
এলডিসি উত্তরণে রপ্তানিতে বড় ধাক্কার ঝুঁকি
শুল্কসুবিধা হারালে ছয় বাজারে রপ্তানি কমতে পারে ৬.৩৮ বিলিয়ন ডলার; প্রতিযোগিতার চাপে পোশাকশিল্প শাহেদ আলী ইরশাদ [সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৭ অক্টোবর ২০২৬]
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রতিযোগিতায় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা কমে গেলে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রাক্কলন অনুযায়ী, বাণিজ্যসুবিধা হারালে ৬টি গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশের রপ্তানি ৬৩৮ কোটি ডলার বা ২৬ দশমিক ৬ শতাংশ কমতে পারে।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) তথ্যে সম্ভাব্য এ ঝুঁকির চিত্র তুলে ধরা হয়েছে। হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি ৫২৮ কোটি ডলার বা ২৬ দশমিক ২৮ শতাংশ, কানাডায় ৫৩ কোটি ৬০ লাখ ডলার বা ৪২ দশমিক ০৫ শতাংশ এবং জাপানে ৩৮ কোটি ৮০ লাখ ডলার বা ৩০ দশমিক ৫৩ শতাংশ কমতে পারে। দক্ষিণ কোরিয়া, চীন ও নিউজিল্যান্ডের বাজারেও রপ্তানি হ্রাসের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের এলডিসি উত্তরণের নির্ধারিত তারিখ চলতি বছরের ২৪ নভেম্বর। তবে সরকার উত্তরণ তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নেওয়ার আবেদন করেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। গত ১৯ অক্টোবর বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। উত্তরণ পিছিয়ে গেলেও দীর্ঘমেয়াদে রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে উৎপাদনশীলতা ও বাজার সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
পোশাকশিল্পে বাড়বে চাপ
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি ছিল ৪৮২৮ কোটি ৪০ লাখ ডলার। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৯৩৫ কোটি ডলার, যা মোট রপ্তানির প্রায় ৮১ শতাংশ। ফলে বড় বাজারগুলোতে শুল্কসুবিধা পরিবর্তিত হলে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে দেশের প্রধান রপ্তানি খাত। শুল্কের কারণে বাংলাদেশের পণ্যের দাম প্রতিযোগী দেশের তুলনায় বেড়ে গেলে বিদেশি ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকতে পারেন। এতে নতুন ক্রয়াদেশ, রপ্তানি আয় ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ওষুধ ও প্রকৌশলপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে প্রবেশ জরুরি। একই সঙ্গে পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।
বাড়তি সময় কাজে লাগানোর তাগিদ
ইউরোপীয় ইউনিয়নের নতুন সাধারণ অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) কাঠামো অনুযায়ী, বাংলাদেশ অন্তত ২০২৯ সালের শেষ পর্যন্ত এভরিথিং বাট আর্মস (ইবিএ) সুবিধা পাবে। ফলে উত্তরণের পরপরই ইউরোপের বাজারে সব শুল্কসুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নেই। তবে পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা পেতে আন্তর্জাতিক শ্রম অধিকার, মানবাধিকার, পরিবেশ ও সুশাসন-সংশ্লিষ্ট শর্ত পূরণ করতে হবে। এই সময়ের মধ্যে কারখানা আধুনিকায়ন, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং পরিবেশগত মান উন্নয়নে অগ্রগতি জরুরি। পাশাপাশি বড় বাণিজ্য অংশীদারদের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ও অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) সম্পাদনের উদ্যোগ এগিয়ে নিতে হবে।
বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান বলেন, জাপানের সঙ্গে ইপিএ এবং সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপীয় ইউনিয়ন ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। শুধু শুল্কসুবিধা ধরে রাখলেই ঝুঁকি কাটবে না। উৎপাদন ব্যয় কমানো, প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত পণ্য পরিবহন নিশ্চিত করাও জরুরি। নগদ রপ্তানি প্রণোদনার পরিবর্তে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও কারখানা আধুনিকায়ন এবং শ্রম ও পরিবেশগত মান নিশ্চিত করতে সহায়তা বাড়ানোর প্রস্তাবও রয়েছে। তিনি বলেন, সব মিলিয়ে, এলডিসি উত্তরণ বাংলাদেশের রপ্তানি কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করার বড় পরীক্ষা। উত্তরণ পেছানোর আবেদন অনুমোদিত হলে পাওয়া অতিরিক্ত সময় এবং বিদ্যমান বাণিজ্যসুবিধার মেয়াদ কাজে লাগিয়ে বাজার বহুমুখীকরণ ও উৎপাদনশীলতা বাড়াতে না পারলে ভবিষ্যতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হতে পারে।



