
ইন্দো-প্যাসিফিকে ক্ষমতার ভারসাম্য ও সামুদ্রিক নিরাপত্তা
ড. সুজিত কুমার দত্ত [প্রকাশ : কালের কণ্ঠ, ০৭ অক্টোবর ২০২৬]
ইন্দো-প্যাসিফিক অঞ্চল একবিংশ শতাব্দীর বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি, উদীয়মান রাষ্ট্র, গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর, বাণিজ্যপথ এবং কৌশলগত সামুদ্রিক যোগাযোগব্যবস্থা অবস্থিত।
চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো এই অঞ্চলের কৌশলগত গতি-প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে চীনের অর্থনৈতিক ও সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে আঞ্চলিক উপস্থিতি ও অংশীদারত্ব জোরদার করছে।
ইন্দো-প্যাসিফিকে বর্তমান ক্ষমতার ভারসাম্য বোঝার জন্য চীনের সামুদ্রিক সক্ষমতা ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চীন তার নৌবাহিনী আধুনিকীকরণ, সামুদ্রিক অবকাঠামো, বন্দর সহযোগিতা এবং দূরবর্তী অঞ্চলে নিরাপত্তা সম্পৃক্ততার মাধ্যমে প্রভাব বিস্তারের সক্ষমতা বাড়াচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে নৌ সহযোগিতা, সামুদ্রিক নজরদারি, প্রতিরোধক্ষমতা এবং নৌ যোগাযোগের স্বাধীনতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। কোয়াড—যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত এই কাঠামো সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে যৌথ সচেতনতা, গুরুত্বপূর্ণ খনিজ, অবকাঠামো ও জ্বালানি সহযোগিতার মতো ক্ষেত্রে কাজ করছে। তবে এ ধরনের উদ্যোগকে শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে দেখলে আঞ্চলিক সহযোগিতার বৃহত্তর সম্ভাবনা সীমিত হয়ে যেতে পারে।
ভারতের অবস্থানও এখানে স্বতন্ত্র।
সামুদ্রিক নিরাপত্তা বলতে শুধু যুদ্ধজাহাজ, নৌঘাঁটি কিংবা সমুদ্রপথে সামরিক আধিপত্য বোঝায় না। সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা, জলদস্যুতা প্রতিরোধ, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা, মানব ও মাদকপাচার প্রতিরোধ, সামুদ্রিক দূষণ, সাইবার নিরাপত্তা, সমুদ্রসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবেলাও সামুদ্রিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বহু দেশ তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সমুদ্রনির্ভর বাণিজ্য ও সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীল। দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালি, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব আঞ্চলিক সীমা অতিক্রম করে বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে। তাই সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সামরিক প্রতিরোধের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ, আন্তর্জাতিক আইন, তথ্য বিনিময় এবং আঞ্চলিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা জরুরি।
সমুদ্রকে যদি শুধু শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়, তাহলে নিরাপত্তা প্রতিযোগিতা ক্রমেই উত্তেজনা বাড়াতে পারে। বিপরীতে সমুদ্রকে বাণিজ্য, যোগাযোগ, পরিবেশ সুরক্ষা এবং উন্নয়নের অভিন্ন সম্পদ হিসেবে বিবেচনা করলে সহযোগিতার সুযোগ বৃদ্ধি পায়। এই ভারসাম্য রক্ষা করাই ইন্দো-প্যাসিফিকের অন্যতম বড় চ্যালেঞ্জ।
ইন্দো-প্যাসিফিকের বৃহত্তর নিরাপত্তা কাঠামোতে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ, জ্বালানি পরিবহন, সামুদ্রিক সম্পদ এবং কৌশলগত সংযোগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ এই সমুদ্রাঞ্চলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর একই সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনা ও নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্র। সমুদ্রবন্দর, নৌ-বাণিজ্য, মৎস্যসম্পদ, সামুদ্রিক পর্যটন, জ্বালানি, সমুদ্রবিজ্ঞান এবং নীল অর্থনীতির বিকাশ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে হলে সামুদ্রিক অবকাঠামো, উপকূলীয় নিরাপত্তা, সামুদ্রিক গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ নীতির পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। ইন্দো-প্যাসিফিকে বড় শক্তিগুলোর প্রতিযোগিতায় কোনো এক পক্ষের ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা সীমিত করতে পারে। তাই বাংলাদেশের জন্য ভারসাম্যপূর্ণ, বাস্তববাদী এবং বহুমুখী কূটনীতি গুরুত্বপূর্ণ। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থভিত্তিক সহযোগিতা বজায় রেখে বাংলাদেশ তার নিজস্ব অগ্রাধিকার নির্ধারণ করতে পারে।
ইন্দো-প্যাসিফিকে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য শুধু বড় শক্তিগুলোর উদ্যোগ যথেষ্ট নয়। ছোট ও মধ্যম শক্তির রাষ্ট্রগুলোকেও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। আসিয়ান, বিমসটেক, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এবং অন্যান্য আঞ্চলিক প্ল্যাটফর্ম সামুদ্রিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখতে পারে।
যৌথ সামুদ্রিক নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, জলদস্যুতা প্রতিরোধ, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা এবং সামুদ্রিক পরিবেশ সংরক্ষণে সহযোগিতা গড়ে তোলা সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্র আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন সনদ, অনুসরণ এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি আঞ্চলিক আস্থা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তবে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, ভিন্ন নিরাপত্তা-দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নগত বাস্তবতাকে সম্মান করা জরুরি। কোনো সহযোগিতা কাঠামো যদি একচেটিয়া সামরিক বিভাজন সৃষ্টি করে, তাহলে তা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে। বরং উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও নিয়মভিত্তিক সামুদ্রিক সহযোগিতা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি তৈরি করতে পারে।
বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিকের পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতায় একটি সুসংহত সামুদ্রিক কৌশল গ্রহণ করতে হবে। প্রথমত, সামুদ্রিক নিরাপত্তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা নৌবাহিনীর একক দায়িত্ব হিসেবে না দেখে সমন্বিত জাতীয় নীতির অংশ হিসেবে বিবেচনা করা দরকার। নৌবাহিনী, কোস্ট গার্ড, বন্দর কর্তৃপক্ষ, মৎস্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গবেষণাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।
দ্বিতীয়ত, সমুদ্রবিজ্ঞান, সামুদ্রিক মানচিত্রায়ন, আবহাওয়া পর্যবেক্ষণ, উপকূলীয় দুর্যোগ পূর্বাভাস এবং নীল অর্থনীতি নিয়ে গবেষণায় বিনিয়োগ করতে হবে। তৃতীয়ত, প্রতিবেশী ও অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে তথ্য বিনিময়, প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং সামুদ্রিক আইন প্রয়োগে সহযোগিতা বাড়ানো দরকার। চতুর্থত, সমুদ্রসম্পদ ব্যবহারের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের সামুদ্রিক নীতি যেন বৃহৎ শক্তির প্রতিযোগিতার প্রতিক্রিয়াশীল অংশ না হয়ে নিজস্ব অর্থনৈতিক ও নিরাপত্তাগত প্রয়োজনের ভিত্তিতে গড়ে ওঠে। ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছে; কিন্তু এই অবস্থান থেকে সর্বাধিক সুবিধা অর্জনের জন্য প্রয়োজন দক্ষ কূটনীতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
ইন্দো-প্যাসিফিকে ক্ষমতার ভারসাম্য ও সামুদ্রিক নিরাপত্তা পরস্পর সম্পর্কযুক্ত হলেও একে শুধু সামরিক প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। শক্তির ভারসাম্য আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে পারে, কিন্তু স্থায়ী নিরাপত্তার জন্য প্রয়োজন আস্থা, সংলাপ, আন্তর্জাতিক আইন, অর্থনৈতিক আন্ত নির্ভরতা এবং কার্যকর সামুদ্রিক শাসনব্যবস্থা।
চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও অন্যান্য আঞ্চলিক শক্তির স্বার্থের পার্থক্য থাকলেও সমুদ্রপথের নিরাপত্তা, বাণিজ্যিক যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবেলার মতো ক্ষেত্রে অভিন্ন স্বার্থ বিদ্যমান। বাংলাদেশের জন্য এই বাস্তবতা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ তৈরি করে। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বহুপক্ষীয় সহযোগিতা এবং সমন্বিত সামুদ্রিক কৌশলের মাধ্যমে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিকের পরিবর্তিত ভূ-রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতের সামুদ্রিক নিরাপত্তা শুধু কে কত বড় নৌবাহিনী গড়ে তুলল, তার ওপর নির্ভর করবে না; বরং কে সমুদ্রকে শান্তি, সহযোগিতা, উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার জন্য কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারল, তার ওপরও নির্ভর করবে।
লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়



