জ্বালানি সংকটে চাপে অর্থনীতি

জ্বালানি সংকটে চাপে অর্থনীতি
সংবাদবাংলাদেশ

জ্বালানি সংকটে চাপে অর্থনীতি

৭ অক্টোবর, ২০২৬

আল আমিন [সূত্র : যুগান্তর, ০৭ অক্টোবর ২০২৬]

জ্বালানি সংকটে ধাক্কা খাচ্ছে বাংলাদেশের অর্থনীতির গতি। গ্যাস ও বিদ্যুতের ঘাটতিতে শিল্পকারখানা সক্ষমতার নিচে উৎপাদন করছে। কোথাও কমেছে কর্মঘণ্টা, কোথাও বন্ধ রয়েছে উৎপাদন। এর প্রভাব পড়ছে বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থানে। এরই মধ্যে কমেছে সরকারি ও বেসরকারি বিনিয়োগ। দুর্বল হয়েছে পণ্য ও সেবার রপ্তানি। ব্যাংক খাতে বেড়েছে খেলাপি ঋণ ও মূলধন-ঘাটতি। উচ্চ মূল্যস্ফীতিতে কমছে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। সব মিলিয়ে বহুমুখী চাপে পড়েছে অর্থনীতি। বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে উঠে এসেছে অর্থনীতির এমন চিত্র। সংস্থাটির হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৪ শতাংশে। আগামী দুই অর্থবছরেও তা ৪ শতাংশের নিচে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবৃদ্ধি কমার বড় কারণ বিনিয়োগের সংকোচন। ২০২৫-২৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ শূন্য দশমিক ৫ শতাংশ এবং সরকারি বিনিয়োগ শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। শিল্প খাতেও নেমে এসেছে স্থবিরতা। ওই অর্থবছরে শিল্প প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২ শতাংশ। তবে তৃতীয় প্রান্তিকে শিল্প উৎপাদন শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে, যা করোনা মহামারীর পর কোনো প্রান্তিকে প্রথম সংকোচন।

 

অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে সুদহার অবশ্যই কমাতে হবে। আর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

 

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে নেমেছে। ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ। পরের অর্থবছরে তা কমে ৪ দশমিক ২ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩ দশমিক ৫ শতাংশ হয়। ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ২ শতাংশে দাঁড়ায়, যা করোনা মহামারীর পর কোনো প্রান্তিকে সর্বনিম্ন। প্রবৃদ্ধি কমার বড় কারণ বিনিয়োগের সংকোচন। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ শূন্য দশমিক ৫ শতাংশ এবং সরকারি বিনিয়োগ শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি কমেছে ৪ দশমিক ৮ শতাংশ।

 

বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নও ঐতিহাসিকভাবে নিচু পর্যায়ে নেমেছে। বড় অবকাঠামো প্রকল্প পর্যালোচনা, নতুন প্রকল্প অনুমোদনে সতর্কতা এবং বাস্তবায়ন সক্ষমতার দুর্বলতায় উন্নয়ন ব্যয় কমেছে।

 

বিশ্বব্যাংকের প্রতিবেদনে অর্থনীতির দুর্বলতার চিত্র উঠে এলেও বেসরকারি বিনিয়োগ বাড়ানো গেলে প্রবৃদ্ধির গতি ফেরানোর সুযোগ রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু আহমেদ। আমাদের সময়কে অধ্যাপক ড. আবু আহমেদ বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসার যে আশঙ্কা করা হয়েছে, তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো গেলে প্রবৃদ্ধি ৪ শতাংশ ছাড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বিষয়টি মূলত নির্ভর করছে বেসরকারি খাতকে কতটা উজ্জীবিত করা যায় তার ওপর।

 

আবু আহমেদ বলেন, বেসরকারি খাতকে সক্রিয় করতে সুদের হার আরও কমানো প্রয়োজন। একই সঙ্গে অর্থনীতি যখন স্থবির থাকে, তখন সরকারকে নেতৃত্ব দিতে হয়। বড় প্রকল্পে অর্থায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারকে অর্থনীতিতে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। শেয়ারবাজারসহ বিভিন্ন খাতকে সক্রিয় করার উদ্যোগও নিতে হবে।

 

অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, বেসরকারি খাত বর্তমানে অনেকটাই পিছিয়ে গেছে। ফলে শুধু অপেক্ষা করে থাকলে হবে না। নতুন করে বেসরকারি খাতকে উজ্জীবিত করতে সরকারকে নেতৃত্ব দিয়ে অর্থনীতিতে গতি ফেরানোর উদ্যোগ নিতে হবে।

 

অর্থনীতির ধীরগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিল্প খাতে। ২০২৫-২৬ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২ শতাংশ। তবে তৃতীয় প্রান্তিকে শিল্প উৎপাদন শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। গ্যাস ও বিদ্যুতের ঘাটতিতে অনেক কারখানা সক্ষমতার নিচে উৎপাদন করেছে। কোনো কোনো প্রতিষ্ঠান কর্মঘণ্টা কমিয়েছে, উৎপাদন বন্ধ রেখেছে বা কর্মী ছাঁটাই করেছে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশ ২০১৭ সাল পর্যন্ত গ্যাসে প্রায় স্বয়ংসম্পূর্ণ ছিল। এখন মোট চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ আমদানির মাধ্যমে মেটাতে হচ্ছে। কয়েকটি বড় গ্যাসক্ষেত্র ও মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে কোনো একটি স্থাপনায় সমস্যা হলেই বড় এলাকায় সরবরাহ কমে যায়।

 

অর্থনীতির ধীরগতির প্রভাব পড়েছে শ্রমবাজারেও। শিল্প ও সেবা খাতে চাকরি হারানো নারীদের অনেকে শ্রমবাজার থেকে বেরিয়ে গেছেন। নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ ২০২২ সালের ৪২ দশমিক ৮ শতাংশ থেকে ২০২৪ সালে ৩৮ দশমিক ৪ শতাংশে নেমেছে।

 

আগামী অর্থবছরে প্রায় ৬ লাখ ৩০ হাজার নিট কর্মসংস্থান তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে এই কর্মসংস্থান দ্রুত দারিদ্র্য কমানোর জন্য যথেষ্ট হবে না বলে মনে করছে সংস্থাটি।

 

গড় মূল্যস্ফীতি ২০২৪-২৫ অর্থবছরের ১০ শতাংশ থেকে গত অর্থবছরে ৮ দশমিক ৭ শতাংশে নেমেছে। গত আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩ শতাংশ। তবে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহব্যবস্থার সমস্যা এবং মুদ্রা সরবরাহের প্রবৃদ্ধি মূল্যস্ফীতিকে উঁচু পর্যায়ে রেখেছে।

 

খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কম আয়ের শ্রমিকদের মজুরিও মূল্যস্ফীতির সঙ্গে তাল রাখতে পারেনি। আগস্টে তাদের প্রকৃত মজুরি আবার ঋণাত্মক হয়ে যায়।

 

বিশ্বব্যাংকের মডেলভিত্তিক হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে দৈনিক ৩ ডলারের আন্তর্জাতিক দারিদ্র্যসীমায় দারিদ্র্যের হার ১ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেড়ে ১০ দশমিক ১ শতাংশ হয়েছে। এক বছরে প্রায় ২১ লাখ মানুষ নতুন করে এই দারিদ্র্যসীমার নিচে নেমেছে।

 

ব্যাংক খাতের দুর্বলতাকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুতর ঝুঁকিগুলোর একটি বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার ছিল ২০ দশমিক ২ শতাংশ। ২০২৬ সালের জুনে তা বেড়ে ৩৩ দশমিক ২ শতাংশ হয়েছে। ইসলামী ব্যাংকগুলোয় এই হার ৫৮ দশমিক ৯ এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোয় ৪৩ দশমিক ২ শতাংশ।

 

ব্যাংকগুলোর সামগ্রিক মূলধন পর্যাপ্ততার হার ২০২৫ সালের ডিসেম্বরে ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। অথচ ন্যূনতম নিয়ন্ত্রক হার ১০ শতাংশ।

 

৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন বেসরকারি ঋণ : ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঋণ প্রবৃদ্ধি জুনে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বিপরীতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৪ শতাংশ।

 

বিশ্বব্যাংকের মতে, ঋণের সুদের ব্যবধান বেঁধে দিলে ছোট ও ঝুঁকিপূর্ণ ব্যবসার ঋণ পাওয়া কঠিন হতে পারে। ব্যাংকগুলো ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের পরিবর্তে বড় প্রতিষ্ঠান বা সরকারকে ঋণ দিতে বেশি আগ্রহী হতে পারে। এতে ব্যাংকের মুনাফা ও মূলধন পুনর্গঠনের সক্ষমতাও কমতে পারে।

 

রপ্তানি ও বিদেশি বিনিয়োগেও দুর্বলতা : ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় ১৭ দশমিক ৩ শতাংশ বেড়ে রেকর্ড ৩৫ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে পণ্য রপ্তানি শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। বিপরীতে আমদানি ১০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭১ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১৫ শতাংশ কমে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমেছে, যা জিডিপির মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ। নতুন ইকুইটি বিনিয়োগ কমেছে ৭০ দশমিক ৩ শতাংশ।

 

ব্যাংকনির্ভর হচ্ছে সরকারি অর্থায়ন : রাজস্ব আদায়েও দুর্বলতা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রার ৮২ দশমিক ৬ শতাংশ কর আদায় করেছে। মোট রাজস্ব জিডিপির ৮ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৩ শতাংশ হলেও সরকারের মোট ব্যয় বেড়েছে জিডিপির ১১ দশমিক ৪ শতাংশ থেকে ১২ দশমিক ২ শতাংশে।

 

বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে। অর্থবছরের প্রথম ১১ মাসে সরকারের মোট অর্থায়নের ৮১ দশমিক ৫ শতাংশ এসেছে ব্যাংক খাত থেকে। আগের অর্থবছরে এ হার ছিল ৩৪ দশমিক ৮ শতাংশ। সরকার বেশি ব্যাংকঋণ নিলে বেসরকারি খাতের ঋণের সুযোগ কমতে পারে। এতে ঋণের সুদ উঁচু থাকা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

 

সামাজিক সুরক্ষায়ও ঘাটতি : বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় ৬২ শতাংশ দরিদ্র মানুষ প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পান না। দরিদ্র ২০ শতাংশ মানুষের মধ্যে মাত্র ৫৪ দশমিক ৪ শতাংশ সরাসরি এ সুবিধা পান। বিপরীতে, সবচেয়ে ধনী ২০ শতাংশের ৩১ শতাংশ সামাজিক নিরাপত্তার সুবিধা পাচ্ছেন।

 

জাতীয় দারিদ্র্যের হার ২০২৬-২৭ অর্থবছরে ২২ দশমিক ৮ শতাংশে উঠতে পারে। পরের অর্থবছরে তা সামান্য কমে ২২ দশমিক ৪ শতাংশ হতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি যথাক্রমে ৮ দশমিক ৬ ও ৭ দশমিক ১ শতাংশ থাকতে পারে।

 

ব্যাংকিং ও ফিন্যান্স বিশেষজ্ঞ অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে মন্দা পরিস্থিতি রয়েছে। তবে এই মন্দার পেছনে অভ্যন্তরীণ কারণের চেয়ে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বেশি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে হতাশাজনক পূর্বাভাস দেওয়া হচ্ছে।

 

ফলে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয়টি খুব অস্বাভাবিক কোনো পূর্বাভাস নয়। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যাংক ঋণ ও বিনিয়োগের চাহিদা কমে গেছে। বিনিয়োগের চাহিদা না থাকলে প্রবৃদ্ধি কীভাবে হবে? এর পাশাপাশি বিনিয়োগের চাহিদা তৈরি হলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারছি না। ফলে অর্থনীতির অভ্যন্তরে সমস্যাগুলোর লক্ষণ বেশ স্পষ্ট। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বের হতে হলে প্রথমেই বিনিয়োগ বাড়াতে হবে এবং শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভালো ও সক্ষম ঋণগ্রহীতাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে উৎসাহ ও প্রণোদনা দিতে হবে। ব্যাংকগুলো যাতে ঝুঁকি নিয়ে ভালো উদ্যোক্তাদের ঋণ দেওয়ার দিকে বেশি আগ্রহী হয়, সে জন্য নীতিগতভাবে উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।

 

 

বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসার পূর্বাভাস প্রসঙ্গে অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, এ পূর্বাভাসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের কোনো শত্রুতা নেই যে তারা ইচ্ছাকৃতভাবে নেতিবাচক পূর্বাভাস দেবে। তারা নিজেদের তথ্য ও হিসাবের ভিত্তিতেই এ পূর্বাভাস দিয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশকে অবশ্যই ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধিতে নেমে যেতে হবে— বিষয়টি এমন নয়। পূর্বাভাস বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে করা হয়েছে। এখন যদি আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারি এবং বিনিয়োগ ও জ্বালানি সরবরাহের সমস্যা সমাধান করতে পারি, তাহলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। তাই বিশ্বব্যাংকের পূর্বাভাসকে নেতিবাচকভাবে না দেখে সতর্কবার্তা হিসেবে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন এই গবেষক।

 

অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে ব্যাংক খাত, জ্বালানি নিরাপত্তা ও রাজস্ব ব্যবস্থাকে সংস্কারের প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। ব্যাংক খাতে সম্পদের মান পর্যালোচনা দ্রুত শেষ করে কোন ব্যাংক টিকে থাকতে পারবে, তা নির্ধারণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। ব্যাংকের মালিক, বিনিয়োগকারী ও অন্য অংশীজনদের লোকসানের দায় বহনের পাশাপাশি নিয়ন্ত্রক ছাড় পর্যায়ক্রমে তুলে নেওয়ার কথাও বলা হয়েছে।

 

জ্বালানি খাতে দেশীয় গ্যাস উৎপাদন ও এলএনজি অবকাঠামো বাড়ানো, বিদ্যুতের সঞ্চালন ও বিতরণব্যবস্থা উন্নত করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। 

ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ