মেগা প্রকল্পের আড়ালের গল্প

মেগা প্রকল্পের আড়ালের গল্প
কলামবাংলাদেশ

মেগা প্রকল্পের আড়ালের গল্প

২ নভেম্বর, ২০২৬

ড. মো. আবু হাসান [আপডেট : Daily Inqilab, ০২ নভেম্বর ২০২৬]

ঝড়ের রাতে নদী পার হতে গিয়ে প্রাণ হারানোদের স্বজন, যথাসময়ে পণ্য পৌঁছাতে ব্যর্থ ব্যবসায়ী কিংবা ফেরিঘাটে রাত কাটানো মানুষের কাছে পদ্মা সেতু শুধু নদী পারাপারের মাধ্যম নয়; এটি জীবন, অর্থ ও সময় বাঁচানোর এক অভূতপূর্ব অভিজ্ঞতা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন ধরে ছুটে চলা পণ্যবাহী ট্রাক, উড়ালসড়ক দিয়ে যানজট এড়িয়ে বিমানবন্দরে পৌঁছানো যাত্রী কিংবা রূপপুরে মাথা তুলে দাঁড়ানো বিদ্যুৎকেন্দ্র দেশের বাস্তব সম্পদ। উন্নয়ন হয়েছে, মানুষ তার সুফলও পাচ্ছে; এ নিয়ে তর্কের কিছু নেই। মেট্রোরেলে উত্তরা-মতিঝিল রুটে যাতায়াতের স্বস্তি যেমন সত্যি, তেমনি এ কথাও সত্যি যে, এই উন্নয়নের পেছনের হিসাবটা অনেকাংশে আড়ালেই রয়ে গেছে। শ্বেতপত্র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সময়কালে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে কিছু নির্বাচিত মেগা প্রকল্প এবং অর্থ পাচার নিয়ে কাজ করেছেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। তাঁর মতে, দেশের জন্য মেগা প্রকল্পের প্রয়োজন আছে। কিন্তু অনেক মেগা প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এভাবে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, তার দায় কয়েক প্রজন্মকে বহন করতে হতে পারে।

 


রাষ্ট্র কী বানিয়েছে, তা তো চোখের সামনেই আছে। কিন্তু কে, কীভাবে, কত দামে বানিয়েছে, আর সেই ঋণ ও ঝুঁকির কতটা আজকের নাগরিক আর কতটা ভবিষ্যৎ প্রজন্ম বহন করবে, সেই হিসাব আমরা কতটা জানি? তাই ব্যয়, ঋণ, ঝুঁকি ও জবাবদিহির প্রশ্ন শুধু কোনো একটি প্রকল্পের নয়, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ ব্যয়েরও প্রশ্ন। এই দৃষ্টিতে দেখলে আলোচিত পাঁচটি মেগাপ্রকল্প আর পাঁচটি আলাদা গল্প থাকে না। এখানে এগুলোকে একটি অনুসন্ধানী নমুনা হিসেবে পাশাপাশি রাখা হয়েছে। তাতে যে পুনরাবৃত্ত সম্পর্কগুলো চোখে পড়ে, তার কেন্দ্রে আছে দৃশ্যমান উন্নয়ন আর তার আড়ালে থাকা রাজনৈতিক অর্থনীতি। এই নমুনাগুলোকে বিচ্ছিন্ন কাহিনি হিসেবে দেখার সুযোগ কম। কারণ শ্বেতপত্র প্রতিবেদনে ‘উন্নয়নের বয়ানকে ঢাল হিসেবে’ ব্যবহার করে দুর্নীতির অন্তত ২৮ রকম উপায় শনাক্ত হওয়ার কথা উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে দুর্বল সম্ভাব্যতা যাচাই, পরিকল্পনা ও নথিপত্র প্রস্তুতিতে স্বচ্ছতার অভাব, নকশা বদল, বারবার সংশোধন ইত্যাদি মিলেই দৃশ্যমান অবকাঠামোর আড়ালে একটি প্রাতিষ্ঠানিক সুবিধাভোগী কাঠামো তৈরি করে, যেখানে ব্যয় বাড়ানো, সময় বাড়ানো এবং দায় ছড়িয়ে দেওয়ার সংস্কৃতি নিয়মে পরিণত হয়।

 


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটার চার লেনে রূপান্তরের প্রকল্প ভাগ করা হয়েছিল ১০টি সড়ক প্যাকেজ ও ৩টি সেতু প্যাকেজে। ২০০৬ সালে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ২,১৬১ কোটি টাকা; ২০০৯ সালে ২,৩৮২ কোটিতে সংশোধিত হয় এবং ২০১৬ সালে দাঁড়ায় ৩,৮১৭ কোটি টাকায়। ওই ১০টি সড়ক প্যাকেজের মধ্যে ৭টিই পেয়েছিল চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন। দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কের বেশিরভাগ কাজ একটি প্রতিষ্ঠানের হাতে যাওয়া লক্ষণীয়। কাজ শুরুর পর একাধিকবার সময়সীমা বাড়ানো হয়, বাড়তি ক্ষতিপূরণের দাবি ওঠে, প্রকল্পের ব্যয় বাড়ানো হয়। তবে জমি অধিগ্রহণের জটিলতা, বিদ্যুৎ ও গ্যাসের লাইন সরানোর ঝামেলা, স্থানীয় সমস্যা এবং প্রশাসনিক জটিলতাও কাজের গতি কমিয়েছে। ব্যয়বৃদ্ধিকে প্রকৌশলগত জটিলতা বলে পাশ কাটানো সহজ; কিন্তু তুলনামূলক চিত্র দেখলে প্রশ্ন তীক্ষè হয়। শ্বেতপত্রে উদ্ধৃত হিসাব অনুযায়ী, বাংলাদেশে চার লেনের প্রধান সড়কের খরচ ভারতের চেয়ে ৪.৪ গুণ এবং পাকিস্তানের চেয়ে ২.১৫ গুণ বেশি। এই ব্যবধান কেবল বাজারদরের ফারাক দিয়ে ব্যাখ্যা করা যায় না; এখানে সিদ্ধান্তপ্রক্রিয়া, ক্রয়ব্যবস্থা এবং জবাবদিহির মান নিয়ে প্রশ্ন অনিবার্য। তাই ইচ্ছাকৃত বিলম্ব হয়েছে, এমন নিশ্চিত দাবি না করলেও প্রশ্নটা থেকে যায়। যে প্রতিষ্ঠানের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে, সেই প্রতিষ্ঠান কীভাবে পরের প্রকল্পে আবার জায়গা পায়?

 


উত্তর খুঁজতে পৌঁছাতে হয় পদ্মা সেতুর নদীশাসন কাজে। এখানেও ঠিকাদার হিসেবে ফিরে আসে সিনোহাইড্রো। তাদের দরপত্রে উল্লেখিত দর ছিল প্রায় ৮ হাজার ৭০৮ কোটি টাকা। এই প্রকল্পেও কম দরে কাজ পাওয়া, তারপর সময় ও ব্যয় দুটোই বাড়া, এই ধরনটা মহাসড়ক প্রকল্পের সঙ্গে মিলে যায়। একাধিক দফা সময় বৃদ্ধি ও ব্যয় সংশোধনের পর নদীশাসন চুক্তির মোট মূল্য ২০২৪ সালে দাঁড়ায় প্রায় ৯ হাজার ৮৩৪ কোটি টাকায়। এটা একটি প্যাটার্ন। শ্বেতপত্রে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে নেওয়া প্রকল্পগুলোর মধ্যে প্রায় ৮৬.৪ শতাংশ প্রকল্পে সময় বা ব্যয় অথবা উভয়ই বৃদ্ধি পেয়েছে। এই সংশোধন-নির্ভর প্রকল্প সংস্কৃতি প্রকল্পকে ক্রমাগত অনিশ্চিত করে তোলে; আর অনিশ্চয়তা বাড়লেই দরকষাকষি, চেঞ্জ-অর্ডার, নতুন নতুন ভ্যারিয়েশন দিয়ে ব্যয় ফোলানোর সুযোগও বাড়ে। প্রশ্ন শুধু ব্যয়বৃদ্ধি নয়, একই প্রতিষ্ঠানের এক প্রকল্প থেকে আরেক প্রকল্পে ফিরে আসা। ২০১৪ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজে সিনোহাইড্রোর ধীরগতি ও বাড়তি অর্থের দাবি নিয়ে সমালোচনার মধ্যেই সেপ্টেম্বরে তাদের পদ্মা নদীশাসনের কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়, নভেম্বরে স্বাক্ষরিত হয় চুক্তি। আরেকটি মেগাপ্রকল্পে একই প্রতিষ্ঠানের প্রবেশ নিছক কাকতালীয়, নাকি এর পেছনে কোনো প্রাতিষ্ঠানিক কারণ ছিল? শ্বেতপত্রের একটি পর্যবেক্ষণ এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক: প্রকল্প পরিকল্পনা ও নথিপত্র তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর বড় প্রকল্প মূল্যায়ন ও নিরীক্ষায় প্রয়োজনীয় বিশেষজ্ঞতার অভাবকে দুর্নীতির উর্বর জমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, আইএমইডি নিয়মিতভাবে অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত দিয়ে প্রতিবেদন দিলেও বহু ক্ষেত্রে তা কার্যকর প্রতিকার পায়নি। অর্থাৎ অডিট ও পর্যবেক্ষণ আছে কিন্তু প্রতিকার নেই। এই ফাঁকটাই একই নেটওয়ার্ককে এক প্রকল্প থেকে আরেক প্রকল্পে নির্বিঘেœ ফিরিয়ে আনার সুযোগ করে দেয়।

 

এই পুনরাবৃত্তি মহাসড়ক আর পদ্মাতেই থেমে থাকেনি। ঢাকার প্রথম মেট্রোরেলের লাইন-৬ এর সিপি-০২ প্যাকেজ (উত্তরা ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনা অন্তর্ভুক্ত) পেয়েছিল ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট ও সিনোহাইড্রোর যৌথ উদ্যোগ। একই সময়ে ইটালিয়ান-থাই আরও একাধিক প্যাকেজ পায়। বড় প্রতিষ্ঠান একাধিক কাজে অংশ নিতে পারে, সক্ষমতা থাকলে জিততেও পারে, এটা অস্বাভাবিক নয়। মেট্রো প্রকল্পের পরিচালক অবশ্য বলেছিলেন, ঠিকাদাররা নিয়ম অনুযায়ী যোগ্য ছিল এবং আগের প্রকল্পগুলোর পারফরম্যান্স মেট্রো টেন্ডারের সঙ্গে তুলনীয় নয়। এই ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা তখনই থেকে যায়, যখন আগের কাজের ব্যয় বৃদ্ধি, মান, সময় এবং জবাবদিহির ইতিহাস পরের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ একটি ঠিকাদার-নেটওয়ার্ক একের পর এক মেগা-প্রকল্পে হাজির হয়। এই পুনঃউপস্থিতি কি কেবল বাজারে সক্ষমতার ফল, নাকি প্রকল্প-পরবর্তী সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সুবিধাও এতে ভূমিকা রেখেছিল, তা আলাদা করে পরীক্ষা করা দরকার।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এসে এই সম্পর্ক আরও গভীর রূপ নেয়। এখানে ঠিকাদারি আর মালিকানা একই কাঠামোয় মিলেমিশে যায়। প্রকল্প কোম্পানিতে ইটালিয়ান-থাইয়ের অংশ ছিল ৫১ শতাংশ, চায়না শানডং ইন্টারন্যাশনালের ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রোর ১৫ শতাংশ। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮ হাজার ৯৪০ কোটি টাকা, যার মধ্যে সরকার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং হিসেবে দিয়েছিল ২ হাজার ৪১৩ কোটি টাকা। বাকি অর্থায়নের বড় অংশ আসে চীনা ব্যাংক থেকে। ২০১৯ সালে চায়না এক্সিম ব্যাংক ও আইসিবিসি মিলে প্রকল্প কোম্পানিকে ৮৬১ মিলিয়ন ডলারের ঋণ দেয়। যে প্রতিষ্ঠানগুলো একসময় শুধু ঠিকাদার ছিল, তারা এখন প্রকল্পের অংশ মালিক, শেয়ারধারী, ঋণগ্রহীতা এবং কাজের বাস্তবায়নেও যুক্ত। ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বিরোধের পর ২০২৪ সালে চীনা ঋণদাতারা অর্থছাড় বন্ধ করে দেয় এবং শেয়ার হস্তান্তর নিয়ে আইনি বিরোধ শুরু হয়। বিষয়টি পরে আদালত ও সালিশি পর্যন্ত গড়ায়।

 


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাঠামো আলাদা। ২০১৫ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের মধ্যে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের চুক্তি হয়। এর মধ্যে প্রায় ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ছিল রাশিয়ার আন্তঃসরকারি ঋণ। মূল ঋণচুক্তির শর্ত অনুযায়ী সুদ ছিল ছয় মাসের লাইবরের সঙ্গে ১.৭৫ শতাংশ, তবে সর্বোচ্চ ৪ শতাংশ; পরিশোধের সময়সীমা ছিল ৩০ বছর, যার মধ্যে ১০ বছর রেয়াত। এই চুক্তিতে ভিভিইআর-১২০০ প্রযুক্তি, যন্ত্রপাতি সরবরাহ, নির্মাণ, কমিশনিং, জনবল প্রশিক্ষণ এবং প্রাথমিক জ্বালানি সরবরাহ সবই একই প্যাকেজে বাঁধা। এখানে প্রতিযোগিতামূলক দরপত্র, বহু ঠিকাদারের দর তুলনা বা যৌথ উদ্যোগের পরিচিত ছক নেই। এটি রাষ্ট্র থেকে রাষ্ট্রে চুক্তি, রাষ্ট্রীয় ঋণ এবং দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত নির্ভরতার সম্পর্ক। তাই এখানে আলোচনা দুর্নীতির অভিযোগের পাশাপাশি অন্য প্রশ্নেও নেওয়া দরকার। এত বড় সার্বভৌম ঋণের শর্ত, সুদের হার, পরিশোধের সময়সূচি, প্রযুক্তির ওপর দীর্ঘকালীন নির্ভরতার খরচ, এসব সাধারণ মানুষের কাছে কতটা স্পষ্ট? রূপপুরের বিদ্যুৎ একদিন মানুষ আলো হিসেবে দেখবে। কিন্তু ঋণের কাগজ, শর্ত আর দীর্ঘমেয়াদি দায় আলোর মতো সহজে চোখে পড়ে না। প্রশ্নটি তাই আরও বড় হয়। ঋণ নেওয়া সমস্যা নয়; সমস্যা হলো ঋণের বিপরীতে যে সম্পদ, আয় বা সামাজিক সুবিধা তৈরি হবে, তার তুলনায় দায়, ঝুঁকি ও পরিশোধক্ষমতার ভারসাম্য কী।

 


এই পাঁচটি প্রকল্প পাশাপাশি রাখলে একটি বড় ছবি দেখা যায়। রাজনৈতিক অগ্রাধিকার প্রকল্প নির্বাচনে প্রভাব ফেলে, তারপর টেন্ডার ও চুক্তির ভেতর দিয়ে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান বারবার ফিরে আসে, যুক্ত হয় যৌথ উদ্যোগ, বিদেশি অর্থায়ন, সময় ও ব্যয় সংশোধন, আর শেষে দাঁড়িয়ে যায় দৃশ্যমান অবকাঠামো। উদ্বোধন হয়, রাজনৈতিক কৃতিত্বও তৈরি হয়। পদ্মা সেতু নিয়ে নুসরাত সাবিনা চৌধুরীর (২০২৬) গবেষণায় দেখানো হয়েছে, কীভাবে দৃশ্যমান মেগাপ্রকল্প রাজনৈতিক আবেদন ও জনসম্মতির ভাষা গঠনের একটি মাধ্যম হয়ে উঠতে পারে। কিন্তু চুক্তির শর্ত, ব্যয় সংশোধনের কারণ কিংবা ঝুঁকির বোঝা শেষ পর্যন্ত কার ঘাড়ে পড়ল, সেই হিসাব সাধারণ মানুষের সামনে খুব কমই আসে। মানুষ প্রকল্পের সুফল পায়, সময়ও বাঁচায়। কিন্তু সেই সময় বাঁচানোর আর্থিক ও প্রাতিষ্ঠানিক মূল্য কে দিচ্ছে, সেই প্রশ্ন আড়ালেই থেকে যায়।

 


আন্তর্জাতিক গবেষণাও দেখায়, বড় অবকাঠামো প্রকল্পে নির্মাণ, অর্থায়ন ও রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক প্রায়ই একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকে। লেবাননের অবকাঠামো ক্রয়ব্যবস্থা নিয়ে মাহমালাত ও মাকতাবির (২০২৩) গবেষণায় দেখা যায়, অনেক ক্ষেত্রে শুধু সর্বনি¤œ দরই সিদ্ধান্ত নির্ধারণ করে না; রাজনৈতিকভাবে সংযুক্ত প্রতিষ্ঠান, ক্রয়কারী সংস্থা এবং নকশা ও তদারকির সঙ্গে যুক্ত পরামর্শক কাঠামোর প্রভাবে প্রতিযোগিতা দুর্বল হতে পারে এবং প্রকল্প থেকে রেন্ট তৈরির সুযোগও তৈরি হতে পারে। দক্ষিণ কোরিয়ায় শোনহেরের (২০১৯) গবেষণায় রাজনৈতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান বেশি সরকারি চুক্তি পাওয়া এবং তাদের প্রকল্পে পুনঃআলোচনা ও ব্যয় বৃদ্ধির প্রবণতা বেশি থাকার কথা উঠে এসেছে। আবার ইন্দোনেশিয়া নিয়ে গবেষণায় দেখানো হয়েছে, অবকাঠামো শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির উপকরণ নয়, রাজনৈতিক বৈধতা তৈরির হাতিয়ারও হয়ে উঠতে পারে (হিদায়াত, তাম্বুনান ও হানিং, ২০২৪)।

 


আজকের উন্নয়নের মূল্য কি শুধু আজই দেওয়া হয়, নাকি তার একটি অংশ আগামী সরকার এবং আগামী প্রজন্মকে বহন করতে হয়? সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমানের পর্যবেক্ষণ অনুযায়ী, একসময় দুর্নীতির বড় অংশ দেশের ভেতরেই ‘শ্যাডো ইকোনমি’-তে ঘুরপাক খেত; রাষ্ট্র রাজস্ব পেত না, কিন্তু টাকার একটা অংশ দেশেই থেকে যেত। পরে সেই টাকার বড় অংশ ক্রমেই দেশের বাইরে চলে যেতে শুরু করেছে। অর্থাৎ উন্নয়ন-প্রকল্পের দৃশ্যমান কাঠামো দেশে থেকে গেলেও, তার সাথে জড়িয়ে থাকা ‘অদৃশ্য লাভ’ অনেক ক্ষেত্রে সীমানা পেরিয়ে যাচ্ছে। ফলে ক্ষতিটাও দীর্ঘমেয়াদি ও প্রজন্মান্তরের। মেগা প্রকল্পে যন্ত্রপাতি, কাঁচামাল, পরামর্শক ফি, সাব-কন্ট্রাক্ট মিলিয়ে আমদানি সংশ্লিষ্ট লেনদেনের পরিধি বড়; ফলে দুর্বল যাচাই থাকলে ওভার-ইনভয়েসিং কৌশলে পাচারের ঝুঁকিও বহুগুণে বাড়ে।

 


একটি প্রকল্প মানুষের উপকার করলেও তার ক্রয়প্রক্রিয়া, চুক্তি ব্যবস্থাপনা, ঋণের শর্ত ও ঝুঁকির হিসাব কি যথেষ্ট স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং জবাবদিহিমূলক ছিল? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সেই তথ্য প্রকাশ্যে দেখানো কঠিন হওয়ার কথা নয়। আর যদি না হয়, তাহলে শুধু সেতু বা সড়ক দাঁড়িয়ে গেছে বলেই প্রশ্ন থেমে যেতে পারে না। উন্নয়ন বাস্তব হলেই তার আড়ালের গল্প স্বচ্ছ, এমন ধরে নেওয়ার সুযোগ নেই। জবাবদিহির এই ঘাটতি শুধু কাগজে-কলমে নয়, ক্ষমতার সম্পর্কেও। শ্বেতপত্র কমিটির প্রধান অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য গণমাধ্যমে বলেছেন, দুর্নীতি ও অনিয়ম এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রভাবশালী মহল বিদেশি পরামর্শকদেরও হুমকি দিয়ে নিজেদের ইচ্ছেমতো কাজ আদায় করত; দাতা সংস্থা বা পরামর্শক প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হতো। এই ধরনের পরিবেশে প্রতিযোগিতা, পরামর্শ, তদারকি থেকে সবই ধীরে ধীরে আনুষ্ঠানিকতায় নেমে আসে; আর আনুষ্ঠানিকতা বাড়লেই প্রকল্পের অদৃশ্য হিসাব আরও অদৃশ্য হয়।
তাহলে কী করা যায়? অন্তত দুটি পরিবর্তন জরুরি। প্রথমত, প্রতিটি মেগাপ্রকল্পের চুক্তি সংশোধন, সময় ও ব্যয় বৃদ্ধি, ঋণের শর্ত, প্রকল্প কোম্পানির মালিকানা এবং দরপত্র মূল্যায়নের সারাংশ সহজ ভাষায় প্রকাশ করা উচিত, যাতে একজন সাধারণ নাগরিকও বুঝতে পারেন, সিদ্ধান্ত ও ব্যয়ের যুক্তি কতটা গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, আগের প্রকল্পে কোনো প্রতিষ্ঠানের কাজের মান, সময়ানুবর্তিতা ও জবাবদিহির ইতিহাস পরের দরপত্র মূল্যায়নের বাধ্যতামূলক অংশ হওয়া উচিত। শুধু কম দর নয়, কাজের রেকর্ডও প্রতিযোগিতার মানদ- হোক।

 

 


পরেরবার পদ্মা সেতু পার হওয়ার সময় বা মেট্রোরেলে চড়ার সময় হয়তো এই প্রশ্নটাই মনে আসবে। উন্নয়ন চোখের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পূর্ণ হিসাবও কি চোখের সামনে আছে? কার সময় বাঁচল, কার সময় খরচ হলো, কার সক্ষমতা তৈরি হলো, আর তার দাম কে দিল? এই হিসাব ছাড়া উন্নয়নের ছবিটা কখনো পূর্ণ হয় না। উন্নয়ন চোখের সামনে। উন্নয়নের হিসাবও চোখের সামনে থাকা উচিত।
লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী 

ট্যাগ:BCSকলামবাংলাদেশ