জিয়াউর রহমানের স্বাধীন পররাষ্ট্রনীতি

জিয়াউর রহমানের স্বাধীন পররাষ্ট্রনীতি
কলামবাংলাদেশ

জিয়াউর রহমানের স্বাধীন পররাষ্ট্রনীতি

৭ নভেম্বর, ২০২৬

ড. মো. শামছুল আলম [প্রকাশ : কালের কণ্ঠ, ০৭ নভেম্বর ২০২৬]

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত এই দিনটি দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক গতিপথে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের স্মারক। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা, অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে রাষ্ট্র এক গভীর সংকটের মুখোমুখি হয়েছিল। এমন এক পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে।

 

 

এই ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে উঠে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরির পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। তাই ৭ নভেম্বরকে কেবল একটি রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনা হিসেবে দেখলে এর ঐতিহাসিক তাৎপর্য পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করা সম্ভব নয়। জাতীয় ঐক্য, রাষ্ট্রীয় সংহতি ও আত্মনির্ভরতার যে আকাঙ্ক্ষা এ সময় প্রবল হয়ে উঠেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও পররাষ্ট্রনীতিতে তারই প্রতিফলন ঘটেছিল। বিশেষত, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থ, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠার যে প্রচেষ্টা তিনি গ্রহণ করেন, তা দেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

 

 

স্বাধীনতার পর বাংলাদেশকে একই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক নানা সংকট মোকাবিলা করতে হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো, দুর্বল উৎপাদনব্যবস্থা, খাদ্যসংকট, সীমিত বৈদেশিক সম্পদ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সদ্য প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রের পরিচিতি-সংকট ছিল বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজন ছিল সুদূরপ্রসারী রাষ্ট্রীয় পরিকল্পনা। জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন, কেবল রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন দিয়ে একটি রাষ্ট্রের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করা যায় না। এর জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ, উৎপাদনমুখী অর্থনীতি, প্রশাসনিক দক্ষতা এবং জাতীয় স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত সুসংহত রাষ্ট্রনীতি।

 
 
 
 
 

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির মূল দর্শন ছিল—জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীনতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ সহযোগিতা। তিনি পররাষ্ট্রনীতিকে কোনো শক্তিশালী রাষ্ট্রের অনুগামী হওয়ার কৌশল হিসেবে গণ্য করতেন না; বরং তাঁর কাছে এটি ছিল বাংলাদেশের স্বাধীন সত্তা ও সার্বভৌমত্বকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যম। তিনি বিশ্বাস করতেন, একটি রাষ্ট্রের ভৌগোলিক আয়তন কিংবা অর্থনৈতিক সক্ষমতা যতই সীমিত হোক না কেন, তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার ও আন্তর্জাতিক মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ। এ কারণেই তিনি পূর্ব-পশ্চিমের স্নায়ুযুদ্ধের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশকে কোনো নির্দিষ্ট পরাশক্তির বলয়ে আবদ্ধ না রেখে বহুমুখী সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তাঁর পররাষ্ট্রনীতির ভিত্তি ছিল পারস্পরিক সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা।

 
 
 
 

এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কূটনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি পররাষ্ট্রনীতিকে কেবল রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এর সরাসরি যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছেন। তাঁর উপলব্ধি ছিল, আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক মর্যাদা অর্জনের পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়নে বৈদেশিক সম্পর্ককে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। সে কারণে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা অর্জনের বিষয়গুলো তাঁর কূটনৈতিক অগ্রাধিকারে স্থান পায়।

 

 

বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তির প্রবেশাধিকার সম্প্রসারণ পরবর্তী সময়ে দেশের রেমিট্যান্সনির্ভর অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির প্রচেষ্টা পরবর্তী সময়ে তৈরি পোশাকশিল্পসহ রপ্তানিমুখী খাতের বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক হয়। এভাবে তিনি পররাষ্ট্রনীতিকে জাতীয় উন্নয়নের একটি কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন।

 

 

জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির সবচেয়ে দূরদর্শী ও সুদূরপ্রসারী উদ্যোগগুলোর একটি ছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার ধারণা। ভৌগোলিক নৈকট্য, অভিন্ন ইতিহাস, অর্থনৈতিক সম্ভাবনা এবং পারস্পরিক নির্ভরশীলতার বাস্তবতা বিবেচনায় তিনি উপলব্ধি করেছিলেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন ও স্থিতিশীলতা একে অন্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অথচ পারস্পরিক অবিশ্বাস, রাজনৈতিক বিরোধ এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এ অঞ্চলের বিপুল সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছিল না। এ বাস্তবতায় ১৯৮০ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের কাছে তিনি আঞ্চলিক সহযোগিতার একটি সুসংগঠিত কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন।

 

 

তাঁর প্রস্তাবের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, প্রযুক্তিগত সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা। দীর্ঘ কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক সমঝোতার ধারাবাহিকতায় ১৯৮৫ সালে ঢাকায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমান সার্কের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি, তবে এই আঞ্চলিক সহযোগিতার ধারণার অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবে তাঁর অবদান ইতিহাসে স্বীকৃত। এটি ছিল বাংলাদেশের কূটনৈতিক দূরদর্শিতার এক অনন্য প্রকাশ। তুলনামূলকভাবে ছোট একটি রাষ্ট্রও যে আঞ্চলিক সহযোগিতার বৃহৎ উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দিতে পারে, জিয়াউর রহমানের এই প্রচেষ্টা তার উজ্জ্বল দৃষ্টান্ত।

 

 

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নও ছিল তাঁর পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। বাংলাদেশ মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে মুসলিম বিশ্বের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা ধারণ করে। জিয়াউর রহমান এই সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করেন।

 

 

বিশ্বব্যাপী নব্য-উপনিবেশবাদ, বর্ণবাদ, জাতিগত বৈষম্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতিগত অবস্থানকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং জোটনিরপেক্ষ আন্দোলনের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতিকে আরও সুসংহত করার চেষ্টা করেন। তাঁর দৃষ্টিতে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তার ওপর প্রভাব বিস্তার কিংবা আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই নীতিগত অবস্থান বাংলাদেশের মতো একটি নবীন রাষ্ট্রের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, স্বাধীনতার প্রকৃত অর্থ কেবল ভৌগোলিক মুক্তি নয়; বরং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় স্বাধীন সক্ষমতা অর্জনও এর অবিচ্ছেদ্য অংশ।

 

 

আজকের পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রাসঙ্গিকতা নতুন করে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়েছে। বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক প্রতিযোগিতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা এবং আঞ্চলিক সংঘাত রাষ্ট্রগুলোর পররাষ্ট্রনীতিকে ক্রমেই জটিল করে তুলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য কোনো একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে বহুমুখী আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের অর্থনৈতিক কল্যাণকে পররাষ্ট্রনীতির কেন্দ্রে রাখতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও কূটনৈতিক দর্শন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে আছে।

 

 

মূলত ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর্য কেবল অতীতের একটি রাজনৈতিক ঘটনাকে স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় ঐক্য, আত্মমর্যাদা, আত্মনির্ভরতা এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি সেই আকাঙ্ক্ষাকে আন্তর্জাতিক পরিসরে বাস্তব রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। তিনি দেখিয়েছেন, জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ শক্তির ভিত্তি সুদৃঢ় হলে একটি রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে পারে। তাই আজকের বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ ও জনকল্যাণমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করা।

 

 

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। ৭ নভেম্বরের সংহতির চেতনা ধারণ করে জিয়াউর রহমানের স্বাধীন পররাষ্ট্রনীতির ইতিবাচক দিকগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারলে বাংলাদেশ বিশ্বপরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ অবস্থান অর্জনে সক্ষম হবে। জাতীয় ঐক্যের শক্তিকে আন্তর্জাতিক আত্মমর্যাদায় রূপান্তরিত করার মধ্য দিয়েই স্বাধীনতার প্রকৃত চেতনা ও রাষ্ট্রীয় অগ্রযাত্রা পূর্ণতা পেতে পারে।

 

 

লেখক: অধ্যাপক, উপ-উপাচার্য (শিক্ষা), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

ট্যাগ:BCSকলামবাংলাদেশ