
জাপান সফরে তারেক রহমান : আঞ্চলিক ভূ-রাজনীতির নতুন সমীকরণ
সাইমন মোহসিন [প্রকাশ : কালের কণ্ঠ, ২৭ অক্টোবর ২০২৬]
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নেপিডোতে মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেন। চলতি মাসে মার্কিন কর্মকর্তারা আবারও মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে বসেছেন, এবার টোকিওতে।
ওয়াশিংটনের সামনে মিয়ানমার তাই দুটি প্রাপ্তির সুযোগ খুলে দিয়েছে—নিজের প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পের জন্য সরবরাহ নিশ্চিত করা এবং চীনের একচ্ছত্র আধিপত্য দুর্বল করা।
জাপানের নিঃশব্দ তৎপরতা : জাপানের প্রয়োজন আরো জরুরি।
জাপানের আসল আগ্রহ অবস্থানগত। তার ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) রূপকল্পের লক্ষ্য সমুদ্রপথ উন্মুক্ত রাখা, বাণিজ্য অবাধ রাখা এবং অঞ্চলটিকে কোনো একক শক্তির আধিপত্য থেকে মুক্ত রাখা। এর একটি মূল অংশ হলো বঙ্গোপসাগরের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করা একটি শিল্প মূল্য-শৃঙ্খল, যার কেন্দ্রে রয়েছে জাপানের অর্থায়নে নির্মিত মাতারবাড়ী বন্দর। এই পরিকল্পনা সফল করতে জাপানের প্রয়োজন একটি শান্ত রাখাইন এবং নেপিডোতে এমন একটি সরকার, যার সঙ্গে আলোচনা চালানো যায়।
ভারত—জাপানের কৌশলের ভরকেন্দ্র : এই অঞ্চলে জাপানের হিসাব-নিকাশও বদলেছে। একসময় টোকিও ঢাকা, নেপিডো ও নয়াদিল্লিকে মূলত আলাদা উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে দেখত; এখন দেখছে একটি অভিন্ন সরবরাহ শৃঙ্খলের ভিন্ন ভিন্ন গ্রন্থি হিসেবে—আর সেই শৃঙ্খলের নোঙর ভারত। গত জুলাইয়ে নয়াদিল্লিতে বার্ষিক শীর্ষ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক যৌথ ঘোষণায় সই করেন এবং গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে গুটিকয় সরবরাহকারীর ওপর নির্ভরতা কমাতে একমত হন; জাপানি কম্পানিগুলো ভারতে বিরল খনিজনির্ভর স্থায়ী চুম্বক কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাই করছে। দুই দেশ যেন একে অপরের ঘাটতি পূরণ করছে—ভারতের আছে আকরিক ও বিশাল বাজার, জাপানের আছে পরিশোধন প্রযুক্তি ও পুঁজি। এই দুই লক্ষ্যের মিলনস্থল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (জিএসআই) আসামের কারবি আংলংয়ের জশোরা কমপ্লেক্সে প্রায় দুই কোটি ৮৬ লাখ টন বিরল খনিজসমৃদ্ধ উপাদান চিহ্নিত করেছে, যাতে নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো কৌশলগত উপাদানের ঘনত্ব উল্লেখযোগ্য।
একই রাজ্যের জাগিরোডে টাটা ইলেকট্রনিকসের ২৭ হাজার কোটি রুপির সেমিকন্ডাক্টর সংযোজন ও পরীক্ষণ কারখানা এ মাসেই পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে, আর কারিগরি সহযোগী হিসেবে সেখানে যুক্ত হয়েছে জাপানের এনোমোতো। তবে আসামে এখনো কোনো বাণিজ্যিক পরিশোধনাগার নেই; আকরিকে মিশে থাকা তেজস্ক্রিয় থোরিয়াম-ইউরেনিয়াম, সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত জনজাতি এলাকার ভূমি-অধিকার এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিবেশ-সংবেদনশীল অঞ্চল ঘিরে উদ্বেগের কারণে খনি থেকে পরিশোধনাগার পর্যন্ত পৌঁছতে সাত থেকে ১২ বছর লেগে যেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। আঞ্চলিক সম্পর্ক ও সরবরাহ শৃঙ্খল বিশ্লেষকদের মতে, জাপানের সুযোগ ঠিক এখানেই। নয়াদিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশনের বিশিষ্ট ফেলো রামি নিরঞ্জন দেশাই মনে করেন, আসল বাধা আকরিক নয়, প্রক্রিয়াকরণ প্রযুক্তি—আর সেটিই জাপানের হাতে।
টোকিওর ইনস্টিটিউট অব জিওইকোনমিকসের গবেষক মনীশ শর্মার মতে, প্রকৃত পরীক্ষা হবে দুই দেশ যৌথ অর্থায়নে মধ্যবর্তী পর্যায়ের প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তুলতে পারে কি না। দেশাই আরো মনে করিয়ে দিয়েছেন, ভারতের মজুদ মূলত হালকা বিরল খনিজের; ভারী খনিজের বিকল্প উৎস কাচিন সংঘাতে আটকে আছে—টোকিও কেন একটি শান্ত বন্ধুসুলভ মিয়ানমার চায়, এটি তার আরেকটি কারণ। জাপানের দৃষ্টিতে উত্তর-পূর্ব ভারত যদি খনন, পরিশোধন ও চিপ উৎপাদনের কেন্দ্র হয়ে ওঠে এবং মাতারবাড়ী হয়ে সমুদ্রে পৌঁছানোর পথ পায়, তবে সেটিই হবে চীনকে পাশ কাটানোর সবচেয়ে কার্যকর পথ। এতে টোকিওর কাছে বাংলাদেশের বন্দর ও সড়কপথের মূল্য যেমন বাড়ে, তেমনি বাড়ে ঢাকার দর-কষাকষির সক্ষমতাও।
মিয়ানমারের জাতিগোষ্ঠীগুলোর জন্য এর অর্থ কী : মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। ওয়াশিংটন চায় খনিজ, টোকিও চায় স্থিতিশীলতা। যে স্বশাসনের জন্য এই গোষ্ঠীগুলো দশকের পর দশক লড়াই করে আসছে—এ নিয়ে কেউ কথা বলছে না। জাতিসংঘ যে নির্বাচনকে অবাধও নয়, সুষ্ঠুও নয় বলে অভিহিত করেছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারকে মার্কিন সম্পৃক্ততা বৈধতা জোগায়। বহিঃশক্তিগুলো যদি কাচিনদের নিছক সরবরাহকারী হিসেবে দেখে, তাহলে তাদের রাজনৈতিক দাবি সংকুচিত হয়ে খনিজের রয়ালটি নিয়ে দর-কষাকষিতে পরিণত হতে পারে। বিপদটা কোনো ষড়যন্ত্র নয়। বিপদ হলো, প্রতিটি বড় শক্তিই সিদ্ধান্ত নিচ্ছে যে ব্যবসা করতে হলে জেনারেলদের সঙ্গেই করতে হবে।
আমাদের দোরগোড়ায় সংকট : এর অভিঘাত এসে পড়ছে সরাসরি বাংলাদেশের দোরগোড়ায়। আরাকান আর্মি এখন ২৭১ কিলোমিটার সীমান্তের পুরোটা এবং রাখাইনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। জান্তা পাল্টা বিমান হামলা চালাচ্ছে। বড় পরিসরের সামরিক অভিযান শুরু হলে শুধু রোহিঙ্গারাই নয়, অন্যান্য জনগোষ্ঠীও আমাদের সীমান্তের দিকে, এমনকি পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি এলাকায়ও চলে আসতে পারে। বাংলাদেশ এরই মধ্যে প্রায় ১১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, আর তাদের প্রত্যাবাসন থমকে আছে।
৫০ বছরের বন্ধু : এ অঞ্চলে জাপান নতুন কেউ নয়। স্বাধীনতার অল্প পরেই, ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং দীর্ঘদিন ধরে দেশটি আমাদের বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। যমুনা সেতু, ঢাকা মেট্রো রেল ও মাতারবাড়ী নির্মাণে জাপানের সহায়তা ছিল। ২০১৪ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে জাপানের প্রার্থিতাকে সমর্থন দিতে বাংলাদেশ নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ২০২৩ সালে দুই দেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করে। টোকিওতে আলোচনার টেবিলে রয়েছে অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ), কর্মী পাঠানো সংক্রান্ত একটি চুক্তি এবং মাতারবাড়ীর অর্থায়ন। জাপান এরই মধ্যে আমাদের নৌবাহিনীকে পাঁচটি টহল নৌযান দিয়েছে এবং টোকিও প্রতিরক্ষা সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চায়। জুনে বেইজিংয়ে ঢাকা যে বিবৃতিতে সই করেছে, তার কিছু ভাষা নিয়েও জাপান উদ্বেগ জানিয়েছে বলে জানা গেছে।
নিয়ন্ত্রণ থাকুক নিজের হাতে : বাংলাদেশ প্রতিবেশী বেছে নিতে পারে না, কিন্তু নিজের পথ বেছে নিতে পারে। প্রশ্ন হলো, ঢাকা কিভাবে নিজের সিদ্ধান্ত নিজের হাতে রাখবে?
প্রথমত, মাতারবাড়ীকে দর-কষাকষির হাতিয়ার নয়, বরং একটি অভিন্ন আঞ্চলিক সম্পদে পরিণত করতে হবে। আমাদের নিজেদের বাণিজ্য অগ্রাধিকার পাবে, তবে প্রতিটি প্রতিবেশী যখন ন্যায্য শর্তে বন্দরটি ব্যবহার করতে পারবে, তখনই এর মূল্য সবচেয়ে বেশি। চাপ প্রয়োগ নয়, সহযোগিতাই সব সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। প্রবেশাধিকার সীমিত করলে চাপ ডেকে আনা হবে। উন্মুক্ত প্রবেশাধিকার প্রত্যেক অংশীদারকে একটি স্থিতিশীল ও নিরপেক্ষ বাংলাদেশের অংশীজন করে তোলে।
দ্বিতীয়ত, নিরাপত্তা সহযোগিতাকে স্বাগত জানাতে হবে, তবে তা হতে হবে প্রতিরক্ষামূলক ও স্বচ্ছ। মিয়ানমারে প্রবেশের ‘লঞ্চপ্যাড’ বলে মনে হতে পারে—এমন যেকোনো কিছু নাকচ করতে হবে।
তৃতীয়ত, বিবৃতির ভাষার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমন কিছুতে সই করা যাবে না, যা এক শক্তির পক্ষ নিয়ে অন্য শক্তির বিপক্ষে দাঁড়ায়।
চতুর্থত, রোহিঙ্গা প্রশ্নকে অংশীদারির বিনিময়মূল্য হিসেবে সামনে রাখতে হবে। ঢাকার উচিত টোকিওকে অনুরোধ করা, যাতে নেপিডো ও আরাকান আর্মির সঙ্গে নিজের যোগাযোগের পথ কাজে লাগিয়ে জাপান একটি বাস্তবসম্মত প্রত্যাবাসন পরিকল্পনা এগিয়ে নেয়। তবে মানবিক করিডর এর সঠিক হাতিয়ার নয়। এটি অন্য কারো যুদ্ধের সরবরাহ লাইনে পরিণত হতে পারে। সীমান্ত পেরিয়ে যেকোনো সহায়তা কার্যক্রম হতে হবে জাতিসংঘের ম্যান্ডেটে, বাংলাদেশের পরিচালনা ও নিয়ন্ত্রণে এবং সব আঞ্চলিক পক্ষের সম্মিলিত তদারকি ও নিরাপত্তায়।
পঞ্চমত, সীমান্তের ওপারে সবার সঙ্গে কথা বলতে হবে। কোনো রাষ্ট্রবহির্ভূত শক্তিকে স্বীকৃতি দেওয়া সম্ভবও নয়, বিচক্ষণও নয়। কিন্তু নাফ নদীর ওপারের তীর যে আরাকান আর্মিই চালাচ্ছে, সেটি না দেখার ভান করাও বিচক্ষণতা নয়। ঢাকার উচিত নেপিডোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা, আর সীমান্ত, বাণিজ্য ও জেলেদের বিষয়ে আরাকান আর্মির সঙ্গে নীরব, কিন্তু নিয়মিত যোগাযোগের পথ খোলা রাখা। ফেব্রুয়ারিতে আটক ৭৩ জন জেলের মুক্তি প্রমাণ করে, এসব যোগাযোগ কাজ করে। এটি প্রয়োজনের তাগিদ, সমর্থন নয়।
সব শেষে ওয়াশিংটন বা টোকিও যদি বঙ্গোপসাগর দিয়ে প্রবেশাধিকার চায়, তাহলে বাংলাদেশকে শর্ত সাপেক্ষে একজন অংশীদার হিসেবে দর-কষাকষি করতে হবে; আপনা-আপনি কারো করিডরে পরিণত হওয়া চলবে না।
ভূগোল বাংলাদেশকে একটি প্রবেশদ্বার বানিয়েছে। সে নিজেই দ্বাররক্ষী হবে কি না, তা ঠিক করবে কূটনীতি। টোকিওতে তারেক রহমানের কাজ হলো বিনিয়োগ, কর্মসংস্থান ও সদিচ্ছা নিশ্চিত করা, সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া যে আমাদের নিরপেক্ষতা একটি নীতি, কোনো শূন্যস্থান নয়। যার দরজার কবজা নিজের হাতে, সে কখনো কারো দাবার ঘুঁটি হয় না।
লেখক : রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক, গবেষণা ফেলো, বাংলাদেশ নীতি গবেষণা কেন্দ্র



