
জাতিসংঘ সাধারণ পরিষদ কীভাবে ও কেন গুরুত্ব পাচ্ছে
আলান্না ও’ম্যালি [প্রকাশ : কালবেলা, ২৬ সেপ্টেম্বর ২০২৬]
এ সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন। এরই মধ্যে জাতিসংঘের ব্যর্থতা ও সীমাবদ্ধতা নিয়ে নানা সমালোচনা শোনা যাচ্ছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের মধ্যেও দেশটির বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা দিতে না পারা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ইরানে অবৈধ বোমা হামলার নিন্দা জানাতে ব্যর্থ হওয়া পর্যন্ত নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ক্ষেত্রেও জাতিসংঘ কার্যকরভাবে কোনো পদক্ষেপ নিতে পারেনি।
ফলে সাম্প্রতিক বছরগুলোয় জাতিসংঘ ক্রমেই নানা সীমাবদ্ধতার মধ্যে আটকে পড়া একটি সংস্থায় পরিণত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থাও এর অন্যতম কারণ। এ ব্যবস্থায় পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিজেদের কর্মকাণ্ডের ওপর কার্যকর নজরদারি এড়িয়ে যেতে পারে। এর ফলে স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে বিশ্বের বিভিন্ন সংকটে নিরাপত্তা পরিষদ অর্থবহ কোনো হস্তক্ষেপ করতে পারেনি। তবে এসব সীমাবদ্ধতা এবং বাইরের নানা আক্রমণের মধ্যেও জাতিসংঘের কিছু অঙ্গ এখনো বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে গেছে। একই সময়ে বৈশ্বিক উত্তর ও দক্ষিণের মধ্যে ক্ষমতার ভারসাম্যও বদলাচ্ছে। ছোট ও মাঝারি শক্তির দেশগুলোও আগের তুলনায় বেশি প্রভাব বিস্তার করছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্ব ধীরে ধীরে বাড়ছে। এখানে সব সময় রাজনৈতিক স্বার্থ নীতিনির্ধারণকে ছাপিয়ে যেতে পারে না। জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৩টি সদস্যরাষ্ট্র রয়েছে। প্রতিটি দেশের ভোটের অধিকার সমান। কাগজে-কলমে এ সমান অবস্থানের কারণে ভোট আদায়ের জন্য তীব্র কূটনৈতিক তৎপরতা চলে। গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নে প্রয়োজন অনুযায়ী দেশগুলোর মধ্যে সমঝোতা ও দরকষাকষিও হয়। এর ফলে গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের গতিপথ বদলে যেতে পারে। সাধারণ পরিষদে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব রয়েছে। এ কারণে জাতিসংঘের কাজের প্রকৃতি নির্ধারণে সাধারণ পরিষদ ঐতিহ্যগতভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে এ ভূমিকা অনেক সময় যথেষ্ট গুরুত্ব পায়নি।
১৯৬০ সাল থেকে সাধারণ পরিষদে দক্ষিণের দেশগুলো সংখ্যাগরিষ্ঠ। এর ফলে এসব দেশ আলোচনার বিষয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছে। একই সঙ্গে সাধারণ পরিষদের রাজনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণেও তারা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। এই বিচিত্র দেশগুলোর সম্মিলিত ভূমিকা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়েছে। এর মধ্যে রয়েছে আফ্রো এশীয় জোট এবং পরে ৭৭টি দেশের জোট বা জি-সেভেনটি সেভেনে। এ জোটে জামাইকার মতো ছোট দ্বীপরাষ্ট্র যেমন রয়েছে, তেমনি ব্রাজিল ও ভারতের মতো বড় দেশও রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এসব দেশের সম্মিলিত প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানবাধিকারবিষয়ক এজেন্ডা এগিয়ে নিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর একটি উদাহরণ হলো জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের পদ সৃষ্টির উদ্যোগ। ১৯৬৫ সালে সাধারণ পরিষদে কোস্টারিকা এ প্রস্তাবের নেতৃত্ব দেয়। ১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে এ পদ সৃষ্টি করা হয়। তবে ১৯৬৫ সালের প্রস্তাবটি প্রাতিষ্ঠানিক পরিবর্তনের পথ তৈরি করেছিল। একই সঙ্গে এটি মানবাধিকারকে জাতিসংঘের আলোচনার কেন্দ্রীয় বিষয়ে পরিণত করেছিল।
এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান বোঝার একটি সূচক হিসেবে সাধারণ পরিষদের প্রকৃত সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। সাধারণ পরিষদের এ ভূমিকার দুটি দিক রয়েছে—একদিকে এটি বিভিন্ন বিষয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যরাষ্ট্রের সাধারণ মতামত তুলে ধরে, অন্যদিকে এটি বিশ্বের সাধারণ মানুষের মতামতেরও প্রতিফলন ঘটায়।
সম্প্রতি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে সাধারণ পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে। এসব প্রস্তাবের পক্ষে নজিরবিহীন সংখ্যক ভোট পড়েছে। এর মধ্য দিয়ে শুধু ইসরায়েল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক অবস্থানই প্রকাশ পায়নি, গাজায় ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে বিশ্বের সাধারণ মানুষের মধ্যে যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, সেটিও প্রতিফলিত হয়েছে।
তবে সাধারণ পরিষদ শুধু গাজা ইস্যুতেই উদ্যোগ নেয়নি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথম কয়েক সপ্তাহেই সাধারণ পরিষদ ‘শান্তির জন্য ঐক্যবদ্ধ’ বা ‘ইউনাইটিং ফর পিস’ প্রক্রিয়ার অধীনে বৈঠক করে। এ ব্যবস্থা জাতিসংঘের ৩৭৭ নম্বর প্রস্তাবে নির্ধারিত রয়েছে। এর উদ্যোগ প্রথম নেওয়া হয়েছিল ১৯৫০ সালের নভেম্বরে। ওই সময় জাতিসংঘ কোরীয় যুদ্ধে জড়িয়েছিল এবং নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে গিয়েছিল।
এ প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘের কাঠামোয় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের পথ তৈরি হয়। নিরাপত্তা পরিষদ কোনো বিষয়ে অচলাবস্থায় পড়লে কীভাবে তাকে পাশ কাটিয়ে সাধারণ পরিষদে আলোচনা করা যায়, তার একটি ব্যবস্থা এতে রাখা হয়েছে। এ প্রক্রিয়ার অধীনে সাধারণ পরিষদ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করতে পারে। এর মধ্যে নিষেধাজ্ঞা আরোপ এবং শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের সুপারিশও থাকতে পারে।
২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ‘ইউনাইটিং ফর পিস’ প্রস্তাবটি তিনবার কার্যকর করা হয়। এর ফলে আলোচনা নিরাপত্তা পরিষদ থেকে সাধারণ পরিষদে চলে আসে। নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী ভেটো ক্ষমতা রয়েছে। সাধারণ পরিষদে এ সময় তিনটি পৃথক প্রস্তাব গৃহীত হয়। এসব প্রস্তাবে সমর্থন জানানো হয় ইউক্রেনের প্রতি। একই সঙ্গে সমালোচনা করা হয় রাশিয়ার মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের।
নিরাপত্তা পরিষদের বর্তমান অচলাবস্থা শিগগির কাটবে বলে মনে হচ্ছে না। তাই বড় দেশগুলোকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মধ্যে আনা এবং ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর ভূমিকা আরও কার্যকর করার ক্ষেত্রে সাধারণ পরিষদের গুরুত্ব দিন দিন বাড়ছে।
এটি রাষ্ট্রগুলোর কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার আরেকটি উপায়। বিশেষ করে যখন মানবিক বিপর্যয়, ভয়াবহ নৃশংসতা বা বড় ধরনের সংঘাত দেখা দেয় এবং জরুরি পদক্ষেপ প্রয়োজন হয়, তখন এ ব্যবস্থা নিরাপত্তা পরিষদের অচলাবস্থা পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। সব মিলিয়ে এসব প্রস্তাব একটি ক্রমবর্ধমান প্রবণতার প্রতিফলন ঘটায়। শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা ধীরে ধীরে নিরাপত্তা পরিষদ থেকে সাধারণ পরিষদে চলে যাচ্ছে।
এ প্রবণতার সঙ্গে ছোট দেশগুলোর দীর্ঘদিনের বিভিন্ন উদ্যোগের সম্পর্ক রয়েছে। এসব দেশের অনেকগুলোই বৈশ্বিক দক্ষিণের দেশ। জাতিসংঘে তারা বড় শক্তিধর দেশগুলোর প্রভাবকে চ্যালেঞ্জ করে আসছে। গত ৮০ বছরে সাধারণ পরিষদই এমন একটি জায়গা হয়ে উঠেছে, যেখানে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো নিজেদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে পরিবর্তন আনতে পেরেছে। তবে এ ভূমিকার গুরুত্ব এখনো পুরোপুরি উপলব্ধি করা হয়নি।
অতীতে উন্নয়ন ও মানবাধিকারের ক্ষেত্রে মানবজাতির সবচেয়ে বড় অর্জনগুলোরও সাক্ষী হয়েছে এই মঞ্চ। ভবিষ্যতে আরও ন্যায়সংগত একটি বিশ্ব গড়ার পথ এখান থেকেই তৈরি হতে পারে। কারণ ঐতিহাসিকভাবে এই আকাঙ্ক্ষার সবচেয়ে শক্তিশালী প্রতিফলন ঘটেছে জাতিসংঘ সাধারণ পরিষদেই।
লেখক: অধ্যাপক, নেদারল্যান্ডসের ইরাসমাস ইউনিভার্সিটি রটারড্যামে গ্লোবাল গভর্ন্যান্স অ্যান্ড ওয়েলথ বিভাগের চেয়ার। আলজাজিরায় প্রকাশিত নিবন্ধটি ভাষান্তর করেছেন তহমিনা মিলি



