মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ
সংবাদবাংলাদেশ

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

১৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল [সূত্র : প্রথম আলো, ১৭ নভেম্বর ২০২৬]

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

 

মাওলানা ভাসানী উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।

 

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

 

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে একটি কমিটি গঠন করেছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীরা সকাল সাড়ে সাতটায় ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করবেন। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মাওলানা ভাসানীর জন্ম। তবে তিনি জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। সন্তোষের মাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন তিনি।

ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ