জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজন রাষ্ট্রের বাস্তব সক্ষমতা

জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজন রাষ্ট্রের বাস্তব সক্ষমতা
কলামআন্তর্জাতিক

জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজন রাষ্ট্রের বাস্তব সক্ষমতা

২০ নভেম্বর, ২০২৬

মারিয়ানা মাজুকাতো [জাতীয় অর্থনীতি, ২০ নভেম্বর ২০২৬]

মারিয়ানা মাজুকাতো: তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১। এবারের সম্মেলনের প্রতিপাদ্য- ‘সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তবায়নকে এগিয়ে নেওয়া’। সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের সামনে আবারও সেই পুরোনো চ্যালেঞ্জ: দীর্ঘদিন ধরে জলবায়ু সুরক্ষায় যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেগুলোকে কীভাবে বাস্তব ফলাফলে রূপ দেওয়া যায়।

 

 

এ লক্ষ্য অর্জনে সরকারগুলোর হাতে একটি কার্যকর হাতিয়ার রয়েছে। গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে দেশটি ‘বেলেম ঘোষণা: টেকসই সরকারি ক্রয়’ শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় ও স্থানীয় সরকারগুলো যেন তাদের পণ্য ও সেবা কেনার ক্ষমতাকে পরিবেশবান্ধব অর্থনৈতিক রূপান্তরের কাজে ব্যবহার করে। অর্থাৎ সরকার শুধু কী কিনছে সেটিই নয়; কীভাবে কিনছে সেটিও যেন পরিবেশ ও সামাজিক উন্নয়নের লক্ষ্য পূরণে ভূমিকা রাখে।

 

 

এ ঘোষণাকে বাস্তবায়নের পথে এগিয়ে নিতে সম্প্রতি ব্রাজিলের ব্যবস্থাপনা ও সরকারি সেবা উদ্ভাবনবিষয়ক মন্ত্রী এস্থার ডুয়েক ও আমি (লেখক) একটি নীতিপত্র প্রকাশ করেছি। এতে দেখানো হয়েছে, কীভাবে বেলেম ঘোষণাকে কেবল কিছু রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির কার্যকর উপায়ে পরিণত করা যায়। একইসঙ্গে কপ৩১ সম্মেলন এ ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে তা-ও তুলে ধরা হয়েছে।

 

 

বিশ্বজুড়ে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ এখনও বাড়ছে। ২০২৫ সালে তা নতুন রেকর্ড গড়েছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের সংখ্যা ও ভয়াবহতা দুটিই বাড়ছে। চলতি বছরের শুরুতে জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি (ইউএনইপি) সতর্ক করে জানিয়েছে, সরকারগুলো বর্তমানে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করলেও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না।

 

 

অর্থাৎ জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব যে গতিতে এগোচ্ছে তা যথেষ্ট নয়। এখন প্রশ্ন শুধু সরকারগুলো আরও বেশি উদ্যোগ নেবে কি না তা নয়; বরং তাদের সেই উদ্যোগ বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আদৌ আছে কি না সেটিও গুরুত্বপূর্ণ। বাস্তবতা হলো অনেক দেশের ক্ষেত্রেই উত্তরটি নেতিবাচক।

বেলেম সম্মেলনের শিক্ষা: রাষ্ট্রকে সক্ষম করে তুলতে হবে
গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলন থেকে সবচেয়ে বড় যে শিক্ষা পাওয়া গেছে তা হলো—জলবায়ু সংকট মোকাবিলায় রাষ্ট্রের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। গত চার দশক ধরে মুক্তবাজার অর্থনীতির প্রচলিত ধারণা সরকারগুলোকে রাষ্ট্রীয় ভূমিকা সংকুচিত করতে উৎসাহিত করেছে। সরকারি সেবা ও বিশেষজ্ঞনির্ভর কাজ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া, সম্ভব হলে সরকারি ব্যয় কমানো এবং অর্থনীতির গতিপথ নির্ধারণের দায়িত্ব পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে ধীরে ধীরে রাষ্ট্রের নিজস্ব প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল হয়েছে। সরকারের যেসব গুরুত্বপূর্ণ কাজ নিজস্ব জনবল ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা সেগুলোও বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানের হাতে চলে গেছে। 

 

 

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব দক্ষতা ও সক্ষমতা পুনর্গঠনে বিনিয়োগ বাড়াতে হবে। সরকারের ভেতরে নীতিনির্ধারণ, গবেষণা, পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের দক্ষতা গড়ে তুলতে হবে।  

জলবায়ু নীতির কেন্দ্রে রাষ্ট্রের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া খুবই স্বাভাবিক বিষয় হওয়া উচিত। কিন্তু গত ৪০ বছরের প্রচলিত অর্থনৈতিক চিন্তাধারার সঙ্গে এটি সাংঘর্ষিক হওয়ায় অগ্রগতি হয়েছে ধীরগতিতে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে ব্রাজিল বেলেম সম্মেলনকে ‘সলিউশনস কপ’ হিসেবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ শুধু ঘোষণা ও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ নয় বরং সেগুলো বাস্তবায়নের সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

 

জলবায়ু পরিবর্তন মোকাবিলা কিংবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মতো বড় কাজ শেষ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকেই বাস্তবায়ন করতে হয়। এজন্য প্রয়োজন বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়, দক্ষ সরকারি ক্রয়ব্যবস্থা, ঋণ প্রদানে সক্ষম সরকারি ব্যাংক এবং এমন দক্ষ সরকারি কর্মকর্তা যারা একটি লক্ষ্যকে বাস্তব কর্মসূচিতে রূপ দিতে পারবেন। এসব সক্ষমতা না থাকলে উচ্চাভিলাষী প্রতিশ্রুতি কাগজেই থেকে যাবে। আর প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান বাড়তে থাকলে সরকারের ওপর মানুষের আস্থাও কমে যাবে।

দীর্ঘদিন ধরে সবুজ অর্থনীতিতে রূপান্তরের আলোচনায় বেসরকারি বিনিয়োগ বাড়ানো, নতুন বিধিবিধান প্রণয়ন এবং বাজারের ব্যর্থতা দূর করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু শুধু এগুলো দিয়ে সমস্যার সমাধান হবে না।

 

 

সরকারের কাজ কেবল এমন পরিবেশ তৈরি করে দেওয়া যাতে বাজার নিজেই জলবায়ু সমস্যার সমাধান করবে- এমন ধারণার মধ্যে একটি মৌলিক প্রশ্ন উপেক্ষিত থেকে যায়। ক্রমাগত কার্বন নিঃসরণ বৃদ্ধি প্রমাণ করে, প্রচলিত পদ্ধতিতে কাজ হচ্ছে না। তাই সরকারকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে শুধু প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যম হিসেবে দেখলে চলবে না; বরং অর্থনৈতিক ও সামাজিক মূল্য সৃষ্টির অন্যতম অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। জনস্বার্থে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে এসব প্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে।

এর জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা প্রণয়ন, সমন্বয়, পরীক্ষা-নিরীক্ষা এবং অভিজ্ঞতা থেকে শেখার সক্ষমতা বাড়াতে হবে। সরকারি কর্মকর্তাদের কারিগরি দক্ষতা উন্নয়ন, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় এবং ব্যবসায়ী, শ্রমিক, স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা জরুরি।

 

 

সরকারি ক্রয়ক্ষমতা হতে পারে সবুজ অর্থনীতির চালিকাশক্তি
সরকারি ক্রয়ব্যবস্থা বা পাবলিক প্রকিউরমেন্টের মধ্যেই বড় ধরনের পরিবর্তনের সুযোগ রয়েছে। প্রতিটি দেশের অর্থনীতিতে সরকার অন্যতম বৃহৎ ক্রেতা। পণ্য ও সেবা কেনার ক্ষেত্রে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়। অথচ অধিকাংশ ক্ষেত্রে সরকারি ক্রয় প্রক্রিয়াকে এখনও একটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয়। সেখানে মূল বিবেচ্য থাকে নিয়ম মেনে চলা এবং সর্বনিম্ন দামে পণ্য বা সেবা কেনা। 

সরকার যখন কোনো পণ্য বা সেবা কেনার সিদ্ধান্ত নেয় তখন বাজারে তার একটি স্পষ্ট চাহিদা তৈরি হয়। এর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট খাতে বিনিয়োগে উৎসাহিত করা যায়। একইসঙ্গে উৎপাদন ও সরবরাহব্যবস্থার বিভিন্ন পর্যায়েও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এমন একটি উদ্যোক্তাসুলভ রাষ্ট্র প্রয়োজন, যে রাষ্ট্র শুধু বাজারের ওপর নির্ভর করবে না; বরং নিজেই নতুন বাজার, উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।

 

 

সরকারি ক্রয়ব্যবস্থাকে বৃহত্তর কোনো লক্ষ্য অর্জনের সঙ্গে যুক্ত করা গেলে তা নতুন বিনিয়োগ আকর্ষণ, টেকসই প্রযুক্তির বিস্তার এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ইতিবাচক প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে।

বেলেম ঘোষণার মূল ধারণাও এখানেই। এর গুরুত্ব শুধু সরকারি ক্রয়ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি একটি বৃহত্তর উপলব্ধির প্রতিফলন-জলবায়ু পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নির্ভর করে সরকার কীভাবে নিজেদের সংগঠিত করে এবং নিজেদের অর্থনৈতিক ক্ষমতা কীভাবে ব্যবহার করে তার ওপর।

 

 

টেকসই সরকারি ক্রয়ব্যবস্থা এগিয়ে নিতে বেলেম ঘোষণায় চারটি মৌলিক নীতিনির্ধারণ করা হয়েছে।

প্রথমত, সরকারি ক্রয়ের প্রতিটি সিদ্ধান্তে পরিবেশগত ও সামাজিক লক্ষ্যকে গুরুত্ব দিতে হবে। শুধু নিয়মকানুন মেনে চলা বা সর্বনিম্ন দাম বিবেচনা করলেই হবে না।
দ্বিতীয়ত, সরকারি ব্যয়ের বিভিন্ন খাতে ক্রয়ক্ষমতা কাজে লাগিয়ে টেকসই পণ্য ও সেবার চাহিদা বাড়াতে হবে। এতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হবে এবং পরিবেশবান্ধব উৎপাদন সক্ষমতা তৈরি হবে।

 

 

তৃতীয়ত, সরকারি ক্রয়প্রক্রিয়ায় সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে। একইসঙ্গে অর্থনীতির বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।

চতুর্থত, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শেখার পরিবেশ তৈরি করতে হবে। বিভিন্ন সংস্থা ও সরকারের বিভিন্ন স্তরের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা এবং কার্যকর পদ্ধতি বিনিময়ের সুযোগ থাকলে সরকারি ক্রয়ব্যবস্থা সময়ের সঙ্গে আরও উন্নত ও কার্যকর হবে।

 

 

এই চারটি নীতি রাজনৈতিক প্রতিশ্রুতিকে বাস্তব, অন্তর্ভুক্তিমূলক ও ফলাফলভিত্তিক কর্মসূচিতে রূপ দেওয়ার একটি অভিন্ন কাঠামো তৈরি করে। তবে প্রতিটি দেশ তার নিজস্ব প্রাতিষ্ঠানিক বাস্তবতা ও অগ্রাধিকারের ভিত্তিতে এগুলো বাস্তবায়ন করতে পারবে।

এখনই উদ্যোগ নেওয়ার সময়
বেলেম ঘোষণার বাস্তবায়ন নিয়ে আমাদের নতুন নীতিপত্রটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন ব্রাজিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়—উভয়ের জন্যই বিষয়টি গুরুত্বপূর্ণ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাম্প্রতিক পুনর্নির্বাচন দেশটিকে আগের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ করে দিয়েছে। গত চার বছরে ব্রাজিল যেসব জলবায়ু নীতি নতুন করে সক্রিয় করেছে সেগুলোর পাশাপাশি টেকসই সরকারি ক্রয়ব্যবস্থাকেও আরও শক্তিশালী করা সম্ভব।

 

 

অন্যদিকে তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলন বেলেম ঘোষণার গতি ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে আরও বেশি সরকারকে এই উদ্যোগে যুক্ত করা এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে জাতীয় পর্যায়ের বাস্তব পদক্ষেপের সম্পর্ক জোরদার করা যেতে পারে।

আমাদের নীতিপত্রে ব্রাজিলের রেসিফে শহর ও বাহিয়া রাজ্যে টেকসই সরকারি ক্রয়ব্যবস্থা বাস্তবায়নের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি ব্রাজিল, স্কটল্যান্ড ও সুইডেনের স্কুলে শিক্ষার্থীদের খাবার সরবরাহ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়েছে। এসব উদাহরণ থেকে বোঝা যায়, লক্ষ্যভিত্তিক নীতি এবং পরিকল্পিত সরকারি ক্রয়ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব এবং তা কার্যকর ফলও দিতে পারে।

 

 

তবে শুধু সরকারি ক্রয়ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব নয়। এর সঙ্গে উৎপাদন ও চাহিদা—উভয় দিক বিবেচনায় নিয়ে বিভিন্ন নীতি ও উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রয়োজন একটি সমন্বিত, লক্ষ্যভিত্তিক শিল্পনীতি।

একইসঙ্গে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সুসংগঠিত সহযোগিতা থাকতে হবে। নতুন উদ্ভাবন, টেকসই পণ্যের সরবরাহ এবং বাজারের প্রস্তুতি বাড়াতে সরকারি সংস্থা, সরবরাহকারী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে হবে।

 

 

বেলেম ঘোষণায় আরও বেশি দেশের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। শুধু ঘোষণায় স্বাক্ষর করলেই হবে না; বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা, অগ্রগতি পর্যবেক্ষণের ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও ক্রয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ, ডিজিটাল প্রযুক্তি এবং জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়াতে হবে।

 

 

আন্তর্জাতিক পর্যায়েও বেলেম ঘোষণার গতি ধরে রাখা এবং আরও বেশি দেশকে এর সঙ্গে যুক্ত করা প্রয়োজন। তবে মনে রাখতে হবে, কোনো ঘোষণায় স্বাক্ষর করাই চূড়ান্ত সাফল্য নয়। যারা ইতোমধ্যে এতে স্বাক্ষর করেছে তাদের উচিত নিজ নিজ দেশের বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ করা। সেখানে নির্দিষ্ট লক্ষ্য, অগ্রগতি পরিমাপের পদ্ধতি এবং জবাবদিহির কাঠামো থাকতে হবে। একইসঙ্গে জাতীয় ও স্থানীয় পর্যায়ের আরও সরকারকে এই উদ্যোগে যুক্ত হতে হবে এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে হবে।

 

 

জলবায়ু অর্থায়নের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোকে জাতীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে কাজ করে এমন পরিকল্পনা তৈরি করতে হবে যার মাধ্যমে সরকারি খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো যায়। কারণ সরকারকে সফল হতে হলে শুধু অর্থায়ন নয়- সেই অর্থ কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতাও প্রয়োজন।

 

 

সবশেষে, চলতি মাসে আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনটি যদি ‘বাস্তবায়নের কপ’ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চায় তাহলে অংশগ্রহণকারী দেশগুলোকে একটি বিষয় আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে: রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কোনো গৌণ বিষয় নয়। কার্যকর জলবায়ু পদক্ষেপ বাস্তবায়নের জন্য এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। শুধু টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিলেই হবে না, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে—এমন সক্ষম রাষ্ট্রও গড়ে তুলতে হবে।

 

অধ্যাপক, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং প্রতিষ্ঠাতা পরিচালক, ইউসিএল ইনস্টিটিউট ফর ইনোভেশন অ্যান্ড পাবলিক পারপাস 
প্রজেক্ট সিন্ডিকেট থেকে ভাষান্তরঃ সানজিদুল ইসলাম 
 

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক