
মাতারবাড়ী সমুদ্রবন্দর : অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কৌশল
ড. মো. মিজানুর রহমান [আমাদের সময়, ১৩ নভেম্বর ২০২৬]
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেশটিকে বঙ্গোপসাগরকেন্দ্রিক বিশাল সামুদ্রিক অর্থনৈতিক সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। বঙ্গোপসাগর কেবল বাংলাদেশের জলসীমা নয়; এটি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ, নীল অর্থনীতি ও ভূরাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আমদানি-রপ্তানির ব্যয় কমানো, বৃহৎ জাহাজ চলাচলের সক্ষমতা অর্জন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও লজিস্টিকস কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে। তাই গভীর সমুদ্রবন্দর নির্মাণ নিছক অবকাঠামোগত উদ্যোগ নয়; এটি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তর ও কৌশলগত অবস্থান নির্ধারণের জাতীয় সিদ্ধান্ত।
এই প্রেক্ষাপটে গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তবে একে শুধু বন্দর নির্মাণ, বাণিজ্য সম্প্রসারণ কিংবা বৈদেশিক বিনিয়োগের হিসাব দিয়ে বিচার করলে এর পূর্ণ তাৎপর্য বোঝা যাবে না। বঙ্গোপসাগর ঘিরে চীন, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতা, সোনাদিয়া থেকে মাতারবাড়িতে প্রকল্প স্থানান্তর, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ এবং তিস্তা নদী ব্যবস্থাপনায় চীনের সম্ভাব্য ভূমিকা- সব মিলিয়ে মাতারবাড়ি প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, পররাষ্ট্রনীতি ও ভূরাজনৈতিক ভারসাম্যের বড় পরীক্ষা।
বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশ কনটেইনার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিবাহিত হয়। ২০২৫ সালে বন্দরটি ৩৪ লাখ ৯ হাজারের বেশি ঞঊট কনটেইনার এবং প্রায় ১৩ কোটি ৮১ লাখ টন কার্গো পরিচালনা করে; রাজস্ব আয় ছিল প্রায় ৫ হাজার ৪৬০ কোটি টাকা। এই বিপুল কার্যক্রম দেশের বাণিজ্যিক সক্ষমতার পরিচয় দিলেও একটি বন্দরের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকিও স্পষ্ট করে। চট্টগ্রাম বন্দরের নাব্যতা ও প্রবেশপথের সীমাবদ্ধতার কারণে বড় মাদার ভেসেল সরাসরি সেখানে ভিড়তে পারে না। ফলে বিদেশি বন্দরের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট করতে হয়, যা সময় ও ব্যয় বাড়ায়। এই সীমাবদ্ধতা দূর করে বৃহৎ জাহাজ চলাচলের সক্ষমতা অর্জনের প্রয়োজন থেকেই গভীর সমুদ্রবন্দরের গুরুত্ব তৈরি হয়েছে। একসময় সোনাদিয়াকে গভীর সমুদ্রবন্দরের জন্য অত্যন্ত সম্ভাবনাময় স্থান হিসেবে বিবেচনা করা হয়েছিল। ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষায় সোনাদিয়ার প্রাকৃতিক গভীরতা, অবস্থান ও বড় জাহাজ পরিচালনার সম্ভাবনা গুরুত্ব পেয়েছিল। চীনও সেখানে বন্দর নির্মাণ ও অর্থায়নে আগ্রহ দেখিয়েছিল। ২০১৪ সালে চীনের সঙ্গে এ বিষয়ে কাঠামোগত সমঝোতার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু প্রকল্পটি আর এগোয়নি। ২০২০ সালে সরকার আনুষ্ঠানিকভাবে সোনাদিয়া প্রকল্প বাতিল করে মাতারবাড়ি প্রকল্পকে অগ্রাধিকার দেয়।
সরকারি ব্যাখ্যায় সোনাদিয়া দ্বীপের পরিবেশগত সংকটাপন্ন অবস্থা, জীববৈচিত্র্য ও উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষার বিষয়টি সামনে আনা হয়েছিল। তবে ২০২০ সালের জানুয়ারিতে ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে পরিবেশগত বিবেচনার পাশাপাশি ভূরাজনৈতিক বিষয়ও সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করা হয়। মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের একটি প্রতিবেদনেও সোনাদিয়া প্রকল্প বাতিলের সঙ্গে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের চাপের বিষয়টি উঠে এসেছে। পরবর্তী গবেষণায়ও চীনের সম্ভাব্য উপস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে।
পরিবেশগত উদ্বেগই কি সোনাদিয়া প্রকল্প বাদ দেওয়ার একমাত্র কারণ ছিল, নাকি এর পেছনে ভারতের কৌশলগত স্বার্থও কাজ করেছে সে প্রশ্নও রয়েছে জনমনে। অনেকের যুক্তি, বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক ও সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির জন্য সোনাদিয়া ছিল অত্যন্ত সম্ভাবনাময়। তাদের আশঙ্কা, চীনের অংশগ্রহণে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর গড়ে উঠলে বঙ্গোপসাগরে চীনের কৌশলগত উপস্থিতি বাড়তে পারত, যা ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়েছিল। অন্যদিকে মাতারবাড়িতে জাপানের অর্থায়ন ও অংশীদারত্ব নিশ্চিত হওয়ায় আঞ্চলিক শক্তির ভারসাম্যে ভিন্ন সমীকরণ তৈরি হয়েছে।
সোনাদিয়া ও মাতারবাড়ির কারিগরি তুলনাও এই বিতর্ককে গুরুত্বপূর্ণ করে তোলে। বিভিন্ন গবেষণায় সোনাদিয়ার সমুদ্রাঞ্চলে প্রায় ১৬ মিটার প্রাকৃতিক গভীরতার কথা উল্লেখ রয়েছে। অন্যদিকে, মাতারবাড়িতে ১৩ মিটার প্রাকৃতিক গভীরতা ছিল, তবে গভীর সমুদ্রের সঙ্গে বন্দরের সংযোগ স্থাপনে প্রায় ১৪.৩ কিলোমিটার দীর্ঘ, ৩৫০ মিটার প্রশস্ত ও ১৬ মিটার গভীর কৃত্রিম নৌ চ্যানেল তৈরি করতে হয়েছে। এতে বিপুল খননকাজের প্রয়োজন হয়েছে এবং পলি জমার কারণে ভবিষ্যতেও নিয়মিত ড্রেজিং ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করতে হবে। সোনাদিয়ার প্রাকৃতিক গভীরতা ও বঙ্গোপসাগরের গভীর জলসীমার নিকটবর্তী অবস্থান কাজে লাগিয়ে তুলনামূলক কম খনন ও ব্যয়ে কার্যকর বন্দর নির্মাণের সুযোগ ছিল। সোনাদিয়া থেকে মাতারবাড়ীর দূরত্বও মাত্র ২০-২৫ কিলোমিটার। অথচ দুটি স্থানের গভীর সমুদ্র-সংযোগ, নৌ প্রবেশপথ ও নির্মাণ ব্যয়ের পূর্ণাঙ্গ তুলনামূলক বিশ্লেষণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ফলে প্রকল্প স্থানান্তরের পেছনে পরিবেশগত ও প্রকৌশলগত কারণের পাশাপাশি ভারতের ভূরাজনৈতিক স্বার্থও কাজ করেছিল কি না, সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।
এই সিদ্ধান্তের প্রভাব শুধু একটি বন্দর প্রকল্পে সীমাবদ্ধ নয়। চীন বাংলাদেশের বিদ্যুৎ, সড়ক, রেল, সেতু, শিল্প ও অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী ও সহযোগী। সোনাদিয়া থেকে চীনের সরে যাওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন চীনা প্রকল্পের অগ্রগতি, অর্থায়ন ও অংশীদারত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তা ভবিষ্যৎ বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলতে পারে। চীনের সঙ্গে কোনো প্রকল্পের ব্যয়, ঋণের শর্ত বা পরিবেশগত সমস্যা থাকলে তা অবশ্যই পুনর্মূল্যায়ন করা উচিত। কিন্তু সিদ্ধান্ত যদি অর্থনৈতিক ও কারিগরি মূল্যায়নের পরিবর্তে তৃতীয় কোনো দেশের কৌশলগত পছন্দে বদলে যায়, তাহলে বাংলাদেশের নীতিগত বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। জাপানের সহযোগিতা গ্রহণ বাংলাদেশের অধিকার; সমস্যা জাপানকে অংশীদার করা নয়, বরং সিদ্ধান্তে বাংলাদেশের স্বাধীন জাতীয় স্বার্থ কতটা প্রাধান্য পেয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে যোগাযোগ সম্প্রসারণ একই ভূরাজনৈতিক বাস্তবতার অংশ। সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীল ভারতের এই অঞ্চল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর, সড়ক, রেল ও নৌপথ ব্যবহার করতে পারলে পণ্য পরিবহনের দূরত্ব ও ব্যয় কমবে। ভারতের সরকারি বিবরণ অনুযায়ী, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে পণ্য পরিবহনের জন্য আটটি রুটের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, ভারতকে বন্দর ও করিডর ব্যবহারের সুযোগ দেওয়া হলেও নেপাল ও ভুটানকে একই ধরনের কার্যকর ট্রানজিট সুবিধা কেন দেওয়া হয়নি? অথচ এসব দেশকে করিডর সুবিধা দিলে বাংলাদেশের বন্দর ব্যবহার, পরিবহন আয়, আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ রয়েছে। মাতারবাড়ি প্রকল্পে জাপানের সঙ্গে সহযোগিতা ও অর্থায়নের শর্তে ভারতের স্বার্থ বা আঞ্চলিক যোগাযোগের কোনো বিশেষ বিবেচনা যুক্ত ছিল কি না, তা নিয়েও জনমনে সন্দেহ রয়েছে। এ বিষয়ে চুক্তির শর্ত প্রকাশ করে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। মূল প্রশ্ন হলো, ভারতকে দেওয়া যোগাযোগ সুবিধার বিনিময়ে বাংলাদেশ কতটা অর্থনৈতিক ও কৌশলগত সুফল পাচ্ছে?
তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প ঘিরেও একই ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চড়বিৎঈযরহধ তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। ২০১৬ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে প্রতিষ্ঠানটির সমঝোতা স্মারক হয় এবং পরবর্তী সময়ে সম্ভাব্যতা সমীক্ষার কাজও এগোয়। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি অমীমাংসিত থাকা এবং নদী ব্যবস্থাপনায় ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ায় প্রকল্পটি ভূরাজনৈতিক সংবেদনশীলতা পেয়েছে। ২০২৬ সালের জুন ও আগস্টে বাংলাদেশের মন্ত্রী এবং চীনা রাষ্ট্রদূত তিস্তা প্রকল্পে চীনের কারিগরি সহযোগিতার কথা বলেছেন। তবে অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন করে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে; চীনের প্রস্তাবিত অর্থায়ন ও বাস্তবায়নকাঠামো এখনও চূড়ান্ত নয়।
এই বিলম্বে অনেকের ধারণা, ভারতের আপত্তি বা অসন্তুষ্টির আশঙ্কায় চীনের সঙ্গে তিস্তা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার সতর্ক অবস্থান নিয়েছে। তাদের মতে, সোনাদিয়া থেকে সরে আসা, ভারতের জন্য বন্দর ও করিডর ব্যবহারের সুযোগ এবং তিস্তা প্রকল্পে চীনের ভূমিকা নিয়ে দীর্ঘসূত্রতা- এসব বিচ্ছিন্ন ঘটনা নয়; এগুলো বাংলাদেশের ওপর ভারতের প্রভাবের বৃহত্তর চিত্রের অংশ। এই ধারণা দূর করার দায়িত্ব সরকারের- স্বচ্ছ তথ্য, চুক্তি প্রকাশ এবং জাতীয় স্বার্থের পক্ষে দৃশ্যমান দরকষাকষির মাধ্যমে। মাতারবাড়ি প্রকল্পের আর্থিক বাস্তবতাও কম গুরুত্বপূর্ণ নয়। প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা; সংশোধনের পর তা বেড়ে ২৪ হাজার ৩৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে- প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি। প্রকল্পের মেয়াদও ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। জাপানি অর্থায়নের সুদ ও পরিশোধের শর্ত তুলনামূলক সুবিধাজনক হলেও ঋণ শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণকেই পরিশোধ করতে হবে।
তাই বন্দর থেকে সম্ভাব্য আয়, কার্গো, রক্ষণাবেক্ষণ ব্যয়, ঋণ পরিশোধ এবং অর্থনৈতিক সুফলের বাস্তব হিসাব প্রকাশ করা জরুরি। সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার পোর্ট ক্লাংয়ের অভিজ্ঞতা দেখায়, গভীর সমুদ্রবন্দরের সাফল্য শুধু গভীর পানি বা বড় জাহাজের ওপর নির্ভর করে না; দক্ষ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক শিপিং নেটওয়ার্ক, দ্রুত কাস্টমস, শিল্পায়ন ও নির্ভরযোগ্য সেবাও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে হাম্বানটোটার অভিজ্ঞতা সতর্ক করে যে, বাস্তব কার্গো চাহিদা ও আর্থিক সক্ষমতা যাচাই না করে বড় প্রকল্প নিলে দীর্ঘমেয়াদি ঋণ ও পরিচালন ঝুঁকি তৈরি হতে পারে। মাতারবাড়ির ক্ষেত্রেও বন্দর নির্মাণের পাশাপাশি শিল্পাঞ্চল, সড়ক-রেল সংযোগ, স্থানীয় কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাণিজ্য আকর্ষণের বাস্তব পরিকল্পনা থাকতে হবে।
সোনাদিয়া থেকে মাতারবাড়ীতে স্থানান্তরের সিদ্ধান্ত, চীনের সম্ভাব্য বিনিয়োগের ভবিষ্যৎ, ভারতের জন্য করিডর ও বন্দর ব্যবহারের শর্ত এবং তিস্তা প্রকল্পের অগ্রগতি- সব বিষয়ে সরকারের উচিত জাতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকাশ করা। কোন সিদ্ধান্তে বাংলাদেশের কতটা আর্থিক লাভ, কৌশলগত সুবিধা ও দীর্ঘমেয়াদি দায় তৈরি হচ্ছে, তা জনগণের জানার অধিকার রয়েছে। বিশেষ করে সোনাদিয়া বাতিলের সিদ্ধান্ত এবং মাতারবাড়ি নির্বাচনের পূর্ণাঙ্গ কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত তুলনা প্রকাশ করা জরুরি।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নে শুধু বন্দর নির্মাণ যথেষ্ট নয়; প্রয়োজন স্বাধীন পররাষ্ট্রনীতি, ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং জাতীয় স্বার্থের প্রশ্নে দৃঢ় অবস্থান। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত সব দেশের সঙ্গে সহযোগিতা, কিন্তু কোনো দেশের আধিপত্য নয়; আঞ্চলিক সংযোগ, কিন্তু সার্বভৌমত্বের বিনিময়ে নয়। সোনাদিয়া থেকে মাতারবাড়ীতে প্রকল্প স্থানান্তরের সিদ্ধান্ত সত্যিকার অর্থে বাংলাদেশের অর্থনৈতিক প্রয়োজনের ভিত্তিতে হয়েছিল, নাকি ভারতের কৌশলগত সুবিধাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল- এ প্রশ্নের স্বচ্ছ জবাবই ভবিষ্যৎ উন্নয়ন সিদ্ধান্তে জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে।
ড. মো. মিজানুর রহমান : অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট
মতামত লেখকের নিজস্ব



