কোয়াডের উদ্যোগ ও চ্যালেঞ্জ

কোয়াডের উদ্যোগ ও চ্যালেঞ্জ
কলামআন্তর্জাতিক

কোয়াডের উদ্যোগ ও চ্যালেঞ্জ

১৯ সেপ্টেম্বর, ২০২৬

ড. নাসির উদ্দিন আহমেদ [প্রকাশ : কালের কণ্ঠ, ১৮ সেপ্টেম্বর ২০২৬]

ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত বহুল পরিচিত কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ (সংক্ষেপে কোয়াড-QUAD) অনিশ্চয়তার একটি সময় পেরিয়ে আবারও নতুন কৌশলগত গতি সঞ্চার করে এগিয়ে চলেছে। ২০২৬ সালের মে মাসে নয়াদিল্লিতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সামুদ্রিক নজরদারি ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে আলোচনা কোয়াডের সহযোগিতাকে আরও বাস্তবভিত্তিক মাত্রা দিয়েছে। ৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে কোয়াডের শেরপারা (অগ্রপথিক) পরবর্তী পর্যায়ের সহযোগিতার প্রস্তুতি নিতে বৈঠক করেছেন। এছাড়া আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক এ তৎপরতা চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব নিয়ে উদ্বেগ এবং সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি ও অবাধ সরবরাহব্যবস্থার ক্ষেত্রে চার দেশের অভিন্ন স্বার্থের প্রতিফলন। তবে সাম্প্রতিক দিনগুলোর এসব কর্মকাণ্ড ধীরে ধীরে এমন প্রশ্নও তুলছে যে, কোয়াড কি শেষ পর্যন্ত একটি টেকসই ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা কাঠামোয় পরিণত হতে পারে? আর যদি চার সদস্যের মধ্যে কোনো মতপার্থক্য থাকে, তাহলে তার চূড়ান্ত পরিণতিই বা কী হতে পারে?

 

কোয়াড কি মূলত চীনবিরোধী?

 

কোয়াড গঠনের পেছনে চীন যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অনুঘটক, তাতে সন্দেহ নেই। সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক চাপ প্রয়োগ, সরবরাহব্যবস্থায় অতিরিক্ত নির্ভরতা এবং পরিবর্তনশীল শক্তির ভারসাম্য নিয়ে উদ্বেগ চার দেশকে কাছাকাছি এনেছে। তবে কোয়াডকে শুধু একটি চীনবিরোধী জোট হিসেবে বর্ণনা করলে এর বৃহত্তর অর্থনৈতিক ও প্রযুক্তিগত এজেন্ডা উপেক্ষিত হবে।

 
 

সর্বশেষ বৈঠকে যোগ দেওয়া চার দেশ চীন কর্তৃক জাপান সাগর ও দক্ষিণ চীন সাগরে পরিচালিত সামরিক মহড়া ও অন্যান্য কর্মকাণ্ডকে ‘জবরদস্তিমূলক ও অস্থিতিশীল’ আচরণ হিসেবে বর্ণনা করেছে এবং তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীনের সাম্প্রতিক কর্মকাণ্ডের তালিকায় ছিল বিপজ্জনক সামরিক কৌশল, নৌ ও আকাশপথে চলাচলের স্বাধীনতায় বাধা এবং বিরোধপূর্ণ ভূখণ্ডের সামরিকীকরণ ইত্যাদি। তারা অর্থনৈতিক চাপ প্রয়োগ, বাজারভিত্তিক নয় এমন বাণিজ্যিক কর্মকাণ্ড এবং সাইবার অপরাধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

 
 

বারবার বেইজিংয়ের নাম উচ্চারণ না করলেও কোয়াড সদস্যরা চীনের প্রতি ইঙ্গিত করে তাদের কৌশলগত উদ্বেগ প্রকাশ করেছে। এতে প্রতীয়মান হয় যে, তারা সচেতনভাবেই মনে করে কোয়াডকে প্রকাশ্যে চীনবিরোধী সামরিক জোটে রূপান্তর করলে সমস্যার সমাধানের চেয়ে নতুন সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি।

 

ভারতের সামনে চ্যালেঞ্জ ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আনুষ্ঠানিক সামরিক জোটে রূপ না নিয়েও কোয়াড কি ধীরে ধীরে একটি কার্যত নিরাপত্তা কাঠামোতে পরিণত হতে পারে? আর যদি তা হয়, তাহলে ভারত কতটা ভূমিকা নিতে প্রস্তুত? ভারতের অবস্থান এ ক্ষেত্রে অনন্য। দেশটি কোয়াডের সদস্য এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান শক্তি। একই সঙ্গে ভারত ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য। রাশিয়ার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং নয়াদিল্লি এখনো ‘কৌশলগত স্বায়ত্তশাসন’-এর ওপর জোর দিয়ে আসছে। এসব কারণে কোয়াডকে আনুষ্ঠানিক চীনবিরোধী সামরিক জোটে রূপ দেওয়ার উদ্যোগে ভারতের সমর্থনের সম্ভাবনা কম।

 

এ টানাপোড়েনই কোয়াডের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা। উচ্চমাত্রার শুল্ক, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি এবং ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংকট মোকাবিলায় ওয়াশিংটনের ভূমিকা নিয়ে সাম্প্রতিক মতপার্থক্য দুই দেশের মধ্যে সাম্প্রতিক দূরত্বের বিষয়টি সামনে এনেছে। তাই বলা চলে ওয়াশিংটন ও নয়াদিল্লির পারস্পরিক আস্থার ওপর কোয়াডের অগ্রগতি অনেকাংশে নির্ভর করবে।

 

যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২৩ থেকে ২৬ মে ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তার এই সফর নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক এবং কোয়াডের প্রতি ওয়াশিংটনের গুরুত্বেরই ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র সামুদ্রিক নজরদারি, গুরুত্বপূর্ণ খনিজসম্পদ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো ও প্রযুক্তিতে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে। এ ধরনের সহযোগিতা চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও অবকাঠামোগত প্রভাবের বিকল্পও তৈরি করতে পারে। তবে ভারত এ ক্ষেত্রে কতদূর এগোতে প্রস্তুত—সেটিই এখন মূল পরীক্ষা।

 

বাংলাদেশের সামনে প্রশ্ন ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান একদিকে ভারত ও যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্নটি শুধু এই হওয়া উচিত নয় যে, কোয়াড চীনবিরোধী কি না। বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—চারটি দেশ ভারত মহাসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা পরিবেশকে কীভাবে প্রভাবিত করতে পারে এবং এর ফলে বাংলাদেশের জন্য কী ধরনের সুযোগ ও ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ভারত নিঃসন্দেহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জাপান ও অস্ট্রেলিয়া প্রযুক্তি, পুঁজি ও সামুদ্রিক সক্ষমতা নিয়ে আসে; অন্যদিকে যুক্তরাষ্ট্র নিয়ে আসে বৈশ্বিক সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রভাব। ফলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী অঞ্চল হিসেবে বঙ্গোপসাগরের গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়তে পারে। চীনের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ ভৌগোলিক ও কৌশলগত সম্পর্ক। ফলে কোয়াডের বিকাশকে বাংলাদেশ উপেক্ষা করতে পারে না; আবার বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় অপ্রয়োজনীয়ভাবে জড়িয়ে পড়ার সামর্থ্যও বাংলাদেশের নেই।

 

বাংলাদেশ বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। বঙ্গোপসাগর বাংলাদেশের বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, নীল অর্থনীতি, সামুদ্রিক স্বার্থ এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে বঙ্গোপসাগরের দিকে কোয়াডের সামুদ্রিক তৎপরতা সম্প্রসারিত হলে তা ঢাকার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করতে পারে।

 

বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত সুযোগও তৈরি হতে পারে। তবে কোয়াড ও চীনের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলে ছোট দেশগুলোর ওপর চাপও বাড়তে পারে। তাই ঢাকার জন্য সবচেয়ে কার্যকর কৌশল সম্ভবত কোনো ভূরাজনৈতিক জোটে যোগ দেওয়া নয়। বাংলাদেশকে চীন ও কোয়াডের মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং জাতীয় স্বার্থ যেখানে অভিন্ন, সেখানে কোয়াডের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং একই সঙ্গে কৌশলগত স্বায়ত্তশাসন ও সব বড় শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের স্বার্থের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

 

কোয়াডের সম্ভাব্য ভবিষ্যৎ কোয়াডের ভবিষ্যৎ নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যকে আনুষ্ঠানিক সামরিক জোটে পরিণত না করে কতটা বাস্তবভিত্তিক সহযোগিতায় রূপ দেওয়া যায় তার ওপর। একটি সম্ভাবনা হলো, এটি একটি নমনীয় কূটনৈতিক জোট হিসেবেই টিকে থাকবে, কিন্তু শক্তিশালী নিরাপত্তা কাঠামো গড়ে তুলবে না। দ্বিতীয় সম্ভাবনা হলো, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অবকাঠামো ও অর্থনীতিতে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে, তবে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের বিষয়টি এড়িয়ে চলা হবে। তৃতীয় সম্ভাবনা হলো; চীনের সঙ্গে কতটা সংঘাতমুখী হওয়া উচিত, এমন প্রশ্নে এবং সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগাভাগির মাত্রা নিয়ে কৌশলগত মতপার্থক্য ধীরে ধীরে কোয়াডকে দুর্বল করে দিতে পারে। কৌশলগতভাবে ভিন্ন চারটি শক্তি নিজেদের স্বাতন্ত্র্য ও কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখেও ইন্দো-প্যাসিফিকের গতিপথ প্রভাবিত করার মতো পর্যাপ্ত সহযোগিতা করতে পারে কি না, তার ওপর অনেক কিছুই নির্ভর করবে।

 

বাংলাদেশের জন্য উদীয়মান কোয়াডকে ঘিরে এখনই ঝাঁপিয়ে পড়া যেমন উচিত নয়, তেমনি এটিকে উপেক্ষা করাও উচিত হবে না। পরিবর্তনশীল ইন্দো-প্যাসিফিক ব্যবস্থায় কোয়াড ক্রমেই একটি গুরুত্বপূর্ণ বাস্তবতায় পরিণত হচ্ছে। বাংলাদেশের চ্যালেঞ্জ হলো—এই পরিবর্তনকে শুরুতেই বুঝতে পারা, ঠিক সময়ে যথাযথ মূল্যায়ন করা, যেখানে জাতীয় স্বার্থের সঙ্গে মিল রয়েছে সেখানে সম্পৃক্ত হওয়া এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো পর্যাপ্ত কৌশলগত পরিসর ধরে রাখা।

 

লেখক: অবসরপ্রাপ্ত মেজর, গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক