
মেরুকেন্দ্রিক বিশ্বে নতুন বাস্তবতা - লুচিয়ানো জাকাররা
লুচিয়ানো জাকাররা [প্রকাশ : কালবেলা, ০৭ সেপ্টেম্বর ২০২৬]
ভারত এ নীতিকে পররাষ্ট্রনীতির ভিত্তিতে পরিণত করেছে। বিশকেক সম্মেলনে ভারত ইরানের সার্বভৌমত্বের পক্ষে এসসিওর ঘোষণাকে সমর্থন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে হরমুজ প্রণালির মধ্য দিয়ে নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা বজায় রাখার গুরুত্বের কথাও বলেছেন
এই সপ্তাহে বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ঠিক সেই ধরনের রাজনৈতিক সমর্থন পেয়েছেন, যা তিনি আশা করেছিলেন। এসসিও ইরানের ওপর সামরিক হামলার নিন্দা জানিয়েছে। তারা এসব হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংঘাতের সমাধানের আহ্বান জানিয়েছে। তবে সংগঠনটি ইরানকে সামরিকভাবে রক্ষা করার কোনো প্রতিশ্রুতি দেয়নি।
রাজনৈতিক সংহতি ও সম্মিলিত প্রতিরক্ষার মধ্যে এ পার্থক্যটি গুরুত্বপূর্ণ। এটি শুধু এসসিওর সঙ্গে ইরানের সম্পর্কের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কিছু জানায় না। এর মাধ্যমে এসসিওকে ঘিরে যে নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠছে, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা নিয়ে বহু বছর ধরে আলোচনায় এমন একটি ধারণা উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে ধীরে ধীরে চ্যালেঞ্জ করবে চীন, রাশিয়া এবং ব্রিকস ও এসসিওর মতো সংগঠনকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বিকল্প জোট। মধ্যম শক্তির দেশগুলোর দৃষ্টিতে এই দুই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া এ পরিবর্তনের সঙ্গে পুরোপুরি মানানসই বলেই মনে হয়েছিল। ধারণা করা হয়েছিল পশ্চিমা বিশ্বের বাইরের সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হলে এসব দেশ পশ্চিমা বিচ্ছিন্নতা ও চাপের কাছে কম ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দেখিয়ে দিয়েছে, এসব বিকল্প সম্পর্কের কোনোটিই আনুষ্ঠানিক সামরিক জোটের মতো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। এর অর্থ এই নয়, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা মধ্যম শক্তির দেশগুলোকে ব্যর্থ করেছে। এর অর্থ, যে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে উঠছে, তা অনেকের প্রত্যাশার চেয়ে ভিন্নভাবে কাজ করতে পারে।
একটি জোট ব্যবস্থার পরিবর্তে আরেকটি জোট ব্যবস্থা জোটভুক্ত দেশেগুলোর মধ্যে অংশীদারত্বের নেটওয়ার্ক তৈরি করছে। এতে দেশগুলো কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে নতুন নতুন সুযোগ পাচ্ছে। তবে এর মাধ্যমে তারা সবসময় নতুন কোনো নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছে না। মধ্যম শক্তির দেশগুলোর জন্য এটিই হয়তো গড়ে ওঠা নতুন বিশ্বব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। তাদের সামনে এখন কৌশলগতভাবে চলার সুযোগ বেশি। তবে নিরাপত্তা হুমকির মুখে পড়লে কে তাদের পাশে দাঁড়াবে, সেই নিশ্চয়তা কম। তুরস্ক এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। দেশটি সাত দশকেরও বেশি সময় ধরে ন্যাটোর সদস্য।
এখনো তারা পশ্চিমা নিরাপত্তা কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত। তবে আঙ্কারা ক্রমেই দেখিয়ে দিয়েছে, জোটের সদস্য হওয়ার অর্থ ওয়াশিংটনের সঙ্গে সব বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে একমত হওয়া নয়। ইউক্রেন যুদ্ধের পরও তুরস্ক রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। এসসিওতে সংলাপ সহযোগী হিসেবেও অংশ নিয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আঞ্চলিক ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তুরস্কের মতপার্থক্যও ক্রমেই স্পষ্ট হয়েছে। এর অর্থ এই নয় যে, তুরস্ক ন্যাটো ছেড়ে দিয়ে চীন বা রাশিয়ার নেতৃত্বাধীন কোনো জোটে যোগ দিচ্ছে। এর বিপরীতটাই সত্য। আঙ্কারার কৌশল নির্ভর করছে এমন একটি দ্বিমুখী অবস্থান এড়িয়ে চলার ওপর। ন্যাটোর সদস্যপদ তুরস্ককে যে নিরাপত্তা সুবিধা দেয়, এসসিও তা দিতে পারে না। একই সময়ে রাশিয়া, চীন, ইরান, উপসাগরীয় দেশগুলো এবং অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে তুরস্কের সম্পর্ক তার কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ আরও বাড়িয়ে দিচ্ছে। ব্রাজিলও এর একটি ভালো উদাহরণ। তুরস্কের মতো ব্রাজিল কোনো আনুষ্ঠানিক সামরিক জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবদ্ধ নয়। তবে দেশটি ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন একটি অঞ্চলের মধ্যে কাজ করে আসছে। এ অঞ্চলের সরকারগুলোর কাছ থেকে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য রাজনৈতিক সমর্থন আশা করে এসেছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আমেরিকাস কাউন্টার কার্টেল কোয়ালিশনে (এসিসিসি) যোগ দিতে ব্রাজিল অস্বীকৃতি জানিয়েছে। ইরান যুদ্ধ এবং সাম্প্রতিক অন্যান্য আন্তর্জাতিক সংকট নিয়েও ব্রাজিলের অবস্থান একই ধরনের বার্তা দিচ্ছে। আঞ্চলিক নৈকট্য মানেই স্বয়ংক্রিয়ভাবে কৌশলগত সমর্থন দিতে হবে, ব্রাজিল তা মেনে নিতে চাইছে না। তবে ব্রাজিল এক পক্ষ ছেড়ে অন্য পক্ষের দিকে চলে যাচ্ছে না। ব্রিকসে দেশটির অংশগ্রহণ, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের দাবি একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে চলছে। ব্রাসিলিয়ার লক্ষ্য ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে বেইজিংয়ের ওপর নির্ভরতা তৈরি করা নয়। তাদের লক্ষ্য, উভয়ের সঙ্গে সম্পর্ক রাখা। ভারত এ নীতিকে প্রায় তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তিতে পরিণত করেছে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াডে অংশ নিচ্ছে। একই সময়ে ভারত ব্রিকস ও এসসিওরও সদস্য। বিশকেক সম্মেলনে ভারত ইরানের সার্বভৌমত্বের পক্ষে এসসিওর ঘোষণাকে সমর্থন করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে হরমুজ প্রণালির মধ্য দিয়ে নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা বজায় রাখার গুরুত্বের কথাও বলেছেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোও নিজেদের মতো করে এই সম্পর্ক বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নিরাপত্তার জন্য এখনো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। একই সময়ে তারা চীন, ভারত ও এশিয়ার অন্যান্য শক্তির সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে। তারা নতুন আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থাতেও অংশ নিচ্ছে। কেউই ওয়াশিংটনের জায়গায় বেইজিংকে বসাতে আগ্রহী নয়। তারা দুপক্ষের সঙ্গেই সম্পর্ক রাখতে চায়। এতে বোঝা যায়, মধ্যম ও ছোট শক্তির দেশগুলোর জন্য বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়তো নতুন কোনো জোটের উত্থান নয়। সেই জোটের সঙ্গে নিজেদের যুক্ত করার সুযোগও নয়। সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে, কোনো একটি জোটের সঙ্গে একচেটিয়াভাবে যুক্ত থাকার প্রয়োজন কমে যাওয়া।
তবে বেশি স্বায়ত্তশাসনের সঙ্গে কিছু খরচও আছে। পক্ষ বেছে না নেওয়ার সুযোগ যে নমনীয় সম্পর্ক তৈরি করে, সংকট যখন অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠে, তখন সেই সম্পর্ক নিরাপত্তার নিশ্চয়তা দিতে চায় না। ব্রিকসের কোনো আর্টিকেল ফাইভ নেই। এসসিওরও নেই। এসসিও নিজেকেই একটি সামরিক জোট নয়, এমন একটি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে অস্ত্র, বিনিয়োগ, কূটনৈতিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন পাওয়া যায়। তবে এর জন্য অংশীদার দেশগুলোকে একে অপরের হয়ে যুদ্ধে যেতে হয় না। তাই গড়ে ওঠা নতুন আন্তর্জাতিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা থেকে চীনের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থায় সরল পরিবর্তনের মতো হবে না। এটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত দুটি জোটের মুখোমুখি অবস্থানের মতোও হবে না। পুরোনো জোটব্যবস্থা হারিয়ে যাচ্ছে না। ইউরোপ ও তুরস্কের নিরাপত্তায় ন্যাটো এখনো গুরুত্বপূর্ণ।
এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের বড় একটি অংশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কও এখনো অপরিহার্য। এর পাশাপাশি আরেকটি স্তর তৈরি হচ্ছে। সেখানে প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সম্পর্ক আরও নমনীয়। বিভিন্ন দেশের মধ্যে নির্বাচিত অংশীদারত্ব তৈরি হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পারস্পরিক লেনদেনভিত্তিক সম্পর্কও গড়ে উঠছে। অন্যভাবে বললে, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় কোনো দেশকে নতুন কোনো জোট বেছে নিতে নাও হতে পারে। এতে মধ্যম ও ছোট শক্তির দেশগুলোর নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়ছে। তবে একই সঙ্গে নিজেদের নিরাপত্তার দায়িত্বও তাদের ওপর বেশি পড়ছে। তারা যে নতুন বিশ্বে প্রবেশ করছে, সেখানে আরও বেশি অংশীদার পাওয়ার সুযোগ আছে। দরকষাকষির ক্ষমতাও বাড়তে পারে। বাড়তে পারে কোনো প্রস্তাবে না বলার স্বাধীনতাও। তবে তারা যখন নিরাপত্তার জন্য কারও সাহায্য চাইবে, তখন কে তাদের পাশে দাঁড়াবে, সেই নিশ্চয়তা হয়তো আগের চেয়ে কম। লেখক: কাতার বিশ্ববিদ্যালয়ের গালফ স্টাডিজ সেন্টারের গালফ পলিটিক্স বিভাগের অধ্যাপক। আল-জাজিরায় প্রকাশিত নিবন্ধটি ভাষান্তর করেছেন আবিদ আজাদ



