
নজরুল : আমাদের অগ্নিশিখা আমাদের অশ্রুবিন্দু
এমরান কবির [প্রকাশ: কালের কণ্ঠ, ২৬ আগস্ট ২০২৬]
নজরুলের জন্মের সোয়া শ বছর পার হয়ে গেছে। তাঁর দুই ধরনের মৃত্যুর সময়ও কম নয়।
প্রশ্ন হলো কী এমন রেখে গেছেন নজরুল, যার জন্য এখনো বাঙালিদের হৃদয় থেকে এক মুহূর্তের জন্যও মুছে যান না! তিনি আসলে রেখে গেছেন বিস্ময়। এই বিস্ময় মহাসমুদ্র বা মহাশূন্যের চেয়ের অনন্ত। যা ধারণ করেছে তাঁর সকল অগ্নিশিখা আর আমাদের অশ্রুবিন্দু।
প্রথমোক্ত রেখে যাওয়া বিস্ময়ের একটি জিনিস হলো তাঁর নিজের জীবন। মাত্র বিয়াল্লিশ বছরের জীবন (জাগতিক সচেতনতার হিসাবে আর সৃষ্টিমুখর জীবনের সময় তো আরো কম—মাত্র কুড়ি) যে নাটকীয়তায় ভরা তা অন্যদের চার শ বিশ বছরের চেয়েও বেশি। এই স্বল্প সময়ের মধ্যে তিনি শিক্ষাজীবন শুরু করেছেন, যা ছিল ছেদ ও বিচ্ছেদময়। এই ছেদের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্য একটা বড় ঋণাত্মক নিয়ামক হিসেবে কাজ করেছে। আর বিচ্ছেদের জন্য নিয়ামক ছিল তাঁর উদ্দামতা—সুনির্দিষ্ট কোনো কাঠামোয় আটকে না থাকার দুরন্ত বাসনা। এর মধ্যে তিনি মসজিদের ইমাম হয়েছেন। হয়েছেন রুটির দোকানের কারিগর। হয়েছেন লেটো গানের দলের সদস্য। হয়েছেন সহৃদয় পুলিশ অফিসারের বউয়ের স্নেহভাজন। যিনি তাঁকে আবার একাডেমিক শিক্ষালয়ে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। হয়েছেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক। হাবিলদার পদোন্নতিও পেয়েছেন। এরই মধ্যে কবি ও লেখক হিসেবে আত্মপ্রকাশও হয়ে গেছে তাঁর। ফিরে এসেছেন সৈনিকজীবন থেকে। বাঁধনহারা হয়ে লিখেছেন আগুনজ্বলা সব কবিতা-গান-গল্প-উপন্যাস-গদ্য। শ্রমিক-মজুর থেকে শুরু করে সমাজের উচ্চস্তরের মনে ও মননে জায়গা করে নিয়েছেন। নিপীড়িতের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির স্বপ্ন ও আকাঙ্ক্ষা দেখিয়েছেন। প্রয়োজনে সব কিছু ত্যাগ করার এমনকি সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। গান্ধীর আহ্বানে এই উপমহাদেশের প্রথম হরতালে পিকেটিং করেছেন। রাস্তায় রাস্তায় গান গেয়ে বিপ্লবের বাণী প্রচার করেছেন। সমাজবদলের জন্য রাজনীতি করেছেন। নির্বাচন করে হেরেছেন। পরাধীন জাতির স্বাধীনতার জন্য এমন স্বপ্নপুরুষ হয়ে উঠেছেন যে ব্রিটিশ উপনিবেশে তিনি এক নম্বর শত্রু হিসেবে পরিগণিত হয়েছেন। পত্রিকা সম্পাদনা করেছেন। কিছু অক্ষর আর কাগজ যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে তা প্রমাণ করেছেন। অস্ত্রের চেয়ে কলমের শক্তি কত ভয়াবহ হতে পারে এই উপমহাদেশে তিনিই প্রথম দেখিয়েছেন। ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদকীয়তে তিনিই প্রথম দ্ব্যর্থ্যহীন কণ্ঠে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় লিখেছেন সর্বপ্রথম ধূমকেতু ভারতের স্বাধীনতা চায়। রাজনীতি ও সম্পাদনায় তাঁর সহগামী এ কে ফজলুল হকের সঙ্গে জুটি বেঁধেছেন। যখন তাঁর আদর্শ থেকে সরে গিয়ে ভিন্ন রাজনীতির প্ল্যাটফর্মে ভিড়েছেন ফজলুল হক তখন থেকে এক দিনের জন্যও একসঙ্গে কোথাও বসেননি। মুখ দেখাদেখিও বন্ধ করেছেন। গান্ধীর অসহযোগ আন্দোলনের একাত্মতা তো ঘোষণা করেনইনি।
বরং এই নীতি যে ভুল তা উচ্চকণ্ঠে বলেছেন। একই সময়ের অভিযাত্রী হয়েও গান্ধীর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন। গ্রামোফোন কম্পানিতে চাকরি করেছেন। গাড়ি কিনেছেন। আবার চরম দারিদ্র্যে পড়েছেন। বাজারের টাকা ছিল না। সুযোগ বুঝে অন্যরা তার কাছে যেকোনো লেখার বিনিময়ে টাকা দিতে চেয়েছেন। তিনি কাগজ-কলম বের করে লিখে দিয়েছেন। কখনো সেগুলো তাঁর নামে প্রচার হয়েছে। কখনো চুরি হয়ে গেছে। সন্তানের মৃত্যু তাঁকে শোকাহত করেছে। বনিবনা না হওয়ায় এক রাতের সংসার ভেঙে চলে এসেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য শুধু জীবনটা দেওয়া বাকি রেখেছেন। হিন্দু সম্প্রদায়ের কন্যা বিয়ে করে উদাহরণ সৃষ্টি করেছেন। চলচ্চিত্রের দিকে ঝুঁকেছেন একসময়। চিত্রনাট্য লেখা, সংগীত ও সংগীতায়োজন, শিল্প নির্দেশনা থেকে শুরু করে পরিচালনা এমনকি অভিনয়ও করেছেন। অসুস্থতা তাঁর শরীরে বাসা বাঁধতে বাঁধতে বাকরুদ্ধ হয়েছেন। আর এত সব ঘটেছে মাত্র চার দশকের জীবনে।
দ্বিতীয় বিস্ময় হলো তাঁর সৃষ্টিকর্ম। সাহিত্যের এমন কোনো শাখা নেই যে সেখানে তিনি তাঁর স্বতন্ত্র সৃষ্টির ছাপ রেখে যাননি। শিল্প সৃষ্টির দুটি গুরুত্বপূর্ণ বিষয়- অন্তঃস্থ রূপ ও বাহ্যিক কাঠামো—দুটিতেই তিনি সফল ও স্বতন্ত্র স্বাক্ষরের সুস্পষ্ট ছাপ রেখেছেন। এবং তা বিশেষত্বপূর্ণ। তিনি বলেছিলেন এক হাতে তাঁর বাঁশের বাশরি অন্য হাতে রণতূর্য। এই কথায় একটুও ফাঁকফোকর নেই।
সাহিত্যিক জীবনের শুরু থেকেই তিনি ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের রোষানলে পড়ে যান। একের পর এক বই বাজেয়াপ্ত হয়। কারারুদ্ধ হন। নজরদারির শিকার হোন। মুসলিম কট্টরপন্থীরা তাঁকে কাফের উপাধি দেয়। হিন্দু কট্টরপন্থীরা তাঁকে চক্ষুশূল মনে করেন। শারীরিক আঘাতের শিকারও হন। কিন্তু কোনো কিছুতেই তিনি পিছপা হন না। জীবনের কোনো এক মুহূর্তের জন্যও তাঁকে কোনো কিছুর সঙ্গে আসে করতে দেখা যায়নি। এ রকম অদম্য সংশপ্তক শিল্পীর উদাহরণ তিনি নিজেই।
তিনি বিরাগভাজনও হয়েছেন প্রায় সব মহলেই। তাঁর সমসাময়িক কবি-সাহিত্যিকরা যে শিল্প-পথে হেঁটেছেন, তিনি সে পথে হাঁটেননি। রবীন্দ্রনাথের মতো বিশাল মহীরুহ ছিল সবার মাথার ওপরে। তাঁকে ঘিরে রবীন্দ্রানুরাগী গোষ্ঠী তৎপর ছিল। তার বিপরীতে রবীন্দ্রবিরোধী অংশও ছিল। শিল্প-প্রকরণ নিয়ে যখন দুই পক্ষ প্রবল মুখোমুখি তিনি তখনো সব অংশ থেকে নিজেকে সরিয়ে স্বতন্ত্র স্বরের চর্চা করেছেন। এতে রবীন্দ্রনাথের প্রশংসা পেলেও অন্য পক্ষ তাঁকে ‘প্রতিভাবান বালক’ বলতে দ্বিধা করেনি। সজনীকান্তরা খুবই তৎপর ছিলেন তাঁর কবিতাগুলোর প্যারোডি নির্মাণে। তিনি সব কিছু উজিয়ে নিজের কাজ করে গেছেন।
জেনে বা না-জেনে, বুঝে বা না-বুঝে তিনি ছাড়া অন্য কবি-লেখকগণ যে ব্রিটিশ উপনিবেশের ফাঁদে পা দিয়েছিলেন তা নিয়ে তেমন কোনো কথা শোনা যায় না। শিল্পের প্রকরণিক বৈশিষ্ট্য নিয়ে তুলনামূলক আলোচনা হয় বটে, কিন্তু একটা বিষয় নিয়ে কথাবার্তা তেমন চোখে পড়েনি আমার। সেটা হলো পূর্বোক্ত ব্রিটিশ উপনিবেশের ফাঁদে পা দেওয়া।
এই কাজটা মোটামুটি তাঁর সমসাময়িক সব কবি-লেখকই করেছেন। আধুনিক কবিতার উন্মেষকাল হিসেবে চিহ্নিত ওই সময় আধুনিক কবিতার নামে ইউরোপিয়ান হেজিমনির ব্যবহার ছিল। রবীন্দ্রাধিপত্য থেকে মুক্তির জন্য অনেকেই ওই তত্ত্বকে প্রবলরূপে আঁকড়ে ধরেছিলেন। নজরুল ছিলেন ব্যতিক্রম।
আধুনিক কবিতার লক্ষণ হিসেবে ওই সময়ে অনেক তত্ত্ব হাজির হয় আমাদের এখানে। এর প্রভাব ও প্রয়োজনীয়তার দিকে না গিয়ে আমি ওই সময় নজরুলের প্রবণতা নিয়ে বলতে চাচ্ছি। সেটা হলো তিনি এগুলোকে গ্রহণ করেননি। তিনি উপলব্ধি করেছেন ব্যক্তির আর্ত অন্তর্লোকের হাহাকার যদি সবার জন্য না হয়ে তা একান্ত ব্যক্তিগতই থাকে, তাহলে অন্য ব্যক্তি সেই হাহাকারের স্পর্শ পাবেন না। অন্যদিকে ওই উপলব্ধি যদি সামষ্টিক হয় আর তা যদি আমাদের স্বাধীনতার প্রশ্নে মুক্তির ডাক হয়, তাহলে দ্বিতীয়টিই গুরুত্বপূর্ণ। নজরুল দ্বিতীয়টিকেই বেছে নিয়েছিলেন। তাতে তিনি অনাধুনিকের তকমা পেলেও ইউরোপিয়ান শিল্প-প্রকরণের নামে নিজেকে আত্মাহুতি দেননি। ফলে বলা যায় নজরুল ইউরোপিয়ান ইউটোপিয়াকে গ্রহণ না-করে আজীবন বিদ্রোহের সব বৈশিষ্ট্য লালন করার উদাহরণ সৃষ্টি করেছেন। এতে হয়তো আধুনিক কবিতার বিশ্লেষণে তাঁর কবিতাকে সরিয়ে রাখার সুযোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু দেশমাতৃকার মুক্তির প্রশ্নে ওই উপকরণকে দূরে সরে রেখে তিনি বৃহত্তর মুক্তির ডাক দিয়ে উদাহরণ সৃষ্টি করলেন, সেখানে তাঁর নামের পাশে অন্য কবি-লেখকদের নাম পাওয়া যাচ্ছে না। নজরুলের উচ্চতা এখানেই। তিনি জেনেছিলেন ঔপনিবেশিকতা থেকে মুক্তির জন্য রাজনৈতিক-সাংস্কৃতিক জাগরণের মূল্য যেকোনো শিল্প-প্রকরণের চেয়ে অধিক মূল্যবান।
‘বিষের বাঁশি’র প্রথম সংস্করণের প্রচ্ছদটির কথা ভেবে দেখা যেতে পারে। একটি কিশোর হাঁটু মুড়ে বসে বাঁশি বাজাচ্ছে। তাকে জড়িয়ে আছে বিশাল এক বিষধর সাপ। কিন্তু কিশোরের চোখেমুখে ভয়ের চিহ্নমাত্র নেই। আর তাঁর বাশির সুরে জেগে উঠছে নতুন দিনের সূর্য। বিষয়টিকে এককথায় বিস্ময় ছাড়া আর কী-ই বা বলা যেতে পারে! নজরুল শব্দটির অর্থও যেন তাই—ওই বিস্ময়।
মাত্র বিশ-বাইশ বছরের শিল্পজীবন তাঁর। এর মধ্যেই এত কিছু! এটাও কি কম বিস্ময়ের। সৃষ্টি-কালের চেয়েও এক যুগেরও বেশি সময়—প্রায় চৌত্রিশ বছর তিনি ছিলেন সৃষ্টিহীন, অসুস্থ, বাকরুদ্ধ। এটা এক অন্তহীন আক্ষেপ। যদি তাঁর সৃষ্টি-কাল তাঁর শারীরিক জীবিতকালের সমান হতো! বিষয়টা যেন তাঁর সারা জীবনের অগ্নিশিখাময় শিল্পের বিপরীতে এক অনন্ত অশ্রুবিন্দু।
এভাবেই তিনি আমাদের কাছে যেমন অগ্নিশিখা, তেমনি অশ্রুবিন্দুও। আর এই দুয়ের সম্মিলনে যা হয় তাঁর নাম বিস্ময় ছাড়া আর কী-ই বা বলা যেতে পারে।
লেখক : কবি ও কলাম লেখক



