
মক্কা প্রতিরক্ষা চুক্তি সামরিক স্বার্থের পাশাপাশি ভূ-রাজনৈতিক বাস্তবতা
কূটনৈতিক প্রতিবেদক [প্রকাশ : খবরের কাগজ, ২৯ আগস্ট ২০২৬]
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার নতুন ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগ দেওয়ার ক্ষেত্র তৈরি হলে তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পায়নি। তিনি বলেন, এতে যোগদানের বিষয়টি নির্ভর করছে ওই দেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে যুক্ত করার ব্যাপারে আগ্রহ দেখায়, তবে সরকার তা অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে।
এদিকে মুসলিম বিশ্বের সামরিক শক্তিগুলোর সঙ্গে প্রতিরক্ষা, অস্ত্র প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার সমন্বয় ঘটলে ঢাকার কৌশলগত অবস্থান শক্তিশালী হতে পারে। তবে আঞ্চলিক ভূ-রাজনীতি, বিশেষ করে ভারতের উদ্বেগ এবং কোনো আন্তর্জাতিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার মতো বড় ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
পাঁচ দশকের বেশি সময় ধরে কোনো প্রত্যক্ষ সামরিক জোটে যোগ না দিয়ে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলেছে বাংলাদেশ। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশ সব সময় একটি অসামরিক ও নিরপেক্ষ অবস্থান ধরে রাখে। এই নীতির আলোকেই বাংলাদেশ চীন থেকে অস্ত্র কেনা, পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য রক্ষা করা, মধ্যপ্রাচ্যে জনশক্তি পাঠানো, জাপানি বিনিয়োগ গ্রহণ এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখতে সক্ষম হয়। তবে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ ঘিরে ঢাকার কৌশলগত অবস্থান পরিবর্তনের জোরালো আলামত পাওয়া যাচ্ছে। মুসলিম বিশ্বের তিনটি প্রভাবশালী দেশের এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে বর্তমানে দেশি-বিদেশি রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
গত ৭ আগস্ট বিশ্বের অন্যতম প্রধান তিন মুসলিম দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। এই চুক্তির অন্যতম শর্ত হলো, সদস্য যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা জোটের বাকি সব দেশের ওপর যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) আদলে তৈরি এই আত্মরক্ষামূলক ফ্রেমওয়ার্ক বিশ্ব রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন ভূ-রাজনৈতিক মেরূকরণ তৈরি করেছে।
বাংলাদেশ সরকারের নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেন। সম্মেলনের ফাঁকে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছে এবং দুই দেশের মধ্যকার বহুমুখী অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব ঢাকাকে আনুষ্ঠানিকভাবে এই আঞ্চলিক প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। ওই সম্মেলনের পাশাপাশি প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গেও একটি পৃথক বৈঠকে অংশ নেন। সেখানে দুই দেশের বাণিজ্য ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পায় এবং পরবর্তী সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের প্রাপ্তির খাতা বেশ ভারী হতে পারে। চুক্তিতে সামরিক প্রযুক্তি, কৌশলগত সহযোগিতা এবং যৌথ সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। জোটের তিন দেশের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, যা একে অপরের পরিপূরক। সৌদি আরবের আছে অঢেল অর্থ ও জ্বালানি। তুরস্কের রয়েছে অত্যন্ত আধুনিক সামরিক প্রযুক্তি ও ড্রোন শিল্প। পাকিস্তানের রয়েছে বিশাল পেশাদার সেনাবাহিনী ও পারমাণবিক সক্ষমতা। এই কাঠামোর অংশ হতে পারলে বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু বড় সুবিধা তৈরি হবে।
এদিকে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে বাংলাদেশের রয়েছে গভীর সামরিক সম্পর্ক। তবে সাম্প্রতিক সময়ে তুরস্কের কাছ থেকে উন্নতমানের প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন নির্ভর করে সমুদ্রে নিরবচ্ছিন্ন নৌ-চলাচলের ওপর। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও এডেন উপসাগর পার হয়েই মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের এলএনজি ও পেট্রোলিয়াম আমদানি করা হয়। কৌশলগত এসব সামুদ্রিক পথে যদি একটি শক্তিশালী প্রতিরক্ষা জোটের সঙ্গে অংশীদারত্ব থাকে, তবে বাংলাদেশের প্রবেশাধিকার সহজ হবে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত থাকবে।
উল্লেখ্য, সৌদি আরব বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি এবং বৈদেশিক আয়ের অন্যতম প্রধান উৎস। এই ধরনের রাজনৈতিক ও সামরিক জোটে যোগদানের সুযোগ পেলে কেবল নিরাপত্তাই নয়, শ্রমিক পাঠানো এবং অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ উন্মোচিত হবে ঢাকার সামনে। তবে সুবিধার পাশাপাশি একাধিক জটিল ভূ-রাজনৈতিক ঝুঁকি ও শঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। মক্কা জোটে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশকে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে।
চুক্তির মূল ধারায় স্পষ্ট বলা আছে, একটি দেশের ওপর আক্রমণ পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে। ফলে মধ্যপ্রাচ্যে সৌদি আরব বা তুরস্ক যদি নতুন কোনো সামরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তবে চুক্তির বাধ্যবাধকতায় বাংলাদেশকেও সৈন্য পাঠানো বা যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিতে হতে পারে। বাংলাদেশ কখনো দেশের বাইরে এ ধরনের সরাসরি সামরিক যুদ্ধে অংশ নেয়নি, কেবল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেই সীমিত থেকেছে এ ধরনের উদ্যোগ।
এদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ-রাজনীতি এবং প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ঝুঁকির মাত্রা বাড়তে পারে। মক্কা জোটে ভারতের প্রধান শত্রু পাকিস্তান এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক দেশ তুরস্ক রয়েছে এই জোটে। এই জোটে বাংলাদেশ যুক্ত হলে ভারতের অভ্যন্তরে নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে। এই উত্তেজনার ফলে অঞ্চলটিতে প্রক্সি যুদ্ধ এবং প্রক্সি ফোর্সের সংখ্যা বাড়তে পারে, যা বাংলাদেশকে সরাসরি বাড়তি রাজনৈতিক ও সামরিক ঝুঁকির মধ্যে ফেলবে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও মক্কা চুক্তি নিয়ে ব্যাপক চর্চা ও আলোচনা চলছে। বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও বিরোধী শক্তিগুলো এই জোটে যুক্ত হওয়ার ইঙ্গিতকে স্বাগত জানিয়েছে। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সংসদে জানান, যেকোনো সামরিক বা অর্থনৈতিক জোটে যোগ দেওয়া বাংলাদেশের সম্পূর্ণ সার্বভৌম ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
একইভাবে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) এক বিবৃতিতে জানিয়েছে, মুসলিম বিশ্বের প্রধান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়ানো অত্যন্ত ইতিবাচক।
এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ‘মক্কা সামরিক জোটে বাংলাদেশকে এখনো কেউ আমন্ত্রণ জানায়নি। কিন্তু আগ বাড়িয়ে আমরা কেন আগ্রহ দেখাচ্ছি। এ ধরনের জোটে যোগ দেওয়ার আগে বাংলাদেশের অভ্যন্তরীণ সক্ষমতার দিকে নজর দেওয়া জরুরি। এতে যোগ দেওয়ায় কোনো সমস্যা নেই, যদি না প্রতিবেশী দেশগুলো সন্দেহ করে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক রেখে দেশের স্বার্থে অনেক কিছু করা যায়।’
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসান মো. সামসুদ্দিন বলেন, যুদ্ধে না জড়িয়েও মুসলিম দেশগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। এর চেয়ে বেশি খারাপ পরিস্থিতি আর নেই। তাই মক্কা জোট মুসলিম দেশগুলোকে একটি ভারসাম্য পরিস্থিতিতে নিয়ে যাবে বলে মনে হচ্ছে। এ ধরনের জোট ছাড়া মুসলিম দেশগুলোর সামনে আর বিকল্প কিছু নেই। আর বিশ্বে বাংলাদেশ একমাত্র দেশ, যার চারদিকে নন-মুসলিম দেশ।



