্ছে, গঙ্গা-তিস্তা সেই ধারার ব্যতিক্রম হতে পারে না। আন্তর্জাতিক নদীর পানির হিস্যা উজানের দেশের ঐচ্ছিক বিষয় নয়। তবে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা, ভূরাজনৈতিক নিরাপত্তা একান্তই বাংলাদেশের নিজস্ব বিষয়। বাংলাদেশ কোনো দেশের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। ভারত যদি ইসরাইলের সাথে কৌশলগত নিরাপত্তা অংশীদারিত্বে থাকতে পারে, বাংলাদেশ কেন পাকিস্তান, চীন বা তুরস্কের সাথে কৌশলগত নিরাপত্তা অংশীদার হতে পারবে না? বাংলাদেশ কেন কোথা থেকে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম কিনবে, তা বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের আলোকে সরকার ও প্রধানমন্ত্রী নির্ধারণ করবে।

 

 

গঙ্গা ও তিস্তার পানি চুক্তি শর্তহীন বিষয়। এর সাথে অন্যকোনো বিষয় জড়িত করার সুযোগ নেই। গঙ্গা-তিস্তার প্রবাহ ও পানির ন্যায্য হিস্যার প্রশ্নে বাংলাদেশের ছাড় দেয়ার কোনো অবকাশ নেই। গত ৫০ বছর ধরে আমাদের নদী থেকে পানি প্রত্যাহার করে এবং উজানে অবৈধভাবে বাঁধ দিয়ে যে ক্ষতি ভারত করেছে, বঙ্গোপসাগরে অবৈধ রিগ বসিয়ে বাংলাদেশের কোটি কোটি ঘনমিটার গ্যাস চুরির যে ক্ষতিয়ান পাওয়া যাচ্ছে, তার ক্ষতিপুরণের দাবিও আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে। 

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক