
ব্রিকসের নয়াদিল্লি ঘোষণাপত্র এবং বিদ্যমান বাস্তবতা
ড. ফরিদুল আলম [প্রকাশ: কালের কণ্ঠ, ১৬ সেপ্টেম্বর ২০২৬]
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক পেশকৃত ১০ দফা প্রস্তাব এবং সদস্য রাষ্ট্রগুলোর ঐকমত্যে নয়াদিল্লি ঘোষণাপত্রের মধ্য দিয়ে শেষ হলো ব্রিকসের ১৮তম আসর। নানা কারণেই ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলন বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে ছিল।
বিশ্বরাজনীতির নানাবিধ সংকট এবং এই রাজনীতিকে কেন্দ্র করে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা নিরসনে ব্রিকসভুক্ত দেশগুলো কী ভূমিকা পালন করতে পারে, কিংবা তারা আদৌ এ ক্ষেত্রে কোনো সোচ্চার ভূমিকা পালন করতে চাইবে কি না সেটা নিয়ে ছিল বিস্তর বিতর্ক। এবারের আসরে সভাপতির দায়িত্ব গ্রহণ করার আগেই নরেন্দ্র মোদি এই চ্যালেঞ্জগুলো উত্তরণে ভারত কী ভূমিকা পালন করবে, সেটা নিশ্চয়ই ভেবে রেখেছিলেন। সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করে অভিন্ন ইস্যু নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন ছিল। এর মূল কারণ হচ্ছে এখানে এমন কিছু সদস্য রয়েছে, যাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈরী সম্পর্ক ব্রিকসে কোনো ছায়া ফেলবে কি না সেটা দুশ্চিন্তার কারণ ছিল।
মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সংযুক্ত আরব আমিরাত বর্তমান বিদ্যমান বাস্তবতায় বৈশ্বিক ক্ষমতা কাঠামোকে নিয়ে অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারবে কি না সেটা নিয়ে সন্দেহ থাকলেও দিনশেষে সবার জন্যই একটি স্বস্তিদায়ক ঘোষণাই এসেছে।
এই সম্মেলন থেকে কূটনীতিকে বৈশ্বিক সংকট নিরসনের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত পদক্ষেপ যে কূটনীতিকে অগ্রাহ্য করার অনিবার্য পরিণতি— এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব ব্যক্ত হয়েছে। একতরফাভাবে শুল্ক এবং শুল্কবহির্ভূত বিষয়গুলোকে ব্যবহারের ফলে বিশ্বব্যবস্থায় একমেরুকেন্দ্রিকতা আরো জেঁকে বসতে চাইছে কি না এটা নিয়ে সব সদস্যের মধ্যে একধরনের বোধোদয় ঘটেছে বলে মনে করা যেতে পারে।
বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো যেন কোনো নির্দিষ্ট রাষ্ট্রের স্বার্থের হাতিয়ারে পরিণত না হয়, সেই লক্ষ্যে এগুলোকে সংস্কারের প্রতি ব্রিকসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। জাতিসংঘসহ সব বৈশ্বিক প্রতিষ্ঠান পুনর্গঠনে এবং সব ক্ষেত্রে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর যথার্থ অংশগ্রহণের সুযোগের বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বহু বছর ধরে চলতে থাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর অন্তর্ভুক্তি এবং সেই সঙ্গে আফ্রিকার প্রতিনিধিত্ব ছাড়া এগুলো সর্বজনীনতা হারাচ্ছে, এমন আশঙ্কা থেকে এগুলোর সংস্কার অপরিহার্য হয়ে উঠছে বলে জানানো হয়েছে এবারের ব্রিকস থেকে।
ব্রিকসের নয়াদিল্লি ঘোষণাপত্র এবং বিদ্যমান বাস্তবতামূলত পশ্চিমা দেশগুলোর আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে একটি সর্বজনীন ফোরাম হওয়ার অভিপ্রায়ে ২০০৬ সালে ব্রিকস মাত্র চারটি সদস্য রাষ্ট্র (ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন) নিয়ে যাত্রা শুরু করার পর ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা এতে যুক্ত হয় এবং ব্রিকস নাম ধারণ করে। প্রতিষ্ঠার পর থেকেই ভারত ও চীনের মধ্যকার ঐতিহাসিক বৈরী সম্পর্কের কারণে এটির সাফল্য নিয়ে সন্দেহ তৈরি হলেও রাশিয়ার সম্পৃক্ততা উভয় দেশের কাছে এটিকে অধিক গ্রহণযোগ্য করে তুলে।
সেই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের কৌশলগত গুরুত্ব, পশ্চিমের সঙ্গে সম্পর্কের ফারাক এবং এর নানাবিধ সম্ভাবনাগুলো এই সংগঠনের অপরাপর দেশগুলোকে আরো বৃহত্তর মাত্রায় এটিকে নিয়ে যেতে উৎসাহ জোগায়, যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে এটি আরো সম্প্রসারিত হয়ে ২০২৪ সালে ১১ সদস্যের ফোরামে পরিণত হয়। ব্রিকসের পক্ষ থেকে জানানো হয়েছে, আরো ৪০টির অধিক দেশ এই ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করলেও কৌশলগতভাবে এটি শুধু সব অঞ্চলের অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে গুরুত্বপূর্ণ দেশগুলোকেই সম্পৃক্ত করেছে। এর মধ্য দিয়ে এটিই মূলত প্রতিষ্ঠা জানান দেওয়া যে ব্রিকস নিছক কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে গুণগত মানকে নিশ্চিত করতে চায়।
সময়ের হিসেবে ব্রিকস কতটা বৈশ্বিক শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে, সেটা নিয়ে অনেক বিতর্ক থাকলেও সময়ের ধারাবাহিকতায় বিশ্ব আজ এমন এক অবস্থায় এসে পতিত হয়েছে, যেখান থেকে এটিকে টেনে তুলতে না পারলে দক্ষিণের দেশগুলোর অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। ক্রমবর্ধমান শক্তির দাপট, রাজনৈতিক শক্তির মহড়া এবং এর মধ্য দিয়ে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে চাওয়া, সেই সঙ্গে বিদ্যমান আর্থিক প্রাতিষ্ঠানিক নিয়ম ভঙ্গ করে নিজস্ব কায়দায় অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার প্রবণতা নতুন দুর্যোগ সৃষ্টি করছে, যেখান থেকে বের হতে হলে দরকার সম্মিলিত ও কার্যকর প্রচেষ্টা। ব্রিকস এ ক্ষেত্রে কতটা সফল হতে পারবে সেটা নিয়েও কিন্তু সন্দেহ কম নেই। এর মূল কারণ এর অন্যতম সদস্য রাশিয়া নিজেই ইউক্রেনে আগ্রাসনের জন্য দায়ী। এ ক্ষেত্রে ব্রিকসের ভেতরের সুশাসনের অভাবকে দায়ী করা হচ্ছে, যার জেরে পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে ইউক্রেনকে সহায়তা করে যুদ্ধে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে।
ব্রিকসের মধ্যে অন্যতম আরেকটি দুর্বলতা হচ্ছে রাশিয়া ও চীন উভয়ই এই ফোরামকে ব্যবহার করে নিজেদের সামরিক ও অর্থনৈতিক অবস্থানকে সুসংহত করতে চাইছে। ক্ষেত্রে বিশেষে পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যৌথভাবে কাজ করতে নিজেদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ‘সীমাহীন’ বলে আখ্যায়িত করছে। ভারতের দিক থেকে বিষয়টি নিয়ে অস্বস্তি রয়েছে, তবে তারাও এখানে থেমে থাকতে চাইছে না। নিজস্ব গণতান্ত্রিক সংস্কৃতি এবং কূটনীতিকে ব্যবহার করে তারা এর নতুন সদস্য ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির মাধ্যমে তাদের অর্থনীতিতে গতি আনতে চাইছে। সেই সঙ্গে চাইছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে ভারতের বাণিজ্যকে সেখানে সম্প্রসারিত করতে। এভাবে একক প্রতিযোগিতা ব্রিকসের সাংগঠনিক শক্তিকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, যা আগামীতে এর একটি কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে।
এত কিছুর পরও ব্রিকসকে বর্তমান সময়ে একটি শক্তিশালী পশ্চিমাবিরোধী সংগঠন হিসেবে বিবেচনার পেছনেও কিছু সংগত যুক্তি রয়েছে। জি৭ভুক্ত দেশগুলোর আধিপত্যকে খর্ব করতে এটি একটি বিকল্প শক্তি হিসেবে নিজেকে জানান দিতে চেয়েছিল। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের একচেটিয়া কর্তৃত্ববাদী প্রবণতার ফলে জি৭ভুক্ত অপরাপর দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব সৃষ্টির ফলে ব্রিকসের গুরুত্ব অনেকটাই বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের ২৬ শতাংশের দখল রয়েছে ব্রিকসভুক্ত দেশগুলোর। বিশ্ববাণিজ্যকে প্রভাবিত করতে তাই পশ্চিমা জোটের বিরুদ্ধে গিয়ে সংস্থাটি যথেষ্ট দর-কষাকষির ক্ষমতা রাখে। তবে এর জন্য নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরো বাড়াতে হবে। বৈশ্বিক জনসংখ্যা এবং জিডিপির বিচারেও সংস্থাটি যথাক্রমে ৪৯ শতাংশ এবং ৪০ শতাংশের অধিকারী হওয়ার ফলে তারা যদি ভবিষ্যৎ বিশ্বব্যবস্থা চ্যালেঞ্জ করে ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠিত নিজস্ব মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে চায়, সে ক্ষেত্রে প্রচলিত পশ্চিমা মতাদর্শগুলো মারাত্মকভাবে বাধার সম্মুখীন হবে। তবে এখানে নিজেদের মধ্যে চিরাচরিত কিছু পারস্পরিক দূরত্ব অপসারণ করার প্রয়োজন রয়েছে।
ইরানের সঙ্গে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানির বাজার অস্থির হওয়া এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অচলাবস্থা, সামরিক শক্তির একতরফা প্রয়োগ এবং এর মধ্য দিয়ে দক্ষিণের দেশগুলোকে দমিয়ে রাখার প্রবণতার বিরুদ্ধে বর্তমানে খোদ পশ্চিমা শক্তিই অনেকটা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে। এমন বাস্তবতায় ব্রিকসের জন্য রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশ এই সংস্থায় যোগদানের বিষয়ে নিকট অতীতে আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। এ ক্ষেত্রে সম্ভবত আমাদের বৈদেশিক নীতিকে আরো অনেকটা পরিষ্কার করতে হবে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে একাধারে সুসম্পর্ক বজায় রেখে চলার নীতির ফলে এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব অবস্থান তুলে ধরতে না পারলে এই সংস্থায় কাজ করা কঠিন হয়ে উঠবে। সাম্প্রতিক সম্মেলনে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক থাকার পরও যৌথ ঘোষণার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত আপত্তি করেনি। আমন্ত্রিত সদস্য হিসেবে সৌদি আরব এবারের সম্মেলনে যোগ দিয়ে এটাই বোঝাতে চেয়েছে যে প্রয়োজনীয় পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে ভবিষ্যতে তারাও সম্পৃক্ত থাকতে চায়।
অনেক সীমাবদ্ধতা থাকার পরও ব্রিকসভুক্ত দেশগুলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পথে অনেকটাই এগিয়ে গেছে। ১০ হাজার কোটি ডলারের এক তহবিল গড়ে দরিদ্র দেশগুলোকে অর্থনৈতিক দুরবস্থা থেকে বের করে আনতে চাইছে। ডলারের বিপরীতে বিকল্প মুদ্রায় লেনদেনের বিষয়ে এবার তারা সম্মত হয়েছে, যা মার্কিন ডলারের কর্তৃত্বকে অনেকটাই খর্ব করে ব্রিকসের নেতৃত্বকে আরো বৃদ্ধি করতে চাইবে। দিল্লি ঘোষণা অনুযায়ী ব্রিকস যদি তাদের কাজ শুরু করতে পারে, তাহলে নিশ্চিতভাবেই এটি একটি বড় দর-কষাকষির জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। ফলে বৈশ্বিক সামরিক ও অর্থনৈতিক অস্থিরতা অনেকটাই কমে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারস্পরিক নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা।
লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়



