
দ্রুত ও নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা
একেএম আতিকুর রহমান [সূত্র : কালের কণ্ঠ, ২৮ সেপ্টেম্বর ২০২৬]
গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে ‘রোহিঙ্গা সংকট : দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসানে ন্যায়বিচার ও জবাবদিহিসহ টেকসই সমাধানের আহবান’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ করা ওই বৈঠকের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক এবং আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহবান জানিয়ে পাঁচ দফা প্রস্তাব রাখেন।
জানা মতে, নিউইয়র্ক যাওয়ার কয়েক দিন আগে ৭ সেপ্টেম্বর জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের জোরালো ভূমিকা রাখার জন্য আহবান জানান।
২০২৫ সালেও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সাত দফা প্রস্তাব উত্থাপন করেছিলেন। তাঁর প্রস্তাবগুলো ছিল—এক. রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা।
১৪ মার্চ ২০২৫ তারিখে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজার যান। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবেন বলে জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওই বছরের এপ্রিল মাসে চীন সফরকালে এবং ব্যাঙ্ককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়া সফরকালেও তিনি রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করেন।
এসব আলোচনায় সবাই সহযোগিতার আশ্বাস দেন। ২৬ আগস্ট ২০২৫ তারিখে ওআইসি এক বিবৃতিতে রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করে ন্যায়বিচার, জবাবদিহি ও তাদের অধিকার সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই সমাধানের জন্য আহবান জানায়। এ বছরের আগস্টে জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করতে অনুরোধ করেন।
আমরা জানি, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক অত্যাচারের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের আগস্ট থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ ও মিয়ানমার ২৩ নভেম্বর ২০১৭ তারিখে প্রত্যাবাসন চুক্তি এবং প্রত্যাবাসনপ্রক্রিয়া বাস্তবায়নের জন্য ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’-এর দলিল স্বাক্ষর করে। দুই দেশের সম্মতিতে ২০১৮ সালের নভেম্বরে প্রথমবার এবং ২০১৯ সালের আগস্ট মাসে দ্বিতীয়বার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর দিনক্ষণ ঠিক করা হলেও মিয়ানমার হঠকারিতার আশ্রয় নেয় এবং একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসিত করা সম্ভব হয়নি। ২০২৩ সালে চীনের বিশেষ দূত দেং শিজুন মিয়ানমার ও বাংলাদেশ সফর করে ইঙ্গিত দিয়েছিলেন যে ওই বছরের ডিসেম্বরেই রোহিঙ্গা প্রত্যবাসন কার্যক্রম শুরু করা হবে এবং প্রথম ধাপে সাত হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিকল্পনা রয়েছে। ওই পর্যন্তই, একজন রোহিঙ্গাও তাদের ভিটামাটিতে ফিরতে পারেননি।
আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ, ন্যাম, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান ছাড়াও অনেক দেশ ও নেতারা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে বাংলাদেশকে সমর্থন করে গেছে, এখনো করে যাচ্ছে। ২০২১ সালের ১৭ নভেম্বর জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে সদস্য দেশগুলো রোহিঙ্গাদের আতিথেয়তা এবং মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করে।
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর যৌথভাবে উপস্থাপন করা এই প্রস্তাবে মিয়ানমার কর্তৃপক্ষকে রোহিঙ্গা সংকটের মূল কারণ সমাধান করতে বলা হয়েছিল। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির অধীনে মিয়ানমারকে তার দায়বদ্ধতা পূরণের জন্য এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও জাতিসংঘের সব মানবাধিকার সংগঠনকে পূর্ণ সহযোগিতা করার আহবান জানানো হয়েছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদও মিয়ানমারের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীকে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে, গণতান্ত্রিক উত্তরণ হতে দিতে, আইনের শাসনকে সম্পূর্ণভাবে সম্মান করতে এবং জরুরি অবস্থার অবসানের আহবান জানিয়েছিল। বিভিন্ন সংস্থা, কমিশন ও ব্যক্তি মিয়ানমার সফর করে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছে, প্রতিবেদন তৈরি করেছে। বিশ্বনেতাদের প্রচেষ্টা ওই পর্যন্তই রয়ে গেছে, আলাপ-আলোচনা আর বক্তৃতায়। তাদের ভালো ভালো উপদেশ মিয়ানমার কর্তৃপক্ষ কানেও তোলেনি। আর নির্দেশনার কথাই যদি বলি, মিয়ানমারকে তা মানতে বাধ্য করবে কে?
তাইতো এত কিছুর পরও রোহিঙ্গা সংকট, বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে, তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের ব্যাপারে আশার কোনো আলোই দেখা যাচ্ছে না। রোহিঙ্গা সংকট সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশ প্রতিবছর জাতিসংঘসহ বিভিন্ন দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বৈঠকে সংকটটি সমাধানের জন্য আবেদন জানিয়ে আসছে, কিন্তু কিছুতেই কিছু ঘটেনি। দুবার তারিখ নির্ধারণ করেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি। মিয়ানমারের অভ্যন্তরে চলমান অবস্থায় শিগগিরই যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাবে তেমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, মিয়ানমারকে দিয়েই সংকট নিরসন করার পথ খুঁজতে হবে। আন্তর্জাতিক মঞ্চ ছাড়াও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে পুঁজি করে এগোতে হবে। আমাদের এবং মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে চীন ও ভারতকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা হয়তো অনেকটা সহজ হতে পারে। এ জন্য বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের যে টানাপড়েন চলছে তার নিরসন ঘটাতে হবে।
অন্যদিকে মালয়েশিয়ায়ও রোহিঙ্গারা রয়েছে, তাই আসিয়ান এগিয়ে এলেও এই সংকটের সুরাহা অনেকটা সহজ হতে পারে। যতটুকু মনে হয়, জাতিসংঘ হোক আর শক্তিশালী অন্য কোনো দেশই হোক, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিয়ে রাজি করাতে হবে। যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত। তাই মিয়ানমারকেই সম্মত করাতে হবে। কিন্তু এই কাজটি কে করবে? দেখা যাক, বিদ্যমান বাস্তবতায় কী হয়? আমরা নিউইয়র্কের এই সম্মেলনের আলোকে আশাব্যঞ্জক কিছু দেখব বলেই প্রত্যাশা করছি।
লেখক : সাবেক রাষ্ট্রদূত ও সচিব



