দেশ পরিচালনায় 3R : কম অপচয়, বেশি জনকল্যাণ

দেশ পরিচালনায় 3R : কম অপচয়, বেশি জনকল্যাণ
সংবাদবাংলাদেশ

দেশ পরিচালনায় 3R : কম অপচয়, বেশি জনকল্যাণ

২৮ সেপ্টেম্বর, ২০২৬

ড. মোহা. হাছানাত আলী [সূত্র : আমাদের সময়, ২৮ সেপ্টেম্বর ২০২৬]

রাষ্ট্রের সম্পদ সীমিত, মানুষের প্রত্যাশা সীমাহীন। একটি জায়নশীল দেশের জন্য এই বাভবতা আরও কঠিন। একদিকে নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের দাবি ক্রমাগত বাড়ছে; অন্যদিকে অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আয় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এই বাস্তবতায় রাষ্ট্র পরিচালনার সাফল্য শুধু কত টাকা আয় করা হলো কিংবা কত টাকা ব্যয় করা হলো, তার ওপর নির্ভর করতে পারে না। বরং বড় প্রশ্ন হলো, যে সম্পদ আছে, তা কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করা হলো।

 

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পরিবেশ ব্যবস্থাপনার বহুল পরিচিত একটি ধারণা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে। আর তা হলো 3R : Reduce, Reuse and Recycle সাধারণ অর্থে এর অর্থ, ব্যবহার ও বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ । কিন্তু রাষ্ট্রের বৃহত্তর পরিসরে 3R-এর অর্থ আরও গভীর। এখানে Reduce হতে পারে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমানো, Reuse হতে পারে বিদ্যমান অবকাঠামো, তথ্য, প্রতিষ্ঠান ও মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং Recycle হতে পারে ব্যর্থতা, পরিত্যক্ত সম্পদ ও পুরনো ব্যবস্থাকে নতুন মূল্য সৃষ্টির কাজে ফিরিয়ে আনা।

 

বাংলাদেশের মতো বিপুল জনসংখ্যা ও সীমিত সম্পদের দেশে 3R তাই কেবল পরিবেশ রক্ষার কোনো তাত্ত্বিক ধারণা নয়; এটি হতে পারে দক্ষ রাষ্ট্র, সুশাসন ও টেকসই উন্নয়নের একটি বাস্তব দর্শন। আমরা উন্নয়ন বলতে অনেক সময় নতুন কিছু নির্মাণকেই বুঝি । নতুন ভবন, নতুন প্রকল্প, নতুন প্রতিষ্ঠান, নতুন অবকাঠামো- এসবের দৃশ্যমানতা আছে, রাজনৈতিক ও প্রশাসনিক স্বীকৃতিও আছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই আড়ালে থেকে যায় তা হলো, যা ইতোমধ্যে আছে, তার কতটা আমরা ব্যবহার করছি? একটি সরকারি ভবন দিনের একটি নির্দিষ্ট সময়ে অফিস হিসেবে ব্যবহৃত হয়, অথচ দিনের বাকি সময় পড়ে থাকে । একটি ল্যাবরেটরি বছরে কয়েকটি দিন ব্যবহার হয়, একটি সরকারি গাড়ি দিনের বড় সময় অচল থাকে, একটি ডেটাবেজ তৈরি হয় কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান তার অস্তিত্বই জানে না, একটি গবেষণা হয় কিন্তু তার ফলাফল নীতিনির্ধারণে পৌঁছায় না।

 

এসব ক্ষেত্রে নতুন সম্পদ তৈরি করার আগে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই 3R-এর Reuse দর্শনের মূল কথা। রাষ্ট্র পরিচালনায় প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ R হলো Reduce । Reduce মানে উন্নয়ন বন্ধ করা নয়; বরং অপ্রয়োজনীয় ব্যয়, অপচয় ও জটিলতা কমিয়ে প্রয়োজনীয় খাতে অধিক সম্পদ ব্যবহার করা। একটি সরকারি প্রকল্পের ক্ষেত্রে প্রশ্ন হওয়া উচিত প্রকল্পটি প্রয়োজনীয় কি না, একই কাজ অন্য কোনো বিদ্যমান অবকাঠামো দিয়ে করা সম্ভব কি না, প্রকল্পটির পূর্ণ জীবনচক্রে মোট ব্যয় কত, এর সুফল কত মানুষের কাছে পৌঁছাবে এবং কম ব্যয়ে একই ফল অর্জন করা যায় কি না।

 

শুধু প্রকল্পের প্রাথমিক ব্যয় কম হলেই সেটি সাশ্রয়ী হয় না। নির্মাণের পর রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, জনবল, পরিচালনা এবং দীর্ঘমেয়াদি ব্যয়ও হিসাবের মধ্যে আনতে হবে। রাষ্ট্রীয় ক্রয়েও একই দর্শন প্রয়োজন । প্রয়োজনের অতিরিক্ত গাড়ি, আসবাব, যন্ত্রপাতি কিংবা ভবন কেনা হলে তা শুধু এককালীন ব্যয় সৃষ্টি করে না; পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়েরও বোঝা তৈরি করে । ফলে সরকারি সম্পদ ব্যবস্থাপনায় 'কেনা হয়েছে কি না' নয়, ‘কতটা ব্যবহার হচ্ছে- এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। Reduce-এর আরেকটি বড় ক্ষেত্র প্রশাসনিক সময়। একটি সরকারি সিদ্ধান্ত নিতে যদি অপ্রয়োজনীয়ভাবে বহু স্তরের অনুমোদন প্রয়োজন হয়, একই তথ্য বারবার চাওয়া হয়, একই নথি একাধিক দপ্তরে ঘোরে, কিংবা একটি সাধারণ সেবার জন্য নাগরিককে বারবার অফিসে যেতে হয়, তাহলে সেখানে অর্থের পাশাপাশি সময়েরও অপচয় হচ্ছে।

 

ডিজিটাল নথি, অনলাইন সেবা, আন্তঃপ্রতিষ্ঠানিক তথ্যবিনিময় এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়া এসব অপচয় কমাতে পারে। এখানে বাংলাদেশের ডিজিটাল প্রশাসনের অগ্রগতি গুরুত্বপূর্ণ । কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের অর্থ শুধু কাগজের নথি স্ক্যান করে কম্পিউটারে রাখা নয় । প্রকৃত ডিজিটাল রূপান্তর তখনই হবে, যখন একই তথ্য বারবার সংগ্রহ করতে হবে না, নাগরিককে একই কাগজ বিভিন্ন দপ্তরে জমা দিতে হবে না এবং সিদ্ধান্ত গ্রহণের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

 

দ্বিতীয় R- Reuse আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিপুল সম্ভাবনা তৈরি করতে পারে। বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠান ও অবকাঠামোর পরিমাণ কম নয়। কিন্তু এগুলোর ব্যবহার কতটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, সে বিষয়ে নিয়মিত মূল্যায়নের প্রয়োজন রয়েছে। একটি সরকারি ভবন যদি অফিস সময়ের পর প্রশিক্ষণ, সভা, গবেষণা, শিক্ষা বা জনসেবামূলক কাজে ব্যবহার করা যায়, তাহলে নতুন ভবন নির্মাণের প্রয়োজন কমতে পারে।

 

বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার নির্দিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ গবেষণার জন্য ব্যবহার করা যেতে পারে। সরকারি তথ্যভাণ্ডার একাধিক মন্ত্রণালয় ও গবেষণাপ্রতিষ্ঠান ব্যবহার করতে পারে । একইভাবে একটি অঞ্চলে সফল কোনো সরকারি উদ্যোগকে অন্য অঞ্চলে নতুন করে শুরু না করে অভিযোজিত আকারে প্রয়োগ করা যেতে পারে। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ শুধু ভবন বা যন্ত্রপাতি নয়, মানুষও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ । একজন অভিজ্ঞ কর্মকর্তা অবসরে গেলেন মানেই তার কয়েক দশকের অভিজ্ঞতা রাষ্ট্রের বাইরে চলে যাবে- এটি সম্পদের অপচয়।

 

একইভাবে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ কিংবা প্রযুক্তিবিদের জ্ঞানকে নীতিনির্ধারণে ব্যবহার না করাও এক ধরনের অপচয় । তাই রাষ্ট্রীয় জ্ঞানব্যবস্থায় ‘Reuse' প্রতিষ্ঠা করতে হলে অভিজ্ঞতা ও জ্ঞানকে ব্যক্তিনির্ভর না রেখে প্রাতিষ্ঠানিক স্মৃতিতে পরিণত করতে হবে । সফল প্রকল্পের নথি, গবেষণার ফলাফল, নীতির অভিজ্ঞতা এবং প্রশাসনিক উদ্ভাবন একটি কেন্দ্রীয় জ্ঞানভাণ্ডারে সংরক্ষিত থাকলে পরবর্তী প্রজন্ম একই ভুল করবে না এবং সফল উদ্যোগগুলো আরও দ্রুত সম্প্রসারণ করতে পারবে। তৃতীয় R-Recycle সবচেয়ে সৃজনশীল জায়গা ।

 

বর্জ্যকে সম্পদে পরিণত করার ধারণাই এর ভিত্তি । পরিবেশের ক্ষেত্রে এটি যেমন প্রযোজ্য, রাষ্ট্র পরিচালনায়ও তেমনি। একটি প্রকল্প ব্যর্থ হয়েছে মানেই এটি শুধু ব্যর্থতা নয়; এর মধ্যে ভবিষ্যৎ প্রকল্পের জন্য শিক্ষা রয়েছে । একটি পুরনো সরকারি ভবন আর আগের কাজে উপযোগী নয়, সেটিকে সংস্কার করে অন্য কাজে ব্যবহার করা যায় কি না, সেটিও Recycle-এর অংশ। পুরনো কম্পিউটার, ইলেকট্রনিক যন্ত্রপাতি বা শিল্পবর্জ্যের মধ্যেও পুনরুদ্ধারযোগ্য উপাদান থাকতে পারে। কৃষিজ বর্জ্য থেকে জৈব সার বা জ্বালানি তৈরি হতে পারে । শহরের কঠিন বর্জ্য থেকেও পুনর্ব্যবহারযোগ্য উপাদান উদ্ধার করা সম্ভব । এই জায়গায় পরিবেশ ও অর্থনীতি একে অপরের পরিপূরক হয়ে ওঠে। বর্জ্য ব্যবস্থাপনা যদি শুধু 'ফেলে দেওয়ার ব্যবস্থা' হয়, তাহলে সেখানে ব্যয় আছে। কিন্তু বর্জ্যকে যদি কাঁচামালে পরিণত করা যায়, তাহলে একই ব্যবস্থাপনা অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নেয়। প্রয়োজন সঠিক তথ্য, দক্ষ জনবল, প্রযুক্তি, অর্থায়ন, স্থানীয় পর্যায়ের সক্ষমতা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং সবচেয়ে বেশি প্রয়োজন জবাবদিহি।

 

বিশ্বব্যাংকের Bangladesh Country Environmental Analysis-এও পরিবেশ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা, তথ্য ব্যবস্থাপনা, সমন্বয় ও নজরদারি শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। বাংলাদেশের সামনে এখন বড় বড় উন্নয়ন চ্যালেঞ্জ। জনসংখ্যা, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা- প্রতিটি ক্ষেত্রেই বিপুল সম্পদের প্রয়োজন । কিন্তু সম্পদের সীমাবদ্ধতা থাকবে। তাই ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনায় দক্ষতা কোনো বিলাসিতা নয়; এটি প্রয়োজনীয়তা। বাংলাদেশের উন্নয়নের পরবর্তী পর্যায়ে আমাদের তাই শুধু ‘কত কিছু তৈরি করেছি”- এই হিসাব যথেষ্ট নয়। আমাদের হিসাব করতে হবে আমরা কতটা অপচয় কমিয়েছি, বিদ্যমান সম্পদ কতটা পুনর্ব্যবহার করেছি এবং পরিত্যক্ত বা অকার্যকর সম্পদকে কতটা নতুন সম্ভাবনায় রূপান্তর করেছি। Reduce আমাদের অপ্রয়োজনীয়কে বাদ দিতে শেখাবে। Reuse শেখাবে বিদ্যমানকে নতুনভাবে ব্যবহার করতে। Recycle শেখাবে যাকে আমরা বর্জ্য ভাবছি, তার মধ্যেও মূল্য খুঁজে নিতে ।

 

 

এই তিনটি শব্দকে যদি রাষ্ট্র পরিচালনার তিনটি নীতিতে রূপান্তর করা যায়, তাহলে উন্নয়ন শুধু দৃশ্যমান হবে না, তার ভেতরের দক্ষতাও বাড়বে। আর শেষ পর্যন্ত একটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় পরিচয় হয়তো তার কত সম্পদ আছে তা নয়; বরং সীমিত সম্পদকে কতটা বুদ্ধিমত্তা, সততা ও দক্ষতার সঙ্গে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে তার ওপর ।

 

 

বাংলাদেশের জন্য 3R-এর দর্শন তাই হতে পারে একটি সময়োপযোগী রাষ্ট্রীয় আহ্বান - কম অপচয়, সর্বোচ্চ ব্যবহার, নতুন মূল্য সৃষ্টি এবং অধিক জনকল্যাণ ।

 

প্রফেসর ড. মোহা. হাছানাত আলী : উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয় 

ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ