জলবায়ু অর্থায়ন, সবুজ রূপান্তর ও অভিযোজন : প্রেক্ষিত কপ৩১ এবং বাংলাদেশ

জলবায়ু অর্থায়ন, সবুজ রূপান্তর ও অভিযোজন : প্রেক্ষিত কপ৩১ এবং বাংলাদেশ
কলামআন্তর্জাতিক

জলবায়ু অর্থায়ন, সবুজ রূপান্তর ও অভিযোজন : প্রেক্ষিত কপ৩১ এবং বাংলাদেশ

১৪ নভেম্বর, ২০২৬

ড. মো. ইকবাল সরোয়ার [সূত্র : জাতীয় অর্থনীতি, ১৪ নভেম্বর ২০২৬]

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ৩১ বর্তমানে তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম কপ৩১-এর সভাপতি এবং অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনমন্ত্রী ক্রিস বোয়েন মূল জলবায়ু  আলোচনা পর্বের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের প্রধান আলোচ্য বিষয়গুলো হলো- বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং নায্য রূপান্তর বিষয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

 

তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ঐতিহাসিক কূটনৈতিক সমঝোতা এবং শহরটির শক্তিশালী পর্যটন ও সম্মেলন অবকাঠামোর কারণে কপ৩১ তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হচ্ছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত আনতালিয়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত একটি এলাকা। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এই  অঞ্চলে কপ৩১ সম্মেলন আয়োজনের মাধ্যমে জলবায়ু সংকটের ভয়াবহতা তুলে ধরার একটি  প্রতীকী বার্তা দেওয়া হচ্ছে। গত প্রায় তিন দশক ধরে বিশ্বনেতারা জলবায়ু সম্মেলনে উপস্থিত হয়ে বিভিন্ন উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করছেন এবং গঠন করছেন বিভিন্ন তহবিল ও কার্বন নিঃসরণ হ্রাস করার প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখা যাচ্ছে, বিশ্বনেতারা পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করার যত প্রতিশ্রুতি দিচ্ছেন জলবায়ু সংকট ব্যবস্থাপনা তত জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

 

ক্রমাগত হারে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, আবহাওয়ার চরম ভাবাপন্নতা, সমুদ্র-সমতলের উচ্চতা বৃদ্ধি, বিভিন্ন ধরনের দুর্যোগের চরম আঘাত এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব বাস্তবতায় এবারের সম্মেলনের বিশেষ তাৎপর্য হলো বিশ্বনেতাদেন নতুন প্রতিশ্রুতির পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তগুলো অগ্রগতি ও বাস্তবায়নকে বিশেষ অগ্রাধিকার প্রদান করা।  

 

আয়োজক দেশ তুরস্ক এবারের সম্মেলনে ‘৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ নামে একটি নন-বাইন্ডিং বা স্বেচ্ছামূলক উদ্যোগের জোর প্রচারণা চালাচ্ছে। এই উদ্যোগটির মূল লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি চাহিদার কমপক্ষে ৩৫ শতাংশে বিদ্যুতের অংশীদারিত্ব বৃদ্ধি করা যা বর্তমানে ২১ থেকে ২৩ শতাংশের মধ্যে রয়েছে। এই এজেন্ডার মূল উদ্দেশ্য হলো মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি তেল, গ্যাস বা কয়লা পোড়ানোর পরিবর্তে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করা। এই উদ্যোগের পক্ষে তুরস্কের প্রধান যুক্তি হলো— চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি তেল ও গ্যাসের বাজারে অস্থিতিশীলতার কারণে আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানি কোনো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না বিধায় নিজস্ব উৎসে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করলে দেশগুলো জ্বালানি স্বাধীনতা বৃদ্ধি পাবে; তাছাড়া বিদ্যুৎ উৎপাদনে পুরোপুরি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার না করা হলেও বৈদ্যুতিক গাড়ির মতো প্রযুক্তি সরাসরি তেল বা গ্যাস পোড়ানোর তুলনায় কম গ্রিনহাউজ গ্যাস নির্গমন করে।

 

এই বিষয়টি প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা ও নবায়নযোগ্য জ্বালানি তিনগুণ করার পূর্ববর্তী বৈশ্বিক অঙ্গীকারের পরিপূরক হিসেবে কাজ করবে। প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলা এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি। ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত কপ২১ সম্মেলনে ১৯৬টি দেশ এই চুক্তিতে সম্মত হয় এবং ২০১৬ সালের ৪ নভেম্বর এটি কার্যকর হয়। এই চুক্তির প্রধান লক্ষ্য হলো প্রাক-শিল্পায়ন যুগের (১৮৫০-১৯০০ সাল) তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের বেশ নিচে রাখা এবং তা ১ দশমিক ৫  ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সর্বাত্মক চেষ্টা করা।

 

কপ৩১ সম্মেলনের তৃতীয় দিনে ১১ নভেম্বর বিশ্বের প্রায় ৮৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে উচ্চপর্যায়ের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে ১২ নভেম্বর দেওয়া ভাষণে উল্লেখ করেন যে, বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশের কম হলেও বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, ঋণের ভার কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তিতে নায্য প্রবেশাধিকার ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্যারিস চুক্তির সঙ্গে মিল রেখে ‘নেট জিরো’ নিঃসরন অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে এবং সৌরবিদ্যুৎ ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে। নেট জিরো বা নিট শূন্য বলতে এমন একটি অবস্থাকে বোঝায়, বায়ুমণ্ডলে যে পরিমাণ গ্রিনহাউজ গ্যাস (কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন) মানুষের কারণে নির্গত হয়, ঠিক সে পরিমাণ গ্যাস প্রকৃতি বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডল থেকে সরিয়ে ফেলা হয়। ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের মোট পরিমাণ শূন্য থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাষণে অরও উল্লেখ করেন যে, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদানের প্রয়োজন, একই সঙ্গে নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে সহযোগিতার প্রত্যাশা করেন।

 

উষ্ণতামুক্ত পৃথিবী গড়ে তুলতে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের বৃহৎ কর্মসূচি নেওয়া হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হলো বাংলাদেশ। কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা অতি নগণ্য হলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়নের মারাত্মক শিকার। বিশ্বব্যাপী এই সংকট মোকাবিলায় যৌথ অংশীদারিত্ব উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকার বেশ কিছু সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি যেমন- তেল, কয়লা ইত্যাদির ব্যবহার বাদ দিয়ে সোলার, বায়ু ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো হচ্ছে। বর্তমান সরকার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য শক্তির প্রসার ও জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে কাজ শুরু করেছে। বিভিন্ন নীতিগত সংস্কার আনা হচ্ছে শিল্প খাতে, পরিবেশবান্ধব ও কম কার্বন নির্গমনকারী প্রযুক্তি ব্যবহারে উৎসাহ ও প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে।

 

সম্প্রতি বাংলাদেশ সরকার ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ প্রণয়ন করেছে। এই কৌশলপত্রের মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা এবং ২০৪০ সালের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করা। ২০৩০ সালের মধ্যে শুধু সৌরশক্তি থেকেই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে যার মধ্যে রুফটপ সোলার থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং গ্রাইন্ড-মাউন্টেড সোলার প্রকল্প থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা  নির্ধারণ করা হয়েছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভবিষ্যতে যাতে সংসদ পরিচালনায় জাতীয় গ্রিডের ওপর নির্ভর করতে না হয় সেজন্য জাতীয় সংসদ ভবনের বিদ্যুৎ ব্যবস্থা সোলার পাওয়ারে স্থানাস্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বায়ুমণ্ডলের কার্বন শুষে নিতে বৈশ্বিক পদক্ষেপ হিসেবে আমাজন বন রক্ষা এবং বিশ্বজুড়ে শতকোটি বৃক্ষরোপণের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান বাংলাদেশ সরকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ব্যবস্থাপনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, এছাড়া বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

 

 

এবারের কপ৩১ সম্মেলনে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং খরা, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুতারোপ করা হচ্ছে। জলবায়ু অর্থায়ন বলতে এমন যেকোনো স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক তহবিল প্রবাহকে বোঝায় যা জলবায়ু পরিবর্তন প্রভাব ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়। জলবায়ু অর্থায়নের মূল লক্ষ্য দুটি- প্রথমত, গ্রিনহাউজ গ্যাস নির্গমন প্রকল্প যেমন- নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক পরিবহন ইত্যাদিতে অর্থায়ন এবং দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা গড়ে তোলার প্রকল্প যেমন- বন্যা, ঘূর্ণিঝড় বা লবণাক্ততা প্রতিরোধী অবকাঠামো তৈরিতে অর্থায়ন করা।

 

পূর্ববর্তী বিভিন্ন গবেষণায় লক্ষ করা যায়, দাতা দেশগুলো জলবায়ু প্রশমনে যতটা গুরুত্ব দেয় (যেমন ২৫ বিলিয়ন মার্কিন ডলার), অভিযোজনের ক্ষেত্রে তুলনামূলক অনেক কম (মাত্র ৭ বিলিয়ন ডলার) বরাদ্দ দেয়। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রধান প্রয়োজন অভিযোজনে অর্থায়ন। অভিযোজনের চেয়ে প্রশমনে অগ্রাধিকার দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর চেয়ে উন্নত দেশগুলোর স্বার্থ বেশি রক্ষা পায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বাংলাদেশ পায় তার বৃহৎ অংশই আসছে ঋণ হিসেবে। ২০০০ সাল থেকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট বিনিয়োগের ৯০ দশমিক ৪ শতাংশ এসেছে ঋণের মাধ্যমে। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতি ব্যবস্থাপনার পাশাপাশি প্রতিনিয়ত ঋণের দায়ও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে জলবায়ু অর্থায়নে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে ঋণের পরিবর্তে জলবায়ু অর্থায়নে পর্যাপ্ত অনুদান বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল (লস অ্যান্ড ডেমেজ ফান্ড) থেকে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে দ্রুত অর্থ ছাড় করা প্রয়োজন।

 

কপ৩১ সম্মেলন বাংলাদেশের জন্য ‘জলবায়ু-সহনশীল শহর’ এবং ‘নগরায়ণ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় ক্রমাগত লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর লক্ষাধিক মানুষ অভিগমন করছে ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে। এই বিশালসংখ্যক জলবায়ু উদ্বাস্তদের জন্য পর্যাপ্ত আবাসন, বিশুদ্ধ পানি, শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিক অন্যান্য সুবিধা নিশ্চিত করতে বিশেষ নগর-অভিযোজন তহবিল প্রয়োজন।

 

রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের মতো শহরের জন্য তাপদাহ ও বায়ুদূষণ হ্রাসে বহুতল ভবনে রুপটপ সোলার এবং পরিবেশবান্ধব সবুজ স্থাপত্যের জন্য বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহায়তা প্রয়োজন। বাংলাদেশের জন্য কপ৩১ জলবায়ু সম্মেলন সাফল্যের প্রকৃত অর্থ হতে পারে- কার্বন ও মিথেন নিঃসরণ হ্রাস করে বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সুরক্ষার পাশাপাশি একটি স্বচ্ছ ও কার্যকর জলবায়ু অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করা, যার সুফল সরাসরি যেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছায় সে উদ্যোগ গ্রহণ করা।

 

অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক