এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড
কলামবাংলাদেশ

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড

১৩ অক্টোবর, ২০২৬

দেশের বন্দর ব্যবস্থাপনায় পরিবর্তনের আশা ডিপি ওয়ার্ল্ডের মতো প্রতিষ্ঠান বিশ্বের নানা দেশে সফলভাবে বন্দর ও টার্মিনাল পরিচালনা করছে এবং তাদের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ-সক্ষমতা আমাদের জন্য বড় সুযোগ। তবে সতর্কতাও জরুরি। বন্দরের কর্মদক্ষতা শুধু অপারেটরের ওপর নির্ভর করে না, চ্যানেলের নাব্য, অবকাঠামো ও অভ্যন্তরীণ যোগাযোগও সমান গুরুত্বপূর্ণ। কৌশলগত গুরুত্বের কারণে জাতীয় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নও উঠছে। তাই চুক্তি বাস্তবায়নে নজরদারি, জবাবদিহি ও কার্যকরভিত্তিক শর্ত নিশ্চিত করা দরকার। শ্রমিকের স্বার্থ ও জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশও এর সুফল ভোগ করবে, এটাই আমার প্রত্যাশা।... ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম [সূত্র : খবরের কাগজ, ১৩ অক্টোবর ২০২৬]

দেশের বন্দর খাতের দুর্নীতি, অদক্ষতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বিশ্বব্যাংকের ২০২৫ সালের র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দর ৩৬৪তম অবস্থানে রয়েছে। এনসিটিতে বর্তমানে যন্ত্রপাতির কার্যকারিতা বা ‘ইকুইপমেন্ট অ্যাভেইলেবিলিটি’ প্রায় ৭০ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ডে এ হার ৯৩ শতাংশ। এ ছাড়া বন্দরের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে দুর্নীতি, চাঁদাবাজি ও চোরাচালানের অভিযোগও সংবাদমাধ্যমে এসেছে।

 

আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত টার্মিনাল অপারেটরদের মাধ্যমে বন্দর পরিচালনার সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। গত বছর লালদিয়ায় কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা নিয়ে ইউরোপের মার্ক গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছে। বে টার্মিনাল নিয়ে সিঙ্গাপুরের পিএসএর সঙ্গে আলোচনা চলছে। এর ধারাবাহিকতায় এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ড যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে টার্মিনাল পরিচালনা করছে। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা জরুরি হলেও পুরো চুক্তি প্রকাশ করলে ভবিষ্যতে বাংলাদেশের দর-কষাকষির অবস্থান দুর্বল হতে পারে। বিশ্বব্যাংক ও এডিবির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও পূর্ণ চুক্তির পরিবর্তে সারাংশ প্রকাশের সুপারিশ করে। এনসিটি পরিচালনার চুক্তি দুর্নীতি দমন, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ ও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে হচ্ছে।

 

 

চুক্তির মেয়াদ ১৫ বছর। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পারস্পরিক সম্মতিতে আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ থাকবে। মেয়াদ বাড়ানো নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে এই মেয়াদ বৃদ্ধি কার্যকর হবে না এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেই আলোচনার প্রক্রিয়া থেকে সরে আসতে পারবে। চুক্তির শুরুতেই প্রায় ৬০০ কোটি টাকার অগ্রিম ফি (আপফ্রন্ট ফি) পরিশোধ করবে ডিপি ওয়ার্ল্ড। টার্মিনাল আধুনিকায়নে ১ হাজার কোটি টাকার অধিক বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য ন্যূনতম পরিমাণ সুরক্ষার (মিনিমাম ভলিউম গ্যারান্টি) ব্যবস্থা থাকছে।

 

 টার্মিনালের গড় আয় অনুযায়ী প্রতি টিইইউতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রয়্যালটি বা রাজস্ব অংশ (রেভিনিউ শেয়ার) পাবে যাতে আমাদের লভ্যাংশ একই রকম থাকে। সরকার যদিও ব্যবসা করার জন্য বন্দর করে না। মূল উদ্দেশ্য থাকে সামগ্রিক অর্থনীতির উন্নয়ন। দক্ষতা ও উৎপাদনশীলতার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) বাধ্যতামূলক করা হয়েছে। ট্রাকের বন্দরে অবস্থানকাল বা ক্রেনের উৎপাদনশীলতা (ক্রেন প্রোডাকটিভিটি) এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি অর্জন করতে হবে। লক্ষ্যমাত্রা টানা তিন মাস অর্জিত না হলে আর্থিক জরিমানা প্রযোজ্য হবে।

 

 

বন্দরের কর্মচারীদের চাকরি, বিভিন্ন সুযোগ-সুবিধা ইত্যাদি নির্দিষ্ট ধারার মাধ্যমে সুরক্ষা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যকর পরিচালনাগত তদারকি অব্যাহত থাকবে। টার্মিনাল এলাকাজুড়ে সার্বক্ষণিক ভিডিও পর্যবেক্ষণ ব্যবস্থা (সিসিটিভি) বহাল থাকবে। পাশাপাশি অপারেটরকে প্রতি সপ্তাহে ও প্রতি মাসে নির্দিষ্ট ফরম্যাটে বিস্তারিত পরিচালনাগত তথ্য, যেমন–জাহাজ হ্যান্ডলিংয়ের হিসাব ও মোট আয়ের প্রতিবেদন, কর্তৃপক্ষকে জমা দিতে হবে। যাতে কর্তৃপক্ষ নিয়মিতভাবে টার্মিনালের কার্যক্রম, কনটেইনার হ্যান্ডলিং ও রাজস্ব আদায়ের অবস্থা পর্যবেক্ষণ করতে পারে।

 

 

প্রতিদিনের ব্যবসা-বাণিজ্য পরিচালনা রাষ্ট্রের কাজ নয়, ব্যবসায়ীদেরই কাজ। কেনাকাটা বা সংস্কারের মতো বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না। এটি সরকারি ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা, কারও ব্যর্থতা নয়। এনসিটি নিয়ে যে চুক্তি হয়েছে, তা এক দিনে বা এক সরকারের সময়ে সম্পন্ন হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরকার-থেকে-সরকার পর্যায়ের সমঝোতা স্মারকের মধ্যদিয়ে এর সূচনা। আর দীর্ঘ আলোচনা ও প্রক্রিয়ার পর এখন এটি চূড়ান্ত রূপ পেয়েছে। ২০০৭ সালে নির্মিত এই টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এবং বেশি কনটেইনার হ্যান্ডেল করে। এর দক্ষতা বাড়লে পুরো আমদানি-রপ্তানি খাতের গতি বাড়বে।

 

 

অন্তর্বর্তী সরকারও এই চুক্তি করতে চেয়েছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত সিদ্ধান্তে যেতে পারেনি। এখন নির্বাচিত সরকার এসেছে। সরকার মানুষের স্বার্থে ভালো উদ্যোগ নেবে। কিন্তু শ্রমিকরা যদি হরতাল বা বন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন, অবশ্যই সেটায় সরকার হস্তক্ষেপ করবে। বিশ্বের অন্যান্য দেশের বন্দরগুলো এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বন্দর ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। তাই বিদেশি অপারেটর অবশ্যই প্রয়োজন। তাহলে বন্দরকেন্দ্রিক সব ধরনের কর্মকাণ্ডে গতি আসবে।

 

 

সরকার নিশ্চয়ই দেশের জনগণের কল্যাণের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি অপারেটর পরিচালনার মাধ্যমে যদি ব্যবসায়ীদের খরচ কমে, আমদানি-রপ্তানি, পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম গতিশীল হয়, তাহলে সেটা তো সবার জন্য মঙ্গলজনক। তবে বন্দরের শ্রমিকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তাদের চাকরিটা যেন বজায় থাকে সেটা নিশ্চিত করতে হবে।

 

 

বিদেশি অপারেটররা বিনিয়োগকারী হিসেবে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করুক–সেটা কিন্তু আমরাও চাই। ডিপি ওয়ার্ল্ডের মতো অপারেটররা ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে বিনিয়োগ করেছে এবং অপারেশনে আছে। এর আগেও তিনটি বিদেশি অপারেটরের সঙ্গে চট্টগ্রাম বন্দর চুক্তি করেছে। কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগের সঙ্গে চুক্তি হয়েছে।

 

 

ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সঙ্গে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের চুক্তি হয়েছে। চট্টগ্রাম বন্দর ১৩০ বছরের পুরোনো। এখানে উন্নত যন্ত্রপাতি ও ব্যবস্থাপনা আমরা আশা করছি। বন্দরের পুরোনো পদ্ধতি নিয়ে আমরা এগিয়ে যেতে পারব না। পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমরা চাই বিদেশি বিনিয়োগ। তবে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়গুলো জনসমক্ষ প্রকাশ করা উচিত বলে আমরা মনে করি। পাশাপাশি শ্রমিক ভাইয়েরা যেসব বিষয় নিয়ে শঙ্কিত, সেগুলো তাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত।

 

 

বন্দর একটি স্পর্শকাতর প্রতিষ্ঠান, যেখানে অনেক অংশীজন একই ছন্দে কাজ করেন। একটি অংশ পিছিয়ে পড়লে পুরো শৃঙ্খলই থমকে যায়। রাষ্ট্রীয়ভাবে একটি যন্ত্রপাতি কিনতে গেলেও ডিপিপি প্রণয়ন, মন্ত্রণালয়ের অনুমোদন ও একনেকের অনুমোদনের মতো দীর্ঘ প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হয়। আর এই সময়ক্ষেপণ বন্দরের পরিচালনা ও ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলে।

 

অন্যদিকে আন্তর্জাতিক অপারেটর প্রয়োজনে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত যন্ত্রপাতি কিনতে পারে। এতে জাহাজের অপেক্ষার সময় কমে এবং বন্দরের সক্ষমতার পূর্ণ ব্যবহার সম্ভব হয়। ডিপি ওয়ার্ল্ডের মতো প্রতিষ্ঠান বিশ্বের নানা দেশে সফলভাবে বন্দর ও টার্মিনাল পরিচালনা করছে এবং তাদের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ-সক্ষমতা আমাদের জন্য বড় সুযোগ। তবে সতর্কতাও জরুরি। বন্দরের কর্মদক্ষতা শুধু অপারেটরের ওপর নির্ভর করে না, চ্যানেলের নাব্য, অবকাঠামো ও অভ্যন্তরীণ যোগাযোগও সমান গুরুত্বপূর্ণ। কৌশলগত গুরুত্বের কারণে জাতীয় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নও উঠছে। তাই চুক্তি বাস্তবায়নে নজরদারি, জবাবদিহি ও কার্যকরভিত্তিক শর্ত নিশ্চিত করা দরকার। শ্রমিকের স্বার্থ ও জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশও এর সুফল ভোগ করবে, এটাই আমার প্রত্যাশা।

 

লেখক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের
উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ

ট্যাগ:BCSকলামবাংলাদেশ