জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশ
কলামবাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশ

২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বমঞ্চে নতুন মর্যাদা ও সম্ভাবনা ■ ড. মো. মিজানুর রহমান বাংলাদেশের হাতে যে আন্তর্জাতিক আস্থা ও মর্যাদা এসেছে, তা কেবল উদযাপনের বিষয় নয়; এটি দায়িত্বশীলভাবে ব্যবহারেরও বিষয়। এই সভাপতিত্বকে যদি সংলাপ, সমঝোতা, ন্যায়সংগত উন্নয়ন ও শান্তির পক্ষে কাজে লাগানো যায়, তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তির পাশাপাশি বহুপাক্ষিক ব্যবস্থার প্রতিও ইতিবাচক অবদান হবে- [সূত্র : ইত্তেফাক, ২৬ সেপ্টেম্বর ২০২৬]

বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে একজন বাংলাদেশের অবস্থানকে কেবল একটি আন্তর্জাতিক পদ লাভ হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা যাবে না। এটি বাংলাদেশের জন্য এমন এক সময়ে পাওয়া একটি বিরল কূটনৈতিক সুযোগ, যখন বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা যুদ্ধ, সংঘাত, জলবায়ুসংকট, শরণার্থী সমস্যা, উন্নয়ন অর্থায়নের ঘাটতি এবং পারস্পরিক অবিশ্বাসের চাপে রয়েছে। জাতিসংঘও তার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি। সেই সময়ে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অবস্থান বাংলাদেশের আন্তর্জাতিক দৃশ্যমানতা ও মর্যাদাকে নতুন মাত্রা দিয়েছে। ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’—এই সময়ের বৈশ্বিক বাস্তবতার সঙ্গেই গভীরভাবে সংযুক্ত।

 

জাতিসংঘের ২ জুন ২০২৬-এর নির্বাচনে ড. খলিলুর রহমান ১৯১ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক পুনঃপুনরাবৃত্তি বটে। প্রায় চার দশক আগে, ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। চার দশক পর ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া সেই ইতিহাসকে নতুন রূপ এনেছে। ফলে এটি বাংলাদেশের জন্য দ্বিতীয় বারের অবস্থান এবং বহুপাক্ষিক কূটনীতিতে দীর্ঘ পথচলার ধারাবাহিকতার প্রতীক।

 

এই ঐতিহাসিক যুগসূত্র আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ড. খলিলুর রহমানের নিজের বক্তব্যে। ২২ সেপ্টেম্বর সাধারণ বিতর্কের উদ্বোধনী ভাষণে তিনি স্মরণ করেন যে, ৪০ বছর আগে তিনি একই সভাকক্ষে ৪১তম অধিবেশনের সভাপতি হুমায়ূন রশীদ চৌধুরীর মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। তখন হুমায়ূন রশীদ চৌধুরীও জাতিসংঘের প্রতি আস্থার সংকট এবং পরিবর্তিত বিশ্বের সঙ্গে প্রতিষ্ঠানটিকে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তার কথা বলছিলেন। চার দশক পর একই সভাকক্ষে ড. রহমানের বক্তব্যেও জাতিসংঘের কার্যকারিতা ও আস্থা পুনর্গঠনের প্রশ্ন ফিরে এসেছে। ইতিহাসের এই সংযোগ বাংলাদেশের কূটনৈতিক পদযাত্রার এক অসাধারণ ধারাবাহিকতা নির্দেশ করে।

 

প্রথম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে ড. খলিলুর রহমানের মূল বার্তা ছিল—জাতিসংঘের অস্তিত্ব নিয়ে প্রশ্ন নয়, এর কার্যকারিতা নিয়েই আজ বিশ্বের মানুষের প্রশ্ন। তার বক্তব্যে জাতিসংঘের সাফল্য ও সীমাবদ্ধতা—দুই দিকই উঠে এসেছে। তার বক্তব্যের গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি সমস্যার আলোচনায় থেমে থাকেননি; আস্থা পুনর্গঠনের একটি কাঠামো তুলে ধরেছেন। তার মতে, কোথায় ব্যর্থতা রয়েছে তা সততার সঙ্গে স্বীকার করতে হবে, জাতিসংঘের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। তিনি জোর দিয়েছেন, সংস্কারের দায়িত্ব শুধু জাতিসংঘ সচিবালয়ের নয়; সদস্যরাষ্ট্রগুলোকেও সক্রিয়ভাবে দায়িত্ব নিতে হবে। আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন, বেসামরিক মানুষের সুরক্ষা এবং মানবিক সহায়তার ক্ষেত্রেও তিনি নীতির সামঞ্জস্যের ওপর গুরুত্ব দিয়েছেন।

 

ড. খলিলুর রহমান একই সঙ্গে জাতিসংঘের বাস্তব সাফল্যগুলোও সামনে এনেছেন। শান্তিরক্ষা, মানবিক সহায়তা ও দেউলিয়াভিত্তিক কার্যক্রমে জাতিসংঘের অবদানকে আরও শক্তিশালী করার কথা বলেছেন তিনি। স্থানীয় সম জাতীয় প্রতিষ্ঠান, নারী ও তরুণদের পেশাদারি বিশেষজ্ঞ, বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা, নাগরিক সমাজ ও শিক্ষাবিদদের আরও সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ ভবিষ্যতে জাতিসংঘকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।

 

বাংলাদেশের জন্য এই বক্তব্যের তাৎপর্য সরাসরি। রহিঙ্গাসংকট, জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা, উন্নয়ন অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা—এসব ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। ড. রহমান তার বক্তব্যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জাতিসংঘের ভূমিকা এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান তুলে ধরেছেন। এখানেই সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুযোগ তৈরি করেছে। সভাপতি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নয়, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কাজ করবেন; কিন্তু তার সভাপতিপদ বাংলাদেশের প্রতিনিধিদের জন্য একটি বাড়তি কূটনৈতিক পরিসর তৈরি করে। সভাপতির নিরপেক্ষতা বজায় রেখেই বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদল রোহিঙ্গা, জলবায়ু, শান্তিরক্ষা, উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো এগিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য বিধান গুরুত্বপূর্ণ। সাধারণ পরিষদের সভাপতির পদকে কোনো দ্বিপাক্ষিক বা আঞ্চলিক স্বার্থের বাহন হিসেবে ব্যবহার না করে সর্বজনীন আস্থা ও সংলাপের মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।

 

শান্তিরক্ষার ক্ষেত্রেও বাংলাদেশের জন্য একই ধরনের সুযোগ রয়েছে। বহু বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির অন্যতম শক্তিশালী উপাদান। আন্তর্জাতিক সম্পর্কে সব শক্তি অর্থনৈতিক বা সামরিক হতে হয় না; বিশ্বস্তযোগ্যতা, দায়িত্বশীলতা ও শান্তিপূর্ণ অবদানও কূটনৈতিক সম্পদ। জলবায়ু কূটনীতিতেও এই সভাপতিত্ব নতুন সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম, অথচ বৈশ্বিক উষ্ণায়নে তার অবদান তুলনামূলকভাবে সামান্য। অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতির অর্থায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান রয়েছে। ৮১তম অধিবেশনের কর্মসূচিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নের অধিকারের মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে বৃহত্তর বৈশ্বিক আলোচনার সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

 

সাধারণ পরিষদের এই সভাপতির সময়কালও গুরুত্বপূর্ণ। ৮১তম অধিবেশনের মূল লক্ষ্য হলো আস্থা পুনর্গঠন এবং পরিবর্তনকে কার্যকরভাবে পরিচালনা করে এমন একটি জাতিসংঘ গড়ে তোলা।

 

৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের সময় ড. রহমান বলেছিলেন, আস্থা চাওয়া যায় না; সিদ্ধান্ত, প্রতিশ্রুতি পালন ও বাস্তব ফলাফলের মাধ্যমে তা অর্জন করতে হয়। ২২ সেপ্টেম্বরের বক্তব্যে তিনি বাস্তবতা স্বীকার, সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে আস্থা পুনর্গঠনের ভিত্তি হিসেবে তুলে ধরেছেন। সভাপতির পদ পাওয়া একটি অর্জন; সেটিকে জাতীয় স্বার্থে কাজে লাগানো আরও বড় দায়িত্ব। শুধু নিউ ইয়র্কে বাংলাদেশের পরিচিতি বাড়লেই আন্তর্জাতিক মর্যাদা স্থায়ী হবে না। এই মর্যাদাকে বাস্তব কূটনৈতিক সম্পদে রূপান্তর করতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমষ্টিগতভাবে কাজ করতে হবে। রহিঙ্গাসংকট, জলবায়ু অর্থায়ন, উন্নয়ন সহযোগিতা, শান্তিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও নতুন আন্তর্জাতিক অংশীদারিত্ব—প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন।

 

ইসলামী নৈতিকতার একটি মৌলিক শিক্ষা হলো, দায়িত্ব একটি আমানত এবং আমানতের যথাযথ হক আদায় করতে হয়। আন্তর্জাতিক কূটনীতিতেও এর বাস্তব তাৎপর্য রয়েছে। বাংলাদেশের হাতে যে আন্তর্জাতিক আস্থা ও মর্যাদা এসেছে, তা কেবল উদযাপনের বিষয় নয়; এটি দায়িত্বশীলভাবে ব্যবহারেরও বিষয়। এই সভাপতিত্বকে যদি সংলাপ, সমঝোতা, ন্যায়সংগত উন্নয়ন ও শান্তির পক্ষে কাজে লাগানো যায়, তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তির পাশাপাশি বহুপাক্ষিক ব্যবস্থার প্রতিও ইতিবাচক অবদান হবে।

 

এখন পর্যন্ত সাধারণ পরিষদের কার্যক্রমে একটি সক্রিয় সূচনা দেখা যাচ্ছে। ৮ সেপ্টেম্বর ৮১তম অধিবেশন শুরু হয়েছে এবং ২২ সেপ্টেম্বর সাধারণ বিতর্কের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা, সংস্কার ও আস্থা পুনর্গঠনের একটি স্পষ্ট কাঠামো উপস্থাপিত হয়েছে। কয়েক দিনের কর্মকাণ্ড দিয়ে অবশ্য এক বছরের দায়িত্বের মূল্যায়ন করা সম্ভব নয়। প্রকৃত পরীক্ষা হবে—এই সভাপতি কতটা কার্যকর সংলাপ ও সমঝোতা তৈরি করতে পারে এবং বাংলাদেশ কতটা দক্ষতার সঙ্গে এই নতুন কূটনৈতিক পরিসরকে নিজের দীর্ঘমেয়াদি অগ্রাধিকার কাজে লাগাতে পারে।

 

সবশেষে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদ বাংলাদেশের জন্য শুধু মর্যাদা পাওয়ার বিষয় নয়, মর্যাদা ব্যবহারের এক বিরল সুযোগ। ১৯৮৬ সালে হুমায়ূন রশীদ চৌধুরীর সভাপতিত্ব বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে যে অধ্যায় সৃষ্টি করেছিল, চার দশক পর ড. খলিলুর রহমানের সভাপতিত্ব সেই ধারাবাহিকতাকে নতুন বাস্তবতায় পুনঃপ্রতিষ্ঠিত করেছে। আর ২২ সেপ্টেম্বরের উদ্বোধনী বক্তব্য সেই সভাপতিত্বকে একটি স্পষ্ট নীতিগত দিক দিয়েছে—বাস্তবতাকে অস্বীকার নয়, ব্যর্থতার স্বীকার; প্রয়োজনীয় সংস্কার, আরও অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক প্রতিনিধিত্বে ন্যায়সংগত নিশ্চিত করা।

 

● লেখক: অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট

ট্যাগ:BCSকলামবাংলাদেশ