
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন অধ্যায়
ড. ফরিদুল আলম [প্রকাশ : কালের কণ্ঠ, ১৪ জুলাই ২০২৬]
ইরানকে পরমাণু কর্মসূচির বাইরে রাখা নিয়ে যে যুদ্ধের শুরুটা হয়েছিল, এই পর্যায়ে এটা এসে দাঁড়িয়েছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দাবি ও পাল্টা দাবি কেন্দ্রিক নতুন সংঘাতে। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ভেস্তে যায় হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকারে ইরানের হামলা এবং পরবর্তীকালে ইরানের ১৭০টি স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলায় এবং সেই হামলার জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে পরিচালিত ইরানের পাল্টা হামলার মধ্য দিয়ে।
এরই মধ্যে নতুন করে কথার বোমা ফাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। যদিও এটি নিয়ে তিনি সরাসরি ইসরায়েলি কোনো সূত্রকে উদ্ধৃত করেননি, বরং মার্কিন গোয়েন্দা সূত্রের কথা বলতে চেয়েছেন, তবে বিষয়টি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে যে ইসরায়েলের গোয়েন্দারা এ ধরনের তথ্য সরবরাহ করেছে ট্রাম্পকে। তারা জানিয়েছে যে ইরানের কিলিং টার্গেটের এক নম্বরে ট্রাম্পের নাম রয়েছে।

গত ১৭ জুন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে মেনে নেয়নি ইসরায়েল। সেই সঙ্গে ইরানের চাওয়াকে মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে বাধ্য করা হয় লেবাননের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে। যে যুদ্ধটি ইসরায়েলের অনেক পরিকল্পনা এবং চেষ্টার ফল, সেখান থেকে যুক্তরাষ্ট্রের মুখ ফিরিয়ে নেওয়া ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এক বড় হুমকি। একই সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির এই পথ ধরে যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, সেটি হবে মধ্যপ্রাচ্যে ইরানকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া পরোক্ষ স্বীকারোক্তি।
বিষয়গুলো ইসরায়েলের জন্য গভীর ভাবনার। বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ট্রাম্পকে এত দিন ধরে ইরানকে তাঁদের অভিন্ন শত্রু বলে যে ধারণা দিয়ে এসেছেন, সেই ইরান এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে উন্মুক্ত প্রবেশাধিকার পাবে, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক বাস্তবতার সৃষ্টি হবে, যার আলোকে উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে হয়তো ইরানকেই তাদের জন্য রক্ষাকবচ হিসেবে মেনে নেবে—এসবই ইসরায়েলের জন্য একটি দুঃসংবাদ। এটি তাদের বিস্তৃত ভূখণ্ডের দাবিকেই শুধু খাটো করবে না, তাদের ভবিষ্যৎ অস্তিত্বকেও চ্যালেঞ্জ করে বসবে।
এই সবকিছু মাথায় নিয়ে ইসরায়েল নতুন করে ছক কষতে থাকে, যার অন্যতম ফল হচ্ছে ট্রাম্পকে এটি বিশ্বাস করানো যে তাঁর জীবন সংশয়ে আছে। রাজনীতিতে অনেকটাই অপরিণত ট্রাম্প খুব সহজেই এটি বিশ্বাস করে ফেলেছেন। নতুন করে ইরানে আরো বৃহত্তর পরিসরে হামলার কথা ভাবছেন, এমনকি ইরানের অস্তিত্ব ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। যেকোনো রাজনীতিবিদের জন্যই যুদ্ধের মতো বড় সিদ্ধান্তে গেলে নিজের প্রাণ সংশয়ের কথা মাথায় নিয়েই তা করতে হয়।
আমাদের মনে রাখতে হবে যে এই যুদ্ধের প্রায় পুরোটা সময়ই স্বয়ং বেনিয়ামিন নেতানিয়াহু বাংকারের ভেতর আত্মগোপনে ছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত প্রচেষ্টায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাসহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে। এটি নিয়ে যদি ইরান প্রতিশোধপরায়ণ হয়, তাহলে কি সেটি খুব আশ্চর্যের বিষয় হবে? মার্কিন সিক্রেট সার্ভিসের কড়া নিরাপত্তা জালের ভেতর থেকে ট্রাম্প হয়তো ভেবেছেন, তাঁর জন্য কোনো রকম হুমকি প্রযোজ্য নয়।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত সমঝোতা স্মারক, যার ওপর ভিত্তি করে দুই পক্ষের মধ্যে পরবর্তী ৬০ দিন আরো অধিকতর আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা, এই স্মারকটি অকার্যকর হওয়ার মধ্য দিয়ে কার্যত দুই পক্ষ আবারও যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় উপনীত হলো। এর ফলে এর আগে ইরানের সম্পদ ছাড়, হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে ঘোষণা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এর কোনো কিছুই আর রইল না। বিষয়টি দুশ্চিন্তার হলেও ইরানের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সে রকম উদ্বেগ প্রদর্শন করা হয়নি, উপরন্তু ভবিষ্যতে যেকোনো মার্কিন হামলার সমুচিত জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে এই আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আহবান জানিয়েছে। ইরানের কোনো রকম প্রতিক্রিয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ইরান আবারও আলোচনা শুরুর জন্য অনুনয় করছে এবং তিনি এতে রাজি হয়েছেন। ট্রাম্পের এই দাবিকে নাকচ করে দিয়েছে ইরান। আমরা এর আগেও দেখেছি, ‘একটি চুক্তির জন্য ইরান মরিয়া হয়ে আছে’—এ ধরনের কথা বলেছিলেন ট্রাম্প। পরবর্তী সময়ে দেখা গেল যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতির স্বার্থে অনেকটা ছাড় দিয়েই ইরানের সঙ্গে চুক্তিতে উপনীত হলো।
চুক্তি স্বাক্ষরের মাত্র তিন সপ্তাহের কাছাকাছি সময়ে এসে এই চুক্তিটি বাতিল করার যে ঘোষণা ট্রাম্প দিলেন, এর পেছনে ইসরায়েলের স্পষ্ট প্রভাব লক্ষণীয়। যদিও এটিও বলা হচ্ছে যে হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক সময়ে যে বিচ্ছিন্ন হামলার ঘটনাগুলো ঘটেছে, সেটি ইরানের কিছু বিদ্রোহী গোষ্ঠী দ্বারা সম্পাদিত, এর পেছনে ইরানের শাসকদের কোনো সবুজ সংকেত ছিল না। এখানে এটি বলা যেতে পারে যে ইসরায়েল রাষ্ট্র যেমন চাইছে না, ইরানের ভেতর প্রতিশোধকামী কিছু গোষ্ঠীও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিটিকে মেনে নিতে চাইছে না। এখানেই সংকটের মূল বিষয়টি নিহিত। এ ক্ষেত্রে এই ভুল-বোঝাবুঝি নিরসনে দুই পক্ষের বার্তাবাহকের মাধ্যমে আলোচনা পরিত্যাগ করে সরাসরি কথা বলা উচিত। এই আলোচনায় প্রয়োজনে পাকিস্তান ও কাতারের মতো দেশের উপস্থিতিতেই দুই পক্ষ একে অন্যের কাছে নিজেদের সদিচ্ছার বিষয়গুলো এবং কোথায় কোথায় সীমাবদ্ধতাগুলো রয়েছে, সেগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে পারে।
মনে রাখা দরকার যে যুদ্ধটি যদি আবারও পুরো মাত্রায় শুরু হয়, তাহলে এর মধ্য দিয়ে কার্যত কোনো পক্ষেরই বিজয়ী হওয়ার কোনো সুযোগ থাকবে না, বরং উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ইরানের খুব সহজ নিশানায় পরিণত হয়ে ক্ষতির পাল্লা তাদের জন্যই ভারী হবে। অন্যদিকে ইরানের অবকাঠামোর ক্ষতিসহ ব্যাপক সংখ্যায় বেসামরিক মানুষের প্রাণহানির শঙ্কা থেকে যাবে। সুতরাং যুদ্ধের নতুন এই অধ্যায় থেকে বের হয়ে নতুন করে পুরোদমে সরাসরি আলোচনা শুরু করাটাই হবে সময়ের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।
লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়



