জলবায়ু পরিবর্তন টেকসই অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

জলবায়ু পরিবর্তন টেকসই অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ
কলামবাংলাদেশ

জলবায়ু পরিবর্তন টেকসই অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

৪ অক্টোবর, ২০২৬

ড. আইনুন নিশাত [সূত্র : দেশ রূপান্তর, ৪ অক্টোবর ২০২৬]

জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার যে মূল বৈশিষ্ট্য, সেখানে বিরূপ পরিবর্তন দেখা গেছে। সেটা হলো অনিশ্চয়তা। প্রকৃতি কখন কীভাবে আচরণ করবে, তার পুরো ছন্দটাই নষ্ট হয়ে গেছে বা যাওয়ার পথে। শীতের সময় শীত নেই। অন্যদিকে গরম অনুভূত হলেও পরে দেখা যাচ্ছে, গরম একদম কমে গেছে। এই বিরূপ প্রকৃতিকে মোকাবিলা করাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একই সঙ্গে অধিকার রক্ষা ও সচেতনতা তৈরির দায়িত্ব পালন করতে হবে। অধিকার রক্ষার কার্যক্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।

 

স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এবং মানুষের জীবন-জীবিকা উন্নয়নে নদী, বন ও জলাভূমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করতে হবে। টেকসই উন্নয়ন মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের সহায়তা ও পরিবেশ রক্ষা করার মধ্যে ভারসাম্য বজায় রাখা। যদি বর্তমান গতিতে জলবায়ু পরিবর্তন চলতে থাকে তাহলে বাংলাদেশ মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। যার মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত ও চরম আবহাওয়া, খাদ্যসংকট এবং মানুষের স্থানচ্যুতি। আমাদের প্রকৃতিকে বুঝতে হবে। সুজলা-সুফলা ষড়ঋতুর বাংলাদেশ আজ চার ঋতুতে পরিণত হয়েছে। ছয় ঋতু থেকে দুটি ঋতু প্রায় বিলীন হতে চলেছে। আজকাল আষাঢ়েও বৃষ্টির দেখা পাওয়া যায় না। ফলে প্রকৃতির রূপবৈচিত্র্যের তার সহজাত মাধুর্য হারিয়েছে। সাধারণ মানুষের জীবন-জীবিকার সংকটও দিন দিন বাড়ছে। তাছাড়া জলবায়ুর বিরূপ প্রভাবে উপকূলের মানুষ ভালো নেই। আগামীতে উপকূলে জলোচ্ছ্বাস ও দুর্যোগ বাড়বে। যা মোকাবিলা করতে এখনই প্রস্তুতি বাড়াতে হবে।

 

 

“স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে দায়বদ্ধতা মেনে নিতে হবে। সবকিছুতে পরিবেশ মন্ত্রণালয়ের দিকে আঙুল তুললে হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শ দিতে পারে। ১০০ মিলিমিটার বৃষ্টি হলেই ঢাকার ৮০ ভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এ জন্য কি সরকার, বিভিন্ন মন্ত্রণালয় তথা সিটি করপোরেশন কিছু করেছে? শুধু ঢাকা শহর কেন, বাংলাদেশের প্রত্যেকটা শহরের একই অবস্থা হবে। এসব বিষয়ে এখন থেকেই ভাবতে হবে...”

 

 

একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দায়িত্বশীলদের এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব না হলে এর মাশুল গুনতে হবে অনেক। ফলে পৃথিবীর সব দেশ ভুগবে। কিছু কিছু দেশের এ সমস্যা মোকাবিলার ক্ষমতা অনেক কম। এই দেশগুলোকে আমরা দেখছি—স্বল্পোন্নত দেশ, দ্বীপরাষ্ট্র, স্মল স্মল আইল্যান্ড ডেভেলপ স্টেট এবং আফ্রিকার মধ্যভাগ অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি ভুগছে। কোন দেশ কী পরিমাণ ভুগবে তার অনেক হিসাবপদ্ধতি আছে।

 

১৫-২০ বছর আগে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হতো। এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যে তালিকা আছে তাতে আমাদের অবস্থান সপ্তম। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ইনটেনসিটি এবং ফ্রিকোয়েন্সি বাড়বে অর্থাৎ এটা তীব্রতর হবে এবং এর ঘনত্ব বাড়বে। বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগের দেশ, আমরা বহুলাংশে এটা মোকাবিলা করার ক্ষমতা অর্জন করেছি। আমাদের যেমন উপকূলজুড়ে বেড়িবাঁধ আছে। এগুলোকে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না, সরকার খেয়াল রাখলেই এ ব্যাপারে উন্নতি করা যেতে পারে। জলবায়ু পরিবর্তনে কৃষিক্ষেত্রে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া পড়বে। জীববৈচিত্র্যের ওপর যে প্রভাব পড়বে, দিনকে-দিন তার প্রভাবটা বাড়তে থাকবে। কাজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে আরও বেশি অগ্রগামী হতে হবে।

 

 

গবেষণা আর প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠার পেছনে যে অর্থায়ন প্রয়োজন, সেটা হয়তো আমরা যতটা আশা করতে পারতাম, তার থেকে কম পাব। আমার কথা অন্য জায়গায়। সেটা হচ্ছে—বৈশ্বিক যে অর্থায়ন হচ্ছে, যুক্তরাষ্ট্র টাকা দেবে না। বাকি ইউরোপীয় ইউনিয়নসহ কানাডা, রাশিয়া, কিংবা জাপান, অস্ট্রেলিয়া তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে। বাংলাদেশ কি সেই অর্থায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে? উত্তর হচ্ছে না।

 

 

এ ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের অর্থ ব্যয় করে যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে, সেগুলোকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মিল রেখে অতিরিক্ত যে খরচ লাগবে, অনুমান করা যায়, এতে বাংলাদেশে সরকারিভাবে খরচ বাড়বে। অর্থাৎ, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের প্রত্যেক খাতকেই প্রভাবিত করবে। প্রত্যেক খাতের কর্মকাণ্ডে জলবায়ু পরিবর্তনকে যোগ করতে হবে। কিন্তু এ ধরনের কোনো লক্ষণ দেখছি না। বহির্বিশ্বে আমেরিকা কিংবা উন্নত দেশকে আমরা দোষারোপ করতে পারি। তারা অর্থায়ন করছে না। যতটুকু অর্থায়ন করছে এবং বাংলাদেশের নিজস্ব অর্থায়নে যে উন্নয়ন কাজ করছে, সেখানে কি জলবায়ুর বিষয়টা সঠিকভাবে ধরা হচ্ছে বা প্রমোট করা হচ্ছে? উত্তর হচ্ছে না। কাজেই নিজের ঘর আগে ঠিক রাখতে হবে।

 

বাংলাদেশ সরকার ইতোমধ্যে যেসব জাতীয় পরিকল্পনা প্রয়োজন তা তৈরি করেছে। বাংলাদেশ অভিযোজনের মহাপরিকল্পনা তৈরি করেছে। ২০২২ সালে তা বিশ্বের কাছে জমা দিয়েছে। বিশ্বে এটা নন্দিত হয়েছে। এটা একটা চমৎকার প্রমাণপত্র। এবং তার প্রক্রিয়া, তার কার্যক্রম করা অতি চমৎকার।

 

আগামী দুই বছর পর এটার উন্নতি কতটুকু হবে, সেই রিপোর্ট জমা দিতে হবে। কাজেই বাংলাদেশ যদি জরুরিভাবে এটা নেয়, তাহলে বিশাল অ্যাডাপটেশন (অভিযোজন) প্ল্যান্ট বাস্তবায়নের জন্য অবিলম্বে কাজ শুরু করবে। দ্বিতীয় কাজ এনডিসি অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কমানোর ক্ষেত্রে বাংলাদেশ কী কাজ করবে, সে কথা বলেছে এবং আমরা দেখতে পাচ্ছি। কারও দিকে আঙুল না তুলে আমাদের যা করণীয় এবং যা আমরা করতে পারি—সেটা করা উচিত। যেমন—লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার, কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, ইভেন্ট অ্যাফেয়ার্স, শিক্ষা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়—প্রত্যেককেই জলবায়ু পরিবর্তনকে তাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

 

 

দেশে এখনো প্রত্যেকটা মন্ত্রণালয় তার জগতে বাস করে। বাকি মন্ত্রণালয় যেমন—স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে দায়বদ্ধতা মেনে নিতে হবে। সবকিছুতে পরিবেশ মন্ত্রণালয়ের দিকে আঙুল তুললে হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শ দিতে পারে। ১০০ মিলিমিটার বৃষ্টি হলেই ঢাকার ৮০ ভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এ জন্য কি সরকার, বিভিন্ন মন্ত্রণালয় তথা সিটি করপোরেশন কিছু করেছে? শুধু ঢাকা শহর কেন, বাংলাদেশের প্রত্যেকটা শহরের একই অবস্থা হবে। এসব বিষয়ে এখন থেকেই ভাবতে হবে ।

 

 

ট্যাগ:BCSকলামবাংলাদেশ